জুলাই ২৮, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৮ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
আইসিটি খাতে আয় বিলিয়ন ডলার ছাড়াবে: জয়-ইত্তেফাক
বিদেশি ক্রেতা চলে যাওয়ার কথা ঠিক নয়: বাণিজ্যমন্ত্রী-প্রথম আলো
পুলিশি বাধায় রামপাল বিরোধী মিছিল ছত্রভঙ্গ-যুগান্তর
তারেক রহমানকে সাজা দিয়ে নিস্তার পাবেন না : গয়েশ্বর-কালের কণ্ঠ
নিলামে উঠছে সালমান এফ রহমানের বাড়ি-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
কাশ্মীরে আন্দোলনের নেতৃত্বে লস্কর:‌ হাফিজ-আজকাল
মুম্বাইয়ে বিয়ে করেই স্ত্রীকে বেচে দিল স্বামী!-আনন্দবাজার
হস্তক্ষেপ করল কং হাইকমান্ড, রাহুলের সঙ্গে সাক্ষাৎ মানসের-বর্তমান
মাঝ আকাশে আইএস স্লোগান, জরুরি অবতরণ বিমানের-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। 
জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার তাগিদ প্রধানমন্ত্রীর-যুগান্তর
জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে 'উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬'-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছ থেকে নয় বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে। জনপ্রশাসনের দক্ষতা বাড়াতে এ পর্যন্ত ১০৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

ইত্তেফাকের শিরোনাম: জঙ্গি রায়হান গুলশান হামলাকারীদের প্রশিক্ষক’
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, কল্যাণপুরে নিহত জঙ্গিদের রায়হান কবির ওরফে তারেক নামের ওই তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়েকের দায়িত্ব পালন করছিলেন। গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের গাইবান্ধার চরে প্রশিক্ষণ দেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 

সন্তান যখন ভয়ঙ্কর জঙ্গি- এ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের একটি বিশ্লেষণধর্মী 
প্রতিবেদনে লেখা হয়েছে, যখন সন্তান ভয়ঙ্কর জঙ্গি হয়ে যায় তখন অসহায়  বিব্রত উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা।  এ ধরণের ঘটনায় দেখা যায় মৃত সন্তানের লাশ নিতে চান না কেউ । এমনকি  নিখোঁজ হলে এখন জিডিও করেন না তারা।

মনোবিজ্ঞানীদের মতে, মা-বাবা সন্তানকে ঠিকমতো সময় না দেওয়ায় নানা মানসিক জটিলতা সঙ্গী হচ্ছে তাদের। পরিবার কী এ জিনিসটাই তারা বুঝতে পারছে না। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে একসময় মাদকাসক্ত হওয়াসহ ভুল পথে পা বাড়াতে পারে সন্তান। অনেক পরিবারে বাবা-মায়ের দাম্পত্য কলহ সন্তানদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে। মনোবিজ্ঞানীরা আরো বলছেন, পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও শিক্ষার্থীদের মানসিক অবস্থার নেতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষের। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের কাউন্সেলর সাইফুন্নেসা জামান সুমি বলেন, মা-বাবার অতিরিক্ত আদর কিংবা অতিরিক্ত শাসন দুটিই সন্তানের সর্বনাশের কারণ। আবার মা-বাবার টালমাটাল সম্পর্কও ছোট্ট মাথাগুলো বিষিয়ে তোলে। পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘সন্তানকে যা নিষেধ করেন, নিজেও তা করবেন না। সন্তানের বন্ধু হোন, হাত 

পুলিশি বাধায় রামপাল বিরোধী মিছিল ছত্রভঙ্গ-প্রথম আলো
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ অন্তত দুজনকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি।
পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় কমিটি। সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ রামপাল চুক্তিসহ অন্যান্য ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। দুপুর সোয়া ১২টার পর জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। এতে হাজার খানেক মানুষ অংশ নেন। কয়েক দফা বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিলটি বাংলামোটরের কাছাকাছি আসে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীরা বেশ কয়েকবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি অ্যাকশনের মুখে তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

তারেক রহমানকে সাজা দিয়ে নিস্তার পাবেন না : গয়েশ্বর-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আমাদের মতো কিছু নেতাকে সাজা দিয়ে আপনি (শেখ হাসিনা) নিস্তার পাবেন না। যা কিছু করেন স্বচ্ছভাবে করেন। যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনারও ৩০২ ধারা মামলার আসামি হতে পারেন। গণতন্ত্রের পথে শত্রুকে চেনা যায়। ঘায়েল করা যায়। তাই গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান। 

আইসিটি খাতে আয় বিলিয়ন ডলার ছাড়াবে: জয়- ইত্তেফাক
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরের রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০১৮ সালের মধ্যেই আইসিটি খাতে রফতানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটলে দুই দিনব্যাপী 'বিপিও সামিট বাংলাদেশ ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 
 সজীব ওয়াজেদ জয় বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যআয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, আউটসোর্সিং খাতে বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে। তবে গ্লোবাল মার্কেটের সঙ্গে প্রতিযোগিতা ধরে রাখতে হলে দেশের অভ্যন্তরীণ মার্কেটগুলোকে উন্নত করতে হবে।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান যাচ্ছেন রাজনাথ, উঠতে পারে কাশ্মীর ইস্যু-আনন্দবাজার
কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে তীব্র বাগযুদ্ধ আর উত্তেজনার মধ্যেই পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ইসলামাবাদে আয়োজিত এ বারের সার্ক সম্মেলনে যোগ দিতেই তিনি বুধবার ইসলামাবাদ রওনা হচ্ছেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে পাকিস্তানের কোনও শীর্ষনেতার সঙ্গে রাজনাথের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইসলামাবাদে ৩ অগাস্ট সার্ক শীর্ষ সম্মেলন বসছে।

দেনা-বন্যা নিয়ে মুখর মমতা, রাখছেন চাপ-আনন্দবাজার
রাজ্যের মাথায় চেপে থাকা বিপুল দেনার ভার নিয়ে আরও এক বার কেন্দ্রের কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে এ বারেও পেলেন আশ্বাস। অতীতে যেমনটি পেতেন মনমোহন সিংহের কাছ থেকে। কিন্তু কাজের কাজ এগোয়নি কিছুই। এখন তাই আর না আঁচালে বিশ্বাস করতে রাজি নন তৃণমূল নেত্রী। দলের সাংসদদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের স্বার্থের প্রশ্নে সংসদে আন্দোলন চালিয়ে যেতে হবে। দরকারে প্রশ্নোত্তর পর্ব থেকেই সরব হতে হবে। নামতে হবে ওয়েলেও।
আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন অনেক আগেই। এ বারের দিল্লি সফরে গত কাল গভীর রাত পর্যন্ত তারই জমি তৈরির চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮