জুন ১০, ২০১৭ ১১:০৭ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১০ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই‌-ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • রামপালের ড্রেজিংয়ে হুমকিতে পড়বে জলজ প্রাণী-প্রথম আলো
  • ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে আসছে চোরাইপণ্য সতর্ক অবস্থানে বিজিবি-মানবজমিন
  • পুলিশ সাংগঠনিক দায়িত্ব পালন করছে : রিজভী-কালের কণ্ঠ
  • মুন্সীগঞ্জে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১-যুগান্তর
  • হাওরের সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • গরু হল ঈশ্বর ও মায়ের বিকল্প, বললেন হায়দরাবাদ হাইকোর্টের বিচারপতি-আনন্দবাজার
  • কাশ্মীরে সন্ত্রাসের টাকা আসছে কোথা থেকে, গিলানির জামাইকে জেরা গোয়েন্দাদের-সংবাদ প্রতিদিন
  • মোর্চাকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-আজকাল–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই‌-ওবায়দুল কাদের

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত এ খবরটিতে লেখা হয়েছে, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিভিন্ন জরীপে জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। তিনি বলেন, সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই। বিএনপি এ নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে জনগণ তাদের সাথে নেই।

দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাওয়া ভবনের নির্দেশেই শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয়। আজকে যে জঙ্গি-সন্ত্রাস, এটা বিএনপি’র আমলে হয়েছে এবং তারাই সৃষ্টি করেছে। এখনও যখন জঙ্গি-সন্ত্রাসীদের ধরা হয় তখন তাদের পক্ষে খালেদা জিয়া বিবৃতি দেন। আজ ভোলায় এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন আমাদেরকে মেরেছে, মানুষ পিটিয়েছে,মা-বোনদের ইজ্জত লুট করেছে। এর প্রতিশোধ আমরা নেই নি, নিব ও না।

পুলিশ সাংগঠনিক দায়িত্ব পালন করছে : রিজভী-কালের কণ্ঠ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বিস্তারিত খবরে বলা হয়েছে, পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলে অভিযোগ করেছে বিএনপি। রিজভী বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা যখন সিয়াম সাধনা করছে। তখন সরকারের সন্ত্রাসীরা বিরোধী দলের ইফতার মাহফিলে আক্রমণ করছে, মাহফিলে বাধা দিচ্ছে। বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। এমনকি দ্রুত বিচার আইনের অধীনে মামলার ভয়ও দেখাচ্ছে। আজ এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

হাওরের সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে কিশোরগঞ্জে সম্মেলন-বাংলাদেশ প্রতিদিন

হাওর সমস্যার স্থায়ী সমাধানে কিশোরগঞ্জে সম্মেলন

হাওরে ধান গেছে, মাছ গেছে, হাঁস-মুরগি গেছে। গবাদি পশুর খাবরের ব্যবস্থা নেই। মানুষের ঘরে ঘরে অভাব। হাওরে   বর্তমানে যে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে, সেটি সরকার আমলে নিচ্ছে না। হাওরের সমস্যা চিহ্নিতকরণ এবং কার্যকর স্থায়ী   সমাধানের দাবিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হাওর সম্মেলনে বক্তারা এ কথা বলেন।  বক্তারা আরো বলেন, হাওরের দুই কোটি মানুষের দাবি উপেক্ষা করে সরকার যে বাজেট প্রণয়ন করেছে সেটা গ্রহণযোগ্য   নয়।

ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে আসছে চোরাইপণ্য সতর্ক অবস্থানে বিজিবি-

সীমান্তে চোরাচালান বেড়েই চলেছে

মানবজমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে,  চোরাইপথে আসা পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে দেশের বাজার। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আসছে চোরাইপণ্য। অবৈধভাবে শুল্ক না দিয়ে প্রতি মাসে কয়েক শ’কোটি টাকার মালামাল আসছে বলে ধারণা সংশ্লিষ্টদের। চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানের নির্দেশ রয়েছে বিজিবি’র। তারপরও থেমে নেই চোরাকারবারিরা। রাতের আঁধারে যেমন চোরাইপণ্য আনা হচ্ছে, তেমনি দিনদুপুরে অনিয়ম করে শুল্ক ফাঁকি দিয়ে প্রকাশ্যে আমদানি করা হচ্ছে পণ্য। 

রামপালের ড্রেজিংয়ে হুমকিতে পড়বে জলজ প্রাণী-প্রথম আলো

রামপালের ড্রেজিংয়ে হুমকিতে পড়বে জলজ প্রাণী-

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনের জন্য যে ড্রেজিং করতে হবে, এতে ওই এলাকার মাছসহ জলজ প্রাণীদের বৃদ্ধি ও বেঁচে থাকা হুমকিতে পড়বে। দুই বিদেশি বিজ্ঞানীর এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

মুন্সীগঞ্জে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১-যুগান্তর

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন শনিবার ভোরে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমুশুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের মরহুম মো. মোজাফ্ফর ঢালির ছেলে। সংঘর্ষে অপর তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।গত ইউপি নির্বাচনে হারুণকে পরাজিত করে মন্টু দেওয়ান মেম্বার নির্বাচিত হয়। এরপর হারুণ ও তার গ্রুপ এলাকা ছাড়া হয়। এরই পরিপ্রেক্ষিতে নান্নু হাজী ও হারুণ এক হয়ে আজ ভোরে মন্টু দেওয়ান গ্রুপের ওপর হামলা করলে এ সংঘর্ষ বাধে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গরু হল ঈশ্বর ও মায়ের বিকল্প, বললেন হায়দরাবাদ হাইকোর্টের বিচারপতি-আনন্দবাজার

গরু হল ঈশ্বর ও মায়ের বিকল্প, বললেন হায়দরাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবা শঙ্কর

গত মাসেই রাজস্থান হাইকোর্টের এক বিচারপতি কেন্দ্রকে সুপারিশ করেছিলেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। এবার হায়দরাবাদ হাইকোর্টের এক বিচারপতি মা আর ভগবানের সঙ্গে তুলনা করলেন গরুর। বি শিবা শঙ্কর রাও নামের এই বিচারপতি গরু সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে বলেন, “গরু হল পবিত্র জাতীয় সম্পদ। গরু ঈশ্বর ও মায়ের বিকল্প।” সম্প্রতি তেলঙ্গানার নালগোন্ডার এক গরু ব্যবসায়ী রামবত্ হনুমার বাড়ি থেকে ৬৫টি গরু বাজেয়াপ্ত করে পুলিশ। এ বিষয়ক এক মামলায় বিচারপতি একথা বলেন।

কাশ্মীরে সন্ত্রাসের টাকা আসছে কোথা থেকে, গিলানির জামাইকে জেরা গোয়েন্দাদের-সংবাদ প্রতিদিন

উত্তপ্ত কাশ্মির

কাশ্মীরে সন্ত্রাসের টাকা জোগাচ্ছে কারা, তা জানতে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাইকে দীর্ঘক্ষণ জেরা করলেন এনআইএ-এর গোয়েন্দারা। শুক্রবার দিল্লির এনআইএ-এর সদর দপ্তরে গিলানির জামাই আলতাফ আহমেদ শাহ ওরফে আলতাফ ফান্টুসকে জেরা করেন গোয়েন্দারা। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দিতে তেহরিক-এ-হুরিয়ত কোথা থেকে টাকা পাচ্ছে, তা জানতে ফান্টুসকে জেরা করা হয়। সম্প্রতি, আলতাফের শ্রীনগরের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা।

মোর্চাকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

দার্জিলিং থেকে ফিরেই মোর্চা বাহিনীকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। শনিবার দুপুরে শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে পাহাড়ে অশান্তি ছড়ানোয় সেখানেই মোর্চাকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক হয়েছে। পাহাড়ে আর কোনও আপস নয়। পাঁচ বছরে কী কাজ হয়েছে মানুষই তার বিচার করবেন। ঘোলা জলে মাছ ধরে প্রতিহিংসার রাজনীতি চলছে। কিন্তু আমরা তা বরদাস্ত করব না। বনধের রাজনীতিকে একেবারেই তোষামোদ করবে না প্রশাসন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০