সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৩:১৯ Asia/Dhaka

বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরেই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই যথারীতি একটি হাদিস।

বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) বলেছেন, পরনিন্দা ও একের কথা অপরের কাছে লাগানো থেকে দূরে থাকুন। কারণ, পরনিন্দা রোযাকে বিনষ্ট করে আর কথা লাগানো কবর আযাবের কারণ হয়। 

মূল্যবান একটি হাদিস শুনলাম। এবার চিঠিপত্রের দিকে নজর দেয়া যাক। আজকের আসরের শুরুতেই যে চিঠিটি হাতে তুলি নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোবাপাড়া গ্রাম থেকে এটি লিখেছেন ভাই মাহবুবুল ইসলাম দারোগা। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত সব অনুষ্ঠানই ভীষণ ভীষণ প্রিয়। তিনি  আরো লিখেছেন, রেডিও তেহরান সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার  করে থাকে।

ভাই মাহবুবুল ইসলাম আরো লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগে বিশ্ব সংবাদ। এরপর ভালো লাগে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এ ছাড়া, প্রিয়জন এবং কোরআনের আলো অনুষ্ঠানও তার ভালো লাগার তালিকায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। রেডিও তেহরানের ওয়েবসাইট পরিবর্তন করে পার্সটুডে.কম স্ল্যাস বিএন হওয়ায় খুব ভালো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ভাই মাহবুবুল ইসলাম আপনার চিঠি পেয়ে খুবই ভালো লাগল। ভবিষ্যতে এ রকম আরো চিঠি পাঠাবেন বলে আশা করছি। এবারে হাতে তুলে নিয়েছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। আর এটি এসেছে, রাজশাহী জেলার বিলদুবইল গ্রামের বরেন্দ্র রেডিও শ্রোতা ক্লাব থেকে। আর এটি লিখেছেন এ ক্লাবের সদস্য আবদুল হক। তিনি লিখেছেন, রেডিও তেহরান অনুষ্ঠান ইন্টারনেটে প্রচারিত হওয়ায় ভালো হয়েছে আবার খারাপও হয়েছে। ভালো হয়েছে এজন্য যে, যে কোনো সময় রেডিও শোনা যায়। আর খারাপ হলো, আগের মতো সবাই একত্রে বসে রেডিও শোনার চল কমে গেছে। অর্থাৎ রেডিও তেহরানকে ঘিরে নিয়মিত আড্ডা অনেক কমে এসেছে। অবশ্য এমনটি যে তাদের এলাকায়ই ঘটেছে তা নয়, বরং খবর নিয়ে তিনি জানতে পেয়েছেন, সারা দেশেই কম-বেশি এরকমটি ঘটেছে।

ভাই আব্দুল হক, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। একটি রেডিও সেটের সামনে সবাই মিলে বসে কোনো অনুষ্ঠান শোনার যে সংস্কৃতি আগে গ্রামে-গঞ্জে ছিল সেটা এখন প্রায় নেই বললেই চলে। এটাকে বিজ্ঞানের উন্নতির ফল বলতে পারেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুরই পরিবর্তন হয়। এটিও সেরকম একটি পরিবর্তন।

কাজেই বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যখন শর্টওয়েভে আমাদের অনুষ্ঠান শুনতেন তখন শুনতে কষ্ট হতো। কখনো কখনো শব্দ হারিয়ে যেত। এখনো যারা রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠান শোনেন তাদেরকে এই বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে অনুষ্ঠান শুনলে কিন্তু স্পষ্ট সাউন্ড শোনা যায়। এটিকে সমস্যা হিসেবে ধরলে তার সমাধানের জন্য আপনারা আগে যেরকম রেডিও সেটের সামনে অনেকে বসতেন এবার কম্পিউটারের সামনে সবাই মিলে বসতে পারেন। এক্ষেত্রে যে সুবিধার কথা আপনি নিজেই উল্লেখ করেছেন তা হলো- ঠিক রাত সাড়ে ৮টায়ই অনুষ্ঠান শুনতে হবে তা নয়। বন্ধুরা মিলে যখন সময় পান তখনই বসে যান রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে।

সে যাই হোক, ভাই আব্দুল হক, কষ্ট করে চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন এবং আপনার ক্লাবের অন্য সদস্যদেরও লিখতেও উৎসাহিত করবেন। আসরের এ পর্যায়ে আর চিঠি নয়। এবারে ওয়েবসাইটের খবরে এবং ফেসবুকে রেডিও তেহরানের ফ্যানপেইজ ও অফিসিয়াল পেইজে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।

অবৈধ ব্যানার-বিলবোর্ডের বিরুদ্ধে মেয়রের হুঁশিয়ারি, স্বাগত জানাল পবা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ আগস্ট। এ খবরে বলা হয়েছে ২০১২ সালে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন করে বাংলাদেশ সরকার। এ অনুযায়ী অনুমোদন না নিয়ে যত্রতত্র দেয়ালে লেখা, ব্যানার বা পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই যেন কারও। যদিও সময় সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন সরিয়ে নেয়া হয়। আর এ খবরে মন্তব্য করেছেন নিউক্লিয়ার হাফিজ। তিনি লিখেছেন,

হে নগরপিতা!  আপনি আপনার দায়িত্ব নির্ভয়ে পালন করুণ। ব্যানার, পোস্টার এবং রাজনৈতিক শ্লোগান মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা চাই আমরা। পরিবেশ বান্ধব সবুজ ঢাকা চাই প্রয়োজন আমাদের।

ভাই হাফিজের বক্তব্য যে চমৎকার এবং সময় উপযোগী হয়েছে সে কথা অস্বীকার করার কোনো জো নেই।  এদিকে লেবাননে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বিপর্যয় ডেকে আনবে- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ১৪ আগস্ট। এ খবরে বলা হয়েছে, লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালালে তা ইহুদিবাদী ইসরাইলের জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন লেবাননের আল-আখবার পত্রিকার সাংবাদিক ওমর নাশাবে। ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় এবং আঞ্চলিক পর্যায়ে এর প্রভাব সম্পর্কে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আর এ খবরে মন্তব্য করেছেন লিখন রফি। তিনি লিখেছেন, 

অসভ্য ইহুদিবাদী ইসরাইল বিশ্বের বিষফোঁড়া। তাদের নির্মূল করা উচিত। এদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার রফতানি করছে ইরান- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, ইরান বিশ্বের কোনো কোনো দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার রফতানি করছে। এ ছাড়া, তার দেশ বর্তমান বিশ্বে প্রচলিত সব ধরণের রাডার তৈরি করছে বলেও জানান তিনি। আর এ খবরে একাধিক মন্তব্য হয়েছে। রেডিও তেহরানের ফ্যানপেইজে এ সম্পর্কে সালিম খান লিখেছেন, খুব ভালো। এগিয়ে চল ইরান।

এদিকে ইয়েমেনে অস্ত্র: মার্কিন দাবি উড়িয়ে দিল ইরান- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ইয়েমেনে অস্ত্র পাঠানোর বিষয়ে মার্কিন অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি মার্কিন দাবিকে ভিত্তিহীনবলেও মন্তব্য করেছেন। ফেসবুকে রেডিও তেহরানের ফ্যান পেইজে এ খবরে মন্তব্য করেছেন মো ইকবাল। তিনি লিখেছেন

ইরান যা বলেছে সত্যি বলেছে। আজ বোধহয় আর নতুন কোনো খবরের দিকে নজর দেয়ার মতো সময় নেই তাই না?

হ্যাঁ সময় প্রায় শেষ হয়ে এসেছে। এবারের বিদায়ের পালা। যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং এতোক্ষণ ধরে প্রিয়জনের আসর শুনেছেন তাদের সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#