ইসির রোডম্যাপ ঘোষণা: ফকরুল বললেন এ দিয়ে সংকট সমাধান হবে না
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৬ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- একাদশ সংসদ নির্বাচনে ইসির রোডম্যাপ ঘোষণা-ইত্তেফাক
- ইভিএম ব্যবহারের দরজা বন্ধ হয়নি: সিইসি-প্রথম আলো
- বাংলাদেশের মানুষ এখন খাদ্যের জন্য হাহাকার করে না: প্রধানমন্ত্রী -যুগান্তর
- মোটা চালের কেজি এখনো ৪৫ টাকা-মানবজমিন
- রোডম্যাপ দিয়ে সঙ্কট নিরসন হবে না : ফখরুল-নয়া দিগন্ত
- আরেকটি ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু-সংবাদ প্রতিদিন
- সর্বদলীয় বৈঠকে মোদির মুখে গো বজ্জাতি চলবে না-আজকাল
- জোট সরকারের ভবিষ্যৎ কোন পথে, নজরে নীতীশ-লালুদের পৃথক বৈঠক-আনন্দাবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
একাদশ সংসদ নির্বাচনে ইসির রোডম্যাপ ঘোষণার খবরটি যুগান্তর, ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় ও অনলাইন পোর্টালগুলোতে ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিকগুলোতে লেখা হয়েছে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ১২টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সাতটি কর্মপরিকল্পনা সামনে রেখে বই আকারে এই রোডম্যাপ প্রকাশ করেছে ইসি।
তবে নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, রোডম্যাপ দিয়ে সঙ্কট নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর প্রথম আলোর প্রতিবেদনের শিরোনা-ইভিএম, সেনা মোতায়েন, সীমানা পুনর্নির্ধারণ-আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি অবস্থান
প্রতিবেদনে লেখা হযেছে, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ ঘোষণা করা হলেও আগামী নির্বাচন অনুষ্ঠানে ‘নির্বাচনকালীন’ সরকার নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মতভিন্নতা দূর হয়নি। এই ইস্যুতে সমঝোতার কোনো উদ্যোগও দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কমিশন আশা করছে, তাদের ওপর আস্থা রেখেই সব দল নির্বাচনে অংশ নেবে।
বাংলাদেশের মানুষ এখন খাদ্যের জন্য হাহাকার করে না: প্রধানমন্ত্রী-যুগান্তরের শিরোনাম
বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর বাংলাদেশের মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না। যারা একবেলা খেতে পারতো না আল্লাহর রহমতে এখন তারা দুবেলা-তিনবেলাও খেতে পারে। রোববার ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন দিনমজুর যা আয় করে এমনও সময় ছিল যে একবেলা খাবার কিনতে পারতো না। আর এখন তারা প্রায় ১০-১২ কেজি চাল কিনতে পারে। সেই পরিমান তাদের আয় বৃদ্ধি পেয়েছে।
মোটা চালের কেজি এখনো ৪৫ টাকা-মানবজমিন
শুল্ক কমানোর সুবিধায় আমদানি বাড়ায় আগের তুলনায় বাজারে চালের সরবরাহ বেড়েছে। সব ধরনের চালে কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে। তবে মিল ও পাইকারি বাজারে চালের দাম কমলেও খুব বেশি প্রভাব পড়েনি খুচরা পর্যায়ে। খুচরা বাজারে মোটা চালের কেজি এখনো ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে এতে দীর্ঘদিন ধরে লাগামহীন চালের বাজারে কিছুটা হলেও স্বস্তি এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা জানান, আমদানি শুল্ক সুবিধায় যে পরিমাণ চাল দেশের বাজারে প্রবেশ করছে, তাতে দাম কমে প্রতিকেজি ৪০ টাকার নিচে আসা উচিত। কিন্তু তা হয়নি।
আদালত বিষয়ক দৈনিকগুলোর কয়েকটি খবর তুলে ধরছি
আপিল বিভাগের আদেশ-মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই-এনটিভিবিডি অনলাইন/মানবজমিন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর করেছে আদালত।
প্রথম আলোর খবর- আগামী ২৭ আগস্ট, গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ধার্য করেছে আদালত।
সরকার ৮ টাকার বিদ্যুৎ কিনছে ৩০ টাকায়, সামিটে গচ্চা ২৩শ’ কোটি টাকা-যুগান্তর
মাত্র একটি বিদ্যুৎ কেন্দ্রেই সরকারের গচ্চা প্রায় দুই হাজার তিনশ’ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ফার্নেস অয়েলের পরিবর্তে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করায় সরকারের এ অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। ৩০৫ মেগাওয়াটের সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসএমপিসিএল) কাছ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে সরকারকে এ অর্থ গচ্চা দিতে হচ্ছে। আগামী ২২ বছর এ হারে বিদ্যুৎ কিনতে হলে ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ৮২% তরুণ
প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ-অসন্তোষের মাত্রা প্রায় কাছাকাছি। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট বেশির ভাগ তরুণ। তাতে অবশ্য ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাহীন নয় তারা। দেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নতিতেও চাকরির বাজারে ঢুকলে কাজ পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নয় তরুণেরা।
প্রথম আলোর তারুণ্য জরিপ অনুযায়ী, প্রায় ৭৪ শতাংশ তরুণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। কিন্তু তারপরেও ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিয়ে ভরসা করতে পারছে না ৮২ শতাংশের বেশি তরুণ। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি না হওয়ায় এবং বিশ্বব্যাপী অর্থনীতির যে মন্দা, তাতে তারা নিজেদের নিয়ে খুব আশাবাদী হতে পারছে না।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সর্বদলীয় বৈঠকে মোদির মুখে গো বজ্জাতি চলবে না-আজকাল
গোরক্ষার নামে বজ্জাতি চলবে না। কড়া পদক্ষেপ করুক রাজ্যগুলি। সর্বদলীয় বৈঠকে এমনই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে সংসদের বাদল অধিবেশ শুরু হচ্ছে। সেখানে পণ্য পরিষেবা কর ব্যবস্থা চালুর বিরুদ্ধে একজোট হয়ে সওয়াল করবে ১৮ টি দল। আলাপ আলোচনার মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করা যায়, তার জন্য রবিবার সংসদের গ্রন্থাগার ভবনে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল কেন্দ্র সরকার। বসিরহাটে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে ইন্ধন জুগিয়েছে বলে তাতে যোগ দেয়নি তৃণমূল।
জোট সরকারের ভবিষ্যৎ কোন পথে, নজরে নীতীশ-লালুদের পৃথক বৈঠক-আনন্দাবাজার
মুখে বলা হচ্ছে, সোমবারের রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই বৈঠকে বসছেন জেডিইউ পরিষদীয় দলের নেতারা। নিজেদের পৃথক পরিষদীয় বৈঠকের বিষয়ে একই মত আরজেডি-র পক্ষ থেকেও। তবে, দুই পৃথক বৈঠকের অন্যতম মূল অ্যাজেন্ডাই হতে যাচ্ছে তেজস্বী যাদব। তেজস্বীকে দেয়া নীতীশের দলের চার দিনের সময়সীমা গত কাল রাতেই শেষ হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নীতীশ-লালুর আলাদা আলাদা পরিষদীয় নেতাদের বৈঠকের দিকেই তাকিয়ে বিহারের জোট সরকারের ভবিষ্যৎ। ওই বৈঠকেই তেজস্বীর বিষয়ে চূড়ান্ত রণকৌশল ঠিক করতে পারে দুই দলই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬