আগস্ট ০১, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে ‘শেয়ার’, সাংবাদিক গ্রেপ্তার-ইত্তেফাক
  • তারিক সালমন মন্ত্রিপরিষদ বিভাগে-প্রথম আলো
  • সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ-যুগান্তরফের মেয়াদ বাড়লো ভ্রাম্যমান আদালতের-মানবজমিন
  • সংলাপে কথা বলায় সুশীল সমাজকে ধন্যবাদ: ফখরুল-কালের কণ্ঠ
  • আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারবো না : প্রধান বিচারপতি-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • স্কুলের শৌচাগারে অশরীরী আতঙ্ক, বাঁকুড়ায় গ্রেপ্তার ২ ওঝা-সংবাদ প্রতিদিন
  • আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারবো না : প্রধান বিচারপতি-আজকাল
  • আজ থেকে ফের বাড়ছে পেট্রোল ডিজেলের দাম-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বাংলাদেশের হাইকোর্ট

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের খবরটি বাংলাদেশের আজকের প্রায়সবগুলো জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে যুগান্তরে লেখা হয়েছে, বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের ছয় বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, সংবিধানের কোনো ধারা আদালত পুনঃস্থাপন করতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায়   অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

সংলাপে কথা বলায় সুশীল সমাজকে ধন্যবাদ: ফখরুল-কালের কণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশনে নাগরিক সংলাপে গিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাহস করে সত্য কথা বলার জন্য সুশীল সমাজকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশ নিয়ে দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা যে মতামত দিয়েছেন তার সমর্থন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদেরকে নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেসিয়াল ক্ষমতা দিতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এদেশে আর হবে না। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে।

তারিককে সিনিয়র সহকারি সচিব পদে পদন্নোতি/মানবজমিন/প্রথম আলো

বরগুনার সাবেক ইউএনও তারিক সালমন

সম্প্রতি আলোচিত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে জ্যেষ্ঠ সহকারি সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন আওয়ামী লীগের নেতা (বহিষ্কৃত) ওবায়েদুল্লাহ। 

ফের মেয়াদ বাড়লো ভ্রাম্যমান আদালতের-মানবজমিন

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের প্রেক্ষিতে আরও দুই সপ্তাহ সময় বাড়ানো হয়। এ নিয়ে পঞ্চমবারের মতো সময় মেয়াদ বাড়ানো হলো। এ সম্পর্কে কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনারা প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা কি কিছুই বলতে পারব না? আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারব না? আজ ম্যাজিস্ট্রেটদের দিয়ে মোবাইল কোর্ট পরিচালনাসংক্রান্ত আপিল শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে মরা ছাগলের খবর শেয়ার, সাংবাদিক গ্রেপ্তার-ইত্তেফাক

বাংলাদেশের আইসিিট আইনের ৫৭ ধারা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।

শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাহাড় নিয়ে বৈঠক দিল্লিতে-আজকাল

দাার্জিলিং পরিস্থিতি

পাহাড় পরিস্থিতি নিয়ে রাজনৈতিক সমন্বয় কমিটির বৈঠক বসল দিল্লিতে। সমস্যা সমাধানে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে মোর্চা। দিল্লিতে সর্বদল বৈঠকেও যোগ দেবে মোর্চা। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে মনে জানিয়েছে মোর্চা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও এ নিয়ে আলোচনা চাইছে মোর্চা নেতৃত্ব। এদিকে, কালিম্পঙে মোর্চার তিন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। কালিম্পঙেরই বাগরাকোটে সোমবার গভীর রাতে বাড়ি, গাড়িতে আগুন লাগানো হয়। ঘটনায় মোর্চার দিকে অভিযোগের তির থাকলেও তা অস্বীকার করেছে মোর্চা। অন্যদিকে, মদন তামাং হত্যা মামলায় আবার বিপাকে মোর্চা।

আজ থেকে ফের বাড়ছে পেট্রোল ডিজেলের দাম-আনন্দবাজার

ভারতে এবার পেট্রোল ও ডিজেলে দম বাড়ল

এ বার নিত্যপ্রয়োজনীয় জ্বালানি আরও মহার্ঘ্য। প্রতি লিটার পেট্রোলের দাম ১ টাকা ও ডিজেলের দাম ৭২ পয়সা আজ থেকে বাড়ছে। 

এই মুহূর্তে প্রতি লিটার পেট্রোলে ডিলার কমিশন ১ টাকা এবং প্রতি লিটার ডিজেলে এই কমিশনের পরিমাণ ৭২ পয়সা। আজ থেকেই বাড়ছে এই অঙ্কটা। এখন প্রতি লিটার পেট্রোলে ডিলার কমিশন বাড়বে ২ টাকা ৫৫ পয়সা এবং ডিজেলে বাড়বে ১ টাকা ৬৫ পয়সা।

স্কুলের শৌচাগারে অশরীরী আতঙ্ক, বাঁকুড়ায় গ্রেপ্তার ২ ওঝা-সংবাদ প্রতিদিন

স্কুলের শৌচাগারে আছে ভূত। ঘুরে বেড়াচ্ছে ছায়ামূর্তি। পড়ে আছে গলাকাটা দেহ। এমনকী রক্তও। এরকমই গুজবের জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বাঁকুড়ার মির্জাপুর স্কুলের ছাত্রীরা। অবশেষে এই কাণ্ডে গ্রেপ্তার করা হল ২ ওঝাকে। বাঁকুড়ার কোতুলপুরের এই স্কুলকে ঘিরে ক’দিন ধরেই শোরগোল জেলায়। স্কুলের শৌচাগারেই নাকি ভূতের বাসা। আর সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১