আগস্ট ১৯, ২০১৭ ০৬:৩৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বেরিয়ে আসছে বন্যার ক্ষত: বিধ্বস্ত বাড়িঘর সড়ক ব্রিজ- দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম
  • ফারাক্কা কমিটির সংবাদ সম্মেলন: বন্যার ৯২ ভাগ পানি উজানের- দৈনিক মানবজমিন
  • ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়: পুনর্বিবেচনার আবেদন করবে সরকার- দৈনিক প্রথম আলো
  • সরকার বিচার বিভাগকে প্রকাশ্যে করায়ত্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক
  • ৫ হাজার কোটি টাকার নতুন খাল খবর নেই পুরনোগুলো উদ্ধারের- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • বিপাকে শিক্ষার্থীরা: সৃজনশীল শিক্ষা কোচিং বাণিজ্যের জন্য আশীর্বাদ!- দৈনিক যায়যায়দিন
  • আবারো হামলার শিকার ইমরান এইচ সরকার- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • চিনকে ধাক্কা দিয়ে ডোকলাম বিতর্কে ভারতের হয়ে মুখ খুলল জাপান- দৈনিক আনন্দবাজার
  • চাপের মুখে এবার রাজ্যের সঙ্গে বৈঠকে রাজি মোর্চা- দৈনিক বর্তমান
  • বিজেপির ‘মিশন ২০১৯’, অন্তত ৩৫০ আসন টার্গেট অমিত শাহর- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বেরিয়ে আসছে বন্যার ক্ষত: বিধ্বস্ত বাড়িঘর সড়ক ব্রিজ- দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে এসব এলাকায় বেরিয়ে আসছে বন্যার ক্ষত। পানির তোড়ে ভেঙেচুরে একাকার হয়ে গেছে কাঁচা-পাকা সড়ক। কোথাও ভেঙে পড়েছে ব্রিজ, কোথাও বা দেবে গেছে। ফলে বন্যাকবলিত জেলাগুলোতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত। এমনও অনেক উপজেলা রয়েছে, যেখান থেকে জেলা সদরে চলাচলের একমাত্র মাধ্যম নৌকা।

রাজবাড়ীতে অভ্যন্তরীণ এবং দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে ডুবে বা ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। পানি উঠেছে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এতে বন্ধ রয়েছে পাঠদান। বন্যাকবলিত লাখো মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধ, সড়ক বা কোনো আশ্রয় কেন্দ্রে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বিভিন্ন এলাকায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। পচা ঘাস-খড় খেয়ে এগুলো অসুস্থ হয়ে মারাও যাচ্ছে। এতে দুর্গত মানুষের কষ্ট আরও বাড়ছে। পাশাপাশি কোথাও কোথাও দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। শুক্রবার বন্যার পানিতে ডুবে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান বন্যার ৬ দিনে মারা গেছে ৭৫ জন।

ফারাক্কা কমিটির সংবাদ সম্মেলন: বন্যার ৯২ ভাগ পানি উজানের- দৈনিক মানবজমিন

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউ ইয়র্ক ও বাংলাদেশ কমিটি আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে এখন দেশের ৩০টি জেলা মারাত্মকভাবে বন্যাকবলিত। বন্যা উপদ্রুত এলাকায় জীবন-যাপন, কৃষি, শিল্প, সবজি ও মৎস্য খামার, বসতভিটা এমন কি রাস্তাঘাট ও রেললাইন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। নদী ও পানি বিশেষজ্ঞদের মতে বন্যার ৯২ ভাগ পানিই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদীর উজানের অববাহিকা থেকে আসে। বাকি ৮ ভাগ পানি স্থানীয় বৃষ্টিপাত ও পাহাড়ি ঝর্ণার। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে সংগঠন দু’টি ‘বর্ষায় অতি বন্যা এবং শুকনো মৌসুমে পানিশূন্যতা-ভারসাম্যহীন নদী ব্যবস্থাপনার পরিণাম’- শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়: পুনর্বিবেচনার আবেদন করবে সরকার- দৈনিক প্রথম আলো

ষোড়শ সংশোধনী মামলার রায়ে সংক্ষুব্ধ সরকার রায় পুনর্বিবেচনা বা রিভিউর আবেদন করবে। তবে তা কখন করা হবে, সে প্রশ্নে সরকার এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তা ছাড়া আলাদাভাবে এক্সপাঞ্জ চাওয়া হবে কি না, সে বিষয়েও সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছে। সরকারের নীতিনির্ধারকেরা প্রধান বিচারপতির অবসরে যাওয়া এবং তার আগে আদালতের কার্যদিবস নিয়েও হিসাব-নিকাশ করছেন। দেওয়ানি কার্যবিধিতে অবশ্য রায়দানকারী বিচারকের কাছেই রিভিউর আবেদন করার বিধান আছে। আর রিভিউর আবেদন করার সময় হচ্ছে রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে।

যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোর কাছে রিভিউর জন্য মূল রায়ের সার্টিফায়েড কপি চেয়ে সরকারের দরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু রিভিউ আবেদন কবে করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা রায় পরীক্ষা করে দেখছি।’ এক্সপাঞ্জের জন্য আলাদা দরখাস্ত, নাকি রিভিউর দরখাস্তের মধ্যেই এক্সপাঞ্জ চাওয়া হবে, এর উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনি এ বিষয়ে আর যত প্রশ্নই করুন, রায় পরীক্ষা করে দেখা চলমান রয়েছে, এর বাইরে এ মুহূর্তে সরকারের বক্তব্য নেই।’

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে প্রধান বিচারপতি এস কে সিনহার অবসরে যাওয়ার তারিখ বিবেচনা করে রিভিউ আবেদনের বিকল্পও সরকার ভাবনায় রেখেছে। এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে শীর্ষস্থানীয় আইনজীবী ও আওয়ামী লীগের তিন জ্যেষ্ঠ নেতা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সরকার বিচার বিভাগকে প্রকাশ্যে করায়ত্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার বিচার বিভাগকে প্রকাশ্যে করায়ত্ত করার চেষ্টা করছে। সর্বোচ্চ আদালতের রায় যখন আসে, যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে গেলে তারা সংক্ষুব্ধ হতে পারে। কিন্তু সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন তা ইতিহাসে নজিরবিহীন। সরকার সারাদেশের মানুষকে জানিয়ে জোর করে রায় নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। তাই এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি প্রয়াত সাংবাদিক-রাজনীতিক আনোয়ার জাহিদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক সরকারের কোন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আদালতের বিরুদ্ধে মন্ত্রীদের মন্তব্য নিয়ে প্রশ্ন রেখে ফখরুল বলেন, মানুষ প্রশাসনের কাছে আক্রান্ত হলে যায় বিচার বিভাগের কাছে। কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে মন্ত্রীদের বক্তব্য সতিই দুঃখজনক। একটি বেসামরিক ব্যবস্থায় সরকার কীভাবে বিচার বিভাগের ওপরে এ ধরনের হস্তক্ষেপ করে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে এখন রাষ্ট্রের উপর হাত দিয়েছে। রাষ্ট্রের ভিত্তি এক এক করে ধ্বংস করে দিচ্ছে।সরকার ইচ্ছে করেই দেশে সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।

'খালেদার রাজনীতি এখন লন্ডনের টেমস নদীর পাড়ে'- দৈনিক ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রাজনীতি এখন লন্ডনের টেমস নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে। বাংলাদেশে এখন আর আন্দোলন নেই। তাদের কোন রাজনীতি নেই। ঈদের আগে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তিনি। মন্ত্রী বলেন, ’আন্দোলনের নামে আট বছর চলে গেছে, আন্দোলনের মরা নদীতে জোয়ার আসে না। ফখরুল সাহেব তাই বসে বসে কান্নাকাটি আর প্রেসব্রিফিং করছেন।’

শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'মানুষের মনোবল ও সাহস যতদিন থাকবে ততদিন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। কেউ বঞ্চিত করতে পারবে না। আগামী রবিবার দিনাজপুরে প্রধানমন্ত্রী আসবেন, আপনাদের সুখ-দুঃখ দেখবেন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন।'

'আমরা দুই একদিনের জন্য সাহায্য দিতে বা ফটো সেশন করতে আসেনি' বলে দাবী করে তিনি বলেন, 'লোক দেখানো রিলিফ দিতে আসেনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ কথা বলতে এসেছি, যতদিন এই ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন না হবে, অসহায় গরীব মানুষ তাদের ঘর-বাড়িতে ফিরে না যাবে ততদিন সরকার সাহায্য করে যাবে।' ভেঙে যাওয়া ঘর-বাড়ি নতুন করে নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন তিনি।

৫ হাজার কোটি টাকার নতুন খাল খবর নেই পুরনোগুলো উদ্ধারের- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সরকার ঢাকার একটি অঞ্চলে হাজার হাজার কোটি টাকা খরচ করে নতুন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় করা হচ্ছে মূল অর্থ। একদিকে সরকারের এই পদক্ষেপ অন্যদিকে ঢাকার ৩৯টি খাল গত ৩২ বছরে বিলুপ্ত হয়েছে। যা বাকি আছে সেগুলোও দখলদারদের কবলে। খালের দুই পাশে হাঁটা অথবা যান চলাচলের সড়ক নির্মাণ করে সংরক্ষণের পদক্ষেপ নেই। অন্যদিকে অপরিকল্পিত নগর উন্নয়নের কবলে পড়ে খালের ওপর নির্মাণ করা হয়েছে বক্স কালভার্ট। যাতে করে ধোলাইখাল থেকে ফকিরাপুল সেগুনবাগিচা খাল সব এখন বিলুপ্ত। বছর যায় নতুন পরিকল্পনা হয়। কিন্তু মূল সংকট সমাধান না করে অর্থ ব্যয় হয় বিভিন্নভাবে। এ কারণেই নগরবাসীকে চরম ভোগান্তি ও জলাবদ্ধতায় পড়তে হয়।

বিপাকে শিক্ষার্থীরা: সৃজনশীল শিক্ষা কোচিং বাণিজ্যের জন্য আশীর্বাদ!- দৈনিক যায়যায়দিন

কোচিংবাণিজ্যের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি চালু করা হলেও এ পদ্ধতিই এখন বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কোচিংবাজ শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কৌশলে শিক্ষার্থীদের কোচিংয়ে নিতেও সৃজনশীল পদ্ধতিকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। নিরুপায় হয়ে বিত্তশালী পরিবারের শিক্ষার্থীরা এ জোয়ারে গা ভাসালেও নিম্নবিত্ত-মধ্যবিত্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মহাবিপাকে পড়েছেন।

শিক্ষাবিদরা বলছেন, সৃজনশীল পদ্ধতি মুখস্থ বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকরি ও সহজে আয়ত্তকরণযোগ্য। শ্রেণিকক্ষে ভালো করে পড়ালে এ জন্য প্রাইভেট বা কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। তাদের ভাষায়, এ পদ্ধতিতে কিছু কৌশল অবলম্বন করে পড়াতে হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফাঁকিবাজি করে সৃজনশীল পদ্ধতিকে কঠিন বিষয় বলে উপস্থাপন করছেন। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষণ না পেয়ে বাধ্য হয়ে ছুটছে কোচিংয়ের সানি্নধ্যে। বলা হচ্ছে, সৃজনশীল পদ্ধতিকে শিক্ষার্থীদের জন্য আতঙ্ক হিসেবে উপস্থাপন করছে বেশিরভাগ শিক্ষকই যা শিক্ষার্থীদের মধ্যেও তৈরি করেছে এক ভীতিকর পরিবেশ। ফলে শেষ রক্ষা হিসেবে যে কোনো মূল্যে কোচিংয়ের সানি্নধ্যে যেতে শিক্ষার্থীরাও মরিয়া হয়ে উঠেছে। পুরো ব্যবস্থাটিকে এমন এক স্থানে নিয়ে দাঁড় করানো হয়েছে যে কোচিং, টিউশনি ছাড়া এ ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য অকল্পনীয় হয়ে উঠছে।

আবারো হামলার শিকার ইমরান এইচ সরকার- দৈনিক নয়াদিগন্ত

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের উপর ফের হামলা চালিয়েছে একদল দুর্বৃতশুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পরীবাগের বাসায় ফেরার পথে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ হামলা চলানো হয়।

এতে ইমরান এইচ সরকারের সাথে থাকা ৬-৭ জন গণজাগরণ মঞ্চের কর্মী আহত হয়েছেন।হামলার বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘গতকালের মতো আজো আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের ৬-৭ কর্মী আহত হয়েছে। তবে আমার তেমন ক্ষতি করতে পারেনি।’

ছাত্রলীগের দিকে হামলার বিষয়টি ইঙ্গিত করে ইমরান বলেন, যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এবং এর আগেও দুই বার হামলা করেছিল তারাই এটি করেছে। এবিষয়ে শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

চিনকে ধাক্কা দিয়ে ডোকলাম বিতর্কে ভারতের হয়ে মুখ খুলল জাপান- দৈনিক আনন্দবাজার

ডোকলাম বিতর্কে ভারতের পাশে দাঁড়াল জাপান। চিনকে জোর কূটনৈতিক ধাক্কা দিয়ে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত জানালেন, ত্রিদেশীয় সীমান্তে যে স্থিতাবস্থা রয়েছে, একতরফা ভাবে এবং বলপূর্বক তা ভাঙার চেষ্টা করা কোনও পক্ষেরই উচিত নয়। ডোকলাম বিতর্কে ভারতের যা অবস্থান, তাকেই পুরোপুরি সমর্থন করল জাপানের এই বিবৃতি। ডোকলাম এলাকাটিকে নিয়ে বিরোধ মূলত চিন এবং ভুটানের মধ্যে হলেও, ভুটানের সঙ্গে ভারতের নিরাপত্তা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি থাকায় ভারতকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। নয়াদিল্লির হয়ে এমন সওয়ালও করেছেন জাপানি রাষ্ট্রদূত কেনজি হিরামাৎসু।

চাপের মুখে এবার রাজ্যের সঙ্গে বৈঠকে রাজি মোর্চা- দৈনিক বর্তমান

সাঁড়াশি চাপে ক্রমশ সুর নরম করছে মোর্চা। পাশপাশি বদলাচ্ছে তাদের অবস্থানও। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা নয় এতদিন এই গোঁ ধরে থাকলেও, রাতারাতি সুর বদলে বিমল গুরুংয়ের দল জানাল, রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে তারা রাজি আছে। শুক্রবার একথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি তথা জিএমসিসি’র আহ্বায়ক কল্যাণ দেওয়ান। এমনকী মোর্চা নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে পাহাড়ে বন্ধ প্রত্যাহার করে নিতেও তারা প্রস্তুত।

বিজেপির ‘মিশন ২০১৯’, অন্তত ৩৫০ আসন টার্গেট অমিত শাহর- দৈনিক সংবাদ প্রতিদিন

২০১৯ লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। সূত্রের খবর, মিশন ২০১৯-এ বিজেপির লক্ষ্য অন্তত ৩৫০টি আসন জেতা। যার মধ্যে ১৫০টি আসনের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, লোকসভা ভোটের আগে ঘর গুছিয়ে নিতে কেন্দ্রের আটজন মন্ত্রীকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ওই বৈঠকে কোন রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে বা কোন রাজ্যে বিজেপি কর্মীরা খানিকটা মনোবল হারিয়েছেন- সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিয়ে আলোচনা হয়। রাজ্য সফরের সময় এই সব তথ্য জোগাড় করে রেখেছিলেন অমিত শাহ। এই বিশেষ বৈঠকে পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সব তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯