জুন ১৫, ২০১৭ ১১:৪০ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৫ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ-ইত্তেফাক
  • চাকরিতে ‘ছাত্রলীগ কোটা’!-প্রথম আলোর মন্তব্য প্রতিবেদন
  • দেশে ২৫ লক্ষাধিক মানুষ বেকার: পরিকল্পনামন্ত্রী-যুগান্তর
  • যুগান্তরের অন্য একটি খবর- বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি জব্দে ব্যবস্থা নেয়া হয়েছে'-স্বরাষ্ট্রমন্ত্রী
  • সংসদে পররাষ্ট্রমন্ত্রী 'অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকরা বাংলাদেশের ক্ষতি করছে'-কালের কণ্ঠ
  • পাহাড়ের কোল ছাড়তে পারছে না ঝুঁকিতে থাকা মানুষ-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নিয়ন্ত্রণরেখার কাছে দুই পাক সেনাকে খতম করলেন ভারতীয় জওয়ানরা-সংবাদ প্রতিদিন–সংবাদ প্রতিদিন
  • অন্তর্বর্তী নির্বাচনে প্রস্তুত মহারাষ্ট্র বিজেপি-আজকাল
  • গুরুঙ্গের অফিসে পুলিশি তল্লাশি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র-বিস্ফোরক-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশ বনাম ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেট লড়াই  এবং  তিন পার্বত্য জেলাসহ ৫ টি জেলায় পাহাড় ধসে মৃত্যুর ফলে সেখানে শোকের মাতম চলছে-এ সম্পর্কিত খবর প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইনগুলোতে বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে।

এ সম্পর্কে এনটিভিবিডি অনলাইনের খবর- টানা বর্ষণে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে এখন পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়কসহ বাকি ক্রিকেটাররা। শোকের মাতম লেগেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ ধারণ করবে বাংলাদেশের ক্রিকেটাররা।

চাকরিতে ‘ছাত্রলীগ কোটা’!-প্রথম আলোর মন্তব্য প্রতিবেদন

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, কী দিনই-না এসেছে! এখন নাকি উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ এ কথাই বলছে। (১২ জুন ২০১৭, সমকাল)।

বোঝাই যাচ্ছে, উচ্চশিক্ষিত তরুণদের এখন বড্ড অকাল যাচ্ছে। পড়ালেখা শেষে তাঁরা কাজ করতে আগ্রহী। কিন্তু কাজ মিলছে না। বসে থাকতে হচ্ছে। এতে তাঁদের দক্ষতা কমছে। বিপথগামী হওয়ার প্রবণতাও আছে। উচ্চশিক্ষিত তরুণদের এমন যখন দুঃসময়, ঠিক তখন একটা আশার বাণী শোনা গেল। টাকা-চাকরি যা দরকার, তার ব্যবস্থা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে একটু কথা আছে। প্রস্তাবটি সবার জন্য উন্মুক্ত নয়।

প্রতিবেদনটিতে আরো লেখা হয়েছে, দুনিয়াটা বড় কঠিন জায়গা। এখানে সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। বেশির ভাগ মানুষকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়। একটা চাকরি, বিশেষ করে সরকারি চাকরির জন্য সাধারণ ছাত্রদের কতই-না পরিশ্রম করতে হয়। তাঁরা জানেন, তাঁদের টাকাওয়ালা ‘মামা-খালু  নেই। রাজনীতি না করায় মাথার ওপর নেই ক্ষমতাসীন দলের লিডারের ‘ছায়া। বইয়ের পাতায় চোখ রেখে তাঁদের দিনরাত্রি একাকার হয়। এত সাধনার পরেও যে ‘সোনার হরিণ’ধরা দেবে, তার নিশ্চয়তা নেই।

তবে ছাত্রলীগ হলে ভিন্ন কথা। অন্তত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যে তেমনটাই মনে হয়। ছাত্রলীগের উদ্দেশে তিনি প্রকাশ্যে বলেছেন, ‘টাকার দরকার হলে আমার কাছে আসবে। ...যখন ছাত্রত্ব চলে যাবে, বেকার হবে, চাকরির জন্য প্রয়োজন হবে, আমার কাছে আসবে (১২ জুন ২০১৭, প্রথম আলো)। ওবায়দুল কাদের আগেভাগেই তাঁর বক্তব্যকে ‘দলীয়’উল্লেখ করে ‘দায়মুক্তির’একটা সুযোগ খোলা রেখেছেন। কিন্তু দল ও সরকারে ওবায়দুল কাদেরের যে অবস্থান, তাতে তাঁর বক্তব্য নিছক ‘দলীয়’ তকমার মধ্যে আবদ্ধ থাকে না। খুব স্বাভাবিকভাবেই সাধারণ ছাত্রদের মধ্যে তাঁর বক্তব্য তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ-ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানিয়া রহমানের প্রতি অশালীন ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ সামাদের বিরুদ্ধে। তিনি ওই শিক্ষিকার প্রতি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় সম্বোধন করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের কাছে লিখিত অভিযোগপত্রও দিয়েছেন তানিয়া রহমান।  অভিযোগের সত্যতা নিশ্চিত করেন উপ-উপাচার্য।

এদিকে মামলা মোকদ্দমা সম্পর্কিত ইত্তেফাকের দুটি খবরে লেখা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী শুনানির জন্য ২২ জুন দিন ধার্য করেছে আদালত। 

আর সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায় না পড়েই আওয়ামী লীগের নেতারা গুলশানের বাড়ির উচ্ছেদ নিয়ে বক্তব্য রাখছেন। কারণ ঐ রায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউজক) বা সরকারকে আদালত বলেনি যে আমাকে বাড়ি থেকে বের করে দাও।’ তিনি বলেন, ‘বিরোধী দল করি বলেই বেআইনি ও অন্যায়ভাবে চর দখলের মতো গুলশানের বাড়িটি দখল করা হয়েছে।

বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি জব্দে ব্যবস্থা নেয়া হয়েছে'-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আজ সংসদে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তবে সম্পত্তি জব্দ করার জন্য সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

‘যক্ষের ধন পাহারাদার বানাচ্ছেন?’মতিয়া চৌধুরী- প্রথম আলো

ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ব্যাংকের সুদ নিম্ন পর্যায়ে। ব্যাংক সার্ভিস চার্জ কাটে। এর মধ্যে এই আবগারি শুল্ক হবে মড়ার উপর খাঁড়ার ঘা। এটা তো মহারানি ভিক্টোরিয়ার আমলের টাকা না যে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হবে। আজ জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী এসব দাবি জানান। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

অন্তর্বর্তী নির্বাচনে প্রস্তুত মহারাষ্ট্র বিজেপি-আজকাল

কোনও হুমকির কাছে মাথা নোয়াবে না তাঁর সরকার। প্রয়োজন হলে অন্তর্বর্তী নির্বাচনে যেতেও রাজি তিনি। মন্তব্য, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। কৃষকদের ঋণ মকুব নিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। বহুদিন ধরেই কৃষিঋণ মকুবের দাবি উঠেছে সেখানে। রবিবার ফড়নবিশ সরকার সেই দাবি মেনে নিয়েছে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ঋণ মকুবের টাকা যোগাতে হবে রাজ্যগুলিকেই। আর মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী শিবসেনা ঋণ মকুব নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। দলের সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, সরকার যদি ঋণ মকুব না করে তবে সমর্থন প্রত্যাহার করবে শিবসেনা। সেই নিয়ে ফড়নবিশ বলেন, ‘কেউ কেউ বলছেন, তাঁরা সমর্থন তুলে নিয়ে সরকার ফেলে দেবেন। আমি বলছি আমরা অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত।

গুরুঙ্গের অফিসে পুলিশি তল্লাশি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র-বিস্ফোরক-আনন্দবাজার

সাতসকালেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গের অফিসে হানা দিল পুলিশ। সেখান থেকে বিস্ফোরক-সহ প্রচুর ধারালো অস্ত্রশস্ত্র, টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারের এই তল্লাশি অভিযানকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। পুলিশের উপর হামলা চালানোর পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন মোর্চা সমর্থকেরা। দার্জিলিঙের পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে কার্শিয়াং, কালিম্পংও। কার্শিয়াঙে গ্রেফতার করা হয় মোর্চা নেত্রী করুণা গুরুঙ্গ। কালিম্পঙে আটক করা হয় মোর্চার তিন কর্মীকে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, মোর্চার ক্ষোভে অবরুদ্ধ পাহাড়, ফাঁড়িতে আগুন, পরিস্থিতি অগ্নিগর্ভ।  

নিয়ন্ত্রণরেখার কাছে দুই পাক সেনাকে খতম করলেন ভারতীয় জওয়ানরা-সংবাদ প্রতিদিন

জম্মু-কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। যোগ্য উত্তর দিচ্ছে ভারতীয় সেনাও। বুধবার সেনার গুলিতে নিহত হয়েছে দুই পাক সেনা। ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার ভীমবার গলি সেক্টরে।এদিন সকাল থেকে রাজৌরি ও পুঞ্চ জেলার দু’টি সীমান্ত এলাকায় পরপর তিনবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। একের পর এক মর্টার শেল বর্ষণ করতে থাকে।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫