স্কুল-কলেজের গভর্নিং বডিতে থাকছেন না এমপিরা
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৩১ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
‘জঙ্গি-সন্ত্রাসীদের তথ্য দিতে পুলিশের অ্যাপ’ স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মেডিকেল ছাত্র রিমান্ডে -প্রথম আলো
চট্টগ্রামে ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ -যুগান্তর
সরকারের মেয়াদ শেষ হলেই নির্বাচন: সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
গোয়েন্দাজালে দুর্ধর্ষ আরো ১১ জঙ্গি!- -যায় যায় দিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
নয়ডার মা-মেয়েকে গাড়ি থেকে নামিয়ে পরিবারের সামনে গণধর্ষণ-আনন্দবাজার
আবেশের মৃত্যুর সুবিচার চেয়ে মৌন মিছিল-বর্তমান
পাঁচ বছরে রাজ্যের আয় বেড়ে দ্বিগুণ-সংবাদ প্রতিদিন
‘দেশ বিরোধী’ আমির! মন্তব্য পারিকরের-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ট্যানারি সরাতে মালিকরা ছলছুতা করছেন: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
রাজধানী ঢাকার হাজারীবাগে অবস্থিত ট্যানারিগুলো সাভারের সরানোর ক্ষেত্রে মালিকরা ছলছুতা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৬এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেছেন, সাভারের হরিণধরা এলাকায় আমরা ট্যানারি শিল্প তৈরি করে দিয়েছি। সেখানে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বারবার বলা সত্ত্বেও নানা ছলছুতা নিয়ে কেন দেরি করে আমরা জানি না।
দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বন্যা শুরু হয়েছে। বন্যা মাঝে মধ্যেই আসে। কাজেই বন্যাদুর্গত মানুষের সাহায্যে সকলকেই এগিয়ে আসতে হবে।' তিনি বলেন, 'বন্যা যেমন আমাদের ক্ষতি করে, তেমনি উপকারও করে। যে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এই বন্যা সেটা পূরণ করে। তাছাড়া বন্যা ব-দ্বীপের ভূমিও পুনর্গঠন করে। বন্যায় যেন মানুষের কোনো ক্ষতি না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ আমাদের নেয়া প্রয়োজন।'
গোয়েন্দাজালে দুর্ধর্ষ আরো ১১ জঙ্গি!- যায় যায় দিন
আইএসআইএল সদস্য দাবিদার আত্মঘাতী কিলার গ্রুপের দুর্ধর্ষ আরো ১১ জঙ্গি এখন গোয়েন্দাজালে। সংশ্লিষ্টদের আশা, শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা সম্ভব হবে। এ গ্রুপের সদস্যরা কোথায় কীভাবে কার তত্ত্বাবধানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে, সে সম্পর্কিত বেশকিছু তথ্যও গোয়েন্দাদের হস্তগত হয়েছে। একইসঙ্গে প্রথমসারির অন্তত দু'জন জঙ্গি মদদদাতাকে চিহ্নিত করা গেছে। এদের একজন দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে শিগগিরই ধরা সম্ভব হবে বলে আশাবাদী গোয়েন্দারা।
এদিকে গোয়েন্দাজালে থাকা ওই ১১ জঙ্গিকে একত্রে আটক করা যাবে কি না তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তারা জানান, বড় ধরনের নাশকতা চালানোর ছক তৈরির জন্য এরা কালেভদ্রে মিলিত হলেও স্বল্প সময় পরই আবার বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ এ টিমের একজনকে গ্রেপ্তার করা হলে অন্যদের সটকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই গোয়েন্দারা সুযোগের অপেক্ষা করছে।
গুলশানে জঙ্গি হামলায় একসঙ্গে ১৭ জন বিদেশি নিহত হওয়ার পর বাংলাদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে আতঙ্ক কমছে না। ঢাকার জার্মান দূতাবাসে কর্মরত দুই জার্মান নাগরিক আর বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: বিদেশিরা এখনও আতঙ্কে
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টোমাস প্রিনৎস বাংলাদেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পহেলা জুলাইয়ের ঘটনার পর বিদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তার অন্তত দুইজন সহকর্মী গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার পর আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কতজন সহকর্মী আর ফিরবেন না সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ এখনো গ্রীষ্মকালীন ছুটি চলছে। ছুটি শেষ হলেই জানা যাবে কতজন আসছেন না। যাদের শিশু সন্তান রয়েছে তাদের মধ্যে আতঙ্কটা আরো বেশি।
তবে এ সম্পর্কে যুগান্তর ও প্রথম আলোর একটি খবরে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে। তিনি বলেছেন, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়ার মতো ঘটনা সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে বলে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরা।
আজ সচিবালয়ে ইইউয়ের বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব বিদেশি ব্যবসা-বাণিজ্য করছেন, তাঁদের নিরাপত্তাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তাঁদের নিরাপত্তায় প্রয়োজনে বিশেষ বাহিনী দেওয়া হবে।
সেবা পেতে আরও বেশি কর দিতে হবে: অর্থমন্ত্রী-প্রথম আলো
সরকারের কাছ থেকে সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বর্তমানে সরকার যে রাজস্ব আয় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যায় না।
আজ পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতিঝিলে চেম্বার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
স্কুল-কলেজের গভর্নিং বডিতে থাকছেন না এমপিরা-যুগান্তর
স্কুল-কলেজের কমিটিতে সভাপতি থাকতে পারবেন না এমপিরা এই মর্মে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়েছে। রায় ঘোষণার দুই মাস পর আজ ৪১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। রায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের প্রবিশন তৈরি করার জন্য শিক্ষা সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রায়ে দেশের সকল স্কুল ও কলেজে বিশেষ কমিটি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এডহক কমিটি গঠন করে এক মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আইন সচিব, শিক্ষা সচিব ও ঢাকা বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত।
‘মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে’-প্রথম আলো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। এটা স্বীকার করতে লজ্জা নেই, এটাই সত্য। রোববার দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্টদের (বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা) সঙ্গে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ নিয়ে মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সব অর্জনই নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে। দুদকের ওপর মানুষের বিশ্বাস আছে কি নেই, আমি সেই তর্কে যাব না। তবে এটা সত্য মানুষ বিশ্বাস করতে চায় না, দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। আমরা সেই রকম কাজ করতে পারিনি বলে এই বিশ্বাস হীনতা, এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, এটাই সত্য।’ তিনি বলেন, ‘এই দায় শুধু আমাদের না, সমাজের সকল স্তরের মানুষের। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায় বেশি।’
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সৌদিতে কাজ খুইয়ে অভুক্ত ১০ হাজার ভারতীয়, খেতে দিচ্ছে দূতাবাস-আনন্দবাজার
গত তিন দিনে সৌদি আরবের জেড্ডা শহরে প্রায় ১০ হাজার ভারতীয় কাজ হারিয়েছেন। কর্মসূত্রে বহু ভারতীয়ই সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু হঠাৎ করে নিজের দেশ থেকে বহু দূরে বসে কাজ খোয়ানোতে প্রচণ্ড অর্থাভাবের মধ্যে পড়েছেন তাঁরা। এই খবর এ দেশে পৌঁছনোর পর সৌদি আরবে গিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। আপাতত অভুক্ত, কর্মহীন ভারতীয়দের খাবার দেওয়ার ব্যবস্থা করছে সৌদির ভারতীয় দূতাবাস।
এরই সঙ্গে ভারত সরকারের তরফে সুষমা স্বরাজ আরবে কর্মহীন ভারতীয়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
জাল পাসপোর্ট তৈরির পিছনে সরকারি কর্মীরাই!-সংবাদ প্রতিদিন
জাল পাসপোর্ট তৈরির চক্রের পিছনে রয়েছে সরকারি দফতরের কর্মীরা৷ এমনটাই আশঙ্কা তদন্তকারীদের৷ পাসপোর্ট অফিসের কর্মীদের মদতেই কি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত এই চক্র? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ৷ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷
একজনের নাম, অন্যজনের ঠিকানা, ছবি আবার আরেকজনের৷ ভোটার কার্ড থেকে ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত নথি এই ভাবেই জালিয়াতি করত এই চক্র৷
নয়ডার মা-মেয়েকে গাড়ি থেকে নামিয়ে পরিবারের সামনে গণধর্ষণ- আনন্দবাজার
উত্তরপ্রেদেশের বুলন্দশহরে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৪৮ ঘণ্টার আগেই ১৫ জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তকে চিহ্নিতও করেছে তারা। বুলন্দশহরের এসএসপি বলেন, “ধর্ষণের ঘটনায় ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। সে এক জন আদিবাসী গোষ্ঠীর।”
উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ নিজে এই ঘটনার তদন্তে রয়েছেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১