বন্যায় খাদ্য ঘাটতি মোকাবিলায় প্রস্তুত সরকার :প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ১৪ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। আজ ঢাকার বাংলা দৈনিকগুলোতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। দৈনিকগুলোর আরো কিছু শিরোনাম হচ্ছে-
বাংলাদেশের শিরোনাম:
- ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার: প্রকাশ্যে আন্দোলন গোপনে সমঝোতার চেষ্টা?-দৈনিক যুগান্তর
- প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের দুই ঘণ্টা বৈঠক: পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়ার অনুরোধ- দৈনিক ইত্তেফাক
- কুড়িগ্রাম ও দিনাজপুরে ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু- দৈনিক যুগান্তর
- বন্যায় খাদ্য ঘাটতি মোকাবিলায় প্রস্তুত সরকার :প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
- দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান খালেদা জিয়ার- দৈনিক সমকাল
- শোক দিবসে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা- দৈনিক মানবজমিন
- আওয়ামী লীগই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে : এরশাদ- দৈনিক নয়াদিগন্ত
- বাংলাদেশ থেকে প্রথম উচ্চ প্রযুক্তির জাহাজ রপ্তানি- দৈনিক প্রথম আলো
- শিক্ষায় শৃঙ্খলা ফেরাতে দুদকের ১০ সুপারিশ- দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- শিশুদের বাঁচাতে প্রাণপণ লড়াই করেও বরখাস্ত চিকিৎসক কাফিল খান- দৈনিক সংবাদ প্রতিদিন
- পুরভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, বোমাবাজি, জখম পুলিশসহ বহু- দৈনিক বর্তমান
- মমতাকে আর্জি রাজনাথের মোর্চার সঙ্গে বৈঠকে বসুন- দৈনিক আজকাল
- কাশ্মীরে কাবু জঙ্গিরা, দাবি প্রতিরক্ষামন্ত্রীর- দৈনিক আনন্দবাজার
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার: প্রকাশ্যে আন্দোলন গোপনে সমঝোতার চেষ্টা?- দৈনিক যুগান্তর

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষুব্ধ সরকারের নীতিনির্ধারকরা প্রকাশ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলনের পাশাপাশি বিচার বিভাগের সঙ্গে সমঝোতার চেষ্টাও রয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, সমঝোতার এ প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার রাতে প্রধান বিচারপতি এসকে সিনহার বাসভবনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত সপ্তাহে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরুসহ দলীয় সমর্থক সিনিয়র আইনজীবীরা।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু রোববার যুগান্তরকে বলেন, আমরা কোনো অবস্থায় বিচার বিভাগের সঙ্গে বৈরিতা ও সাংঘর্ষিক অবস্থায় যেতে চাচ্ছি না। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। কারণ বিচার বিভাগ আমাদের শত্রু নয়। আলোচনার পাশাপাশি কি তাহলে আন্দোলনও চলবে? এমন প্রশ্নের জবাবে সাবেক এই আইনমন্ত্রী বলেন, একতরফা মন্তব্যে কেউ বিক্ষুব্ধ হলে তার প্রতিক্রিয়া তো দেখাতেই পারেন।
প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের দুই ঘণ্টা বৈঠক: পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়ার অনুরোধ- দৈনিক ইত্তেফাক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে বৈঠক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাতে প্রধান বিচারপতির বাসায় অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।
শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়া পরিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ প্রসঙ্গে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। তারপর বক্তব্য দেওয়া হবে।
জানা গেছে, ষোড়শ সংশোধনীকে অবৈধ করে আপিল বিভাগের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কাছে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, ‘এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে- যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান সরকার চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা বিচার বিভাগের দায়িত্ব।’ প্রধান বিচারপতিকে এ দায়িত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। তবে প্রধান বিচারপতি তাত্ক্ষণিকভাবে তার কোনো অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি। জানা গেছে, পরে গণভবনে গিয়ে সাক্ষাতের অগ্রগতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ওবায়দুল কাদের।
কুড়িগ্রাম ও দিনাজপুরে ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু- দৈনিক যুগান্তর

কুড়িগ্রাম ও দিনাজপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দুই জেলার ২৪টি উপজেলার প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় এ দুই জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ দুই জেলার সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। বাঁধ রক্ষায় ও বানভাসী মানুষকে উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বন্যায় খাদ্য ঘাটতি মোকাবিলায় প্রস্তুত সরকার :প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘন ঘন বন্যার কবলে পড়লেও এ বছর ঘাটতি মোকাবিলা করতে পর্যাপ্ত খাদ্য মজুদ করা হচ্ছে। খাদ্য ঘাটতি মোকাবিলায় সরকার প্রস্তুত। সতর্কতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে জাতীয় পুষ্টি পরিষদের (এনসিসি) প্রথম সভায় সভাপতির বক্তৃতায় আরো বলেন, ‘বন্যার কারণে ইতোমধ্যেই বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়েছে। আগামীতে বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও যে কোন বিরূপ পরিস্থিতি মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে সরকার খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে।’
খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনগণের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন পুষ্টি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। ‘পুষ্টির সাথে অনেক কিছু সম্পৃক্ত’-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টির বিষয়ে শহরাঞ্চলে সচেতনতা সৃষ্টি হলেও গ্রামাঞ্চলে জনগণের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে, যাতে মানুষ সুষম খাদ্য গ্রহণ করে। মাছের উত্পাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাস উন্নত করতে হবে।’
দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান: খালেদা জিয়া- দৈনিক সমকাল

উত্তরাঞ্চলে বন্যা পরিস্তিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, দেশের বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রূপ ধারণ করেছে। তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকায় ফসল ও বসতবাড়ি তলিয়ে গেছে। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা উপদ্রুত মানুষ ঘরবাড়ি-জোত-জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন। তিনি এই পরিস্থিতিতে সারাদেশে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও সচ্ছল মানুষকে অতিদ্রুত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
শোক দিবসে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা- দৈনিক মানবজমিন

আগামীকাল ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। যথাযোগ্য মর্যাদায় প্রতিবারের মতো দিবসটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। নির্বিঘ্নে দিবসটি উদযাপনের জন্য রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ অতিগুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এজন্য ধানমন্ডিতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আগামীকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সঙ্গে সংযুক্ত সড়ক গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ রাখার পাশাপাশি বেশ কিছু সড়কে হবে একমুখী চলাচল।
আওয়ামী লীগই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে : এরশাদ- দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আরো বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সাথে বেইমানী করেছিল বলে আজ বিএনপিকে নিয়ে আওয়ামী লীগকে মাথা ঘামাতে হচ্ছে। আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি এর চেয়ে আরো ভযাবহ হবে।
আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স-বিএনএ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বিএনএ জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদা আখতার, বিএনএ জোটের মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জাপা কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, ফখরুল আহসান শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে প্রথম উচ্চ প্রযুক্তির জাহাজ রপ্তানি- দৈনিক প্রথম আলো

কেনিয়ায় রপ্তানির জন্য চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে প্রায় দেড় শ কোটি টাকা রপ্তানিমূল্যের একটি উচ্চপ্রযুক্তির জাহাজ নির্মাণ করা হয়েছে। রপ্তানির আগে গতকাল রোববার দুপুরে জাহাজটির ‘ইয়ার্ড ডেলিভারি’ কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শাহ আমানত সেতুর উজানে কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা জাহাজটির সামনে একটি বার্জের ওপর দাঁড়িয়ে ফিতা কেটে এটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী। ‘অফশোর পেট্রোল ভেসেল’ হিসেবে পরিচিত বিশেষায়িত এই জাহাজটির নাম ‘দরিয়া’।
ছোট আকারের হলেও জাহাজটির রপ্তানি মূল্য ১৮ দশমিক ৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৫০ কোটি টাকা। এর আগে সাধারণত পণ্যবাহী জাহাজগুলোর সর্বোচ্চ রপ্তানিমূল্য ছিল প্রায় ৮০ কোটি টাকা। ২০১৪ সালের আগস্টে নির্মাণ শুরু হওয়া জাহাজটি এ মাসেই কেনিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছাড়বে। এটি রপ্তানির মাধ্যমে প্রথমবারের মতো উচ্চপ্রযুক্তির জাহাজ নির্মাণের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।
শিক্ষায় শৃঙ্খলা ফেরাতে দুদকের ১০ সুপারিশ- দৈনিক সমকাল

শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে ১০টি সুনির্দিষ্ট সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া শিক্ষকদের জাল সনদ, কোচিং বাণিজ্য বন্ধে সাঁড়াশি অভিযান, শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে উপজেলায় 'সততা স্টোর' চালুসহ বেশকিছু উদ্যোগও নিয়েছে সংস্থাটি।
দুদকের 'বার্ষিক প্রতিবেদন ২০১৬'-এ শিক্ষা খাত নিয়ে বেশকিছু সুপারিশ এসেছে। সম্প্রতি ওই প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয় বলে জানা গেছে। দুদক মনে করে, এসব উদ্যোগ নিলে শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি মেডিকেল কলেজে অস্বচ্ছতা ভয়াবহ রূপ ধারণ করেছে মন্তব্য করে সংস্থাটি বলেছে, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে উচ্চশিক্ষা জাতির জন্য আত্মঘাতী হবে। এ জন্য এসব প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়টি সচেতনভাবে পর্যালোচনা করতে হবে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জবাবদিহি ও মান নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন এবং স্থানীয়ভাবে 'শিক্ষার মান তদারকি কমিটি' অথবা 'শিক্ষার মানোন্নয়নে নাগরিক কমিটি' গঠনের প্রস্তাব করেছে সংস্থাটি।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
শিশুদের বাঁচাতে প্রাণপণ লড়াই করেও বরখাস্ত চিকিৎসক কাফিল খান- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রায় নায়কের সম্মান পাচ্ছিলেন তিনি। দেশবাসী কুর্নিশ জানাচ্ছিলেন তাঁকে। যে চিকিৎসক শিশুদের বাঁচাতে, অক্সিজেন জোগাড় করতে লড়াই করেন তাঁকে সম্মান না জানিয়ে কী উপায়। হয়তো সকলকে বাঁচাতে পারেননি, তবু অনেকের প্রাণ তো রক্ষা হয়েছিল। তো এ কাজের বিনিময়ে প্রশাসনের পক্ষে তিনি কী পুরস্কার পেলেন? ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের পদ থেকে বরখাস্ত হলেন ডাঃ কাফিল খান।
উত্তরপ্রদেশের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজের এনসেফালাইটিস বিভাগের প্রধান ছিলেন তিনি। এ হাসপাতালেই ঘটেছে বিপর্যয়। ঢল নেমেছে শিশুমৃত্যুর। অক্সিজেনের অভাবে অকালে ঝরে গিয়েছে শিশুরা। তবে সে রাতে এই চিকিৎসকের কাজেই খানিকটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। রাত দু’টো নাগাদ হাসপাতালের কর্মীরা এসে ডাক্তার কাফিল খানকে জানান, হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে এসেছে। যেটুকু অক্সিজেন রয়েছে, তাতে বড়জোর আর এক ঘণ্টা সরবরাহ অব্যাহত রাখা যাবে। এই কথা শুনে এক মুহূর্তও দেরি করেননি ডাক্তার কাফিল। বুঝতে পারেন, এত রাতে সরকারি নিয়মকানুন মেনে অক্সিজেন পেতে দেরি হয়ে যাবে। তাই তাঁর ব্যক্তিগত চিকিৎসক বন্ধুদের ফোন করে ১২টি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে আনেন হাসপাতালে।
পুরভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, বোমাবাজি, জখম পুলিশসহ বহু- দৈনিক বর্তমান

রবিবার রাজ্যের সাতটি পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিজেপি জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ অবরোধ তুলতে লাঠিচার্জ করলে পালটা ইট ছোঁড়ে অবরোধকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। বহিরাগতরা কয়েকটি ওয়ার্ডে গুলি চালায়। ব্যাপক বোমাবাজিও করে। এদিন দুর্গাপুরে পুলিশ সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। এছাড়া দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলের উপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। তাতে এক তৃণমূল নেতা সহ ১৫জন জখম হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে নলহাটিতেও। এছাড়া হলদিয়া, পাঁশকুড়া, কুপার্স, ধুপগুড়ি পুরসভায় বিরোধীরা বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ তুললেও বড় কোনও অশান্তি হয়নি।
কাশ্মীরে কাবু জঙ্গিরা, দাবি প্রতিরক্ষামন্ত্রীর- দৈনিক আনন্দবাজার

কাশ্মীরে এখন বাহিনীর চাপে জঙ্গিদের নাজেহাল অবস্থা বলে জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। স্বাধীনতা দিবসের আগে এক সাক্ষাৎকারে তাঁর দাবি, এখন আর দীর্ঘ সময় ধরে কাশ্মীরের মানুষকে আতঙ্কিত করে রাখার কথা কোনও জঙ্গি কম্যান্ডার ভাবতেই পারে না। নোট বাতিল আর এনআইএ-র অভিযানের ফলে পাকিস্তান থেকে আর্থিক মদত নিয়ে উপত্যকায় অশান্তি ছড়ানোও কঠিন হয়ে পড়েছে।
কাশ্মীরে হিংসা থামার অবশ্য কোনও লক্ষণ নেই। গতকাল রাত থেকে চলা এক সংঘর্ষে নিহত হয়েছেন দুই সেনা। খতম হয়েছে কাশ্মীরে হিজবুলের শীর্ষ কম্যান্ডার-সহ তিন জঙ্গিও। অন্য একটি হামলায় আহত হয়েছেন এক সেনা ও দুই পুলিশকর্মী।
মমতাকে আর্জি রাজনাথের মোর্চার সঙ্গে বৈঠকে বসুন- দৈনিক আজকাল

পৃথক রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোলো না। কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে ‘গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটি’র প্রতিনিধিদের। আন্দোলনকারী নেতাদের অবিলম্বে পাহাড়ে শান্তি ফেরাতে বন্ধ প্রত্যাহারের পাশাপাশি শান্তি ফিরিয়ে আনার কথা বললেন রাজনাথ সিং। সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে মোর্চা নেতাদের সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরুর আর্জি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে, মোর্চা নেতারা যতই রাজ্যকে এড়িয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করুক না কেন কেন্দ্র সরকার যে কখনওই সে রাস্তায় হাটবে না, আজ মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকের পর তা স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪