জুন ০৬, ২০১৭ ১৩:০৪ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৬ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • পিলখানা হত্যাকাণ্ড-৫৮৯ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ-ইত্তেফাক
  • চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়: স্বাস্থ্যমন্ত্রী-প্রথম আলো
  • দেশে লাইসেন্স-ফিটনেসবিহীন কোনো নৌযান নেই-শাজাহান খান-যুগান্তর
  • ব্যাংকে আমানতের উপর কর ধার্য নতুন কিছু নয়-সংসদে অর্থমন্ত্রী-মানবজমিন
  • সরকার না পাল্টালে দেশ বাঁচবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • এগিয়ে আসেনি কেউ, তিন ঘণ্টা পথে পড়ে মৃত্যু বৃদ্ধের-আনন্দবাজার 
  • পাঞ্জাবে জঙ্গি হানার আশঙ্কা, জারি লাল সতর্কতা-সংবাদ প্রতিদিন
  • মার্কিন ভিসা নীতির কোপে ৭ ভারতীয় সংস্থা–আজকাল

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড-৫৮৯ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ-ইত্তেফাক

পিলখানা হত্যাকাণ্ড-৫৮৯ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ড ব্যতীত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও খালাসপ্রাপ্ত ৫৮৯ জন আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেয়। আদালত বলেন, যেহেতু ডেথ রেফারেন্স ও আপিলের রায় হাইকোর্টে অপেক্ষমান রয়েছে, সেহেতু এই পর্যায়ে এসে হস্তক্ষেপ করা ঠিক হবে না। ২০১৩ সালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আক্তারুজ্জামন পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সরকার না পাল্টালে দেশ বাঁচবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

সরকার না পাল্টালে দেশ বাঁচবে না : মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে। ব্যাংকগুলোকে সরকার খালি করে দিয়েছে। শেয়ার মার্কেট দাঁড়াতে পারছে। এ সরকারকে না পাল্টালে দেশ বাঁচবে না।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি সরকারের উদ্দেশে বলেন, ভালোই ভালোই সুষ্ঠু নির্বাচন দিন, এজন্য পরিবেশ সৃষ্টি করুন। তিনি বলেন, সরকার দ্রুত বিচার আইনের সাজা পাঁচ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭ বছর করেছে। এর উদ্দেশ বিরোধী দলের নেতা-কর্মীকে মিথ্যা মামলায় দ্রুত সাজা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া। তিনি বলেন, সরকারের এ উদ্দেশ্য পূরণ হতে দেয়া হবে না। 

দেশে লাইসেন্স-ফিটনেসবিহীন কোনো নৌযান নেই-যুগান্তর

বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

দেশে বর্তমানে কোনো লাইসেন্সবিহীন এবং ফিটনেসবিহীন নৌযান নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।  শাজাহান খান বলেন, লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌপরিবহন অধিদফতর ফিটনেস প্রদান করে থাকে। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডব্লিউটিএ রুট পারমিট এবং টাইম টেবিল প্রদান করে। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোন সুযোগ নেই।

ব্যাংকে আমানতের উপর কর ধার্য নতুন কিছু নয়’অর্থমন্ত্রী-সংসদে ব্যাপক সমালোচনা-নয়া দিগন্ত/মানবজমিন

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ব্যাংকের আমানতের ওপর আবগারী শুল্ক আরোপের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা কঠোর সমালোচনা করে বলেছেন, আগে ব্যাংকে সুদ থেকে শুল্ক কাটা হতো, এবারের বাজেটে জনগণের গচ্ছিত আসল টাকাতেই হাত দেয়া হয়েছে। এতে সরকারের শুধু ইমেজই ক্ষুণ্ন হয়নি, ভোট ব্যাংকেও আঘাত হানবে।

জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এটি নতুন কোনো কর নয়। বহু বছর ধরেই মানুষ এই কর দিয়ে যাচ্ছে। এবারের বাজেটে আমি শুধু করের হার একটু বাড়িয়েছি। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী অর্থ পাচারে আগামী মাস থেকে ব্যবস্থা নেবেন বলে জানান। আজ কন্ঠভোটে সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়।

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়: স্বাস্থ্যমন্ত্রী-প্রথম আলো

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

বিস্তারিত খবরে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, দেশে মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি গাইডলাইন অনুসরণ না করা এবং ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ৮৬টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক এবং ১৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

আজ সংসদের স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আন্তরিকতা ও উদারনীতির ফলে ওষুধশিল্প অন্যতম শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। এটি ক্রমে বাড়ছে।

বেশকিছু হত্যা এবং আত্মহত্যার খবর ছাপা হয়েছে আজকের জাতীয় দৈনিক এবং অনলাইনগুলোতে। এ সম্পর্কে যুগান্তরের খবর-

সাতক্ষীরার কালিগঞ্জে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে উপজেলার মৌতলা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। 

মাদকের টাকা না পেয়ে স্ত্রী পোশাক কর্মী নাজমা বেগমকে (৩০) গলাটিপে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা-খবরটিতে বলা হয়েছে, শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোজাম্মেল হোসেনের (২৭) বিরুদ্ধে।

আর  ইত্তেফাকের খবর-মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

 শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

‘পাঞ্জাবে জঙ্গি হানার আশঙ্কা, জারি লাল সতর্কতা’ 

পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি

সংবাদপ্রতি দিনের খবরটিতে বলা হয়েছে ‘অপারেশন ব্লুষ্টার’ থেকে শুরু করে কনিষ্ক বিমান হামলা, খলিস্তানি বিচ্ছিন্নতাবাদের আগুন গ্রাস করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বহু নিরীহ মানুষ ও জওয়ানের জীবন। তারপর প্রায় দুই দশক ধরে শান্ত থাকার পর পাঞ্জাবে ফের পাকিস্তানের মদতে মাথাচাড়া দিয়ে উঠছে খলিস্তানি সন্ত্রাস। এরইমধ্যে পাঞ্জাবে জঙ্গি হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ‘অপারেশন ব্লুষ্টার’-এর ৩৩তম বর্ষপূর্তি উপলক্ষে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা শিখ জঙ্গি লখবির রোদের নির্দেশে এই হামলা হতে পারে বলে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।

ভাগ্য খুলল না রাহুলের, কংগ্রেস সভানেত্রী থাকছেন সোনিয়া-সংবাদ প্রতিদিন

কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড গেরুয়া শিবিরের ঝুলিতে। খাটিয়া বৈঠক করেও দুর্গ রক্ষা করতে পারেননি কংগ্রেসের যুবরাজ। তাঁর নেতৃত্বে মণিপুর, গোয়াতেও মুখ পুড়েছে দলের। এ রাজ্যেও অবস্থা তথৈবচ। হাতে রইল শুধু পেনসিল, থুড়ি পাঞ্জাব। তবে হাল ছেড়ো না বন্ধু-র স্টাইলেই আশা রাখছিলেন  কংগ্রেসের সব নেতারা। পরের মাসের রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে চাইছিল কংগ্রেস। এ অবস্থায় সোনিয়া গান্ধীর বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকে বসে পরাজিত শিবির। তবে এবারও শিকে ছিঁড়ল না যুবরাজের। কংগ্রেসের সভাপতি পদে এবারও বসা হল না রাহুলের। 

এগিয়ে আসেনি কেউ, তিন ঘণ্টা পথে পড়ে মৃত্যু বৃদ্ধের-আনন্দবাজার

অমানবিক: কেউ এগিয়ে এলো না- বৃদ্ধের মৃত্যু হলো

অমানবিক এ খবরটিতে লেখা হয়েছে, দুপুরের ঠা ঠা রোদে বঙ্কিম সেতুর রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছেন এক বৃদ্ধ। দীর্ঘক্ষণ, একই ভাবে। ওই ফুটপাথ দিয়েই যাতায়াত করেছেন অজস্র মানুষ। সকলেই তাঁকে দেখেছেন। কিন্তু বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। এমনকী ওই বৃদ্ধ যে ব্যস্ত রাস্তায় ওই ভাবে পড়ে রয়েছেন, সেই খবর পৌঁছয়নি পুলিশের কানেও! শেষমেশ বিনা চিকিৎসায়, সকলের চোখের সামনেই মারা গেলেন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ।

ঠিক যেন ন’বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। সে বার বাসের পিছনে ছুটে অসুস্থ হয়ে পড়ার পরে রাস্তায় বসে মৃত্যু হয়েছিল কমলপ্রসাদ পন্থ নামে নেপালের এক বাসিন্দার। সে দিনও তাঁকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। আজকের এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। একইসাথে প্রশ্ন উঠেছে মানুষের মানবিকতা নিয়েও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬