প্রিয়জন : "পৃথিবীর মানচিত্রে ইসরাইল রাষ্ট্রের কোন নাম এবং অস্তিত্ব নেই"
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: আমার উম্মত যতদিন পরস্পরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আন্তরিকতার সঙ্গে অতিথির সেবা করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে এবং কোনো দুঃখ-দুর্দশা তাদের স্পর্শ করবে না।
মূল্যবান হাদিসের পর আসরের প্রথমে যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থেকে এটি লিখেছেন রামচন্দ্র জোয়ারদার। আশা করি রেডিও তেহরানের সব শ্রোতা ভাই ভালো আছেন বলে চিঠি শুরু করেছেন তিনি। তারপর নিজেকে রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, এটাই আপনাদের কাছে লেখা প্রথম চিঠি। বিশ্ব সংবাদ, রংধনু, প্রিয়জন, কথাবার্তা সবই আমাদের কাছে ভালো লাগে। সবচেয়ে বড় কথা রেডিও তেহরানের মাধ্যমে সকল সংবাদ সঠিকভাবে শুনতে পারি। চিঠির শেষে রেডিও তেহরানের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেছেন তিনি।
বহলুল: ভাই রামচন্দ্র রেডিও তেহরানের বিশাল পরিবারের অন্যতম সদস্য আপনিও। মানে সব শ্রোতা ভাই বোন একই পরিবারের সদস্য। তাই সুস্থ ও সুন্দর যে জীবন আপনি কামনা করেছেন আপনিও তার অংশ হয়ে রইলেন।
আর ভাই রামচন্দ্র, রেডিও তেহরানের কাছে লেখা আপনার প্রথম চিঠিটি কিন্তু আমাদের মুগ্ধ করেছে। আমাদের অনেক শ্রোতা যখন চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করেন না, তখন আপনি প্রথম চিঠিতেই আপনার ভালো লাগা অনুষ্ঠানগুলোর নাম লিখে পাঠিয়েছেন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি পাঠাবেন এবং অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত মতামত জানাবেন বলে আশা রাখছি।
এরপরের চিঠিও এসেছে বাংলাদেশ থেকে। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার মরিয়ম নগর গ্রাম থেকে এটি পাঠিয়েছেন শ্রোতা ভাই মোহাম্মদ সেলিম। চিঠির শুরুতেই সবাইকে আন্তরিক সালাম জানিয়ে তিনি লিখেছেন, আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন?
বহলুল: ধন্যবাদ। আপনাদের চিঠি আমাদের হাতে পৌঁছালেই আমরা ভালো থাকি।
এ ভাই তারপর আরো লিখেছেন, সত্যি কথা তো দোষের নয়। আর সে সত্যি হলো, নিয়মিত রেডিও তেহরান শুনি না। তবে না শুনলে যখন খারাপ লাগার উৎপাত বাড়ে তখন আবার শুনতে বসি। অনেকদিন ধরেই এরকম চলছে। তিনি আরো লিখেছেন, আজকাল খবর মানেই যুদ্ধ-খুন-হাঙ্গামা-উৎপাত আর সাংঘাতিক সব ঘটনা। মাঝে মাঝে সত্যিই ভয় হয়। কোন দিকে চলেছি আমরা।
ভাই মোহাম্মাদ সেলিম, অনুষ্ঠান নিয়মিত না শোনার সহজ স্বীকারোক্তি আমাদের ভালো লেগেছে। তারপরও নানা ধরনের মিডিয়ার মধ্যে রেডিও তেহরান না শুনলে খারাপ লাগার যে উৎপাত আপনাকে তাড়া করে তাও আমাদের বিমোহিত করেছে। আর হ্যাঁ, সবকিছু স্বাভাবিকভাবে চললে কিন্তু সেটা খবর নয়। অর্থাৎ যখন মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে তখনই সেটা খবর হয়। আর যুদ্ধ-বিগ্রহ যেহেতু বড় ধরনের অস্বাভাবিক ঘটনা তাই সে খবরই মিডিয়ায় বেশি প্রচারিত হয়। তবে যুদ্ধ-বিগ্রহ কারো কাম্য হতে পারে না। আমরা সবাই চাই, সারাবিশ্ব থেকে যুদ্ধ এবং অস্ত্রের ঝনঝনানি চিরতরে বন্ধ হোক। সুন্দর চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই মোহাম্মদ সেলিম। চিঠি লেখা অব্যাহত রাখবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন।
আসরের এ পর্যায়ে নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইট এবং ফেসবুকের গ্রুপে পাঠক ভাই বোনেরা যে সব মন্তব্য করেছেন সে দিকে। সৌদি দাবি নাকচ: ইরানের সঙ্গে সম্পর্ক করতে চায় কাতার- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুস্থ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি। ইরানের সঙ্গে সম্পর্ক কমানোর জন্য যখন সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ কাতারের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে তখন দোহা সে দাবির বিপরীতে গিয়ে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলল।
রেডিও তেহরানের ওয়েব সাইটে এ খবরে মন্তব্য করেছেন মোহম্মদ মাহফুজুর রহমান। তিনি লিখেছেন, ধন্যবাদ ইরান। আর এ নিয়ে মন্তব্য করেছেন মেহেদি হাসান মাসুম। তিনি লিখেছেন, ধন্যবাদ কাতার এগিয়ে যাও..।
এদিকে সিরিয়ায় মার্কিন ষড়যন্ত্র রোধে ইরান ও রাশিয়ার সমন্বিত পদক্ষেপ জরুরি- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৫ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তার রুশ সমকক্ষ নিকোলাই পেট্রোসেভের সঙ্গে টেলিফোন সংলাপে সিরিয়ায় আমেরিকার বেআইনি হস্তক্ষেপ রোধের জন্য তেহরান ও মস্কোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন। রেডিও তেহরানের ওয়েবসাইটে এ খবরে মন্তব্য করেছেন মকবুল হোসেইন। তিনি লিখেছেন, ঠিক কথা। আর এস এম নাজরিল ইসলাম লিখেছেন, ব্রিটেন ও ফ্রান্স ইসরাইলের নির্দেশে সিরিয়ায় গৃহযুদ্ধের পরিকল্পনা করেছে।
এদিকে, বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের কোনো মালিকানা নেই: ইউনেস্কো শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ জুলাই। এ খবরে বলা হয়েছে, জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের নানা ধরনের খনন-কাজের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে,এই শহরের ওপর ইসরাইলের কোনো মালিকানা নেই।
রেডিও তেহরানের ফেসবুকের গ্রুপে খবরটি বেশ আলোড়ন তুলেছে। এতে অনেক মন্তব্য হয়েছে। পাঠক ভাই সাইফুল ইসলাম লিখেছেন, পৃথিবীর মানচিত্রে ইসরাইল রাষ্ট্রের কোন নাম এবং অস্তিত্ব নেই। ওরা উড়ে এসে জুড়ে বসার মতো ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড দখল করে রাজত্ব করছে। আর এই দখলবাজিতে আদ্যোপান্ত সবরকম সহযোগিতা করছে আমেরিকা।
বহলুল. ভাই সাইফুল ইসলাম, ইহুদিবাদী ইসরাইল সম্পর্কে আপনি সঠিক কথাই বলেছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। নতুন করে আর কোনো খবরে হাত দেয়া মনে হয় সম্ভব হবে না।#