জুলাই ২৭, ২০১৭ ১১:৪০ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৭ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৯-ইত্তেফাক
  • ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়ামাত্রই পুলিশ -প্রথম আলো
  • ক্ষমতাবানরাই দুর্নীতি করে : আট-দশ বছরে সব দুর্নীতি চলে যাবে : অর্থমন্ত্রী-নয়া দিগন্ত
  • 'উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ ফের আ'লীগকে ক্ষমতায় আনবে' -যুগান্তর
  • জনসংখ্যা আমাদের বড় সম্পদ, সমস্যা নয় : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
  • হবিগঞ্জে গ্রেফতার ১৮ -মানবজমিন
  • পাবলিক প্রসিকিউশন সার্ভিস স্বাধীন ও স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে : ডিসিদের আইনমন্ত্রী -নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’মায়াবতী-সংবাদ প্রতিদিন
  • রাতারাতি ‘বন্ধু’বদল করে ফের মুখ্যমন্ত্রী নীতীশ -আনন্দবাজার
  • নীতীশের দলেই বিরুদ্ধ কণ্ঠ-আজকাল

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

জনসংখ্যা আমাদের বড় সম্পদ, সমস্যা নয় : প্রধানমন্ত্রী-

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

কালের কণ্ঠ ও যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলে থাকেন আমাদের সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা। আমি বলি এটা কোনো উদ্বেগের ব্যাপার নয়। যদি তাদের শিক্ষা দিয়ে দক্ষ করে তৈরি করতে পারি তাহলে তারাই হবে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমানে নির্ভরশীল মানুষের সংখ্যা কমেছে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনই সরকারের মূল লক্ষ্য। তাই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী অন্য এক অনুষ্ঠানে বলেছেন, মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কারণ, তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল উপভোগ করছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় থাকার কারণেই এটি সম্ভব হয়েছে।

ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী-নয়া দিগন্ত/যুগান্তর

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত(ফাইল ফটো)

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ক্ষমতাবানরাই বেশী দুর্নীতি করে। এ ছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত। অর্থমন্ত্রী বলেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীত আছে। এছাড়া তাড়াতাড়ি দুর্নীতি রোধ করা সম্ভব নয়। আট থেকে ১০ বছরের মধ্যে সব ধরনের দুর্নীতি চলে যাবে। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়ামাত্রই পুলিশ-স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলোর শিরোনাম

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তাঁরা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আগামী বছর তিন ঘণ্টায় পানি নামবে, আশা মন্ত্রীর-প্রথম আলো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী বছর থেকে আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তিন ঘণ্টার মধ্যেই সব পানি নেমে যাবে।
তবে বিষয়টি সোজাসুজি অসম্ভব বলে মনে করছেন বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম ইনামুল হক।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অবশ্য বলছেন, এত বৃষ্টি হওয়ার পরও গতকাল বুধবার তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাওয়ায় বোঝা যায় ঢাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রয়েছে।
আজ ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আগে কখনো এত পরিমাণ বৃষ্টি হয়নি বলে ঢাকার পানি নিরসনের জন্য দীর্ঘ কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এখন পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে: রিজভী-যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ফটো)

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে নতুন বাকশাল চালুর মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। নতুন বাকশাল চালু করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে। শেখ হাসিনা টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের টিকে থাকার শর্ত হল বিএনপির নেতাকর্মীদের খুন, গুম, অপহরণ। রিজভী আরও বলেন, এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে সেটি আওয়ামী লীগের নেতৃত্বে নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে।

প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৯-ইত্তেফাক

প্রতারণার অভিযোগে নাইজেরিয়ানসহ ৯ জন গ্রেফতার

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ নাইজেরিয়ান নাগরিকসহ ৯জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। অভিনব কায়দায় প্রতারণা ও মানবপাচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী জানান, বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট-ইত্তেফাকের শিরোনাম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ফাইল ফটো)

জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১১ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান তা নাকচ করে দেন।

 আজ মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানি আর অপর দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়।

শ্রোত/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রাতারাতি ‘বন্ধু’বদল করে ফের মুখ্যমন্ত্রী নীতীশ-আনন্দবাজার

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (ফাইল ফটো)

বন্ধুত্বের হাতবদল করে ১৫ ঘণ্টার ব্যবধানে বিহারের মুখ্যমন্ত্রী ফের নীতীশ কুমারই। বৃহস্পতিবার সকালে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে শপথ নেন তিনি। এ দিন তাঁর সঙ্গে রাজ্যের উপমুখমন্ত্রী হিসাবে শপথ নেন সুশীল মোদীও। সংবিধান মেনে নীতীশকে বিধানসভায় আস্থাভোটের জন্য দু’দিন সময় দিয়েছেন রাজ্যপাল। আগামী কাল শুক্রবার বিধানসভায় আস্থাভোটে যাবেন ‘নয়া’ মুখ্যমন্ত্রী।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা ভেবেছেন লালু প্রসাদ যাদব। কেন সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও সরকার গড়তে আরজেডি-কে ডাকা হল না এই অভিয়োগে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা লালুপ্রসাদ যাদবের। লালুর মতে, যদি ইস্তফা দেওয়ার প্রয়োজন হত, নীতীশ জোট সরকারের বৈঠক ডেকে সেটা করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সরকার ভেঙে যাওয়ার পর প্রধান সংখ্যা গরিষ্ঠ দল আরজেডি-কে ডাকা উচিত ছিল রাজ্যপালের, বলেও মন্তব্য করেন লালু।

নীতীশের দলেই বিরুদ্ধ কণ্ঠ-আজকালের শিরোনাম

জেডিইউ সাংসদ আনোয়ার আলি (ফাইল ফটো)

বিস্তারিত খবরে লেখা হয়েছে, সংযুক্ত জনতা দল সংসারে ভাঙ্গন। বিজেপি’র সঙ্গে জোট গড়ে সরকার গড়ার তীব্র সমালোচনা করলেন জেডিইউ সাংসদ আনোয়ার আলি। বৃহস্পতিবার তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে নীতীশ কুমার অন্তরাত্মার ডাক শুনেছেন। কিন্তু আমার অন্তরাত্মা এটা সমর্থন করতে পারছে না।’ আনোয়ার জানিয়েছেন, সুযোগ পেলে নিজের মত দলীয় নেতৃত্বকে জানাবেন। নীতিগত কারণেই এই জোট সরকারে আপত্তি জানিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। তাঁর কথায়, ‘মতাদর্শগত পার্থক্যের কারণেই গত বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে আলাদা হয়ে ভোটে লড়ে দল। এই পার্থক্য এখনও রয়েছে। যে সমস্ত কারণে আমরা আপত্তি জানিয়েছিলাম তা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’মায়াবতী-সংবাদ প্রতিদিন

বহুজন সমাজপার্টি বা বসপা নেত্রী মায়াবতী (ফাইল ফটো)

এ যেন নাটকের ক্লাইম্যাক্স। রাতারাতি ভাঙন সরকারে। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নীতীশ কুমারের। রাত পোহাতে না পোহাতে বিজেপির সমর্থন নিয়ে ফের সরকার গঠন। আকস্মিক মনে করা হলেও এ চিত্রনাট্য যে আগেই লেখা হয়েছে তা স্পষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর এই পুরো ঘটনাকেই দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে ব্যাখ্যা করলেন বসপা নেত্রী মায়াবতী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭