প্রিয়জন :'রেডিও তেহরান থেকে প্রচারিত দৃষ্টিপাত এবং বিশ্বসংবাদ আমার ভালো লাগে।'
বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জনে। আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই যথারীতি একটি হাদিস আপনাদের শোনাবো। ইমাম জাওয়াদ (আ.) বলেছেন, সেই ইবাদত মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যা একনিষ্ঠ চিত্তে করা হয় এবং যেখানে লোক দেখানোর কোনো উপাদান থাকে না।
আজকের আসরের শুরুতেই যে চিঠিটি হাতে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। পাবনা জেলার চাটমোহর থেকে এটি লিখেছেন ভাই ডা. মোহাম্মদ রফিকুল আজিজ। চিঠির শুরুতেই তিনি জানিয়েছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদ এবং দৃষ্টিপাতের বিষয়গুলো ভালো লাগছে। তিনি মোবাইল ফোনের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন বলেও জানিয়েছেন।
ভাই রফিকুল আজিজ, আপনি মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠান শুনছেন জেনে ভালো লাগল। বাংলাদেশ ও ভারতে আমাদের বহু শ্রোতা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনারা যারা পাঠক তারা অন্যদেরও পড়তে উৎসাহিত করবেন বলে আশা রাখছি। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত আলোচনা করবেন এ আশা করছি।
এবারে বাংলাদেশ থেকে আসা আরেকটি চিঠি। ময়মনসিংহ জেলার মানববন্ধন ক্লাব থেকে এ চিটি লিখেছেন ক্লাবের সভাপতি মো মশিউর রহমান মুন্না । রেডিও তেহরানের পুরনো এ ভাই জানিয়েছেন, রেডিওতে অনুষ্ঠান শুনতে অনেক সময়ই অসুবিধা হয়।কিন্তু ইন্টারনেটে এ সমস্যা নেই। তবে নানা কারণে ইন্টারনেটে সব সময় রেডিও শোনা হয় না। এরপর তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশে ওয়াইফাই যদি বিনামূল্যে পাওয়া যেত তবে রেডিও তেহরানের শ্রোতা ভাই বোনের সংখ্যা অনেক বাড়তো।
বহলুল: সত্যি বলেছেন এ ভাই, এটা বোধহয় অস্বীকার করা যাবে না। তবে হ্যা, প্রযুক্তির উৎকর্ষের এ যুগে এমন একদিন হয়তো শিগগিরই আসবে যেদিন বিশ্বের সব জায়গা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় চলে আসবে। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম সবাই।
আর বন্ধুরা, আপনারা হয়তো এরইমধ্যে শুনেছেন বাংলাদেশে রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকম বন্ধ করে দেয়া হয়েছে। পার্সটুডে কর্তৃপক্ষ এর প্রতিবাদ জানিয়েছে। যেসব শ্রোতার অনুষ্ঠান শুনতে অসুবিধা হচ্ছে তাদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি কর্তৃপক্ষ আবার বাংলাদেশে পার্সটুডের ওয়েবসাইট খুলে দেবে।
ভাই মুন্নার চিঠি কিন্তু এখনো শেষ হয়নি। রেডিও তেহরান থেকে প্রচারিত যে সব অনুষ্ঠান তার ভালো লাগে ভালো লাগে তার মধ্যে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত এবং কোরআনের আলো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভাই মো মশিউর রহমান মুন্না চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভবিষ্যতে আরো চিঠি দেবেন বলে আশা করছি। এবারের চিঠি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমোবিশ্বাস পাড়া থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো ভাই মো সিরাজউদ্দিন টনাই। তিনি জানতে চেয়েছেন, রেডিও তেহরানের কর্মীরা পালা করে দিন রাত ২৪ ঘণ্টা এবং উৎসবের বন্ধের দিনে অফিস করেন কিনা?
বহলুল: ঠিক ২৪ ঘণ্টা ডিউটি করা হয় না। তবে গুরুত্বপূর্ণ খবর যেন দ্রুত আপডেট হয় সেদিকে আমাদের নজর থাকে।
এ ছাড়া, প্রতিদিনই রাতের একটা শিফট আছে। আর বন্ধের দিনে পালা করে কর্মীরা অফিসে আসেন। অর্থাৎ রেডিও অফিস কখনোই পুরোপুরি বন্ধ হয় না। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বহলুল: আসরের এ পর্বে আমরা ওয়েব সাইটের খবরে যে সব মন্তব্য করা হয়েছে সে দিকে নজর দেবো।
সত্যিই ওয়েবসাইটের দিকে নজর দেয়ার সময় হয়ে গেছে এবার। হ্যা, কাশ্মিরে যাচ্ছেন রাজনাথ, ‘দুখতারান-ই মিল্লাত’ ও হুররিয়াতের প্রতিক্রিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ২৩ জুলাই। এ খবরে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দিনের সফরে জম্মু-কাশ্মির যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি সেখানে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। এ খবরে মন্তব্য করেছেন রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম শ্ল্যাস বিএন’এ নিয়মিত মন্তব্যকারী ভাই মো ঘোরী শাহ। তিনি লিখেছেন,
ভারতে এই প্রথম গনবিক্ষোভ ঘটছে তা নয় বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ঘটেছে কিন্তু সেক্ষেত্রে পুলিশ বা সেনাবাহিনীকে এতটা নির্মম ও অমানবিক হতে দেখা যায়নি। ভারতের প্রশাসনের কাছে কাশ্মীরি জনগণ যেন মানবিকভাবে মুল্যহীন।
মার্কিন ও ফ্রান্সের হামলায় সিরিয়ায় ১৪০ বেসামরিক ব্যক্তি নিহত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ২০ জুলাই। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানবিজ শহরের কাছে আমেরিকা ও ফ্রান্সের বিমান বাহিনীর হামলায় অন্তত ১৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গত দু দিনের চালানো বিমান হামলায় এসব মানুষ মারা গেছে। আর এ খবরে মন্তব্য করেছেন, শেখ মিনসার। তিনি লিখেছেন,
এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। এদিকে, মার্কিন ব্যবহৃত ঘাঁটি থেকে অভ্যুত্থানকারীরা আটক শীর্ষক প্রকাশিত হয়েছে, ১৭ জুলাই। এ খবরে বলা হয়েছে, তুরস্কে আমেরিকার ব্যবহৃত একটি বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একজন জেনারেল ও অন্য কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে। আর এতে মন্তব্য করেছেন মো মেহেদী হাসান। তিনি লিখেছেন, যতই যা বলেন আমেরিকা সব কলকঠি নাড়ছে। আমেরিকাকে ধ্বংস করলে পৃথিবীতে শান্তি আসবে।
বহলুল: যাহা বলেছেন সত্য বলেছেন সত্য ছাড়া আর কিছুই বলেন নি। এবারে...
না না আর কিছু নয় এবারে। সময় ফুরিয়ে এসেছে। বন্ধুরা আজ এখানেই বিদায় নিতে হচ্ছে প্রিয়জনের আসর থেকে। কথা হবে আবারো আগামি আসরে।#