আগস্ট ১৭, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করব একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, যে ব্যক্তি কোনো গরীব মুসলমান দেখে তাকে যথাযথ সম্মান না জানিয়ে অবজ্ঞাভরে সালাম দেয় কিয়ামতের দিন মহান আল্লাহ ওই অহংকারী ব্যক্তির ওপর মারাত্মক ক্ষুব্ধ হবেন।

মূল্যবান হাদিস শুনলাম। এবারে চিঠিপত্র ও ইমেইলের দিকে নজর দেই। আজকের আসরের প্রথমেই আমাদের এক পুরনো শ্রোতা ভাই’র ইমেইল।

বহলুল: আচ্ছা! তিনি আগে বাংলাদেশে ছিলেন এখন মধ্যপ্রাচ্যের একটি দেশে আছেন তাই না?

একেবারে একশতে একশ পেয়েছেন বহলুল ভাই। হ্যাঁ তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার গান্দাছি গ্রামের বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাবের সভাপতি মোঃ সোহাগ বেপারী। তিনি প্রথমেই জানিয়েছেন, দুঃখ ভরা হৃদয়ে এ চিঠি লিখছেন তিনি।  তার এ দুঃখের কারণও ব্যাখ্যা করেছেন ভাই সোহাগ বেপারি। তিনি লিখেছেন, ডাকাতিয়া নদীর কবলে পড়েছে তার ঘরবাড়ি। অথচ এ ডাকাতিয়া নদী নিয়ে লেখালেখির কারণে রেডিও তেহরান এক সময় তাকে ‘ডাকাতিয়ার পাড়ের বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিল।

চিঠিতে আশাবাদ ব্যক্ত করে ভাই সোহাগ বেপারি লিখেছেন,  ডাকাতিয়া তুই ভালো থাকতোর মনে যদি দয়া থাকে তাহলে রেহাই দিস আমার ঘরবাড়ি। এ ছাড়া তিনি সবাইকে দোয়া করারও অনুরোধ করেছেন।

বহলুল: ভাই সোহাগ বেপারি নদী ভাঙনের হাত থেকে আপনার ঘরবাড়িসহ সবার ঘরবাড়ি জমিজিরাত রক্ষা পাক এ কামনা করছি আমারা সবাই।

ভবিষ্যতে আরো ইমেইল করবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলে আশা করছি।  আরেকটি কথা, ভাই সোহাগ বেপারি, মধ্যপ্রাচ্যে এসেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন দেখে ভালো লাগল।  আমাদের অনুষ্ঠান কেমন শোনা যায় পরের ইমেইলে তাও জানাবেন আশা করছি। 

এরপরের চিঠিটি এসেছে বাংলাদেশের  নওগাঁ জেলার  মহাদেবপুর রহিমাপুর সোনালী রেডিও ক্লাব থেকে। আর এটি লিখেছেন এ ক্লাবের সম্পাদক আবদুল গনি।  তিনি জানতে চেয়েছেন, রেডিও তেহরানের সদর দফতর তেহরানের কোথায় অবস্থিত।

রেডিও তেহরানের সদর দফতর তেহরানের ওয়ালি আসর নামের একটি সড়কে অবস্থিত।  আর এই দফতরের পাশেই রয়েছে তেহরানের বিখ্যাত পার্ক- পার্কে মিল্লাত।

ভাই আব্দুল গনির চিঠি শেষ হয়নি এখনো।  এরপর তিনি আরো প্রশ্ন করেছেন, রেডিও তেহরান কেনো ২৪ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করে না?

২৪ ঘণ্টা অনুষ্ঠান প্রচারের ইচ্ছা থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না ভাই আব্দুল গণি।  তবে এ প্রশ্নের মাধ্যমে রেডিও তেহরানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ পেয়েছে।  সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। ভবিষ্যতে আরো চিঠি দেবেন বলে আশা করছি। 

এরপর যে চিঠি হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। অসমের চিরাং জেলার ভাষানীপুর থেকে এটি লিখেছেন মোঃ তোরাব সর্দার। এ শ্রোতা ভাই লিখেছেন, রেডিও তেহরান শোনার প্রচলন না কমলেও আমাদের চিঠি লেখার অভ্যাস প্রায় নষ্ট হয়ে গেছে। তাই চিঠি লেখা হয় না। এ জন্য আপনারা কিছু মনে করবেন না। তবে রেডিও তেহরানের সব অনুষ্ঠানই যে ভালো লাগে এ কথা না জানানো ঠিক হবে না। চিঠির শেষে তিনি আরো লিখেছেন, আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো ভালো অনুষ্ঠান প্রচার করা অব্যাহত রাখবেন।

বহলুল: চিঠি লেখার অভ্যাস সারা পৃথিবীতেই কমে গেছে এ জন্য কিছু মনে করার নেই। তবে অনুষ্ঠান কেমন লাগছে তা জানানোর জন্য চিঠি ছাড়াও আরো অনেক পথ কিন্তু খোলা আছে।

হ্যাঁ ভাই তোরাব সর্দার, আপনাদের মতামত সত্যিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইমেইলসহ অন্যান্য মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন বলে আশা করছি।

আসরের এ পর্যায়ে নজর দেবো ওয়েবসাইট এবং ফেসবুকের গ্রুপে প্রকাশিত খবর নিয়ে পাঠক ভাইবোনদের প্রতিক্রিয়া এবং মন্তব্যের দিকে।  ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরানি শিক্ষার্থীদের বিক্ষোভ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে এবং ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা তেহরান বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীরা পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ তুলে নেয়ার দাবি জানায়। এ খবরের ছবিতে ইরানি নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশিত হয়েছে।

ফেসবুকের গ্রুপে এ খবরের দু’টি প্রতিক্রিয়া তুলে ধরছি। ভাই জুলফিকার আলী লিখেছেন আমাদেরও বোন আছে কিন্তু তারা এখন ব্যস্ত ভারতীয় নাটক নিয়ে।  প্লিজ তাদের ডিস্টার্ব করবেন না! তার এ ব্যঙ্গাত্মক বক্তব্যকে সমর্থন করেছেন ভাই আমিনুল ইসলাম। তিনি লিখেছেন, সঠিক বলেছেন।

এদিকে, 'আইএমএফ সদর দফতর চলে যেতে পারে চীনে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিস্টিনা লাগার্দে বলেছেনযদি চীনসহ অন্যান্য বড় বড় উদীয়মান বাজারের প্রবৃদ্ধি অব্যাহত থাকে তবে এক দশকের মধ্যে আইএমএফ সদর দফতর বেইজিংয়ে সরিয়ে নেয়া হতে পারে। ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে মন্তব্য করেছেন রেডিও তেহরানের নিয়মিত পাঠক ভাই মেহেদী হাসান মাসুম। তিনি লিখেছেন  খুবই ভালো হবে।

এদিকে সিরিয় সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই শেষ পর্যায়ে: হিজবুল্লাহ- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ জুলাই। এ খবরটি ফেসবুক গ্রুপে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সময়ের অভাবে শুধু একটি মন্তব্যই তুলে ধরছি।  ভাই শাহান মারুফ লিখেছেন, হিজবুল্লাহর উপর মহান আল্লাহর রহমত নাজিল হোক। আমিন।

বন্ধুরা, আমরা সবাই এ কামনা করছি। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায়ের পালা। সবাই ভালো থাকুন এবং নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি ইমেইল করুন, চিঠি লিখুন এবং রেডিও তেহরানের ওয়েবসাইটে নিয়মিত মন্তব্য করুন এ কামনা করে আজও গান শুনতে শুনতে এখানেই বিদায় নিচ্ছি।#