ফরহাদ মজহার মামলা ডিবিতে: ফখরুল বললেন-ষোড়শ সংশোধনী থেকে দৃষ্টি ফেরাতে অপহরণ
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৫ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- গাইবান্ধায় চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান -ইত্তেফাক
- ফরহাদ মজহার অপহরণ মামলা ডিবিতে-প্রথম আলো
- অর্থবছর পরিবর্তনের আভাস-যুগান্তর
- গুলশান, বনানী ও ধানমণ্ডির অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ-কালের কন্ঠ
- অভ্যন্তরীণ বিমান ভ্রমণে ছবিযুক্ত পরিচয়পত্র লাগবে-মানবজমিন
- রায় থেকে দৃষ্টি সরাতে অপহরণ-ফখরুল-মানবজমিন
- আদালতের রায় বিপক্ষে যাওয়ায় ফরহাদ মজহারকে অপহরণ : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- জঙ্গিদের খোঁজে হায়দরাবাদে ব্যাপক অভিযানে ‘অক্টোপাস’-সংবাদ প্রতিদিন
- পশ্চিমবঙ্গের বসিরহাটে সব বন্ধ-আজকাল
- রাজ্যপাল অপমান করার পরে ভেবেছিলাম ছেড়েই দেব: মুখ্যমন্ত্রী মমতা- আনন্দবাজার
- পুলিশ যদি আগেই গুলি চালাত, একশো লোকের প্রাণ যেত: মমতা-আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
কবি, কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহারকে নিয়ে আজও জাতীয় দৈনিক ও অনলা্ইন পোর্টালগুলোতে নানামুখী খবর প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। অপহরণের পর উদ্ধার, ফরহাদ মজহার হাসপাতালে তবে কে, কারা, কেন জড়িত তার জবাব নেই। আরেকটি খবরের শিরোনাম-তিন বছরে অপহরণের পর ফিরে এসেছেন ২৭ জন, যাঁরা ফিরছেন, তাঁরা কিছু বলছেন না। খবরটিতে লেখা হয়েছে, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের মতো গত সাড়ে তিন বছরে ‘রহস্যজনকভাবে নিখোঁজ’বা ‘অপহরণের’পর পরিবারের কাছে ফিরে এসেছেন কমপক্ষে ২৭ জন। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে কিছু অভিন্ন ছক বা মিল লক্ষ করা যায়। অপহৃত ব্যক্তিদের একটি বড় অংশকে অপহরণের পর ‘উদ্ভ্রান্ত’ অবস্থায় কোনো সড়কে পাওয়া যায়। কিন্তু ফিরে আসার পর অনেকে কোনো কথা মনে করতে পারেন না। বাকিরা মুখে কুলুপ আঁটেন। দৈনিকটি লিখেছে, ফরহাদ মজহার অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। যোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় বিপক্ষে যাওয়ায় ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল বলে দাবি মির্জা ফখরুলের। এটি নয়া দিগন্ত ও মানবজমিনের খবর।
বিমানের অবহেলা: নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার পণ্য-কালের কণ্ঠ
খোলা আকাশের নিচে কয়েক হাজার কোটি টাকার পণ্য পড়ে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে সব। আর এসব আমদানি পণ্য নষ্ট হওয়ার জন্য বাংলাদেশ বিমানের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, এসব আমদানি পণ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য বারবার অনুরোধ করা হলেও কোনো ধরনের সাড়া নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।#
বয়লার বিস্ফোরণ: মৃত তিনজনকে আসামি করে মামলা-ইত্তেফাক/প্রথম আলো
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতদের মধ্যে তিনজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই মো. আবদুর রশিদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
এদিকে, নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে-রাজধানীতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। আজ ভোর সোয়া ৪টার দিকে গেণ্ডারিয়ায় ঢালকানগর ৫৭/বি নম্বর টিনশেট বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গুলশান বনানী ধানমন্ডির অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ-যুগান্তর
রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডির সব অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে অপসারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত ২৩৩টি রিট নিষ্পত্তি করে এ আদেশ দেন।
সরকারের ঘরে বাইরে চ্যালেঞ্জ-বাংলাদেশ প্রতিদিন
সকল প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা-আগামী এক বছরে সরকারকে ঘরে-বাইরে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একদিকে দল ও সরকারের প্রতি আস্থাভাজন কর্মকর্তাদের দিয়ে সিভিল ও পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থাকেও নির্বাচনমুখী অবস্থানে নিয়ে যেতে হবে। একই সঙ্গে নিজদলে কিংবা প্রশাসনে অন্তর্ঘাতমূলক (স্যাবোটাজ) কর্মকাণ্ড হয় কিনা— সেদিকেও রাখতে হবে সতর্ক দৃষ্টি। বিতর্কিত মন্ত্রী-এমপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের বাড়াবাড়ি বন্ধ না করলে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।
ভুয়া বিল ভাউচারের ছড়াছড়ি, দল করলে সব মাফ-যুগান্তর
অনিয়ম-দুর্নীতি শিক্ষা মন্ত্রণালয়ের পিছু ছাড়ছে না। বলা হচ্ছে, বরাদ্দ মানেই দুর্নীতি। আর প্রকল্প হলে তো কথাই নেই। যে যার মতো দলবাজির সাইনবোর্ড লাগিয়ে সব অনিয়ম জায়েজ করছেন।
প্রশিক্ষণের নামে দেশ-বিদেশে প্রমোদ ভ্রমণ, মিটিংয়ের আড়ালে সম্মানী-ভোজবাজি, যেনতেন কেনাকাটার আড়ালে দেদারসে অর্থ খরচ, কাজ শেষ না হওয়া সত্ত্বেও ঠিকাদারকে বিল পরিশোধ, ভুয়া ভাউচারে অর্থ লোপাটসহ বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে।
ঠিকাদারি কাজ পেতে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগের বাইরে সিডিউল কেনার সাহস কারও নেই। মাঝে মধ্যে ভাগে কম পড়লে নিজেরাই টেন্ডার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ছাড়া প্রকল্পের অধীন নির্মাণ কাজ ও কেনাকাটার টেন্ডার দেয়ার ক্ষেত্রেও অনিয়ম আছে বিস্তর।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাশ্চিমবঙ্গের গভর্নর ও মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত নিয়ে নানামুখী খবর প্রকাশিত হয়েছে কোলকাতার প্রায় সবগুলো বাংলা দৈনিকে। এ সম্পর্কে সংবাদ প্রতিদিনের কয়েকটি খবরের শিরোনাম এরকম- গভর্নর কেশরী নাথ ত্রিপাঠি ক্যাডারসুলভ আচরণ করছেন-অভিযোগ তৃণমূল মহাসচিব পার্থের। তিনি বলেছেন, রাজ্যপাল বিজেপির প্রতিনিধির মতো কাজ করছেন। আর তৃণমূলের জাতীয় সচিব ডেরেক ওব্রায়েন বলেছেন, আরএসএসের শাখা হয়ে উঠেছে রাজভবন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-মমতার অভিযোগে হতবাক রাজ্যপাল, জবাবে আত্মপক্ষ সমর্থন করেছেন।
আর আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, রাজ্যপাল অপমান করার পর ভেবেছিলাম মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেব- বলেছেন মমতা ব্যানার্জী।
ফেসবুকে কুরুচিকর পোস্ট থেকেই তাণ্ডব শুরু-আনন্দবাজার
রোববার-উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক তরুণের অত্যন্ত কুরুচিকর পোস্টই বসিরহাট মহকুমায় তাণ্ডবের মূল উৎস বলে মনে করছে প্রশাসন। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর তীব্র নিন্দা করেন। তারপরই শুরু হয় গভর্নর-মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত।
জঙ্গিদের খোঁজে হায়দ্রাবাদে ব্যাপক অভিযানে ‘অক্টোপাস’সংবাদ প্রতিদিন
জঙ্গি ও ডাকাতদলের সন্ধানে হায়দরাবাদে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ ও এলিট ‘অক্টোপাস’ কমান্ডোদের একটি যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে শহরের প্রায় ৯০০টি বাড়িতে চিরুনি তল্লাশি চালায় ‘অ্যান্টি টেরর’ বা জঙ্গিদমনে পারদর্শী কমান্ডোরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫