জুলাই ১৩, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka

আজকের আসর শুরু করব ইমাম রেজা (আ.)-এর একটি দীর্ঘ হাদিস শুনিয়ে। তিনি বলেছেন, একজন মুসলমানের আক্‌ল বা বুদ্ধিবৃত্তি তখনই পূর্ণতা পায় যখন তার মধ্যে ১০টি গুণ থাকে।

গুণগুলো হলো- ১- সবাই যেন তার কাছ থেকে উপকৃত হয়। ২- কেউ যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ৩-অন্যের অনেক ছোট ভালো কাজ বা উপকারকে অনেক বড় করে দেখে। ৪-নিজের অনেক বড় ভালো কাজকে অনেক ছোট করে দেখে। ৫-তার কাছে সাহায্যপ্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেয় না।

ইমাম রেজা (আ.)-এর বর্ণিত মুসলমানের বাকি গুণগুলো হচ্ছে, ৬- জীবনে জ্ঞান অন্বেষণে ক্লান্ত হয় না। ৭-আল্লাহর পথে চলতে গিয়ে দরিদ্র হওয়াকে ধনী হওয়ার চেয়ে প্রাধান্য দেয়। ৮- আল্লাহর পথে দুর্বিসহ জীবনকে শত্রুর সঙ্গে থেকে সম্মান অর্জনের চেয়ে বেশি প্রাধান্য দেয়। ৯- মানুষের মাঝে বিখ্যাত হওয়ার চেয়ে অজ্ঞাত থাকাকে বেশি পছন্দ করে এবং ১০-পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নিজের চেয়ে ভালো এবং নেককার মনে করে।

আমরা প্রত্যেকে আমাদের জীবনে এই গুণগুলো অর্জনের চেষ্টা করব- এই প্রত্যাশা রেখে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি।  আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। চট্টগ্রাম জেলার আন্দরকিল্লা জামে মসজিদ থেকে এটি পাঠিয়েছেন  আবু তোরাব।  তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে কখনো কখনো আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান প্রচার করলে ভালো হয়। মানে মাসে অন্তত একবার এ রকম অনুষ্ঠান প্রচার হলে  এতে আঞ্চলিক ভাষা বিকশিত হতে পারে এবং বাড়তে পারে বাংলাদেশের ভাষা সম্পদ।

বহলুল: আপনার প্রস্তাবটি অত্যন্ত সুন্দর। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশই নেই।

আঞ্চলিক ভাষার গুরুত্ব আছে বলেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে বহুদিন আগেই বাংলা একাডেমী বের করেছে আঞ্চলিক বাংলার অভিধান। তবে সময় স্বল্পতার কারণে রেডিও তেহরানের পক্ষে আঞ্চলিক ভাষার অনুষ্ঠান প্রচার করা সম্ভব নয়।

এর পর ভাই আবু তোরাব আরো লিখেছেন, রেডিও তেহরানের খবর শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে প্রিয়জন, কোরআনের আলো, এমনকি স্বাস্থ্যকথা এবং রংধনু। আপনাদের বেতারে নারী কণ্ঠ কম থাকাটা ভালো হয়েছে না কি খারাপ হয়েছে তা এখনো সঠিকভাবে বুঝে উঠতে পারছি না। একবার মনে হয় হয় ভালোই হয়েছে। আবার মনে হয়, না খুবই খারাপ হয়েছে। এটা নিয়ে দ্বিধা কাটেনি। আমি আরো ভাবতে থাকি। পরে না হয় মতামত জানাবো।

বহলুল: ভেবে চিন্তে অবশ্যই আপনার মত আমাদের জানাবেন ভাই আবু তোরাব।  চিঠি লেখার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন।

আসরের এবারের চিঠিও এসেছে বাংলাদেশ থেকে।  গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় বেতার বন্ধু শ্রোতা সংঘ থেকে এটি লিখেছেন এ ক্লাবের সম্পাদক মো আবুল কাসিম। তিনি লিখেছেন, আমার চিঠি যখন আপনাদের হাতে পৌঁছাবে তখন ইরানে কোন ঋতু চলছে?

বহলুল: ইরানে এখন কাঠফাটা রোদের গরম কাল চলছে।  

হ্যাঁ ভাই, আবুল কাসেম ইরানে এখন গ্রীষ্মকাল চলছে।  ২১ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ইরানে গ্রীষ্মকাল থাকে। তেহরানের  জলবায়ু মরু প্রকৃতির। এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। ফলে কাঠফাটা গরমেও ঘাম হয় না বা গরম কম হয়। এখানে গরম কালে বৃষ্টিও হয় না। তবে ঘরে ঘরে ওয়াটার কুলার ব্যবহার করা হয় বলে ঘরে থাকলে বৃষ্টি ভেজা বাতাসের আরামের পরশ পাওয়া যায়।  ভাই মো আবুল কাসিম চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন আশা করছি।

আসরের এ পর্যায়ে রেডিও তেহরান ওয়েব সাইট পার্সটুডে ডট কম শ্লাস বিএন এবং ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পবিত্র ঈদুল ফিতরের খোতবা প্রকাশিত হয়েছে ৪ জুলাই। মুসলিম বিশ্বে বিরাজমান পরিস্থিতির কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন: গোটা মুসলিম উম্মাহ একটি দেহের সমতুল্য।  বর্তমানে এই দেহের যেদিকেই তাকানো যায় দেখা যায় শুধু জখমের চিহ্ন। তিনি আরো বলেন, মুসলিম জাতিগুলোর উচিত ইয়েমেনের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করা। বাহরাইন ও কাশ্মিরের জনগণের ব্যাপারে মুসলিম উম্মাহর একই পদক্ষেপ নেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

ফেসবুকের রেডিও তেহরানের গ্রুপে এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার বেশিরভাগেই বলা হয়েছে- একদম ঠিক কথা বলা হয়েছে।  এদিকে জুলাই মাসের ৫ তারিখের একটি খবরের শিরোনাম হলো,

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত হলো ৭ শিশু, ৮ নারী শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৪ জুলাই। এ খবরে বলা হয়েছে,  ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছে। সংকট জর্জরিত দেশটির বিরুদ্ধে সৌদি আরবের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফেসবুকের গ্রুপে এ খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নিয়মিত পাঠক বোন হেলেনা হোসেইন হেলেনা লিখেছে, সৌদি জায়োনিষ্টদের রাজতন্ত্র নিপাত যাক। আবদুস সালিম লিখেছেন, আলে সৌদি ধ্বংস হোক। সুজন মাহবুব লিখেছেন, জানোয়াররা আর কিছুই করতে পারে না।

বহলুল: ভাই-বোনদের এই ক্ষোভ অনেক কিছুই বলে দিচ্ছে কিন্তু স্বৈরশক্তির হয়ত তা বোঝার ক্ষমতা নেই। এদিকে কিন্তু আসরের সময় শেষ হয়ে এসেছে। #