আগস্ট ২১, ২০১৭ ০৭:৪৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২১ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট আজ- দৈনিক যুগান্তর
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা: ১৩ বছরেও শেষ হয়নি গ্রেনেড হামলার বিচার- যায়যায়দিন
  • প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার গুঞ্জন শুরু হয়েছে : রিজভী- দৈনিক নয়াদিগন্ত
  • প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার চিন্তা নেই: আইনমন্ত্রী- দৈনিক প্রথম আলো
  • ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি- দৈনিক প্রথম আলো
  • যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো: প্রধানমন্ত্রী – দৈনিক মানবজমিন
  • খালেদার লিভ টু আপিল খারিজ, গ্যাটকো মামলা চলবে- দৈনিক সমকাল অনলাইন
  • প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ- দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • সন্ত্রাসবাদ কমছে, দাবি জেটলি ও রাজনাথের- দৈনিক আনন্দবাজার
  • চীনে যাওয়াই মনস্থ করলেন প্রধানমন্ত্রী- দৈনিক আজকাল
  • কালিম্পং বিস্ফোরণে নেপালের ভাড়াটে: জঙ্গিরা, মাইন পেতে ফের হামলার ছক- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট আজ- দৈনিক যুগান্তর

আজ সেই ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট। বারুদ আর রক্তমাখা বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ।

আর ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।

ওই সময় ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের শীর্ষপর্যায়ের ইন্ধনে ওই হামলা চালায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি)। এতে দলটির মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪ জন নিহত হন। হামলা থেকে বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে নেতাকর্মীরা সেদিন মানবঢাল তৈরি করেন। এতে শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

সেদিনের সেই হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতাকর্মীর অনেকেই ঘাতক গ্রেনেডের স্পি­ন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। হাত-পা, চোখসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়ে অমানবিক জীবনযাপন করছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফ মাথায় বিঁধে থাকা স্প্লিন্টারের যন্ত্রণা ভোগ করে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।

২১ আগস্ট গ্রেনেড হামলা: ১৩ বছরেও শেষ হয়নি গ্রেনেড হামলার বিচার- যায়যায়দিন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ইতিহাসের ভয়াবহ গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী আজ। এ সংক্রান্ত মামলার বিচারকাজ গত এক যুগেও শেষ হয়নি। দুটি মামলার বিচারকাজ চলছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী এজলাসে, ঢাকার এক নাম্বার দ্রুতবিচার ট্রাইব্যুনালে। বর্তমানে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে। ২২ ও ২৩ আগস্ট এই শুনানি শেষ হবে। এর পর উভয় পক্ষের যুক্তিতর্ক শুরু হবে বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী পিপি সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, আশা করা যাচ্ছে চলতি বছরেই মামলার বিচারকাজ নিষ্পত্তি হবে।

এই মামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পলাতক আসামিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে একজনকে ডিপোর্ট করা হচ্ছে। আশা করেন তাকে দ্রুত দেশে ফেরত আনতে পারবেন। এই আসামি মওলানা তাজউদ্দিন কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজনেরই অবস্থান শনাক্ত হয়েছে। তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার গুঞ্জন শুরু হয়েছে : রিজভী- দৈনিক নয়াদিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করতে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নজিরবিহীনভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির বাসায় নৈশভোজের নামে বৈঠকের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেলের বৈঠক হয়। বৈঠকে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করার প্রসঙ্গ নিয়ে এখন চারদিকে মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ এক্সপাঞ্জ চেয়ে আওয়ামী লীগ যে দাবি জানিয়েছে, তা আইনগতভাবে অসম্ভব। এটা এক্সপাঞ্জ করার সুযোগও নেই। সুপ্রিম কোর্ট যা বলবেন, সেটাই সংবিধান। বিচারকদের কাজই হচ্ছে বিস্তারিত বর্ণনার মাধ্যমে সংবিধানের অর্থ পরিষ্কার করা। দেশে গণতন্ত্রের যে শূন্যতা বিরাজ করছে, যেভাবে বিনা ভোটে বিতর্কিত সংসদ গঠন করা হয়েছে, দেশজুড়ে যে ভয়াল দুঃশাসন চলছে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট তা পরিষ্কার করেছেন।

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার চিন্তা নেই: আইনমন্ত্রী- দৈনিক প্রথম আলো

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করানোর কোনো অভিপ্রায় সরকারের নেই বলে দ্ব্যর্থহীন ভাষায় নিশ্চিত করেছেন আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, বিএনপি এ নিয়ে রাজনীতি করছে।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ক্ষমতাসীন দলের স্পর্শকাতরতা প্রকাশ পেয়েছে। আগামী মাসের গোড়াতেই জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন বসছে। সংসদে এ নিয়ে কতটা উত্তাপ তৈরি হবে, সে বিষয়ে অনেকের ভাবনা আছে। এই প্রেক্ষাপটে গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের বিধান ৯৭ অনুচ্ছেদ নিয়ে সরকারের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

দেশের ইতিহাসে এর আগে অনুচ্ছেদটি কখনো এভাবে আলোচনায় এসেছে বলে জানা যায় না। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ বলেছে, ‘প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোন ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।’

ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি- দৈনিক প্রথম আলো

ঈদে সরকারি ছুটি ছয় দিন করাসহ অন্যান্য ধর্মীয় উৎসবে ছুটি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রোববার পর্যন্ত এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী যদি সম্মতি দেন, তাহলে প্রস্তাবটি মন্ত্রিসভায় উঠবে। ফলে বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর ঈদ হতে পারে। বর্তমানে ঈদের সরকারি ছুটি তিন দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের প্রস্তাবনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়াতে গত জুলাই মাসে এই প্রস্তাবটি পাঠিয়েছিল। প্রস্তাবে ইনোভেশন ইউনিটের দেওয়া বিভিন্ন যুক্তি তুলে ধরে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটিতে ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলো থেকে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ বেশির ভাগ মানুষ ঈদ উদ্‌যাপনের জন্য গ্রামের বাড়ি বা নিজ শহরে যান। কিন্তু ছুটি সীমিত থাকায় পরিবহনের ওপর মাত্রাতিরিক্ত চাপ, দুর্ঘটনা বৃদ্ধিসহ দূরপাল্লার যাত্রাপথে দীর্ঘ জটের সৃষ্টি হয়। সার্বিক বিবেচনায় বিভিন্ন প্রধান ধর্মীয় উৎসবের সময় সরকারি ছুটি বাড়ানো হলে জনদুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি ছুটি বাড়লে উৎসবের আগে ও পরে যাত্রাপথে জনদুর্ভোগ ও দুর্ঘটনায় প্রাণহানি কমবে। উৎসব পালনও স্বাচ্ছন্দ্যময় হবে।

যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো: প্রধানমন্ত্রী – দৈনিক মানবজমিন

বন্যাদুর্গত মানুষের কষ্ট, দুর্দশা কাছ থেকে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেছেন ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। করেছেন ত্রাণ বিতরণ। বন্যার্তদের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, আপনাদের পাশে আছি, পাশে থাকব। সামনের ফসল উঠার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা পাবেন। যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেয়া হবে। ভূমিহীনদের স্থায়ীভাবে ঘরবাড়ি করে দেয়া হবে। দেশের প্রতিটি মানুষের খাদ্য, চিকিৎসা, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান

সরকার সব কিছু করছে। এ সরকার আওয়ামী লীগের সরকার। এ সরকার জনগণের সরকার। এ সরকার আপনাদের সরকার। আমার বাবা দেশের মানুষকে বেশি ভালোবাসতেন। তাই তিনি দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। আমিও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও কল্যাণে জীবন দিতে প্রস্তুত আছি। গতকাল প্রধানমন্ত্রী দিনাজপুর ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

খালেদার লিভ টু আপিল খারিজ, গ্যাটকো মামলা চলবে- দৈনিক সমকাল অনলাইন

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে নিম্ন আদালতে মামলাটি চলতে আর বাধা নেই।

 প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর আগে রোববার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদনী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। ২০১৫ সালের ৫ আগস্ট গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে  গত বছরের ১০ মে আপিল করেন বিএনপি চেয়ারপার্সন।

প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ- দৈনিক ইত্তেফাক

পবিত্র ঈদুল আজহার সময় পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। আর খাসি ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র প্রতি বর্গফুট চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা। রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতবারও ঈদে চামড়ার এই দর নির্ধারণ করা হয়েছিল।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে শিল্প সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য সচিব সুভাশিষ বোস, চামড়া ব্যবসায়ীসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যাই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবে। তিনি বলেন, চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

সন্ত্রাসবাদ কমছে, দাবি জেটলি ও রাজনাথের- দৈনিক আনন্দবাজার

এক জন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য জনের হাতে প্রতিরক্ষা আর অর্থমন্ত্রকের দায়িত্ব। রাজনাথ সিংহ আর অরুণ জেটলি। দু’জনেই আজ প্রায় একই সুরে জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ গত কয়েক বছরে অনেকটাই কমেছে। তার কৃতিত্ব দু’জনেই দিয়েছেন কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত আর এনআইএ-র সাম্প্রতিক তল্লাশি অভিযানকে।

লখনউয়ে আজ জাতীয় তদন্তকারী সংস্থার দফতর ও আবাসন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সেখানেই রাজনাথ বলেন, ‘‘কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা এখন অনেকটাই কমে গিয়েছে। আর তার পুরো কৃতিত্বটাই এনআইএ-র।’’ সম্প্রতি জম্মু-কাশ্মীরের নানা জায়গায় তল্লাশি করে সাত জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। পাকিস্তান থেকে টাকা নিয়ে ওই নেতারা পাথর ছোড়া, জঙ্গি হামলায় মদত দিতেন বলেই অভিযোগ। এই অভিযানের ফলে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভাটা পড়েছে বলে মনে করছেন রাজনাথ।

চীনে যাওয়াই মনস্থ করলেন প্রধানমন্ত্রী- দৈনিক আজকাল

ডোকা লা বিতর্কের মাঝেই এবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৩ থেকে ৫ সেপ্টেম্বর চীনে ব্রিকসের অন্তর্গত দেশগুলির নবম শীর্ষ সম্মেলন। যোগ দেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনটাই খবর। ওই সময়েই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল মোদির। সেখানে তাঁর পরিবর্তে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যোগ দিতে চলেছেন। গত নভেম্বরে কিডনি প্রতিস্থাপনের পর মোটামুটি দেশেই রয়েছেন সুষমা। সদ্য নেপাল সফর সেরে এসেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছেন খোদ প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বরের পর এটাই হবে সুষমার প্রথম দীর্ঘ বিদেশ সফর। সরকারিভাবে প্রধানমন্ত্রীর চীন সফরের কথা এখনও ঘোষণা করা হয়নি। সফরের কর্মসূচি নিয়ে মুখ খুলতে চাননি দায়িত্বপ্রাপ্ত আমলারাও। তবে জানা গেছে, ভারত–চীন সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনতেই ব্রিকস শীর্ষ সম্মেলনকে বেছে নিয়েছেন মোদি।

কালিম্পং বিস্ফোরণে নেপালের ভাড়াটে: জঙ্গিরা, মাইন পেতে ফের হামলার ছক- দৈনিক বর্তমান

কালিম্পং থানা লক্ষ্য করে গ্রেনেড হামলায় যৌথভাবে অপারেশন চালিয়েছে নাগাল্যান্ডের জঙ্গি সংগঠন এনএসসিএন এবং গোর্খা লিবারেশন আর্মি (জিএলএ)। এদের সঙ্গে যোগাযোগ রয়েছে মোর্চার শীর্ষ নেতৃত্বের। এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তাঁরা জানতে পেরেছেন, মূল কাজটি করেছে নেপাল থেকে আসা ভাড়াটে জঙ্গিরা। তারা নেপালের মাওবাদীদের সঙ্গে জড়িত বলেই প্রাথমিকভাবে সন্দেহ তদম্তকারী অফিসারদের। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হ্যান্ড গ্রেনেড নিয়ে আসা হয়েছে উত্তর-পূর্ব ভারত ও নেপাল থেকে। তবে গোয়েন্দাদের কাছে আসা আরও উদ্বেগজনক খবর হল, গ্রেনেডের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জায়গায় ল্যান্ডমাইন পাতার কাজ শুরু করেছে জঙ্গিরা। থানায় হামলার পর মোর্চার লক্ষ্য, টহলরত পুলিশ ভ্যান।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১