রোহিঙ্গা ইস্যু: চীন-রাশিয়ার অবস্থানে আওয়ামী লীগ হতাশ
প্রিয় পাঠক/শ্রোতা! ১ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- পবিত্র আশুরা আজ- দৈনিক ইনকিলাব
- ‘মিয়ানমারের কোন সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবেনা’- দৈনিক মানবজমিন
- 'সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনসমর্থন আদায়ে ব্যর্থ'- দৈনিক ইত্তেফাক
- ঘরে ঘরে নবজাতক, দিনে জন্ম নিচ্ছে ১২টি শিশু- দৈনিক যায়যায়দিন
- রোহিঙ্গা ইস্যু : চীন-রাশিয়ার অবস্থানে আওয়ামী লীগ হতাশ- দৈনিক নয়াদিগন্ত
- শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা: খালিজ টাইমস- দৈনিক যুগান্তর
- শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না দেশের বিশ্ববিদ্যালয়গুলো- দৈনিক সমকাল
- দেশে বড় হচ্ছে জলবায়ুর প্রভাব- দৈনিক প্রথম আলো
ভারতের শিরোনাম:
- দশমীর মেলা, সরলো মহরমের লাঠিখেলা- দৈনিক আনন্দবাজার
- লক্ষ্মীপুজোর দিন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন মুকুল- দৈনিক সংবাদ প্রতিদিন
- আর্নিয়া সেক্টরে ১৪ ফুটের সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ- দৈনিক বর্তমান
- মোদি মিথ্যেবাদী: রাজ থাকরে- দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পবিত্র আশুরা আজ- দৈনিক ইনকিলাব

আজ ১০ মহাররম, রোববার পবিত্র আশুরা। এদিনে কারবালা প্রান্তরে সাইয়েদেনা হযরত ইমাম হোসাইন (রা.) হক ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এবং ইসলামের শত্র্রুও বাতিল ইয়াজিদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে নির্ভীকভাবে শাহাদতের অমীয় সুধা পান করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে শ্রেষ্ঠত্বের আসনে দাঁড় করিয়ে গেছেন (সুবহান্নাল্লাহ)।
আর এজন্যই আল্লামা ইকবাল (রহ.) বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালাকা বাদ’। এ মহান দিনে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতের মাধ্যমে ইসলামকে জিন্দা রাখার জন্য যে রক্ত প্রবাহ শুরু হয়েছিল নতুন নতুন ইয়াজিদ বাহিনীকে প্রতিহত করতে সে রক্ত প্রবাহের ধারা অব্যাহত থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বাণী দিয়েছেন। ঈমানের বলে বলীয়ান এবং সত্য ও ন্যায়ের সাধক হযরত ইমাম হোসাইন (রা.) হক ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে অন্যায় ও সত্যের বিরুদ্ধে থেকে নির্ভীকভাবে শাহাদতের অমীয় সুধা পান করে পৃথিবীর বুকে চির অমর হয়ে আছেন। যতদিন পৃথিবীসহ আল্লাহ তায়ালার সৃষ্টিকূল থাকবে, ততোদিন তার নাম ও কীর্তি পৃথিবীজুড়ে অভিনন্দিত ও অনুকরণীয় হতে থাকবে। সাইয়েদেনা হযরত ইমাম হোসাইন (রা.) প্রমাণ করে গেছেন, অন্যায় ও অসত্যের কাছে কখনও মাথা নত করা যাবে না।
‘মিয়ানমারের কোন সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবেনা’- দৈনিক মানবজমিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের কোন রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবেনা। তাদেরকে মানবিক দৃষ্টকোণ থেকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। রোববার বেলা ১২টায় সীমান্তের তুমব্রু জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি সেখানে অবস্থান নেওয়া ১৮শ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন পয়েন্ট পরিদর্শনসহ সার্বিক বিষয় ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান মেজর জেনারেল আবুল হোসেন, জেলা প্রশাসক আলী হোসেন, জেলা পুলিশ সুপার ড. এ,কে এম ইকবাল হোসেন ৩৪ বিজিবির অধিনায়ক মঞ্জুরুল হাসান খান, ব্যার ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন প্রমুখ।
'সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনসমর্থন আদায়ে ব্যর্থ'- দৈনিক ইত্তেফাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে জনসমর্থন আদায় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রীর কূটনৈতিক তৎপরতা নেই বললেই চলে। তিনি পাথরের মত ঢাকায় বসে আছেন। এতেই প্রমাণ হয় কূটনৈতিকভাবে সরকার সম্পূর্ণ ব্যর্থ।'
ড. মঈন খান বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাহাপাড়া গ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন। মণ্ডপ পরিদর্শনের সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহার হাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপহার শারদীয় শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দেন। এর আগে মির্জাপুর থানা বিএনপির উদ্যোগে বংশাই রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজবী আহমেদ বলেন, 'নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণ যাতে নিজেদের ভোট দিতে পারেন সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে।'
ঘরে ঘরে নবজাতক, দিনে জন্ম নিচ্ছে ১২টি শিশু- দৈনিক যায়যায়দিন

মিয়ানমারে সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারগুলোতে গত এক মাসে ৩৫০টি শিশু জন্ম নিয়েছে। গড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে ১২টি করে শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্সবাজারের সিভিল সার্জনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। এর বাইরে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া স্থানীয়ভাবে আরও শিশু জন্ম নিচ্ছে, যার সঠিক তথ্য প্রশাসনের কাছে নেই। অস্থায়ী ক্যাম্পগুলোতে ঘরে ঘরে আছে একজন করে গর্ভবতী নারী। প্রায় ৭০ হাজার গর্ভবতী মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে এমন তথ্য আছে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে।
এত নবজাতক এবং প্রসূতির স্বাস্থ্যঝুঁকি যাতে সৃষ্টি না হয়, তা ঠিক রাখাই এখন কক্সবাজারের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এ পর্যন্ত্ম জন্ম নেয়া নবজাতকের মধ্যে মাত্র একটি শিশু ছাড়া আর কোনো মৃতু্যর তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. শেখ আব্দুস সালাম বলেন, তিনি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উচ্চপর্যায়ে যে প্রতিবেদন পাঠিয়েছেন তাতে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা আসা শুরম্ন হওয়ার পর এই পর্যন্ত্ম ৩৫০টি শিশুর জন্ম হয়েছে বলে তথ্য দেয়া হয়েছে। গড়ে প্রতিদিন ১২টি করে শিশু জন্মের বিষয় তার নোটিশে এসেছে। এর বাইরে স্থানীয়ভাবে অথবা ধাত্রীর মাধ্যমে ডেলিভারি হচ্ছে, যেগুলো তার নোটিশে আসেনি। এছাড়া প্রায় ৬০-৭০ হাজার গর্ভবতী রোহিঙ্গা নারী আছে বলে তারা জানতে পেরেছেন।
রোহিঙ্গা ইস্যু : চীন-রাশিয়ার অবস্থানে আওয়ামী লীগ হতাশ- দৈনিক নয়াদিগন্ত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ চীন ও রাশিয়ার অবস্থানে হতাশ ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশ্বের প্রভাবশালী এ দু’টি দেশের হস্তক্ষেপে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকটিও সিদ্ধান্তহীনভাবে শেষ হওয়ায় বেশ চিন্তিত আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকেরা।
সঙ্কট নিরসনে সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতায় ‘ম্যানেজ’ করা যাচ্ছে না দেশ দু’টিকে। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র চীনের দ্বিমুখী অবস্থানে চরম ক্ষুব্ধ তারা। সরকারের প্রভাবশালী নীতিনির্ধারকদের বক্তব্যেও তেমনটি ফুটে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল পরিমাণ ত্রাণসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলেও শক্তিধর দেশগুলোর নেতিবাচক প্রভাবে জাতিসঙ্ঘের কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় রোহিঙ্গা পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে বেশ চিন্তিত সরকার। তবে সঙ্কট নিরসনে শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র জানায়, বাংলাদেশের ওপর রোহিঙ্গাদের এ চাপকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। সরকারের প্রভাবশালী নীতিনির্ধারকেরাও সে বিষয়টি অকপটে বলে আসছেন। এ ইস্যুতে বাংলাদেশের ওপর শুধু অতিরিক্ত শরণার্থীর চাপই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের প্রকৃত বন্ধু ও সহযোগী এবং বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে রাষ্ট্রগুলোর মাঝে একটি সীমারেখা তৈরি করতে পারে এ রোহিঙ্গা ইস্যু, যা বাংলাদেশের ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে সহযোগিতা করতে পারে। সেজন্য রোহিঙ্গা ইস্যুকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলার জন্য সর্বাত্মকভাবে কাজ করছে সরকার।
শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা: খালিজ টাইমস- দৈনিক যুগান্তর

সংযুক্ত আরব আমিরাতের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমস রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে ‘প্রাচ্যের নতুন তারকা’ হিসাবে অভিহিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে ইংরেজি ভাষায় প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পত্রিকা খালিজ টাইমস-এ প্রকাশিত কলামিস্ট অ্যালন জ্যাকবের লেখা এক নিবন্ধে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা হিসাবে উল্লেখ করে বলা হয়, প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার জীবন রক্ষায় সীমান্ত খুলে দিয়ে শেখ হাসিনা তার যে সহমর্মিতা ও সমানুভূতি দেখিয়েছেন, সেজন্য এ সপ্তাহে তাঁর চেয়ে বড় কোন হিরো দেখছি না।
‘শেখ হাসিনা জানেন সহমর্মিতার নৈপুণ্য’ শিরোনামের এক কলামে জ্যাকব স্বীকার করেন, স্বৈরাচারী, ঘৃণিত গুরু এবং নামগোত্রহীন লোকদের নিয়ে লেখার আগেই আমাদের উচিৎ ছিল শেখ হাসিনাকে এই পাতায় উপস্থাপন করা।
শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না দেশের বিশ্ববিদ্যালয়গুলো- দৈনিক সমকাল

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় গত ৩০ সেপ্টেম্বর 'একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ : বিজনেস এডুকেশন পার্সপেক্টিভ' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন। আলোচনায় দেশের শীর্ষ ব্যবসা-শিল্প নেতারা ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করেন।
আইবিএ এলামনি ক্লাবে আয়োজিত সভায় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে, প্রতিভাধর এবং শক্তসামর্থ্য জনবলের ক্রমাগত সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ব্যবস্থা দ্রুত গতিশীল বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে সক্ষম হতে পারে, তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিল্পভিত্তিক শিক্ষাব্যবস্থা করছে না।
তারা বলেন, তরুণ জনসংখ্যা দেশের সবচেয়ে বড় শক্তি; কিন্তু চ্যালেঞ্জ তাদের সঠিক দক্ষতা সেটে রূপান্তর করা, যাতে তারা ভবিষ্যতে দেশের টেকসই উন্নতির নেতৃত্ব দিতে পারে।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শিল্প ও একাডেমির যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যা আগামী বছরগুলোতে দক্ষতার ঘাটতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশে বড় হচ্ছে জলবায়ুর প্রভাব- দৈনিক প্রথম আলো

ঋতুচক্রে শরৎ নামলে শুরু হয় নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি। মাঠজুড়ে সাদা কাশবন আর বিন্দু বিন্দু শিশিরের উঁকিঝুঁকি। বাংলায় শরৎ অনেক কাল ধরে এভাবেই ধরা দিত। কিন্তু গত কয়েক বছরে শরৎ আর বর্ষায় পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। গ্রীষ্মের প্রচণ্ড গরম আর ঝুমবৃষ্টিতে কেটেছে শরতের প্রায় পুরোটা সময়।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব, এবারের শরতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ভরা বর্ষাকেও হার মানিয়েছে। রাজধানীতে গত শুক্রবার ও গতকাল শনিবার মিলিয়ে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টিপাত যদি কোনো পাত্রে রাখা হয়, তার উচ্চতা হবে প্রায় ১৬ সেন্টিমিটার। মানে প্রায় ৬ ইঞ্চি। এই সময়ে এত বৃষ্টি খুব কম বছরই হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
তিন দিন ধরে চলা এই ঝুমবৃষ্টির আগে আবহাওয়া অন্য চেহারায় ছিল। টানা চার-পাঁচ দিন রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা–নামা করেছে। সাধারণত গ্রীষ্মে এ ধরনের গরম অনুভূত হয়। কিন্তু এবার সেপ্টেম্বরের একটি বড় সময় ধরে প্রায় গ্রীষ্মের গরম অনুভূত হয়েছে। বৃষ্টিপাত ও তাপমাত্রার এই বদল শুধু এ বছর নয়, ৩০ বছর ধরে ঘটছে। দেশি-বিদেশি গবেষকেরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখছেন। এর ফলে দেশে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, নতুন নতুন দুর্যোগ বাড়ছে, রোগবালাইয়ের প্রকোপ দেখা দিচ্ছে আর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুতও হচ্ছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
দশমীর মেলা, সরলো মহরমের লাঠিখেলা- দৈনিক আনন্দবাজার

হাটের মাঠে হয় দশমীর মেলা, মহরমের লাঠিখেলাও। এ বারে হাটবারে দশমী পড়েছে। পরের দিন মহরম। তাই অনিশ্চিত হয়ে পড়েছিল মেলা। এই অবস্থায় মহরমের লাঠিখেলা এক দিন পিছিয়েই দিলেন মহরম কমিটির সদস্যেরা।
সম্প্রীতির বার্তা দিতে এই সিদ্ধান্তে গর্বিত জলপাইগুড়ি। জেলার নগর বেরুবাড়ি হাটের মাঠে প্রতি বছর দুর্গাপুজো হয়। মহরমের লাঠিখেলাও হয় সেই মাঠেই৷ দশমীতে সেখানে মেলারও আয়োজন করেন পুজো উদ্যোক্তারা৷ প্রায় ৬০ বছর ধরে সেখানে পুজো করছে নগর বেরুবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি৷ তার অন্যতম কর্তা বিশাল অগ্রবাল বলেন, ‘‘এ বার শনিবার বিজয়া দশমী পড়ে গিয়েছে৷ শনিবারই আবার হাটের মাঠে হাট বসে৷ তাই এ দিন মেলা করা সম্ভব হয়নি৷ রবিবার মহরমের লাঠি খেলা হবে বলে মেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল৷ কিন্তু মহরম কমিটির সঙ্গে আলোচনা শুরু হতেই তাঁরা মেলার জন্য লাঠিখেলা একদিন পিছিয়ে দিতে রাজি হয়ে যান৷’’ ঠিক হয়েছে, রবিবার দশমীর মেলা ও প্রতিমা নিরঞ্জন হবে৷ লাঠিখেলা হবে সোমবার৷
লক্ষ্মীপুজোর দিন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন মুকুল- দৈনিক সংবাদ প্রতিদিন

তৃণমূল ছাড়ার ঘোষণা আগেই করেছিলেন। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারেন মুকুল রায়। ওইদিনই একাধিক গুরুত্বপূর্ণ নথিও সামনে আনতে পারেন সাসপেন্ডেড সাংসদ। সাংবাদিক বৈঠক করে ওইদিন ছাড়ার কথা তাঁর সাংসদ পদও। ছাড়বেন প্রাথমিক সদস্যপদও।
দেখতে গেলে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন প্রাক্তন। এর পর তিনি কী করবেন, তা এখনও খোলসা করেননি। তবে তাঁর বিজেপির সঙ্গে সখ্যের কথা দলের নজরে আগেই এসেছিল। তার পরই তাঁর উপর নজরদারির কথা জানানো হয় দলীয় সূত্রে। শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত মুকুলের। কেন তিনি তৃণমূল ছাড়লেন, ওইদিনই তা জানাবেন বলেছেন। সামনে আনবেন একাধিক তথ্যও। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, লক্ষ্মীপুজোর দিনই সেই কাজ সারতে পারেন মুকুল।
আর্নিয়া সেক্টরে ১৪ ফুটের সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ- দৈনিক বর্তমান

বড়সড় একটি সুড়ঙ্গের হদিশ মিলল জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে। রবিবার ১৪ ফুটের এই সুড়ঙ্গের খোঁজ পান বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, পাকিস্তানের দিক থেকে খোঁড়া এই সুড়ঙ্গের ভিতরে অনেকখানি জায়গা রয়েছে। তার ফলে হামাগুড়ি দিয়ে খুব সহজেই এদেশে সশস্ত্র পাক জঙ্গিরা প্রবেশ করতে পারত বলে মনে করা হচ্ছে। এই সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়েছে ৬০ রাউন্ড কার্তুজ ও বেশ কিছু হ্যান্ড গ্রেনেড। গত সাত মাসে এই নিয়ে দ্বিতীয় সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। উৎসবের মরশুমে পাক সীমান্ত থেকে জঙ্গিদের এদেশে প্রবেশ করাতেই মাত্র কয়েকদিন আগে এই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে বলে মনে করছে বিএসএফ। সুড়ঙ্গের খোঁজ মিলতেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
মোদি মিথ্যেবাদী: রাজ থাকরে- দৈনিক আজকাল

সাধারণ মুম্বইবাসীর নিত্য ব্যবহার্য রেলের সুরক্ষার হাল ঠিক না করলে এখানে বুলেট ট্রেনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ থাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যেবাদী’ বলতেও ছাড়েননি তিনি। শুক্রবার মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজ। তাঁর কথায়, মোদি বড়বড় প্রতিশ্রুতি দেন। পরে তা খারিজ করে বলেন, এগুলো নির্বাচনী ভাঁওতা ছিল। কেমন করে দিনের পর দিন এমন মিথ্যা বলা যায়? ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এবং পরে সব বিবৃতি পাল্টেছেন মোদি।
এরপরেই বুলেট ট্রেন গড়তে দেবেন না জানিয়ে রাজ বলেন, ‘আমি বুলেট ট্রেনের জন্য একটি ইঁটও গাঁথতে দেব না যতক্ষণ মুম্বইয়ের নিত্য যাত্রীদের সমস্যার সমাধান হয়। মোদি যদি চান তবে তা গুজরাট থেকে বুলেট ট্রেন চালাতে পারেন। ওরা যদি ক্ষমতা প্রয়োগ করে তবে আমরাও প্রতিরোধ গড়ব।’ সুরেশ প্রভুকে সরিয়ে পীযূষ গোয়েলকে রেলমন্ত্রী করার পিছনে বুলেট ট্রেন প্রকল্পের হাত দেখছেন রাজ। রাখঢাক না করেই তিনি বলেছেন, ‘এই গোয়েলটা কোনও কাজের নয়। প্রভু অনেক কাজের ছিলেন।’ ক্ষুব্ধ রাজ বলেছেন, দেশের লোক মারতে পাকিস্তানি শত্রুর দরকার নেই, রেলই যথেষ্ট।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১