একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৮ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার-ইত্তেফাক
- তদন্ত নির্ভুল করতে সময় নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
- সুফল নয়, কুফলের দুর্ভোগে মানুষ নাকাল : রিজভী-নয়া দিগন্ত
- বাংলাদেশে বিদ্যুতের মহাপরিকল্পনা, চ্যালেঞ্জ কোথায়?প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে
- ৩০১ মুক্তিযোদ্ধা ভুয়া প্রমাণিত-মানবজমিন
ভারতের শিরোনাম:
- আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর -সংবাদ প্রতিদিন
- কোলকাতার তিলজলায় বেআইনি অস্ত্র কারখানা -আজকাল
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
তদন্ত নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে আজ শুক্রবার গুলিস্তানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেওয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে।
৩০১ মুক্তিযোদ্ধা ভুয়া প্রমাণিত-মানবজমিন
তখন তারা ছিলেন শিশু। বেশির ভাগেরই বয়স ১ থেকে ৪ বছরের মধ্যে। সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়সও সে সময় ছিল ১০ বছরের নিচে। আবার কারো কারো জন্ম স্বাধীনতা যুদ্ধেরও বছর পাঁচেক পর। তাতে কি? এ বয়সকে বাধা মনে করেননি তারা। নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেছেন। সেই দাবির স্বপক্ষে বলেছেন, ’৭১ সালে গঠিত অস্থায়ী মুজিবনগর সরকারের বিভিন্ন ক্যাম্পে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তারা। দাবি প্রতিষ্ঠা করতে রীতিমতো প্রয়োজনীয় কাগজপত্র হাজির করেছেন। হাজির করেছেন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সংস্থাপন মন্ত্রণালয়ের মনোনয়নপত্রসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র। এ পর্যন্তই থেমে থাকেননি তারা, মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন সরকারি চাকরিও। এজন্য হেঁটেছেন আইনি পথে। জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ দিতে তাদের পক্ষে রায় দিয়েছেন আদালত। একজন, দু’জন বা তিনজন নয়। এ কৌশল নিয়েছিলেন তিন শতাধিক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়েছে। গোমর ফাঁস হয়ে গেছে। ধরা পড়েছে প্রতারণার ভয়ঙ্কর কৌশল। জাল-জালিয়াতির অভিযোগে ফেঁসে গেছেন মামলায়। থানা পুলিশ ঘুরে মামলা গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইতে। মামলা দায়েরের দীর্ঘ ১০ বছর পর ৯টি মামলার চার্জশিট হয়েছে।
সুফল নয়, কুফলের দুর্ভোগে মানুষ নাকাল : রিজভী-নয়া দিগন্ত
‘সুফল তো নয়, কুফলের’ দুর্ভোগে মানুষের নাকাল অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই। আজ সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। রিজভী আরও বলেন, ইউনূস সেন্টারের ‘সোশ্যাল বিজনেস ডে‘র আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে পুলিশের অনুমতি না দেওয়ার পেছনে ‘সরকারের স্বৈরতন্ত্রের হিংস্র রূপ’ দেখছে বিএনপি। এ ঘটনায় ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।
আজ সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়।
তারেক রহমান পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন’-মতিয়া চৌধুরী-ইত্তেফাক
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও জনগণের সম্পদ লুটপাট করে খেয়ে এখন স্বেচ্ছায় পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন। কৃষিমন্ত্রী আজ শুক্রবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, বেঞ্চ এবং বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যদান কালে এসব কথা বলেন।
বিবিসি বাংলার প্রতিবেদন-বাংলাদেশে বিদ্যুতের মহাপরিকল্পনা, চ্যালেঞ্জ কোথায়?প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে
ঢাকার খুব কাছের একটি গ্রাম রূপগঞ্জের পিরুলিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের এই গ্রামের আশপাশের সবখানে বিদ্যুৎ এলেও পিরুলিয়ার মানুষ বিদ্যুতহীন। শুধু এ গ্রামটিই নয় সরকারি হিসেবেই বাংলাদেশের ৩০ ভাগ মানুষ এখনো গ্রিড বিদ্যুতের সুবিধা পায় না। আর ২০ ভাগ মানুষ সম্পূর্ণ অন্ধকারে। বিদ্যুৎ খাতে নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮২টি নতুন বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। গত ৮ বছরে নতুন সংযোগ দেয়া হয়েছে প্রায় দেড় কোটি। এসব তথ্য দিয়ে গত কয়েক বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নতি হয়েছে বলেই সরকার প্রচার করছে। যদিও শহরে বা গ্রামে-গঞ্জে যারা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেন গ্রীষ্মের মরশুমে তারা ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ করে থাকেন। কয়েকদফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনা হয়েছে।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর-সংবাদ প্রতিদিন
বিহারের লালু-নীতীশ জোটের মধুচন্দ্রিমা শেষ। চার বছর পর ফের বিজেপির সঙ্গে জোট করেছে জেডি(ইউ)। বৃহস্পতিবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। শুক্রবার বিহার বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ হয়ে গেল জেডি (ইউ) ও বিজেপির জোট সরকারের। ১৩১ জন বিধায়কের সমর্থন নিয়ে ভোটে সহজেই জিতলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ জন বিধায়কের সমর্থন। জেডি (ইউ)-র দখলে রয়েছে ৭১টি আসন। অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ৫৩। পাশাপাশি, রামবিলাস পাসোয়ানের লোকজন শক্তি পার্টি-সহ বিহারে এনডিএ-র শরিক দলগুলির পাঁচজন বিধায়ক আছে। সবমিলিয়ে জেডি (ইউ) ও বিজেপি জোটের আসন সংখ্যা ১২৯। কিন্তু, আস্থা ভোটে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন বিধায়ক । বিপক্ষে ভোট পড়েছে ১০৮টি। এদিকে এদিন বিহার বিধানসভার বাইরে জেডি (ইউ) ও বিজেপি জোটের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আরজেডি বিধায়করা। বিক্ষোভ হয় বিধানসভার ভিতরেও।
বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ: তেজস্বী-আজকাল
কে বিশ্বাসঘাতক? বিহারে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। আর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিশ্বাসঘাতকতাকে সামনে রেখেই প্রচার সারবে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। স্পষ্ট করে দিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব। তাঁর কথায়, বিহারবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ কুমার। নীতীশ কুমার আস্থাভোটে জেতার পরে বিধানসভা চত্বরে সাংবাদিক বৈঠক করেন তেজস্বী। তিনি বলেন, বিধানসভায় একাধিক প্রশ্ন করেছিলাম। কিন্তু বিজেপি এবং নীতীশ কুমার কোনও উত্তর দিতে পারেননি। বিহারের মানুষ মহাজোটকে ভোট দিয়েছিলেন। নীতীশ এবং বিজেপি তাঁদের অপমান করেছেন। আগামী মাসে ‘নীতীশের বিশ্বাসঘাতকতা’কে সামনে রেখে সারা রাজ্যে প্রচার চালাবে রাষ্ট্রীয় জনতা দল।
চিনের চাপে মাথা নোয়াবে না ভারত, ডোকালাম থেকে সরবে না ভারতীয় সেনা-সংবাদ প্রতিদিন
এই মুহূর্তে তিনিই ভারতীয় কূটনীতির চাণক্য। পাকিস্তান ও চিনের বিরুদ্ধে লড়াই করার জন্য কূটনীতির ময়দানে তিনিই হলেন মোদি সরকারের ‘বর্শার ফলা’। ‘তিনি’ হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রাক্তন সফল গুপ্তচর অজিত কুমার দোভাল। ডোকালাম নিয়ে চিনের সঙ্গে চরম সংঘাতের আবহেই দু দিনের বেজিং সফরে গিয়েছেন তিনি। উপলক্ষ হল, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির নিরাপত্তা অফিসারদের সঙ্গে বৈঠক। কিন্তু বেজিং সফরের মূল উদ্দেশ্য হল, ডোকালামে অচলাবস্থা ও চলতি জটিলতা নিয়ে চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মুখোমুখি বৈঠক করে একটা কিছু সমাধান সূত্র বের করা।
কোলকাতার তিলজলায় বেআইনি অস্ত্র কারখানা –আজকাল
কলকাতার বুকে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। বৃহস্পতিবার গভীর রাতে তিলজলার পি এন রায় রোডের একটি আবাসনের নিচে একটি লেদ কারখানায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানার সন্ধান পায় কলকাতা পুলিস। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সহ ৫ জনকে। বাজেয়াপ্ত হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃতদের জেরা করে পুলিস জানার চেষ্টা করছে ওই অস্ত্র কোথায় বিক্রি করা হত বা আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮