প্রিয়জন : "সব মুসলমান দেশের উত্তর কোরিয়ার কাছ থেকে শিক্ষা নেয়া উচিত"
মহানবী হজরত মোহাম্মাদ (সা.) বলেছেন, কেউ যদি নিজেকে (আত্মিকভাবে) পরিচ্ছন্ন বা সুন্দর করতে চায় তাহলে তাকে সুন্দর ব্যবহারের ও দীর্ঘ সময় ধরে নীরব থাকার অভ্যাস রপ্ত করতে হবে।
হাদিসের পর আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি ভারতের একটি চিঠি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ছাতুমারা গ্রাম থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই সাব্বির আহম্মেদ। তিনি প্রথমেই প্রশ্ন করেছেন, তেহরানে কি গরমকালে কচি তাল শাঁশ পাওয়া যায়? গরমে তেহরানের বাজারে কি ধরণের ফল ওঠে?
বহলুল: ভাই সাব্বির, আপনার প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে, আপনি এখন ছাতুমারা গ্রামে বসে মজা করে তালের শাঁশ খাচ্ছেন! আমার জিভে একেবারে পানি চলে এসেছে!
হ্যা, ভাই সাব্বির, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে এখন তালের শাঁশ পাওয়া গেলেও তেহরানে তালের শাঁশ বা তালের রস কিংবা গুড় কিছুই পাওয়া যায় না। গরম কালে এখানে আম পাওয়া যায়। এখনি বাজারে আম উঠতে শুরু করেছে। আমাদের পরিচিত কাঠাল, লিচু বা জাম এখানে পাওয়া যায় না। তবে তরমুজ এবং কলা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বলতে পারেন, তেহরানের বাজারে প্রায় সারাবছরই কলা ও তরমুজ থাকে। আর জাম, লিচু বা কাঠাল পাওয়া না গেলেও ইরানের বাজারে কিন্তু এদেশে উৎপাদিত নানা রকমের প্রচুর ফল পাওয়া যায়।
এ শ্রোতা ভাই এরপর আরো জানতে চেয়েছেন, রোজার মাসে কি আপনাদের অফিসেই ইফতার করতে হয়?
আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক শ্রোতার মনেই এই প্রশ্ন থাকতে পারে। তাই সবার উদ্দেশে বলছি, শীতকালে দিন ছোট থাকার সময় যখন রোজা ছিল তখন ভারত সময় রাত ৮টায় অনুষ্ঠান শুরু হওয়ারও অনেক আগে আমাদেরকে ইফতার করে নিতে হতো। তখন আমরা অফিসেই ইফতার করে নিতাম। কিন্তু এখন ভারতের মতো ইরানেও গ্রীষ্মকাল, দিন বড়। এখন ভারত সময় রাত ৯টায় অনুষ্ঠান শেষ করে আমরা যখন বাড়ির দিকে রওনা হই তখনও পশ্চিম আকাশে সূর্যের তেজ থাকে। অর্থাৎ তখনও সন্ধ্যা হয় না। কাজেই এখন আর অফিসে ইফতার করতে হয় না। বাড়ি যাওয়ার পথেই ইফতারের সময় হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকলে বাড়ি ফিরে ইফতার করা যায়।
বহলুল. আর হ্যাঁ, দিনের শেষ বেলায় যাদের অফিস থাকে তাদেরকে অফিস থেকেই ইফতার দেয়া হয়। আরেকটা কথা বলে নেয়া ভালো, ইফতারে এখানে বুট-বড়া বা পেয়াঁজু থাকে না। থাকে পনির খেজুর,...
...ইরানি জিলাপি জুলভিয়ে, বমিয়ে নামের মিষ্টি, রুটি, খেজুর ইত্যাদি। দুধ, ফলের রস এবং শোলে জার্দ নামে পরিচিত এক ধরণের মিষ্টান্ন এবং ফিরণি।
বহলুল: না। আজ খাওয়ার কথা শুনতে শুনতে আমার খাদ্য ইচ্ছা প্রবল হয়ে উঠছে। এখনই বের হবো কিনা ভাবছি।
বলুলল ভাই, আসর শেষ হতে আরেকটু বাকি, একসাথেই বের হবো আমরা। হ্যা ভাই সাব্বির আহম্মেদ চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দিবেন আশা করছি। এবারে হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের একটি চিঠি। আর এটি এসেছে নওঁগা জেলার ধামইর হাট থানার ধামইর হাট গ্রাম থেকে। এটি লিখেছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই আবুকবর সিদ্দিক। তিনি নিজেকে ছাত্র পরিচয় দিয়ে লিখেছেন, পড়ালেখায় মন দেয়া মনে হয় আগের চেয়ে কঠিন হয়ে গেছে। হাতের মোবাইলে এতো জিনিস যে পাঠ্য বই পড়ব কখন!
বহলুল: একটু অন্যভাবে দেখুন। আগে যে পাঠ্য বই যোগাড় করতে লাইব্রেরিতে ছুটতে হতো এখন সে রকম বই ভরপুর হয়ে আছে ইন্টারনেটে।
শুধু তাই নয়, ভালো ভালো বই বা সাময়িকী প্রায় বিনে পয়সায় পড়ার সুযোগ এনে দিয়েছে ইন্টারনেট। পড়াশোনা সংক্রান্ত নানা সহায়তা নেয়ার সুযোগও করে দিয়েছে এই প্রযুক্তি। তাই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করুন। সময় নষ্ট করার কাজে যন্ত্রকে ব্যবহার করলে ভবিষ্যৎ জীবনে কেবল যন্ত্রণাই বাড়বে।
বহলুল: সময় নষ্ট করার কাজে যন্ত্রকে ব্যবহার করলে ভবিষ্যৎ জীবনে কেবল যন্ত্রণাই বাড়বে- হ্যাঁ এ কথাটা মনে রাখলেই সঠিকভাবে যন্ত্র ব্যবহারের উৎসাহ পাবেন। ছাত্রজীবনে সাফল্য পেতে হলে আপনি হয় মোবাইল ফোনের সঠিক ব্যবহার করুন অথবা মোবাইল থেকে দূরে থাকুন।
যাই হোক ভাই আবুকবর সিদ্দিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং পরীক্ষায় চমৎকার ফল করেছেন সে খবর আমাদের জানাতে ভুলবেন না।
আসরের এ পর্যায়ে প্রথমে নজর দেব ওয়েবসাইটের খবরে প্রকাশিত পাঠক বন্ধুদের মন্তব্যগুলোর দিকে। উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধাতে পারবেন না ট্রাম্প শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৫ মে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা সত্ত্বেও দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। কোরিয় দ্বীপে শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া তার সামনে অন্য কোনো পথ খোলা নেই। এ খবরে মন্তব্য করেছেন, সাইদুল ইসলাম। তিনি লিখেছেন, সব মুসলমান দেশের উত্তর কোরিয়ার কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।
এদিকে সিরিয়ায় আরো সামরিক উপদেষ্টা পাঠাবে ইরান-শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৩ মে। এ খবর বলা হয়েছে, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণকে সহযোগিতা করার লক্ষ্যে দেশটিতে আরো সামরিক উপদেষ্টা পাঠাবে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর। আর এ খবরে মন্তব্য করেছেন শামীম এ কবির। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা যেন প্রতিরোধ করতে পারে সে জন্য সিরিয়ায় কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করুন।
বহললু: আজ আর কথা বলা যাবে না। মানে আসরের সময় শেষ হয়ে এসেছে। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/৭