প্রিয়জন :"আশা করছি, রেডিও তেহরান তার চমৎকার অনুষ্ঠান উপহার দেয়া অব্যাহত রাখবে"
বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান- প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ রয়েছি আমরা তিনজন।
যথারীতি আসর শুরু করব একটি হাদিস শুনিয়ে। নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.) একবার মহানবী (সা.)’র কাছে জানতে চাইলেন- যারা নামাজকে অবহেলা করে তাদের পরিণতি কী হবে। জবাবে রাসুলে খোদা বলেছেন- নামাজ অবহেলাকারীরা তাদের জীবদ্দশায়, মৃত্যুর সময় এবং কিয়ামতের দিন বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হবে। এসব কষ্ট আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন।
আসলে আমাদের সবারই নিয়মিতভাবে এবং নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উচিত। আচ্ছা কি ব্যাপার! গত দু আসরে বহলুল ভাইয়ের দেখা পাই নি। এ আসরেও কি তিনি আসবেন না!
হ্যাঁ তিনি যে আসবেন না সে কথা একশ ভাগ নিশ্চিত হয়ে বলছি।
আপনি নিশ্চিত হলেন কিভাবে?
কারণ, ওই দেখুন স্টুডিওর কোনার টেবিলে বসে বহলুল ভাই ঘুমিয়ে আছেন। তা একবার আসা ব্যক্তি তো আরেকবার আসতে পারেন না, তাই না।
বহলুল: না, আমি ঘুমাই নি। চোখ বন্ধ করে কান খুলে আসরের কথাবার্তা শুনছিলাম। আর গুছিয়ে রাখা চিঠিপত্রগুলোতে কি আছে তা ভাবছিলাম। তা আজ আসরের প্রথম চিঠি এসেছে ভারত থেকে, ঠিক কিনা?
শতভাগই ঠিক। হ্যাঁ, আসরের প্রথম চিঠিটি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের হুগলী জেলার নোয়াপাড়া গ্রাম থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো ভাই জসিম শেখ।
বহলুল: দেখুন এ ভাইয়ের হাতের লেখা বেশ সুন্দর। একদম ঝকঝক করছে মুক্তার মতো।
হ্যাঁ, আমরা বলার আগেই সে কথা আপনি বলে দিয়ে ভালো করলেন। সুন্দর হাতের লেখা চিঠির প্রতি অন্য ধরণের একটি আকর্ষণ তৈরি হয়। এ ভাই তার চিঠির শুরুতেই লিখেছেন, রেডিও তেহরানের সব অনুষ্ঠান সব সময় শোনা হয় না। তবে সংবাদ যাকে আপনারা বিশ্ব সংবাদ বলেন তা নিয়মিত শোনার চেষ্টা করি। কোনো কারণে তা শুনতে না পেলে বন্ধু বান্ধবের কাছে থেকে রেডিও তেহরানের প্রধান খবরগুলো জেনে নেই।
বহলুল: দারুণ। তবে ইন্টারনেটের মাধ্যমে রেডিও তেহরান শোনার সুযোগ থাকলে কিন্তু এ ধরণের সমস্যা থাকতো না।
ঠিক বলেছেন বহলুল ভাই। এর কারণ হলো, আমাদের প্রতিটি অনুষ্ঠান প্রচার হওয়ার পর প্রায় এক মাসের জন্য আর্কাইভে জমা থাকে। কাজেই একবার শুনতে না পেলে যখন খুশি এবং যতবার খুশি শোনা যায়। ভাই জসিম শেখের চিঠি এখনো শেষ হয়নি। তিনি আরো লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে বিশ্বসংবাদ যে সবচেয়ে ভালো লাগে সে কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অবশ্য এরপর ভালো লাগার তালিকা জুড়ে রয়েছে, প্রিয়জন, স্বাস্থ্যকথা এবং কোরআনের আলো। চিঠির শেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান তার চমৎকার অনুষ্ঠান উপহার দেয়া অব্যাহত রাখবে এবং অনুষ্ঠানের মান আরো বাড়াবে বলে আশা করছি।
বহলুল: চমৎকার একটি প্রত্যাশার মাধ্যমে চিঠি শেষ করায় আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই। আর হ্যাঁ চিঠি লিখে আমাদের উৎসাহ দেয়ার এ ধারা অবশ্যই বজায় রাখবেন। তা আমরা কি এখন চিঠি হাতে নেবো না কি ওয়েব পেইজ এবং ফেসবুকের দিকে নজর দেবো।
ফেসবুকের ফ্যান পেইজসহ রেডিও তেহরানের গ্রুপে পাঠক ভাই বোনদের মন্তব্য সাজিয়ে বসে আছি আমি। তাই আমিই শুরু করছি। ইরানকে আগের অবস্থায় ফিরে যেতে বাধ্য করবেন না: সালেহি- শীর্ষক খবরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান পরমাণু কর্মসূচির দিক দিয়ে আগের চেয়ে অনেক ভালো অবস্থায় ফিরে যাবে।
ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে এ খবরটি স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে। আর এতে সালেহির বক্তব্যকে সমর্থন করে মন্তব্য করেছেন কাজী সুজন। তিনি লিখেছেন, ঠিক বলেছেন সালেহি।
বহলুল: এ সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে প্রায় সবারই মতামত প্রকাশ পেয়েছে। তাই না?
নিশ্চয়ই। তাই এক্ষেত্রে অন্যান্য মতামত আর তুলে ধরছি না। তবে যারা খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এদিকে পূর্ব মসুল এখন সম্পূর্ণ মুক্ত: ইরাকি প্রধানমন্ত্রী- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ জানুয়ারি। ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে উল্লাস সৃষ্টি করতে পেরেছে এই খবর। এখানে অন্যতম মন্তব্যকারী শাহাদত হোসেইন সুবাগ লিখেছেন, এ বিজয়ে ইরান-ইরাকের যৌথ অবদান রয়েছে।
বহলুল: কিছু কিছু কথাকে স্বতঃসিদ্ধ বলা হয়। এটা তেমনি একটা কথা। ভাই শাহাদত আপনি মন্তব্য করা অব্যাহত রাখবেন কিন্তু।
এদিকে চীনকে দ্বীপ নির্মাণ করতে দেব না: ট্রাম্প প্রশাসনের ঘোষণা- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন চীনের সঙ্গে বাগযুদ্ধ জোরদার করেছে। দক্ষিণ চীন সাগর এবং চীনা বাণিজ্য নীতি নিয়ে এই বাগযুদ্ধ শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে- দু দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে অনেক বেশি জটিল হবে। এ খবরে আমাদের নিয়মিত মন্তব্যকারী শাহাদত হোসেইন লিখেছেন, ক্ষমতা থাকলে এটা বন্ধ করে দেখাক ট্রাম্প।
তো বন্ধুরা, আপনাদের মন্তব্য পড়তে পড়তে আসরের সময় শেষ হয়ে এল। তাই, সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি প্রিয়জনের আসর থেকে। #