ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ক্ষণিকের মেঘ কেটে যাবে: কাদের
প্রিয় পাঠক/শ্রোতা! ১৫ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। ঢাকা থেকে প্রকাশিত সব দৈনিক আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। সেইসঙ্গে দৈনিকগুলোর অনলাইন সংস্করণে শোক দিবস পালনের বিভিন্ন অনুষ্ঠানসূচির খবর প্রকাশিত হয়েছে। ঢাকার বাংলা দৈনিকগুলোতে দৈনিকগুলোর আরো কিছু শিরোনাম হচ্ছে-
বাংলাদেশের শিরোনাম:
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক যুগান্তর
- শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক
- খালেদার জন্মদিনে আনুষ্ঠানিক কর্মসূচী নেই বিএনপির- দৈনিক মানবজমিন
- ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ক্ষণিকের মেঘ কেটে যাবে: ওবায়দুল কাদের- দৈনিক সমকাল
- আটক ইয়াবা ব্যবসায়ীকে ডিবির কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিল কোস্টগার্ড!- দৈনিক প্রথম আলো
- ভয়াবহ বন্যার পদধ্বনি: মাসব্যাপী বন্যা প্রলম্বিত হওয়ার শঙ্কা- দৈনিক ইত্তেফাক
- সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, শঙ্কায় খামারিরা- দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদীর নজর কই, ক্ষুব্ধ বাংলা- দৈনিক আনন্দবাজার
- শ্রীনগরে পুলিস বাঙ্কারে হামলা- দৈনিক আজকাল
- লোকসভা ভোট এগিয়ে আগামী বছরই করার কথা ভাবছেন মোদি, জল্পনা তুঙ্গে- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক যুগান্তর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এদিকে বনানী কবরস্থানে ১৫ই আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নিহতদের স্বজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক

জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ‘সুখী-সমৃদ্ধ’ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাই আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তাঁর ত্যাগ এবং তিতীক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।’
শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের এ দিনে সপরিবারে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হন।
প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসে মহান আল্লাহ্তায়ালার দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতার দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত।
খালেদার জন্মদিনে আনুষ্ঠানিক কর্মসূচী নেই বিএনপির- দৈনিক মানবজমিন
চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন পালনে কোন আনুষ্ঠানিক কর্মসুচি রাখেনি বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ম্যাডাম (খালেদা জিয়া) চিকিৎসার জন্য লন্ডনে আছেন। এজন্য ম্যাডামের জন্মদিনে বিএনপির কোন কর্মসূচি নেই। দলের অঙ্গসংগঠন থেকে তার আশু সুস্থতা কামনায় আজ দোয়া মাহফিল করতে পারে। রিজভী জানান, চেয়ারপারসনের চোখের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। ২/৩ দিনের মধ্যে ব্যান্ডেজ খোলা হবে। তবে তিনি চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে সুস্থ আছেন। উল্লেখ্য, উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় মানুষের দুর্দশা, গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলা, সর্বত্র গুম-খুন, দলের নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার-নিপীড়ন-নির্যাতনের সার্বিক অবস্থা বিবেচনা করে গত বছর জন্মদিনের কেক কাটার কর্মসূচি বাতিল করেন খালেদা জিয়া। এমন কি নেতাকর্মীদের নেয়া ফুলও গ্রহণ করেননি তিনি।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ক্ষণিকের মেঘ কেটে যাবে: ওবায়দুল কাদের- দৈনিক সমকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে উদ্বেগ থাকতে পারে। কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ক্ষণিকের মেঘ কেটে যাবে।
সোমবার রাজধানীর পলাশী মোড়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, আকাশের মেঘ ক্ষণিকের। সূর্য চিরদিনের। ক্ষণিকের মেঘ কেটে যাবে। চির দিবসের সূর্য আবারও উঠবে।
ওবায়দুল কাদের বলেন, রায়ের পর্যবেক্ষণ নিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে প্রধান বিচারপতিকে আওয়ামী লীগের অবস্থান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী আজ (সোমবার) আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাকেও প্রধান বিচারপতির কাছে তুলে ধরা বক্তব্য অবহিত করেছেন। এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
আটক ইয়াবা ব্যবসায়ীকে ডিবির কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিল কোস্টগার্ড!- দৈনিক প্রথম আলো

তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে কোস্টগার্ড ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার বেলা তিনটার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কাছে এ ঘটনা ঘটে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখান থেকে কোস্টগার্ড টেকনাফ জোনের কার্যালয় ২০ গজ দূরে।
ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় রোববার রাত ১১টায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডিবির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন।
ডিবি জানায়, ওই ইয়াবা ব্যবসায়ীর নাম ফিরোজ আহমদ। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায়। তাঁর বিরুদ্ধে ইয়াবা চোরাচালান ও অস্ত্রসহ তিন মামলা রয়েছে।
ভয়াবহ বন্যার পদধ্বনি: মাসব্যাপী বন্যা প্রলম্বিত হওয়ার শঙ্কা- দৈনিক ইত্তেফাক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ২০টি জেলা গত চারদিন ধরে বন্যা কবলিত। প্রতিদিনই নদ-নদীগুলোতে পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সবচেয়ে বেশি পানির ধারক যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পানি বেড়েছে। এদিকে, বাংলাদেশের উজানের দেশ চীন, নেপাল ও ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব দেশের বন্যার সিংহভাগ পানি বাংলাদেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এর মধ্যে আগামী ২০ ও ২১ আগস্ট অমবস্যার প্রভাবে সাগরের পানির উচ্চতা এমনিতেই বাড়বে। ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যার পর এবারই প্রথম বড় তিন নদীর পানি একসাথে বৃদ্ধি পাচ্ছে। সবমিলিয়ে চলতি বর্ষা মৌসুমে দীর্ঘ এলাকাব্যাপী ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, দেশের উজানের তিন অববাহিকা-গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত পানিস্তর বাড়বে। গত রবিবার ব্রহ্মপুত্র-যমুনা নদীতে ৪৭ সেন্টিমিটার, গঙ্গা-পদ্মায় ২২ সেন্টিমিটার এবং মেঘনা অববাহিকায় সুরমা-কুশিয়ারা নদীর পানি ১০ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। দেশের নদনদীগুলোর পর্যবেক্ষণ পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্ট দিয়ে। গতকাল সোমবার দুপুরে ওই পয়েন্ট দিয়ে স্মরণকালের সবচেয়ে বেশি উচ্চতায় ২০ দশমিক ৭৮ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়েছে। গতকাল নদীগুলোর অন্তত ২৭টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, শঙ্কায় খামারিরা- দৈনিক মানবজমিন

কোরবানির ঈদ সামনে রেখে ভারত থেকে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ উভয়পথে গরু আসছে। অবৈধপথে বা চোরাচালানের মাধ্যমে কত পশু আসছে, তার হিসাব না থাকলেও বৈধ পথে আসা পশুর হিসাব রয়েছে কাস্টমস ও ভ্যাট অফিসে। এ হিসাবে আগস্টের প্রথম সপ্তাহে ১ হাজার ৬৭০টি গরু ও ৩২০টি ছাগল এসেছে। এ সংখ্যা বাড়বে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। কোরবানির জন্য যশোর জেলায় ৬৮ হাজার ২৫টি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এর বিপরীতে জেলায় চাহিদা রয়েছে ৫৫ হাজার পশুর। চাহিদার তুলনায় দেশীয় পশুই জেলার বেশি রয়েছে। এরপরও ভারতীয় গরু ব্যাপকহারে আসা শুরু হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন খামারিরা।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন

চতুর্থ স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত তৈরির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। গোরক্ষপুরের শিশুমৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল কেন্দ্র সরকারের সাফল্যের খতিয়ান। নোট বাতিল, জিএসটি থেকে সার্জিক্যাল স্ট্রাইক, লালকেল্লায় মোদির ভাষণে জায়গা করে নিয়েছিল এসব। প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছু নির্বাচিত অংশ।
২০১৮ সালের পয়লা জানুয়ারি কোনও সাধারণ দিন নয়। যারা এই শতাব্দীতে জন্মেছেন তাদের বয়স তখন ১৮ হবে। তারাই ভারতের ভাগ্য নির্ধারণ করবেন। এগিয়ে আসুন, নয়া ভারত গড়ুন। ২০২২-এ নতুন ভারতের জন্য সঙ্কল্প নিতে হবে। যে দেশে সন্ত্রাস, জাতিভেদ, দুর্নীতি থাকবে না। যেখানে সবাই সমান সুযোগ পাবে। চলছে, চলবের দিন চলে গিয়েছে। এখন বদলাতে হবে। সার্জিক্যাল স্ট্রাইকে তা প্রমাণিত। কোনও কিছুতেই আর ভারত পিছিয়ে নেই। ৯ মাসের মধ্যে আমরা মঙ্গলে পৌঁছতে পারি।
মোদীর নজর কই, ক্ষুব্ধ বাংলা- দৈনিক আনন্দবাজার

বন্যা নিয়ে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের অভিযোগ নতুন নয়। বামফ্রন্ট সরকারও এই অভিযোগ বার বার তুলেছে। তবে তা হত মূলত আর্থিক বরাদ্দকে কেন্দ্র করে। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন ঘিরে সেই অভিযোগ নতুন মাত্রা পেল।
প্রধানমন্ত্রী সোমবার অসম ও বিহারের মুখ্যমন্ত্রীদের ফোন করে ওই দুই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে এ রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে ফোন আসেনি। রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রীর এ হেন ‘বৈষম্যমূলক’ আচরণে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘আমি বিস্মিত, স্তম্ভিত! প্রধানমন্ত্রী একটা রাজ্যের বন্যার্ত নাগরিকের খোঁজ নিলেন না! প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এই আচরণ পরিতাপের বিষয়।’’
শ্রীনগরে পুলিস বাঙ্কারে হামলা- দৈনিক আজকাল
স্বাধীনতা দিবসের কড়াকড়ির মধ্যেই জম্মু–কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি হামলা হল। সোমবার রাতে শ্রীনগরের টেংপোরা বাইপাসের পুলিস বাঙ্কারে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। তবে রাতে অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা হামলা চালিয়েই পালিয়ে যায়। গুলিতে কোনও পুলিসকর্মী হতাহত হননি। ঘটনার পরই এলাকা জুড়ে তল্লাশি শুরু করে পুলিস। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি নিরাপত্তাবাহিনী। এর আগে এদিন সকালেই বাদগামের কানিহামায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হন সিআরপিএফের ৩ জওয়ান এবং জম্মু–কাশ্মীর পুলিসের এক কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনই হান্দোয়ারায় হরকত–উল–মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর ২ সদস্যকে পাকড়াও করে সেনাবাহিনী। জঙ্গি হামলায় জর্জরিত উপত্যকায় স্বাধীনতা দিবসের জন্য নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে।
লোকসভা ভোট এগিয়ে আগামী বছরই করার কথা ভাবছেন মোদি, জল্পনা তুঙ্গে- দৈনিক বর্তমান
লোকসভা ভোট এগিয়ে এনে কি আগামী বছরের শেষের দিকেই করার পরিকল্পনা করছেন নরেন্দ্র মোদি? দিল্লির দরবারে এই প্রশ্নটা কয়েকদিন ধরে ঘোরাফেরা করলেও সম্প্রতি কিন্তু তা তীব্র জল্পনার আকার নিয়েছে। এবং তা হয়েছে গুজরাতে রাজ্যসভার নির্বাচনের পর থেকেই। একটি আসন হেরে যাওয়ায় বিজেপি’র এই মুহূর্তে কিছু এসে না গেলেও সম্মানরক্ষার লড়াইয়ে হারের মুখে পড়তে হয়েছে। তার উপর মধ্যপ্রদেশে ব্যাপম দুর্নীতি, কৃষক মৃত্যু, মহারাষ্ট্রে আত্মহত্যা, রাজস্থানে সমস্যা—সব মিলিয়ে মোদি একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারছেন, হাওয়া ঘুরছে। অর্থাৎ, তাঁর সরকারের সময়সীমা যত বাড়ছে, ততই মাথা তুলে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানবিরোধিতা। রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল প্রশ্ন তুলছে, নোটবাতিল, জিএসটিসহ একের পর এক সংস্কারমুখী পদক্ষেপের যা সুফল আছে, সময়ের সঙ্গে তা ফিকে হয়ে যাবে না তো? এই একই প্রশ্ন যদি মোদির মাথাতেও ঘুরপাক খেয়ে থাকে, তাহলে কিন্তু তাঁর লোকসভা ভোট এগিয়ে আনার পরিকল্পনা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আর শুধু লোকসভা ভোটই নয়, বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচনও একইসঙ্গে সেরে ফেলতে চান প্রধানমন্ত্রী এবং তাঁর বিশ্বস্ত সেনাপতি তথা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫