আগস্ট ০১, ২০১৬ ১৩:৩৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 

জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে সামাজিক আন্দোলনের আহ্বান-প্রথম আলো

কুবির বিভিন্ন হলে তল্লাশি, অস্ত্র উদ্ধার, কমিটি গঠন-ইত্তেফাক
ছাত্রলীগের সংঘর্ষে ছাত্র নিহত, কুবি বন্ধ ঘোষণা-যুগান্তর
বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন শওকত মাহমুদ-কালের কণ্ঠ
দক্ষিণাঞ্চলে বন্যার অবনতি বানভাসি এলাকায় খাদ্য সংকট-যায় যায় দিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
কান্নায় বিরক্ত, মাথা ঠুকে শিশুকে খুন করল সৎমা –সংবাদ প্রতিদিন
আসল পাসপোর্টের ছবি বদলিয়ে লাখ টাকায় বিক্রি করছে বাংলাদেশিদের কাছে-বর্তমান
বুলন্দশহর গণধর্ষণ: ধৃত ৩, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি -আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম আলো/যুগান্তর/ইত্তেফাকসহ প্রায়সব দৈনিকের খবরে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের খবর ছাপা হয়েছে। খবরটির শিরোনাম এরকম: 

জঙ্গিবাদ রুখতে শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান-
বিস্তারিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারকে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব না। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই সচেতন ও সোচ্চার হলেই জঙ্গিবাদ রুখে দেয়া যাবে। 
 এদিকে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী জঙ্গিবাদ রুখে দেয়ার প্রত্যয়ে হাতে হাত রেখে মানববন্ধন করে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ক্যাম্পাসের সামনেই মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। 
 জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা প্রান্তের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। ইউজিসির নির্দেশনা অনুসারে সারা দেশের ১৩১ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০৫ ফাজিল-কামিল মাদ্রাসা, ২২ শতাধিক বিভিন্ন পর্যায়ের কলেজে একযোগে এই কর্মসূচি পালিত হয়। 
ধারণা করা হচ্ছে, ন্যূনতম ৪৫ লাখ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও অংশ নেন।

নিখোঁজ ৬৮ জনকে নিয়ে আতঙ্ক-এটি বাংলাদেশ প্রতিদিনের একটি অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম 
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টজুড়ে সর্বোচ্চ সতর্কতা । সারা দেশে পুলিশের গোপন নির্দেশ।
নিখোঁজ ৬৮ জনকে নিয়ে জনমনে আতঙ্ক। সম্প্রতি এলিট ফোর্স র‌্যাবের দেওয়া এই নিখোঁজ ব্যক্তিরা কখন কোথায় ঝাঁপিয়ে পড়ে এ নিয়ে যেন চিন্তার শেষ নেই সাধারণ মানুষের। শুধু সাধারণ মানুষই নন, এদের নিয়ে কড়া সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। নিখোঁজ ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন গোয়েন্দারা। তবে আইএসের কথিত বাংলাদেশ প্রধান কানাডা প্রবাসী তামিম চৌধুরী, জাপান প্রবাসী সাইফুল্লাহ ও’জাকি, অস্ট্রেলিয়া প্রবাসী এ টি এম তাজউদ্দীনকে নিয়েই যেন দুনিয়ার ব্যস্ততা র‌্যাব-পুলিশসহ গোয়েন্দাদের। এরই মধ্যে রাজধানীতে কল্যাণপুরের মতো উত্তরা ও মিরপুরে আরও দুটি জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যও দারুণ ব্যস্ত রেখেছে গোয়েন্দাদের। অন্যদিকে পুরো আগস্ট মাস রাজধানীসহ সারা দেশে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। 

ছাত্রলীগের সংঘর্ষে ছাত্র নিহত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ইত্তেফাক/যুগান্তর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্র নিহতের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রদের এবং দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের দু'গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খালেদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি কবি নজরুল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক ও মার্কেটিং সপ্তম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়া সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে ছাত্রলীগের দু'গ্রুপ আরও কয়েক দফা সংঘর্ষের চেষ্টা করেছে। 
ইত্তেফাকের অন্য একটি খবরে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনায়  বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পুলিশ তল্লাল্লি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি অভিযান চলছিল। কুবি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ছাত্র-ছাত্রীরা তাদের হল ছাড়তে শুরু করেছে।

রাজনীতির খবরে  মানবজমিন লিখেছে,বিএনপিতে উদ্বেগ-উৎকণ্ঠা
রাজনীতির অন্দর মহলে। নীতিনির্ধারকরা জানার চেষ্টা করছেন, কোথাকার পানি কোথায় গড়ায়। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়কে একটি অশনিসংকেত হিসেবেই বিবেচনা করছেন দলটির নেতারা। তাদের ধারণা, এটাই শেষ নয়। আরো রায় আসবে। তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কার্যক্রমও এগিয়ে চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা নিয়েও দলের ভেতরে তৈরি হয়েছে শঙ্কা। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা থাকলেও দুটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি বছরই এসব মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি দলের ভেতরে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের আগাম প্রস্তুতিও ভাবিয়ে তুলেছে বিএনপির নীতিনির্ধারকদের। বিরোধী নেতাদের মামলা এবং আগাম নির্বাচন প্রস্তুতির মধ্যে যোগসূত্র আবিষ্কারের চেষ্টাও করছেন কেউ কেউ।

সোয়া লাখ টাকায়ও শেষ রক্ষা হয়নি বিএনপি কর্মীর-বাংলাদেশ প্রতিদিন
নাশকতার অভিযোগে ঢাকার অদূরে সাভারের উলাইল এলাকা থেকে শনিবার বিএনপির তিন কর্মীকে আটক করে পুলিশ। তাদের দু'জনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। আরেক বিএনপি কর্মী কবির হোসেনের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আহসান হাবিব ওই টাকা গ্রহণ করে। নাশকতায় মামলায় গ্রেফতার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানোর পর ওইদিন বিকালেই তিনি জামিনে মুক্ত হন। বিষয়টি ফাঁস হয়ে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শনিবার রাতে তাকে ফের গ্রেফতার করে নাশকতার মামলায় আদালতে হাজির করা হয়।

উত্তরাঞ্চলে নতুন নতুন এলাকা প্লবিত, আরও ৬ জনের মৃত্যু –বাংলাদেশ প্রতিদিন
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত থাকলেও অনেক জায়গা আবার নতুন করে প্লাবিত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে করে এ সব অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্যার কবলে পড়ে রবিবারই তিন জেলায় নারী-শিশুসহ মারা গেছে ছয় জন। এদিকে, উত্তররাঞ্চলের পানি নামতে শুরু করায় ঢাকা বিভাগের কয়েকটি জেলায়ও ছড়িয়ে পড়েছে বন্যা। এর মধ্যে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার অনেক জায়গায় বন্যার পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। রবিবারই পদ্মার ভাঙনের এ সব অঞ্চলের কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 
বন্য পরিস্থিতি নিয়ে যায় যায় দিন লিখেছে, দক্ষিণাঞ্চলে বন্যার অবনতি, বানভাসি এলাকায় খাদ্য সংকট
দীর্ঘ হচ্ছে বন্যা পরিস্থিতি। হিমালয় পাহাড়শ্রেণি ও এর পাদদেশীয় ভূমিতে ব্যাপক বৃষ্টিপাত বাংলাদেশে শুরু হওয়া বন্যাকে আরো স্থায়িত্ব দেবে বলেই মনে করছেন বন্যা বিশেষজ্ঞরা।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সেনা-জনতা সংঘর্ষে হাত হারালেন কাশ্মীরের ‘চ্যাম্পিয়ন’-আনন্দবাজার
চ্যাম্পিয়ন৷ ভলিবল কোর্টে এই নামেই ডাকা হত রইস আহমেদকে৷ কাশ্মীরের ২২ বছরের এই যুবক রাজ্যস্তরে তো খেলেইছেন, প্রতিভা প্রদর্শন করেছেন জাতীয়স্তরেও৷ আজ নিজের ডান হাত খুঁইয়ে পড়ে রয়েছেন শের-এ-কাশ্মীর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বেডে৷ সৌজন্যে সিআরপিএফ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ৷
আজও সেই দিনটার কথা ভাবলে শিউরে ওঠেন রইস৷ কে পক্ষে, কে বিপক্ষে জানতেনই না৷ পাকচক্রে পড়ে গিয়েছিলেন বিক্ষোভের মাঝে৷ কিছু বুঝে ওঠার আগেই কাঁদানে গ্যাসের শেলটা এসে লাগল সোজা ডান হাতে৷ লুটিয়ে পড়লেন রইস৷ ফিনকি দিয়ে বের হতে লাগল রক্ত৷ কতক্ষণ পড়েছিলেন জানেন না৷ শেষে ভাই ইকবাল এসে তাঁকে ভর্তি করায় হাসপাতালে৷

কান্নায় বিরক্ত, মাথা ঠুকে শিশুকে খুন করল সৎমা-আনন্দবাজার
দেড় বছরের ছোট মেয়েটি একে তো নিজের মেয়ে নয়, তার উপর অসুস্থতার জন্য একটানা কেঁদেই চলেছে৷ এত সাহস এটুকু মেয়ের? একে শাস্তি দাও! শাস্তি দিলও সৎমা৷ ওটুকু মেয়ের মাথাটা দেয়ালে ঠুকে দিলেন৷ ব্যথা পেয়ে কান্না বাড়লে, রাগ যেন আরও বেড়ে যায়৷ ক্রমাগত মেয়ের মাথা ঠুকতে থাকে দেওয়ালে৷ এবার একসময় যন্ত্রণার হার এতটাই বেড়ে গেল যে শিশুটি আর কাঁদল না৷ এবার মা’র শান্তি৷ নিথর দেহ পরে রইল শিশুটির৷ বিরক্ত হয়ে একেবারে খুনই করে ফেলল মেয়েকে মা৷
গত শনিবার এই নৃশংস ঘটনার সাক্ষী রইল চেম্বুর৷ গতবছরই আবদুল শেখ তাঁর প্রথমপক্ষের স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয়বার রাজিয়াকে বিয়ে করে৷ আগের পক্ষে আবদুলের দুটি সন্তান ছিল৷ একটি ছেলে এবং দেড় বছরের মেয়েটি৷ তাদের দেখাশোনা করত রাজিয়া৷

বুলন্দশহর গণধর্ষণ: ধৃত ৩, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি-আজকাল
বুলন্দশহরে মা–মেয়েকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পদত্যাগ দাবি করলেন মায়াবতী। বিরোধী ব স পা নেত্রীর কটাক্ষ, ‘উত্তরপ্রদেশ শাসন করতে না পারলে ইস্তফা দিল’। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে কংগ্রেসের মুখ শীলা দীক্ষিতও রাজ্যের আইন–শৃঙ্খলার দিকে আঙুল তুললেন। শুক্রবার রাতে দিল্লি–কানপুর জাতীয় সড়কে লোহার রড মেরে গাড়ি থামিয়ে এক পরিবারের ১১ হাজার টাকা, মোবাইল, চেন ছিনতাই করে কয়েক জন দুষ্কৃতী। তার পর পুরুষদের গাছের সঙ্গে বেঁধে ৩৫ বছরের এক মহিলা এবং তাঁর ১৪ বছরের মেয়েকে ৩ ঘণ্টা ধরে গণধর্ষণ করে তারা। ঘটনায় ১৮ জনকে আটক করে জেরা করে পুলিস।

আসল পাসপোর্টের ছবি বদলে লাখ টাকায় বিকোচ্ছে বাংলাদেশিদের কাছে-বর্তমান
আসল পাসপোর্ট সুপার ইম্পোজ করে পৌঁছে যাচ্ছে বাংলাদেশিদের কাছে। এমনই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। এই ব্যাপারে ইতিমধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে সীমান্তবর্তী প্রতিটি জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, দিন সাতেক আগে মধ্যমগ্রামে হানা দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ ১৭টি পাসপোর্ট উদ্ধার করেছিল। পরে পরীক্ষা করে দেখা গিয়েছিল, তার মধ্যে ১২টিই আসল পাসপোর্ট।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১