সৌদি এয়ারলাইন্সের হজ টিকিট বাণিজ্য
প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। ঢাকা থেকে প্রকাশিত আজকের সবগুলো দৈনিক নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় হাইকোর্টের দেয়া রায়কে প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে। এই খবরসহ ঢাকার দৈনিকগুলোর অন্যান্য শিরোনাম হচ্ছে:
বাংলাদেশের শিরোনাম:
- তারেক সাঈদ-নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল- দৈনিক ইত্তেফাক
- প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান হাছান মাহমুদের- দৈনিক ইত্তেফাক
- বঙ্গবন্ধুর সই করা সংবিধান ‘আমরা’ দিয়ে শুরু হয়েছিল- দৈনিক প্রথম আলো
- সমাজের ঘটনা আমাদের স্পর্শ করে: প্রধান বিচারপতি- দৈনিক মানবজমিন
- ভারতের ড্যাম ব্যারাজে শত শত নদীর মৃত্যুতেই ভয়াবহ বন্যা- দৈনিক নয়াদিগন্ত
- সৌদি এয়ারলাইন্সের হজ টিকিট বাণিজ্য- দৈনিক যুগান্তর
- 'লীগ যেন রাজা আর সবাই প্রজা: ফখরুল- দৈনিক যায়যায়দিন
- বগুড়ায় পুলিশি নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ- দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- তিন তালাক অবৈধ ও অসাংবিধানিক: সুপ্রিম কোর্ট- দৈনিক বর্তমান
- এ বার বন্ধ উঠুক, চাইছেন পাহাড়বাসী- দৈনিক আনন্দবাজার
- ২১টি ছদ্মনাম ‘মোস্ট ওয়ান্টেড’ ডনের- দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তারেক সাঈদ-নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল- দৈনিক ইত্তেফাক

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ১৫ জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত যে ২৬ আসামিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাদের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া অবশিষ্ট নয়জনকে নিন্ম আদালত বিভিন্ন মেয়াদে যে সাজা দিয়েছিলেন হাইকোর্টে তা পরিবর্তন হয়নি। আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
সাতশ’ পৃষ্ঠার এ রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, আসামিরা যে ধরনের অপরাধ করেছে, তারা যদি ছাড়া পেয়ে যায় তবে বিচার বিভাগের প্রতি জনগণ আস্থাহীনতায় ভুগবে। রায়ে স্বস্তি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পূর্ণাঙ্গ রায় পড়ে যাবজ্জীবনপ্রাপ্তদের বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে। নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আসামিরা যে ধরনের অপকর্ম করেছে তার উপযুক্ত শাস্তি হয়েছে।’ সুপ্রিমকোর্টেও এ রায় বহাল থাকবে এবং দ্রুত দণ্ড কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন এবং অবসরপ্রাপ্ত মেজর আরিফ হোসেনের আইনজীবী লুৎফুর রহমান আকন্দ ও এসএম শাহজাহান বলেছেন, রায়ে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেনি।
প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান হাছান মাহমুদের- দৈনিক ইত্তেফাক

শপথ ভঙ্গ, সংবিধান লঙ্গন ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি তার আসনকে কলংকিত করেছেন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে উপজাতীয় ও সংখ্যালঘু থেকে প্রথম প্রধান বিচারপতি হয়েছেন এস কে সিনহা। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘আপনি রায়ের পর্যবেক্ষণে বর্তমান সংসদকে অপরিপক্ক বলেছেন অথচ এই সংসদই আপনার বেতন-ভাতা মঞ্জুর করেছে। আমি অনুরোধ করবো আপনার রায়ের পর্যবেক্ষণের প্রতি সম্মান রেখে এ যাবত আপনি যে বেতন ভাতা গ্রহন করেছেন সমস্ত বতেন-ভাতা ফেরত দিন।
বঙ্গবন্ধুর সই করা সংবিধান ‘আমরা’ দিয়ে শুরু হয়েছিল- দৈনিক প্রথম আলো

ষোড়শ সংশোধনীর রায় অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে, তার পটভূমিতে সংবিধানপ্রণেতাদের অন্যতম এবং ওই মামলার একজন অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেনের সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সাক্ষাৎকারের একাংশে তিনি বলেছেন: “সর্বোচ্চ আদালতের রায় হোক কিংবা পর্যবেক্ষণ হোক, তা নিয়ে আদালতের চৌহদ্দির বাইরে অনভিপ্রেত বিতর্ক হবে, সেটা সাংবিধানিক কাঠামোতে কল্পনাই করা যায় না। কোনো ব্যাখ্যার দরকার হলে বা কোনো কারণে কেউ সংক্ষুব্ধ হলে যথাযথ ও প্রতিষ্ঠিত রীতিনীতি মেনে বিষয়টিকে সর্বোচ্চ আদালতেই নিয়ে যেতে হবে।
এ বিষয়ে নির্দিষ্টভাবে সংবিধানে দুটি বিধান আছে। এই দুটি মেনে চলা সবার জন্য বাধ্যকর। আমি রায় ঘোষণার পর থেকে শুধু এতটুকু বলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখছি, আর সেটা হলো সংবিধানের ১১১ ও ১১২ অনুচ্ছেদ অনুসরণ করা। যার সারকথা হলো, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা রায় ঘোষণার দিন থেকে ‘ঘোষিত আইন’, যার প্রতি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবেন। এখন সাধারণ মানুষের কাছে যদি এতটকুও প্রতীয়মান হয় যে এই সহায়তার পরিবর্তে যে অসহযোগিতা চলছে, তাহলে তা দুর্ভাগ্যজনক বলতে হবে।”
সমাজের ঘটনা আমাদের স্পর্শ করে: প্রধান বিচারপতি- দৈনিক মানবজমিন

সমাজের বিভিন্ন ঘটনা বিচারকদের স্পর্শ (টাচ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলার শুনানিকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন শুনানিতে ছিলেন। প্রধান বিচারপতি বলেন, সমাজে কি হচ্ছে তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি তখন একরকম আর যখন চেয়ারে বসি তখন আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এখানে ধনী গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসেন। আর আমরা তাদের বিচার করি। এ সময় মৌলভীবাজারে এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এই ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।
ভারতের ড্যাম ব্যারাজে শত শত নদীর মৃত্যুতেই ভয়াবহ বন্যা- দৈনিক নয়াদিগন্ত

স্বাধীনতার পর দেশে নৌপথের পরিমাণ ছিল ২৪ হাজার কিলোমিটার। বর্তমানে বর্ষা মওসুমে ছয় হাজার কিলোমিটার এবং শুকনো মওসুমে মাত্র দুই হাজার ৪০০ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। কোথায় হারিয়ে গেল এই দীর্ঘ নৌপথ, ছোটবড় অগণিত নদী, খাল, বিল হাওর আর জলাশয়?
উত্তরটা শোনা যাক ভারতের বিহার রাজ্যের তিনবার নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে। নীতিশ কুমার গত বছর ২৩ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেখা করে ফারাক্কা বাঁধ তুলে দেয়ার দাবি জানান। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় বিপুল পলি জমছে। আর এ কারণে প্রতি বছর বন্যায় ভাসছে বিহার। নীতিশ কুমার বলেন, এর একটা স্থায়ী সমাধান হলো ফারাক্কা বাঁধ তুলে দেয়া। তিনি বলেন, আগে পলিমাটি নদীর প্রবাহে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ত। কিন্তু ফারাক্কার কারণে এখন সে পলিমাটি নদীর বুকে জমা হয়ে ভরাট উপর্যুপরি বন্যা হচ্ছে। এ বন্যা থেকে পরিত্রাণের একটা উপায় ফারাক্কা বাঁধ তুলে দেয়া।
নীতিশ কুমার বিহার সরকারের পক্ষ থেকে একটি তালিকা তুলে দেন প্রধানমন্ত্রীর কাছে যেখানে ফারাক্কা বাঁধ নির্মাণের আগে ও পরে বিহারে গঙ্গার গভীরতা কতটা কমেছে তার হিসাব তুলে ধরা হয়েছে। ফারাক্কার কারণে বিহারের ৭৪ ভাগ এলাকা বর্তমানে বন্যাপ্রবণ। প্রতি বছর বন্যায় ভাসছে বিহার। ১৯৫২ সালে বিহারে মাত্র ৬০ কিলোমিটার বাঁধ ছিল। বর্তমানে তা তিন হাজার ৭০০ কিলোমিটারের বেশি। এসব ব্যারাজ ও ড্যামই বিহারে বন্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সৌদি এয়ারলাইন্সের হজ টিকিট বাণিজ্য- দৈনিক যুগান্তর

রিপ্লেসমেন্ট বন্ধ রেখে হাতেগোনা কয়েকটি এজেন্সির কাছে হজে যাওয়ার বিমান টিকিট দিয়ে সিন্ডিকেট ব্যবসার সুযোগ করে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে। সূত্রমতে, চলতি বছর সৌদি এয়ারলাইন্স তাদের ৬৫ হাজার টিকিটের মধ্যে প্রায় ২৫ হাজারই শানসাইন এক্সপ্রেসকে, আল গাজী ট্রাভেলসকে ১০ হাজার ও কাজী এয়ারকে ৮ হাজার টিকিট দিয়েছে। বাকি ২২ হাজার ২৭টি এজেন্সিকে দেয়া হয়েছে। এতে ওই তিনটি এজেন্সি টিকিটপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা বাড়তি দামে বিক্রি করেছে। সে হিসাবে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ সিন্ডিকেট।
এদিকে যাত্রী সংকটের কারণে এখন পর্যন্ত ২৮টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্স। এর মধ্যে বিমানের ২৪টি ও সাউদিয়ার ৪টি। এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা বলছেন, ফ্লাইট বিপর্যয়ের নেপথ্যে টিকিট সিন্ডিকেটের কারসাজি রয়েছে। এ কারসাজির কারণেই বিমানের হজ ফ্লাইটগুলো বাতিল হয়েছে। এতে শুধু বিমানেরই প্রায় ৬০ কোটি টাকা গচ্চা গেছে। তবে এ নিয়ে পরিচয় প্রকাশ করে হাবের কোনো নেতা কথা বলতে রাজি হননি। এ বিষয়ে হাবের একজন শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, এবার বিপুলসংখ্যক হজ ফ্লাইট বাতিলের মূল কারণ টিকিট সিন্ডিকেট। এ কারণেই ফ্লাইট বিপর্যয়। এ সিন্ডিকেট কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও তাদের বিরুদ্ধে বিমান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেয়নি।
আ'লীগ যেন রাজা আর সবাই প্রজা: ফখরুল- দৈনিক যায়যায়দিন

আওয়ামী লীগ সবসময় হুমকি-ধমকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা (আওয়ামী লীগ) এখন বিচার বিভাগকেও ছাড় দেয় না। তাদের ভাব দেখলে মনে হয় তারা দেশের মালিক-রাজা আর সবাই প্রজা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।
আপিল বিভাগ সত্য কথা বলেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, 'তাতে আওয়ামী লীগের গায়ে আগুন জ্বলে উঠেছে। কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো। এ জন্য তারা এখন বিচার বিভাগেও আক্রমণ করছে। তাদের কাছে বর্তমান প্রধান বিচারপতিও ছাড় পান না। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, 'আগে দেখেছি উপনেতা, পাতিনেতায় এরা চলছিল। এখন দেখছি সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন। এমন একটা ভাব- আওয়ামী লীগ হচ্ছে এ দেশের মালিক, জোতদার-জমিদার, রাজা; আর আমরা সবাই হলাম প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদের চলতে হবে তাদের ইচ্ছেমতো।'
বগুড়ায় পুলিশি নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ- দৈনিক সমকাল

বগুড়ায় পুলিশের নির্যাতনে মাসুদুল হক পিন্টু (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গ্রেফতারের দুই ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা ওই হাসপাতালের সিসিইউ-এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
সুরতহাল রিপোর্টের জন্য সন্ধ্যার পর পুলিশ মৃতদেহ বের করতে চাইলে স্বজনরা একযোগে বাঁধা দেন। স্বজনদের দাবি, নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা মৃতদেহ নিতে দিবেন না। নিহত মাসুদুল হক পিন্টু বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের মৃত জাহান আলীর ছেলে। তিনি আশেকপুর ইউনিয়ন বিএনপির ৩নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। পেশায় ট্রাক চালক পিন্টু আগে ইউনিয়ন পরিষদের সদস্যও ছিলেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
তিন তালাক অবৈধ ও অসাংবিধানিক: সুপ্রিম কোর্ট- দৈনিক বর্তমান

তিন তালাক প্রথা অবৈধ এবং অসংবিধানিক। ভিড়ে ঠাসা এজলাসে অপেক্ষমান কৌতুহলীদের সাক্ষী রেখে আজ এই ঐতিহাসিক রায় শোনাল সুপ্রিম কোর্ট। দীর্ঘ শুনানির পর দেশের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার রায়ে আজ জানিয়ে দিল, মুসলিম সমাজে ‘তালাক-ই-বিদ্দাৎ’ অর্থাৎ একসঙ্গে পরপর তিনবার তালাক বলার যে প্রথা দীর্ঘ ১৪০০ বছর ধরে চলে আসছিল, তা বাতিল করা হল। নিঃসন্দেহে এই রায় মুসলিম মহিলাদের সমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঐতিহাসিক এই রায় ঘোষণা হতেই তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই রায় ঐতিহাসিক। এর ফলে মুসলিম মহিলারা শুধু সমানাধিকারই পাবেন না, এই রায় মহিলাদের সামাজিক অবস্থানকে আরও বেশি শক্তিশালী করবে। রায়কে স্বাগত জানিয়ে বিজেপি সভাপতি অমিত শাহর মন্তব্য, এটা কারও ব্যক্তিগত হারজিতের বিষয় নয়। এই রায় গণতন্ত্রের জয়। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার বলেন, এই রায়ের ফলে মুসলিম মহিলাদের দীর্ঘদিনের বঞ্চনা খুচল। মামলার অন্যতম আবেদনকারী তিন তালাকের ভুক্তভোগী সায়রা বানু রায় শুনে আনন্দে প্রায় কেঁদেই ফেলেন। বলেন, আজ ভারতের একটি ঐতিহাসিক দিন।
এ বার বন্ধ উঠুক, চাইছেন পাহাড়বাসী- দৈনিক আনন্দবাজার

আড়ালে-আবডালে দোকানপাট খোলার প্রবণতা তো ছিলই। যেখান থেকে নিয়মিত চাল-ডাল-আলু-ডিম-সয়াবিন-চাউমিন কিনতে দেখা যাচ্ছিল মোর্চার বড়-মেজ-সেজ অনেক নেতার পরিবারের লোকজনকেও। যদিও সরাসরি বন্ধকে উপেক্ষার সাহস দেখাতে চাননি কেউই। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে দেখা গেল, অনেকেই ‘সাহস’ করে স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা করছেন। নবান্নে আলোচনার দিনক্ষণ ঘোষণার পরে তো খুব শিগগির ব্যবসা আবার চালু হবে ধরে নিয়ে অফিস-দোকান, গাড়ি পরিষ্কারের ধূম পড়েছে।
যেমন, এ দিন মিরিকে দেখা গেল পুরসভার অফিস খুলিয়ে ত্রাণ বিলি করলেন তৃণমূলের পুর চেয়ারম্যান লালবাহাদুর রাই। পুর চেয়ারম্যান বললেন, ‘‘বৃষ্টিতে ধসে অনেক ক্ষতি হয়েছে। ত্রিপল, পলিথিন দরকার দুর্গতদের। বন্ধ বলে ঘরে বসে থাকতে পারি না। তাই অফিস খুলিয়ে ত্রাণসামগ্রী বিলি করলাম।’
২১টি ছদ্মনাম ‘মোস্ট ওয়ান্টেড’ ডনের- দৈনিক আজকাল

ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিমের ২১টি ছদ্মনাম প্রকাশ্যে এল। ব্রিটেনের আর্থিক নিষেধাজ্ঞা তালিকা সম্প্রতি আন্ডারওয়াল্ড ডনের এই তথ্য সামনে এনেছে। শুধু তাই নয়, পাকিস্তানে ডনের তিনটি ঠিকানাও তাদের কাছে নথিবদ্ধ রয়েছে। আর্থিক নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে ব্রিটেনের তরফ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের নাম। দাউদ ইব্রাহিম সহ তার ২১টি ছদ্মনাম এবং ৩টি ঠিকানাও রয়েছে পাকিস্তানের।
ডনের বিরুদ্ধে ভারতে বহু অভিযোগ থাকলেও ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসাবে পরিচিত দাউদ। এই বিস্ফোরণে প্রায় ২৬০ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ৭০০ জন আহত। বিস্ফোরণের পরেই দাউদ দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পাকিস্তানে গা ঢাকা দেয়। যদিও পাকিস্তান মানতে চায় না যে দাউদ তাদের দেশে রয়েছে। তবে ভারতের দাবি, পাকিস্তান দাউদকে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে ঘিরে রেখে দিয়েছে। পুলিস সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের রত্নাগিরি খেরে জন্ম দাউদের। সরকারি তথ্য অনুযায়ী দাউদ ‘ভারতীয়’। যদিও ভারত সরকার তার ভারতীয় পাসপোর্ট বাতিল করে দেয় এবং অভিযোগ আনে যে দাউদ ভারত–পাকিস্তান পাসপোর্টের অপব্যবহার করছে।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩