আগস্ট ২৪, ২০১৭ ০৬:৪১ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৪ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • শেষ মুহূর্তেও শেষ হচ্ছে না হজযাত্রীদের অনিশ্চয়তা- ইত্তেফাকের শীর্ষ শিরোনাম
  • প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার: রিজভী- দৈনিক মানবজমিন
  • আপনারই লজ্জা পাওয়ার কথা, রাষ্ট্র কী করে?- দৈনিক যায়যায়দিনের প্রধান শিরোনাম
  • সাত খুন মামলার পিপির মেয়েকে হত্যা ও অপহরণ চেষ্টা- দৈনিক যুগান্তর
  • বাংলাদেশে গরু ঢোকা কমেছে, কোটি কোটি রুপি হারাচ্ছে ভারত- দৈনিক প্রথম আলো
  • আবার বাড়ছে বিদ্যুতের দাম- দৈনিক সমকাল
  • বন্যায় ক্ষতি ১৫ হাজার কোটি টাকার- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মন্ত্রিসভায় বদলের জল্পনা, পদ ছাড়তে চান প্রভু- দৈনিক আনন্দবাজার
  • সেপ্টেম্বর মাসেই বাজারে আসছে ২০০ টাকার নোট- দৈনিক বর্তমান
  • –বৈঠকে আসতে চাইছে মোর্চার একাংশ- দৈনিক আজকাল
  • বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মুখ খুলে মৌলবাদীদের রোষে এনসিসি ক্যাডেট- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শেষ মুহূর্তেও শেষ হচ্ছে না হজযাত্রীদের অনিশ্চয়তা- ইত্তেফাকের শীর্ষ শিরোনাম

প্রতিটি ধর্মপ্রান মুসলমান স্বপ্ন দেখেন জীবনে অন্তত একবার হলেও আল্লাহর ঘরে যাবেন, হজ পালন করবেন। সামর্থবানদের জন্য এই ফরজ এবাদত পালনের জন্য বছরের পর বছর কেউ অপেক্ষা করেন আবার সীমিত আয়ের মানুষ অল্প অল্প করে সঞ্চয় করতে থাকেন। জমি-জিরাত বেচেও অনেকে লালিত স্বপ্ন পুরনের জন্য অধীর আগ্রহে দিনযাপন করেন। কিন্তু প্রতি বছরই হজে যাওয়ার সময় এলেই ভোগান্তি যেনো ঘিরে ফেলে হজ যাত্রীদের। প্লেনে না ওঠা পর্যন্ত কেউ সম্পুর্ন নিশ্চিত হতে পারেন না যে,তিনি নির্বিঘ্নে সৌদি আরব পৌছাতে পারবেন।

এবছর শুরু থেকেই শুরু হয়েছে হজযাত্রীদের ভোগান্তি। প্রথমে নিবন্ধন নিয়ে দুর্নীতি। তারপর প্রি-ভিসা জটিলতা, সময় মতো ভিসার আবেদন না করা,মোয়াল্লেমের সঙ্গে এজেন্সিগুলোর বিলম্বে চুক্তি,সময়মতো বাড়িভাড়া না করা, ভিসা লজমেন্ট ও মোফা সেন্ড করতে বিলম্ব করা, হজ এজন্সিদের গাফিলতিতে যাত্রীর অভাবে একটার পর একটা করে ৩৩ টি হজ ফ্লাইট বাতিল হওয়া। আর শেষ মুহুর্তে এসে এখন ফ্লাইটের বিপর্যয় ঘটেছে। বহু হজযাত্রীর কাছ থেকে টাকা ঊধাও হয়ে গেছে এজেন্ট ও মধ্যস্বত্বভোগী। ভিসার কথা বলে অন্তত এক হাজার হজ গমনেচ্ছুর নিকট থেকে টাকা নিয়ে ভিসার জন্য আবেদনই করেনি। ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের সৌদি পাঠাতে এজেন্সি মালিকরা শুরু করেছেন টালবাহানা। মধ্যস্বত্বভোগী দালালচক্র প্রায় দুই হাজার হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়ে এজেন্সিদের দেয়নি। ফলে এজেন্সি টিকিট কাটছে না। প্রতারণা করে মধ্যসত্বভোগী ও অনেক এজেন্সি মালিক লাপাত্তা হয়ে গেছে। প্রতারিত হজযাত্রীরা জড়ো হচ্ছেন আশকোনার হজ ক্যাম্পে। সেখানে প্রতারিত হজযাত্রীদের কান্নায় প্রতিদিন ভারী হয়ে ঊঠেছে আকাশ। অভিযোগের পাহাড় জমছে হজ অফিস ও ধর্ম মন্ত্রনালয়ে। কিন্ত দ্রুত কোন প্রতিকার করতে পারছেন না কেউই।

প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার: রিজভী- দৈনিক মানবজমিন

মানসিক অসুস্থতার অজুহাতে সরকার প্রধান বিচারপতিকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, মানসিক অসুস্থতার অজুহাতে প্রধান বিচারপতিকে সরাতে ষড়যন্ত্র করছে সরকার। এ নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে। রাজনীতিক শফিকুল গানি স্বপনের অষ্টম মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘চলমান অস্থিরতা: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি কখনই ভাবতে পারছেন না বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট একটি আলাদা স্বাধীন সংস্থা। তিনি মনে করেন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সব হচ্ছে সুধাসদনের একটি এক্সটেনশন। এখন সুপ্রিম কোর্টকেও তিনি আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন।

‘প্রধান বিচারপতিকে অপসারণের গুজব বিএনপির ডিস্ট্রিবিউশন’: ওবায়দুল কাদের- দৈনিক যুগান্তর

প্রধান বিচারপতিকে ‘অসুস্থ বানিয়ে’ তার পদ থেকে সরানোর গুঞ্জনের খবর বিএনপির ডিস্ট্রিবিউশন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাতে শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে ‘তুমি আছো বাংলার হৃদয় জুড়ে' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারি। সর্বশেষ গুজব হলো প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে সরকার। এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটরও বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব বেরুচ্ছে বিএনপি ম্যানুফেকশ্চারিং কারখানা থেকে।এই গুজবের সঙ্গে আওয়ামী লীগের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, চক্রান্তের শিকার হই।'

আপনারই লজ্জা পাওয়ার কথা, রাষ্ট্র কী করে?- দৈনিক যায়যায়দিনের প্রধান শিরোনাম

খুনের মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে শুনানির দিন হাজির করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মামলার তারিখে আদালতে রানাকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে করা রাষ্ট্রপক্ষের আর্জির পর এই আদেশ এসেছে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়। জামিন বিষয়ে আপিল আদালতের দেয়া আদেশ সংশোধন চেয়ে সাংসদ রানার করা এক আবেদনের শুনানিকালে এই আদেশ দেয়া হয়। ওই আবেদন শুনানি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রানার পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমি শুনেছি, আদালতে ধার্য তারিখে তাকে (রানা) আনা হয় না।'এ সময় প্রধান বিচারপতি বলেন, 'এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা। রাষ্ট্র কী করে? এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতে ধার্য তারিখে রানাকে আদালতে হাজিরের নির্দেশনা চান। আদালত আগামী ১৫ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করে ধার্য তারিখে রানাকে হাজিরের আদেশ দেয়।

সাত খুন মামলার পিপির মেয়েকে হত্যা ও অপহরণ চেষ্টা- দৈনিক যুগান্তর

সাত খুনের মামলার পিপি ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে (১৯) মিষ্টির নামে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই সময় তারা তাকে অপহরণের চেষ্টাও করে। তবে মেয়ের চিৎকারে দুর্বৃত্তরা প্রাইভেটকারে পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে হাজী মঞ্জিল ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে। প্রাপ্তিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় নিম্ন আদালত প্রদত্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত অপর ৯ জনের সাজা আগেরটিই বহাল আছে।

এর আগে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ২৬ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এ আদালতের পিপি ছিলেন ওয়াজেদ আলী খোকন।

বাংলাদেশে গরু ঢোকা কমেছে, কোটি কোটি রুপি হারাচ্ছে ভারত- দৈনিক প্রথম আলো

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়া নজরদারি রয়েছে। এ কারণে ভারত থেকে বাংলাদেশে গবাদিপশু, বিশেষ করে গরু ঢোকা কমে গেছে শতকরা ৭৫ ভাগ। ঈদুল আজহা সামনে রেখে ভারতের গবাদিপশুর বাজার ও ব্যবসা নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেছে দ্য হিন্দু বিজনেস লাইন।

প্রতিবেদনে বলা হয়, ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বাংলাদেশে। সাধারণত এই ঈদের সময় পশ্চিমবঙ্গের অ্যাংরাইল সীমান্ত দিয়ে অবৈধ পথে গবাদিপশু চালানে ব্যস্ত থাকেন গোপাল বোস (৩০)। কিন্তু এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অব্যাহত প্রচারণা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারির কারণে এ বছর বাংলাদেশে ভারতীয় গবাদিপশু পাঠানো কমে দাঁড়িয়েছে চার-পাঁচ লাখে। আগে পাঠানো হতো ২০-২২ লাখ গবাদিপশু। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে গরু পাঠিয়ে ভারত বছরে আয় করে প্রায় নয় হাজার কোটি রুপি। টাকার অঙ্কে এ বছর সেই বাণিজ্য কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি রুপিতে। এ প্রতিবেদনে আরও বলা হয়, বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির ফলে এটা সম্ভব হয়েছে।

আবার বাড়ছে বিদ্যুতের দাম- দৈনিক সমকাল

আবার বাড়ছে বিদ্যুতের দাম। ঈদের পর থেকে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রায় দুই বছর পর বিদ্যুতের দাম আবার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাইকারি ও সাধারণ ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ওপর সব স্টেকহোল্ডারের মতামত শুনতে এই শুনানির আয়োজন করেছে কমিশন। গতকাল রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি কার্যালয়ে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ৭২ পয়সা (১৪ দশমিক ৭৮ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করে। আর মার্চ ও এপ্রিলে ৬ বিতরণ কোম্পানি সাধারণ গ্রাহক পর্যায়ে ছয় থেকে ১৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এসব প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ২ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়।

বন্যায় ক্ষতি ১৫ হাজার কোটি টাকার- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সারা দেশে বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করতে হলে আরও অপেক্ষা করতে হবে।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা প্রতিনিয়তই তথ্য সংগ্রহ করে তা প্রধান কার্যালয় ও দফতরে পাঠাচ্ছেন। উজান থেকে নেমে আসা ঢলে প্রতিদিনই কোনো না কোনো এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কত টাকার ক্ষতি তা জানার জন্য বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, সড়ক ও জনপথ অধিদফতরের ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের (এলজিইডি) ক্ষতির পরিমাণও আনুমানিক ৫ হাজার কোটি টাকা। কৃষি বিভাগের আনুমানিক ক্ষতি প্রায় ১ হাজার কোটি টাকা। মত্স্য ও পশুসম্পদ বিভাগের ক্ষতির পরিমাণও প্রায় ১ হাজার কোটি টাকা। অন্যদিকে রেল খাতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ কমপক্ষে ৫০০ কোটি টাকা। সারা দেশে ৩৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ ও ২৮৯ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে; যা মেরামত করতে কমপক্ষে ৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। বন্যাকবলিত এলাকায় যেসব পাকা, আধাপাকা, কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতির পরিমাণও কয়েক কোটি টাকা। এ ছাড়া সারা দেশে প্রায় ৩ হাজার স্কুল-কলেজ, মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। তীরবর্তী এলাকায় অবস্থিত কয়েক শ স্কুল-কলেজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামীণ রাস্তার পুল, কালভার্ট, ছোট-বড় সড়ক ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

মন্ত্রিসভায় বদলের জল্পনা, পদ ছাড়তে চান প্রভু- দৈনিক আনন্দবাজার

রেলমন্ত্রী সুরেশ প্রভু

একের পর এক রেল দুর্ঘটনার জেরে কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল। তার পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেলমন্ত্রীর ইস্তফা নেবেন না, এমন কথা বলেননি নরেন্দ্র মোদী। প্রভুকে তিনি বলেছেন, ‘অপেক্ষা করুন’। আর সেই মন্তব্যই আলোড়ন ফেলেছে দিল্লির রাজনৈতিক মহলে।

ক্যাবিনেট সচিবালয় সূত্র বলছে, সপ্তাহখানেকের মধ্যেই মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আজ কিরগিজস্তান সফরে গিয়েছেন। তিনি ২৫ অগস্ট ফিরবেন। তার পরেই রদবদল হবে মন্ত্রিসভায়। তখন প্রভুর মন্ত্রক পাল্টাতে পারে বলেই মনে করছেন রেল মন্ত্রকের কর্তাদের একাংশ। তাঁকে পাঠানো হতে পারে প্রতিরক্ষা মন্ত্রকে। মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হয়ে চলে যাওয়ার পরে যে মন্ত্রক সামলাচ্ছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অরুণকে অর্থ মন্ত্রক বা সুষমা বা রাজনাথকে বিদেশ ও স্বরাষ্ট্র থেকে সরানোর সম্ভাবনা কম বলেই অনেকের অভিমত।

সেপ্টেম্বর মাসেই বাজারে আসছে ২০০ টাকার নোট- দৈনিক বর্তমান

চলতি মাসের শেষদিকে বা সেপ্টেম্বর মাসের শুরুতেই বাজারে ঢুকছে ২০০ টাকার নোট। কালো টাকা ও জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে পুরানো ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করেছিল মোদি সরকার। বাজারে আনা হয় ২ হাজার টাকা এবং নতুন ৫০০ টাকার নোট। কিন্তু নতুন নোট বাজারে আনার সময় বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়েছিল রিজার্ভ ব্যাংক। নতুন নোট নিয়ে কালোবাজারির মতো অবৈধ কারবারের অভিযোগও উঠেছিল। তাই এবার ২০০ টাকার নোট বাজারে ছাড়ার আগে বেআইনি কারবার রুখতে সম্ভাব্য যাবতীয় সতর্কতা নিতে চলেছে রিজার্ভ ব্যাংক।

পাহাড়–বৈঠকে আসতে চাইছে মোর্চার একাংশ- দৈনিক আজকাল

পাহাড় নিয়ে আলোচনার দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সর্বদলীয় বৈঠক করার কথা ঘোষণা করেছেন। সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে পাহাড়ের সব রাজনৈতিক দলকে। সঙ্গে সমস্ত উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানদেরও ডাকা হচ্ছে। কিন্তু এই সর্বদলে মোর্চার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন কিনা সেটাই আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এখন। বৈঠকে যাবেন কিনা সে ব্যাপারে এখনও মুখ খোলেননি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করা হয়নি। তা সত্ত্বেও মোর্চার একটা বড় অংশ যে এই আলোচনায় অংশ নিতে চায়, সেটা পরিষ্কার হয়ে গেছে এদিন। দার্জিলিঙের মোর্চা বিধায়ক অমরসিং রাই বৈঠক প্রসঙ্গে জানান, ‘পাহাড় নিয়ে আলোচনা করাটা দরকার। আমন্ত্রণের চিঠি পেলে অবশ্যই দল একটা সিদ্ধান্ত নেবে। দল যদি বলে, আমি বৈঠকে যাব। সরকার কী চায়, সেটাও জানা দরকার। আশা করছি, চিঠি পেলেই দ্রুত বৈঠক করে দলীয় অবস্থান চূড়ান্ত করা হবে।’

বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মুখ খুলে মৌলবাদীদের রোষে এনসিসি ক্যাডেট- দৈনিক সংবাদ প্রতিদিন

দেখতে সাদামাটা, কথাবার্তাও অতি সাধারণ। কিন্তু কে জানত যে তাঁরই বুকের ভিতর জ্বলছিল ধিকিধিকি আগুন? সেই আগুন যেন পুড়িয়ে ছারখার করে দিতে চাইছিল কাশ্মীরে সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে।

সংবাদমাধ্যমের সামনে জোরাল কন্ঠে দক্ষিণ কাশ্মীরের মহিলা এনসিসি ক্যাডেট আনিসার বক্তব্য, ‘আজাদি চেয়ে যারা প্রতিবাদ জানাচ্ছে, পাথর ছুড়ছে তাদের অনুরোধ, ওই পথে হাঁটবেন না।’ ওই যুবতীর বক্তব্য, ‘যদি কোথাও সত্যি আজাদি পাওয়া যায়, তাহলে এই দেশেই পাওয়া যায়।’

বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা। কখনও পুলিশ-সেনার যৌথবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া, আবার কখনও কোনও ফাঁদে পড়া জঙ্গিকে পালাতে সাহায্য করা-বারবারই কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে ‘দেশদ্রোহী’ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রী, সেনাকর্তা বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও লাভ হয়নি বিশেষ।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪