আগস্ট ২০, ২০১৭ ০৬:২৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২০ আগস্ট রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ষোড়শ সংশোধনী রায়ে লাভক্ষতির হিসাব: যেসব কারণে ক্ষুব্ধ আওয়ামী লীগ- দৈনিক যুগান্তর
  • সেমিনারে মুক্তিযুদ্ধমন্ত্রী: প্রধান বিচারপতি শপথ ভেঙেছেন- দৈনিক প্রথম আলো
  • জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর কৌশল নিয়েছে সরকার : মির্জা ফখরুল
  • টাকা দিলেই নিয়োগ: জামায়াত না জঙ্গি জিজ্ঞাসে কোন জন!- দৈনিক ইত্তেফাক
  • ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা- দৈনিক মানবজমিন
  • রোহিঙ্গাবাহী নৌকা ফেরত- দৈনিক যায়যায়দিন
  • ত্রাণের আশায় বানভাসিরা- দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • উত্তরপ্রদেশে বেলাইন ট্রেন, ২৩ জনের মৃত্যু-দৈনিক আনন্দবাজার
  • বিপর্যস্ত উত্তরবঙ্গ, ২৮ আগস্ট পর্যন্ত রেল স্বাভাবিক হচ্ছে না- দৈনিক বর্তমান
  • ১৯শে লক্ষ্য ৩৬০, ৫০ বছর ক্ষমতায় থাকতে চান অমিত- দৈনিক আজকাল
  • গোরক্ষপুর ‘পিকনিক স্পট’ নয়, রাহুলকে কটাক্ষ যোগী আদিত্যনাথের- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ষোড়শ সংশোধনী রায়ে লাভক্ষতির হিসাব: যেসব কারণে ক্ষুব্ধ আওয়ামী লীগ- দৈনিক যুগান্তর

ষোড়শ সংশোধনী মামলার রায়ে সরকার এবং দলীয়ভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা। তারা বলেছেন, ওই রায়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। রাজনৈতিকভাবে বিরোধীপক্ষের হাতে ইস্যু তুলে দেয়া হয়েছে। বিএনপি এতদিন সরকারের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে আসছিল সেগুলোই রায়ের পর্যবেক্ষণে এসেছে।

এমনকি রায়ে বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায়ে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে অপ্রাসঙ্গিকভাবে টেনে আনা হয়েছে। এমনকি প্রশ্ন তোলা হয়েছে বঙ্গবন্ধুর একক নেতৃত্ব নিয়ে। তাই তারা বিষয়টিকে আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অপরদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা বলেছেন, তারা এতদিন অকার্যকর সংসদ ও নির্বাচন কমিশন এবং প্রতিটি ক্ষেত্রে সরকারের নির্লজ্জ দলীয়করণ, দুর্নীতি ও মানবাধিকার লংঘনের বিষয় নিয়ে যা যা বলে আসছিলেন ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে সেগুলোই উঠে এসেছে।

সেমিনারে মুক্তিযুদ্ধমন্ত্রী: প্রধান বিচারপতি শপথ ভেঙেছেন- দৈনিক প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন। তাই তাঁর প্রধান বিচারপতি হিসেবে পদে থাকার কোনো যোগ্যতা নেই। তিনি প্রধান বিচারপতিকে রায়টি তাঁর নিজের উদ্যোগে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে বা নিজ দায়িত্বে সংশোধনের কথা বলেন। গতকাল শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে মন্ত্রী ছাড়া অন্যান্য আলোচকের বক্তব্যে রায়ের প্রসঙ্গ প্রাধান্য পায়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সেমিনারে সভাপতির বক্তব্যে বলেন, আলোচনায় মূল বিষয়ের চেয়ে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এ রায় মামলার বিষয়বস্তু থেকে অনেক দূরে সরে গেছে, তাই একে পুঁথিপাঠ ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শামসুদ্দিন চৌধুরী মানিক।

জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর কৌশল নিয়েছে সরকার : মির্জা ফখরুল

ক্ষমতাসীনরা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের মূল বিষয় থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিএনপি নীরব হয়ে গেছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা হচ্ছে আওয়ামী লীগের সহজাত কৌশল। তারা এই কৌশলের মাধ্যমে মূল বিষয় থেকে জনমতকে অন্যদিকে নেয়ার চেষ্টা করে। এজন্য তারা উল্টো-পাল্টা কথা বলছে।

ওবায়দুল কাদের বলেছেন, আমরা রায় সম্পর্কে বলেছি, পর্যবেক্ষণে বর্তমান রাজনীতি সম্পর্কে যে কথাগুলো আছে, সে সম্পর্কে বলেছি। তিনি সুপ্রিম কোর্টের সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে জিয়াউর রহমনের ক্ষমতা দখল নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যের প্রতি ইংগিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন যদি অবৈধ হয়ে থাকে, তা হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ তার সরকারের সময় তার বিধিমালা অনুসরণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল। পরবর্তীকালে সংসদ নির্বাচন, পরবর্তী রাজনীতি কিন্তু তার ওপর দিয়ে চলেছে। আমরা বলতে চাই, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা অবৈধ হতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেয়া অবৈধ হতে পারে না, সাংবাদিকদের মুক্ত করে দেয়া ও সংবাদপত্রের স্বাধীনতা দেয়া অবৈধ হতে পারে না।

টাকা দিলেই নিয়োগ: জামায়াত না জঙ্গি জিজ্ঞাসে কোন জন!- দৈনিক ইত্তেফাক

টাকা দিলেই এখন নিয়োগ পাওয়া যায়! সে যে ধরনের চাকরিই হোক না কেন। আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি বা পিওন পদে চাকরির জন্যও ঘুষ দিতে হয়? আর এই ঘুষের রেট এমন পর্যায়ে গেছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এসব কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মেধাবী শিক্ষার্থীরা। টাকা দিয়ে বেশিরভাগ চাকরি মিলছে, জঙ্গি-জামায়াত শিবিরের। টাকার নেশায় ‘জামায়াত না জঙ্গি জিজ্ঞেসে কোনজন’।

তবে রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো জঙ্গি-জামায়াতও ঘুষ দিয়ে ঢুকে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীতে। অস্ত্র নিয়ে তারা দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশপাশে। ঘুষের কারণে এদের পরিচয়ও বদলে যাচ্ছে, হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোক। গ্রামের বাড়িতে যে পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানেও এক-দুই হাজার টাকায় পরিচয় বদলে ফেলা যায়। টাকা দিলে আওয়ামী লীগ সমর্থক আর টাকা না দিলে আওয়ামী লীগ সমর্থক পরিবারের সদস্যরাও হয়ে যাচ্ছেন জামায়াত-বিএনপি বা জঙ্গি গ্রুপের সদস্য।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ইত্তেফাককে বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তারা নির্বাচিত হলেও আমরা তাদের বাদ দেই। আর মাদকাসক্ত হলে নিয়োগের আগে যে মেডিক্যাল পরীক্ষা হয় সেখানে ধরা পড়ে। এ ধরনের কেউ ধরা পড়লে তাদেরও বাদ দেওয়া হয়। বর্তমানে যারা কর্মরত আছেন তাদের মধ্যেও কেউ যদি মাদকাসক্ত হন তাহলে ধরা পড়লে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই।’

ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা- দৈনিক মানবজমিন

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৯৭৬ কোটি টাকা। আর জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৪৮ কোটি টাকা, যা বিতরণ হওয়া ঋণের ১০.১৩ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে এ খাতে খেলাপি ঋণ ছিল প্রায় ৬২ হাজার কোটি টাকা। অর্থাৎ গত ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ১৪৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ঋণ বিতরণে অদক্ষতা, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি কাজ করছে। অন্যদিকে যাচাই-বাছাই না করেই দেয়া হচ্ছে ঋণ। এছাড়া বিশেষ সুবিধাপ্রাপ্ত নিয়মিত ঋণগুলো আবারও খেলাপি হয়ে পড়ছে। ফলে  বাড়ছে খেলাপি ঋণ। তাই এ বিষয়ে সতর্ক ও সচেতন না হলে আগামীতে অনেক ব্যাংকিং খাত সংকটের মধ্যে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গাবাহী নৌকা ফেরত- দৈনিক যায়যায়দিন

টেকনাফে ঢোকার সময় রোহিঙ্গাদের একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে কোস্ট গার্ড। মিয়ানমারের রাখাইন প্রদেশে সে দেশের সেনা-সমাবেশের কয়েক দিন পর শনিবার ভোরে নৌকাটি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

টেকনাফের শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এসএম কবির হোসেন বলেন, 'নৌকাসহ মিয়ানমারের ৩১ রোহিঙ্গাকে নাফ নদী দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে।'নৌকাটিতে নয়জন নারী ও ২২ জন পুরুষ ছিলেন বলে কোস্ট গার্ড কর্মকর্তারা জানান।কবির হোসেন বলেছেন, কোস্টগার্ড টহল জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

গত মঙ্গলবার বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেছিলেন, 'মিয়ানমার রাখাইন প্রদেশের সীমান্তের মংডু, বুচিডং ও রাচিডংসহ বেশ কয়েকটি এলাকায় কিছুদিন ধরে সেনা সমাবেশ বাড়িয়েছে।'রোহিঙ্গা অনুপ্রবেশসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমরাও ফোর্স বাড়ানোর পাশাপাশি সীমান্তে নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি জোরদার করেছি।'গত বছর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ও রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর বহু রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে।চলতি মাসের ৪ তারিখে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থাং তুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেন।কয়েক লাখ রোহিঙ্গা কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান নিয়ে আছে।

ত্রাণের আশায় বানভাসিরা- দৈনিক ইনকিলাব

দেশের উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে যমুনা, কুড়িগ্রাম ফেরীঘাট পয়েন্টে ধরলা, চিলমারী পয়েন্টে ব্রক্ষপুত্র, গোয়ালন্দ পয়েন্টে পদ্মা, নঁওগায় আত্রাই নদীর, ছোট যমুনা, নাটোরের নলডাঙ্গায় বারনই, সিংড়ায় আত্রাই, গাইবান্ধায় ব্র্র্রক্ষপুত্র, করতোয়া, ঘাঘটের পানি, ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট পয়েন্টে, গোবিন্দগঞ্জে করতোয়া নদীর কাটাখালী পয়েন্টে পানি কমতে শুরু করলে এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছু জায়গায় স্থিতিশীল এবং কিছু জায়গায় আরও অবনতি হয়েছে। সেই সাথে নদীভাঙন আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

রাজধানী ঢাকা এবং ঢাকার আশপাশের নদ-নদীগুলোতে পানি গতকাল সকাল পর্যন্ত বৃদ্ধি পেলেও সন্ধ্যা অবধি ফের কমতির দিকে। সরকারি হিসেবে বন্যায় মৃতের সংখ্যা ৯৩ জনে হলেও বেসরকারি হিসেবে শতাধিক। অচল হয়ে পড়েছে বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি আর ভাঙনে বসতবাড়ি তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে পরিবার-পরিজন ও গবাদিপশু নিয়ে আত্মীয়স্বজনের বাড়ি, উঁচু জমি ও বাঁধে পলিথিন মোড়ানো খুপড়ি ঘরে আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই রয়েছেন খোলা আকাশের নিচে। রাতে মানুষ তাদের গবাদি পশু নিয়ে একই স্থানে গাদাগাদি করে কোন রকমে রাত পার করছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

উত্তরপ্রদেশে বেলাইন ট্রেন, ২৩ জনের মৃত্যু-দৈনিক আনন্দবাজার

কানপুরের পরে মুজফফ্‌রনগরের কাছে খতৌলী। আবার বড়সড় রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে। পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ২৩টি কামরার মধ্যে ১৪টি আজ সেখানে ছিটকে যায় লাইন থেকে। সরকারি সূত্রে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। স্থানীয়দের মতে, মৃতের সংখ্যা ৪০। আহত অন্তত ৪০ জন। দুর্ঘটনার কারণ নিয়ে এ বারেও উঠে আসছে চালক বা মেরামতির গাফিলতি, আর নাশকতার তত্ত্ব। প্রতিটি দুর্ঘটনার পরেই মন্ত্রী-নেতারা সুরক্ষার উপরে জোর দেওয়ার কথা বলে থাকেন। ব্যতিক্রম হয়নি এ বারেও। সুরক্ষার প্রশ্নে সুরেশ প্রভুর রেল যে খুব একটা এগোয়নি, আজ প্রমাণ মিলল ফের।

খতৌলীতে বিকেল ৫টা ৪০-এ লাইনচ্যুত হয় ট্রেনটি। কামরাগুলি একে অপরের উপরে উঠে যায়। একটি কামরা ছিটকে গিয়ে পড়ে লাইনের পাশে থাকা বাড়ির উপরে। দুর্ঘটনার আধ ঘণ্টার মধ্যে অন্ধকার নেমে আসায় উদ্ধারের কাজে সমস্যা হয়। রাতে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি আনন্দ কুমার জানান, আচমকা ব্রেক কষাতেই এই দুর্ঘটনা। সন্ধে পর্যন্ত ১০ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও যাত্রী আটকে রয়েছেন বলে আশঙ্কা রেলকর্তাদের।

১৯শে লক্ষ্য ৩৬০, ৫০ বছর ক্ষমতায় থাকতে চান অমিত- দৈনিক আজকাল

দিল্লি, ৫ বা ১০ বছরের জন্য নয়, ভারতীয় জনতা পার্টি অন্তত ৫০ বছর ক্ষমতায় থাকবে। বলেছেন সভাপতি অমিত শাহ৷ এর জন্য তিনি দলীয় কর্মীদের শক্ত হাতে হাল ধরতে বলেছেন৷ জানিয়েছেন, তাঁরা যেন দেশের প্রতিটি প্রান্তে দলটি নিয়ে যায়৷ কেন্দ্রে এখন সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি৷ ৩৩০ সাংসদ৷ বিধায়ক ১৩৮৭৷ দল এখন মধ্যগগনে৷ কিন্তু অনেক পথ পেরোনো বাকি৷ কর্মীদের দলের প্রতি একনিষ্ঠ হতে হবে৷

তিন দিনের সফরে ভোপাল এসেছেন অমিত শাহ৷ বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। দল থেকে এক বিবৃতিতে জানানো হয়, সেই বৈঠকে শাহ কী বলেছেন। বিজেপি সভাপতির ১১০ দিনের ভারত সফরের অঙ্গ এটি৷ দলের কর্মীদের তিনি বলেন,‘‌বিজেপিতে এখন ১০ থেকে ১২ কোটি সদস্য আছেন৷ দেশে এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের পতাকা নেই৷’‌ তবে ‘অকেজো’  নেতাদের দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে৷ রাজস্থান ও উত্তরাখণ্ডের পর এবার মধ্যপ্রদেশেও একই পদক্ষেপ করতে চলেছে বিজেপি৷ ২০১৮ সালে বিধানসভায় ২০০ আসন এবং ২০১৯–‌এর লোকসভা নির্বাচনে এই রাজ্যের ২৯টি আসনেই জেতার জন্য মধ্যপ্রদেশের নেতাদের ‘ভোকাল টনিক’ দিলেন অমিত শাহ৷‌‌

বিপর্যস্ত উত্তরবঙ্গ, ২৮ আগস্ট পর্যন্ত রেল স্বাভাবিক হচ্ছে না- দৈনিক বর্তমান

কোচবিহার ও জলপাইগুড়িতে বন্যার জল নামলেও মালদহ এবং দুই দিনাজপুরের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে মালদহ এবং উত্তর দিনাজপুরের ইটাহার, বালুরঘাট, গঙ্গারামপুরে কোথাও কোমরসমান, কোথাও বুকসমান জল। বহু মানুষ বাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল। জলে ভাসছে গৌড়বঙ্গের বহু এলাকা। নবান্ন থেকে সব জেলা প্রশাসনকে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে জল দাঁড়িয়ে আছে, তাতে সর্বত্র ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না। রাস্তাগুলি নদীর চেহারা নিয়েছে। যেখানে জল নেমেছে, সেখানে জরুরি ভিত্তিতে ভাঙা রাস্তা সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ চলছে। রাস্তা সারাইয়ের পর বাস চালাতে পরিবহণ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আগামী ২৮ আগস্টের আগে স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। শনিবার নর্থ ফ্রন্টিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজের মূল্যায়ন করে বলেছে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক করা ২৮ আগস্টের আগে সম্ভব নয়। যদিও যাত্রীদের সুবিধার্থে ডালখোলা-ডিব্রুগড়সহ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিচার করে যতদিন না রেল যোগাযোগ স্বাভাবিক হয়, ততদিন কলকাতা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে বাড়তি বাস পরিষেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন, পূর্ণ শক্তি দিয়ে এখন কলকাতা থেকে উত্তরবঙ্গে বাস চালানো হচ্ছে। কোনও যাত্রী পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, এমন কোনও অভিযাগ নেই। যতক্ষণ না ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ এভাবেই পরিষেবা দেওয়া হবে।

গোরক্ষপুর ‘পিকনিক স্পট’ নয়, রাহুলকে কটাক্ষ যোগী আদিত্যনাথের- দৈনিক সংবাদ প্রতিদিন

গোরক্ষপুর কোনও ‘পিকনিক স্পট’ নয়।  বি আর ডি হাসপাতাল পরিদর্শন নিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে এ ভাষাতেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগীর নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বি আর ডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৩০ জন শিশুর মৃত্যু ঘটনা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এই ইস্যুতে উত্তরপ্রদেশ সরকারকে কার্যত তুলোধোনা করেছে বিরোধীরা। গত ১১ অগাস্ট শিশুমৃত্যুর ঘটনার প্রকাশ্যে আসার পর, পরিস্থিতি খতিয়ে দেখতে বি আর ডি হাসপাতালে যান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর। গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর চাপ বাড়াতে বি আর ডি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোদ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। শনিবার তাঁর গোরক্ষপুর যাওয়ার কথা। আর কংগ্রেস সহ-সভাপতির গোরক্ষপুর সফরকে ঘিরে এখন তেতে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি। রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০