৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট সংসদে পাস
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৯ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এই বাজেট মাইলফলক’-ইত্তেফাক
- এবার চাল-গমের মান নিয়ে প্রশ্ন উঠবে না: খাদ্যমন্ত্রী-প্রথম আলো
- ব্যাংকিং খাত নাজুক অবস্থায়: অথর্মন্ত্রী-যুগান্তর
- ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট সংসদে পাস-কালের কন্ঠ
- রাজধানীতে ২৭ মাদক বিক্রেতা ও সেবী গ্রেফতার-মানবজমিন
- খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ৬ জুলাই-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গো-রক্ষার নামে সংঘর্ষে মৃত ২৮ জনের মধ্যে ২৪ জনই মুসলিম-সংবাদ প্রতিদিন
- জিএসটি অনুষ্ঠান বয়কট কংগ্রেসের-আজকাল
- গো রক্ষকদের কঠোর বার্তা মোদির - আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
আজ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
কালের কণ্ঠ/যুগান্তর ও প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট আজ সংসদে পাস করা হয়েছে। আগামী শনিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হবে।
এদিকে, বাজেটের প্রতিক্রিয়া নিয়ে প্রথম আলোর একটি শিরোনাম এরকম-রাজনীতির কাছে অর্থনীতির পরাজয়
খবরটিতে বলা হয়েছে, আগামী দুই অর্থবছরের জন্য স্থগিত করা হয়েছে নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন। এ ছাড়া বাজেটে পরিবর্তন আনা হয়েছে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক হারেও। প্রস্তাবিত বাজেটের অর্থবিলে এই পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন অর্থনীতিবিদেরা। কেউ বলছেন, জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত হয়েছে। আবার কেউ বলছেন, ভোটের রাজনীতির কাছে হার হয়েছে অর্থমন্ত্রীর।
ব্যাংকিং খাত নাজুক অবস্থায়: অথর্মন্ত্রী-যুগান্তর
দেশের ব্যাংকিং খাত নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে অর্থ বিভাগ খাতে ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতিকে অনধিক ৫৩ হাজার ৮৩৩ কোটি ৮০ লাখ টাকা মঞ্জুরির প্রস্তাব করলে ৬ জন সংসদ সদস্য এতে আপত্তি করেন। সংসদ সদস্যদের আপত্তির জবাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের বিষয়ে পদক্ষেপ না নিলে সমগ্র অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে, যাতে অর্থনীতি ঝুঁকিতে না পড়ে।
এবার চাল-গমের মান নিয়ে প্রশ্ন উঠবে না: খাদ্যমন্ত্রী-প্রথম আলোর শিরোনাম
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এবার খাদ্য মন্ত্রণালয় যে চাল ও গম সংগ্রহ করছে, তার মান নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। এবার ‘সাড়ে ১২ প্রোটিনের’ গম আমদানি করা হচ্ছে। এর বাইরে কোনো গম আনা হবে না।
আজ প্রস্তাবিত বাজেটের ওপর মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে খাদ্যমন্ত্রী এই দাবি করেন।
কামরুল ইসলাম বলেন, অতি সম্প্রতি চালের দাম বাড়ায় সংসদ সদস্যরা তাঁর প্রতি বিষোদ্গার করেছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশে চাল রপ্তানির যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে, সেটা ঠিক। তবে এবার হাওরে আগাম বন্যায় প্রায় ছয় লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টির কারণে আরও কিছু জায়গায় ফসল নষ্ট হয়েছে। আর এবার ফলনও কিছু কম হয়েছে। অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে চালের দাম বাড়িয়েছেন। তিনি আরও বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো রকম সংকট নেই। পর্যাপ্ত খাদ্য মজুত আছে।খাদ্যমন্ত্রী বলেন, চালের মজুত নিয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল দ্রুত আসবে। এ ছাড়া টেন্ডারে আরও চার লাখ মেট্রিক টন চাল আসবে।
সড়ক দুর্ঘটনায় নিহত ১৫-যুগান্তর
দেশের চার জেলা ও রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ১টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী ও রাজধানীর গুলিস্তানে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী, গোপালগঞ্জে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে পাঁচজন, টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় দুই নারী, রাজশাহীর বানেশ্বরে ট্রাক চাপায় দুইজন এবং রাজধানীর গুলিস্থানে এক অটোচালক নিহত হন।
খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৬ জুলাই-নয়া দিগন্ত
জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্টে দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন। আজ সকালে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে হাজির হন। পরে মামলার শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন ঠিক করেন আদালত।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গো-রক্ষার নামে সংঘর্ষে মৃত ২৮ জনের মধ্যে ২৪ জনই মুসলিম-সংবাদ প্রতিদিন
গো-রক্ষার অজুহাতে কি বেছে বেছে নিশানা করা হচ্ছে মুসলিমদের? পরিসংখ্যান এমনটাই বলছে। একটি সর্বভারতীয় সমীক্ষা সংস্থার পরিসংখ্যানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে গো-রক্ষার নামে মুসলিমদের উপরই আক্রমণ করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, গত সাত বছরে দেশে গো-রক্ষা সংক্রান্ত ইস্যুতে অন্তত ৬৩টি অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে এসেছে। শুধু ২০১৭-তেই অন্তত ২০টি এমন ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। IndiaSpend-এর তথ্য বলছে, গো-রক্ষকদের হাতে মৃত্যু হয়েছে ২৮ জনের, আক্রান্ত হয়েছেন ১২৪ জন। কিন্তু সবচেয়ে আশঙ্কার কথা, মৃত ২৮ জনের মধ্যে ২৪ জনই মুসলিম। শতকরার বিচারে ৮৬ শতাংশ। ২০১৪-য় নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর গো-রক্ষার নামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে ওই পরিসংখ্যানে।
গো-ভক্তির নামে মানুষ খুন কিছুতেই মেনে নেয়া যায় না: প্রধানমন্ত্রী-আনন্দবাজার
গো-রক্ষার নামে একের পর এক খুনের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সবরমতী শতবার্ষিকী উদযাপনের সূচনা করতে গিয়ে নরেন্দ্র মোদী আজ বলেছেন, ‘‘গো-ভক্তির নামে মানুষকে খুন করা মেনে নেয়া যায় না। মহাত্মা গাঁধী কখনওই একে সমর্থন করতেন না।’’ গো-রক্ষার নামে বা গোমাংস বিতর্ককে কেন্দ্র করে সারা দেশেই একের পর হিংসাত্মক ঘটনা সামনে আসছে। প্রতিটি ঘটনাতেই নাম জড়াচ্ছে বিজেপির বা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? এমন প্রশ্ন উঠছিল বিভিন্ন শিবির থেকে। অবশেষে প্রধানমন্ত্রী সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন।
জিএসটি অনুষ্ঠান বয়কট কংগ্রেসের-আজকাল
শুক্রবার সংসদের হলে কেন্দ্রের ডাকা জিএসটি উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস। তিরিশ তারিখ মধ্যরাত থেকেই দেশে চালু হচ্ছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মনমোহন সিং–কে। ওই অনুষ্ঠান ইতিমধ্যেই বয়কট করেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং ডিএমকে। বাকি বিরোধী দলগুলিও সমর্থন করেছে কংগ্রেসকে। জিএসটি চালু নিয়ে বিরোধীরা প্রায় এককাট্টা কেন্দ্রের বিরুদ্ধে।
অন্যদিকে, জিএসটি–র বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বস্ত্র শিল্পে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গেও ৯৬ ঘণ্টার ধর্মঘট চলছে বস্ত্র ব্যবসায়ীদের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯