প্রিয়জন :"আমি রেডিও তেহরানকে খুব ভালোবাসি"
বন্ধুরা,আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস আপনাদের শোনাবো। ইমাম জাওয়াদ (আ.) বলেছেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, দুষ্ট লোক তার কোনো ক্ষতি করতে পারে না।
অত্যন্ত উপকারী একটি হাদিস শুনলাম। এবারে চিঠিপত্রের দিকে নজর দেয়া যাক। আসরের প্রথমেই একটি ইমেইল। বাংলাদেশের দিনাজপুর জেলার সদর জালালপুর থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই কামরুজ্জামান সরকার। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানকে খুব ভালোবাসি। রেডিও তেহরানের বিশ্ব সংবাদ খুবই সুন্দরভাবে প্রচার করা হয় যা আমাদের মুগ্ধ করে। এরপর এ শ্রোতা ভাই অভিযোগ করেছেন, IRIB অ্যাপসে আগে ১ মাসের পুরনো অনুষ্ঠান থাকতো, তারপর ১৫ দিনের,এরপর ১০দিনের, এখন কিন্তু ৯ দিনের অনুষ্ঠান থাকছে।
তিনি আরো বলেছেন, আমরা যারা কাজের চাপে নিয়মিত অনুষ্ঠান শুনতে পারি না তারা ১৫-২০ দিনের পুরানো অনুষ্ঠান শুনি। এরপর তিনি অ্যাপসে অন্তত ২০ দিনের অনুষ্ঠান রাখার অনুরোধ করেছেন।
ভাই কামরুজ্জামান, আপনি এখন যে অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে আমাদের অনুষ্ঠান শুনছেন সেটি আইআরআইবি’র অ্যাপস। সেখানে ৯ দিনের বেশি অনুষ্ঠান জমা নেই। আপনি ঠিকই বলেছেন। তবে কম্পিউটারে যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সেখানে আমাদের পুরো একমাসের অনুষ্ঠানই দেয়া আছে।
এ ছাড়া, আমাদের নতুন ওয়েবসাইট পার্সটুডে ডটকম স্ল্যাশ বিএনের পক্ষ থেকে শিগগিরই মোবাইল ফোনের জন্য নতুন অ্যাপস ছাড়া হবে। আমরা চেষ্টা করছি সেখানে যাতে পুরো একমাসের অনুষ্ঠান থাকে এবং আপনাদের সমস্যার সমাধান হয়।
এ ভাইর ইমেইল এখনো শেষ হয়নি। এরপর তিনি বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরে বাংলাদেশ বেতারের এফএমের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান প্রচার করার জন্য দাবি জানিয়েছেন। তিনি এর কারণ হিসেবে বলেছেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলের শ্রোতারা FM এর উপর ভরসা করেন। কারন শর্টওয়েব শোনা আজকাল বেশ কষ্টকর হয়ে পড়েছে। শর্টওয়েবে প্রচারিত অনুষ্ঠান অনেক সময়ই শোনা যায় না বা শোনা গেলেও শো শো আওয়াজের জন্য বোঝা কষ্টকর হয়ে ওঠে।
বহলুল: ভাই কামরুজ্জামান, এফএম ব্যান্ড সম্পর্কে আপনার কথা পুরোপুরি সত্য। কিন্তু তারপরও আপাতত এফএম’ ব্যান্ডে অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রেডিও তেহরানের নেই। নানা অসুবিধা ও সীমাবদ্ধতার কারণে এমন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
তবে আপনাদের চাহিদার বিষয়ে অবহিত আছে রেডিও তেহরান। এ রকম সুন্দর চাহিদা আবারো জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কামরুজ্জামান সরকার। আর হ্যা ভবিষ্যতে আরো চিঠি লিখবেন।
এবার বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। বগুড়া জেলার শিবগঞ্জের ভাটরার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাব থেকে এটি লিখেছেন, ক্লাবের সভাপতি এমএ,বারিক।
এ শ্রোতা ভাই লিখেছেন, রেডিও তেহরানের খবরসহ সব অনুষ্ঠানই বেশ ভাল লাগে। আগে খবর শুনে উঠে গেলে বাকি অনুষ্ঠান আর শোনা হতো না। এখন এ অবস্থা নেই। ওয়েব সাইটের আর্কাইভে সব পুরনো অনুষ্ঠান দেয়া থাকে তাই নিজের মনের মতো সময়ে সব অনুষ্ঠানই শোনা হয়। এতে আমাদের ভাল লাগার সীমা আরো বেড়েছে।
বহলুল: ভাই বারিক চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে নজর দেবো রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন’এর দিকে।
হ্যা পার্সটুডেসহ শতাধিক ইরানি সাইট বন্ধ করল বাংলাদেশ সরকার খবরটি প্রকাশিত হয়েছে ৬ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বাংলা বিভাগের ওয়েবসাইট পার্সটুডে ডটকমসহ শতাধিক সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। কেন এ পদক্ষেপ নেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয় নি। আর এ খবরে বেশ কয়েকটি মন্তব্য হয়েছে। মহম্মদ ঘোরী শাহ এ খবরে মন্তব্য করেছেন তিনি লিখেছেন,
মিডিয়া বন্ধ করে সন্ত্রাস রোধ করা যায় না। সন্ত্রাস রোধ করার জন্য এর কারণ খুঁজে তা নিরসনের চেষ্টা করতে হবে।
বহলুল: আপনার কথায় যুক্তি আছে তা বোধ হয় অস্বীকার করা যাবে না ভাই।
মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা মানুষ নয়,পশু: বলেছে রাশিয়া- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ আগস্ট। এতে বলা হয়েছে, সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ায় আমেরিকার সমালোচনা করে রাশিয়া বলেছে, এসব সন্ত্রাসী মানুষ নয়; এরা পশুর মতো। আলেপ্পোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসীদের রাসায়নিক হামলার পর রাশিয়া এ সমালোচনা করল। এ খবরে মন্তব্য করেছেন ইদাতা। তিনি লিখেছেন: আসলেই তারা পশু।
বহলুল: আচ্ছা এতে পশুদের অপমান করা হচ্ছে নাতো!
তা যা বলেছেন বহলুল ভাই। সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা যেভাবে নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করছে তাতে তাদেরকে পশুর সঙ্গে তুলনা করাও বোধ হয় বেমানান। কারণ, বনের সবচেয়ে হিংস্র পশুও ক্ষুধা মিটে গেলে অন্য জন্তুর ক্ষতি করে না।
এদিকে বাশার আসাদকে ছাড়া সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়: হিজবুল্লাহ -শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ আগস্ট। এতে বলা হয়েছে, খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ার হাত থেকে সিরিয়াকে রক্ষা করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় ধরে রাখা। এ মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম। আর এ খবরে মন্তব্য করেছেন তৌহিদুল ইসলাম। তিনি লিখেছেন,
আমি মনে করি হিজবুললাহর air defence system কেনা উচিত।
বহলুল: আমরাও তাই মনে করি। আশা করছি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থেকে বাঁচার জন্য একদিন হিজবুল্লাহর হাতে air defence system বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে যাবে। এদিকে কিন্তু আসরের সময় মনে হয় শেষ হয়ে এসেছে।
হ্যা সময় শেষ হয়ে এসেছে।শোষক, আগ্রাসী এবং তাকফিরি অপশক্তির বিরুদ্ধে দুনিয়ার মুসলমানের একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি প্রিয়জনের আসর থেকে। #