আগস্ট ১৪, ২০১৭ ১৫:৩৬ Asia/Dhaka

ইমাম রেজা (আ.) বলেছেন, আল্লাহ তায়ালার প্রতি আশাবাদী থাকবে; কারণ, যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী থাকে আল্লাহ তায়ালা তাকে হতাশ করেন না। যে ব্যক্তি অল্প ‘হালাল’ রুজিতে সন্তুষ্ট আল্লাহ তায়ালা তার অল্প পরিমাণ সৎকর্মে সন্তুষ্ট হবেন এবং তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবেন।

হাদিসের পর আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে।  বগুড়া জেলার আলতাফনগর বড় চাপড়ার পিস রেডিও লিসেনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন ক্লাবের সভাপতি ডাঃ শাহিনুর আলম।  তিনি প্রথমেই জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে নিয়মিত মতামত জানিয়ে চিঠি লিখতে পারছেন না। তারপর লিখেছেন,  খুশির খবর হলো- রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন ১১,৮২৫ কিলোহার্টজে বেশ ভালো শোনা যাচ্ছে। এই ভালো কিন্তু এক দিন নয়!  প্রতিদিনই ভালো শুনতে পাচ্ছি। তবে মাঝে মাঝে পুরো সিগনালই হারিয়ে যায় কিছু সময়ের জন্য।

বহলুল: মেঘ না চাইতেই বৃষ্টি বলে একটা প্রবাদ আছে তাই মনে হলো আপনার চিঠির বক্তব্য শুনে।

অর্থাৎ চিঠিতে কেবল মতামত নয় সেইসঙ্গে অনুষ্ঠান কেমন শোনা যাচ্ছেও সে কথাও তুলে ধরেছেন।  বহলুল ভাই একেই বলেছেন মেঘ না চাইতেই বৃষ্টি।  যাই হোক, ভাই শাহিনুর আলম, নিয়মিত না হলেও আপনার চিঠি আমাদের হাতে আসলেই আমরা আনন্দ পাই।  আর অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে শুনে আমাদেরও ভালো লাগছে।  এরপর থেকে নিয়মিত চিঠি লেখা অব্যাহত রাখবেন বলে আশা রাখছি। 

এবারে আর ইমেইল নয়, বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। নওগাঁ জেলার পত্নীতলার তরুণ বেতার শ্রোতা সংঘ থেকে এটি লিখেছেন ক্লাবের সদস্য আকবর হোসেন। তিনি নিজেকে অনেক পুরনো শ্রোতা হিসেবে তুলে ধরে আরো লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানমালা বহুদিন ধরে শুনলেও এর বিনিময়ে কিছুই পাইনি। মানে টাকা-পয়সা বা সুযোগ-সুবিধা এ সবের কথাই বলছি। কিন্তু সত্যি বলতে কি, পেয়েছি এসব কিছুর চেয়েও মূল্যবান সম্পদ; যাকে অমূল্য রতনও বলতে পারেন। আর তা হলো, খবরের পেছনের খবর। কিভাবে বিশ্বে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র চলছে তা জানতে পারছি রেডিও তেহরানের খবর শুনে।

বহলুল: মাঝেমধ্যে এ ধরনের চিঠি পড়লে না মনটা বেশ চাঙ্গা হয়ে ওঠে। আমরা যে শ্রোতাদের কিছু দিতে পারছি সেকথার স্বীকৃতি পাওয়া যায়।

ঠিকই বলেছেন বহলুল ভাই। তবে এ শ্রোতার চিঠি এখনো শেষ হয়নি। এ ভাই আরো লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান সবার শোনা উচিত। তাহলে মানুষের উপকার হবে। সবাই তার এ আহ্বান শুনবে বলে আশাবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন তিনি।

ভাই আকবর হোসেন, মতামতসমৃদ্ধ চিঠি দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো আমরাও আশা করব শ্রোতারা বেশি বেশি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনবেন।

এবারে আর চিঠি নয় রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডট কম স্ল্যাশ/বিএন’এর খবরসহ ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে যেসব মন্তব্য হয়েছে সেদিকে  নজর দেবো। সৌদি নেতৃত্বাধীন অবরোধ পূর্ব পরিকল্পিত: কাতারি আমির-শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ জুলাই। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর পক্ষ থেকে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ-আলে সানি। তিনি বলেছেনকাতারের সুনাম নষ্ট করার চক্রান্ত থেকেই এসব দেশ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে এবং সন্ত্রাসবাদ ইস্যুতে অপ্রপচার চালাচ্ছে।

ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে মন্তব্য করেছেন ভাই মেহেদী হাসান মাসুম। তিনি লিখেছেন, সবাই মিলে সৌদি রাজপরিবারকে বয়কট করুন ! ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে এ খবর নিয়ে বেশ আলোচনা হয়েছে।  এ খবরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন শহীদুল ইসলাম এবং মো. নুরুল আলম।

এদিকে  সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ জুলাই। এ খবরে বলা হয়েছে, দামেস্ক বলেছেসিরিয়ার বেসরকারি লক্ষ্যবস্তুতে বোমা হামলা করে অবকাঠামো ধ্বংসের জন্য আমেরিকা এবং তার মিত্রদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া,আইনগতভাবে তাদেরকে দায়ীও থাকতে হবে। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা চিঠিতে এ দাবির কথা জানিয়েছে দামেস্ক।

রেডিও তেহরানের ফেসবুকের গ্রুপে এ খবরে বেশ প্রতিক্রিয়া হয়েছে। প্রায় সবাই এ ক্ষতিপূরণ দেয়ার দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ভাই রাজ্জাক লিখেছেন, বিড়ালের গলায় ঘণ্টা বাধতে ম্যাও ধরবে কে?

বহলুল: আপনি আমি অর্থাৎ বিশ্বের আম জনতাকে এ কাজে এগিয়ে আসতে হবে।

এদিকে ইরানি তেল কেনা কমিয়েছে ভারত;সৌদি থেকে নেয়নি মোটেই- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ২২ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আকস্মিকভাবে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। দেশটি ইরানের পরিবর্তে তেল কেনা বাড়িয়েছে ভেনিজুয়েলা,মিশর ও ইরাক থেকে। এসব দেশের মধ্যে ভেনিজুয়েলা থেকেই ভারত তেল নিচ্ছে সবচেয়ে বেশি।

ফেসবুকে রেডিও তেহরান গ্রুপে এ খবরটি বেশ আলোচিত হয়েছে। আবদুল কাইয়ুম ইরানের কাছ থেকে ভারতের তেল কেনা কমিয়ে দেয়ার কারণ হিসেবে লিখেছেন, ভারত সুযোগ সন্ধানী দেশ। একদিকে, ইরান থেকে তেল কেনা কমিয়ে দিলে আপাতত তেহরানের বকেয়া পরিশোধ করতে হবে না। অন্যদিকে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার কারণেও এমনটি ঘটতে পারে। এছাড়া,  শহিদুল ইসলাম লিখেছেন ইরানের তেল ছাড়া ভারত অচল। এদিকে....

বহলুল: না ভাই আর কোনো দিকে নজর দেবেন না। সময় শেষ হয়ে এসেছে।#