অক্টোবর ১৮, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশের দারিদ্র্য হার ২৪.৩ ভাগে নেমে এসেছে-দৈনিক ইত্তেফাক
  • রোহিঙ্গা সংকট-ধানখেতে ১৫ হাজার রোহিঙ্গা-দৈনিক প্রথম আলো
  • সেনা মোতায়েন ও সীমানা পুনর্নির্ধারণ চায় না আ’লীগ-দৈনিক যুগান্তর
  • রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষেই রয়েছে রাশিয়া-চীন’-দৈনিক যুগান্তর
  • দেশের সব সফল অর্জন আ.লীগের হাত ধরে এসেছে -সিইসি-দৈনিক ইনকিলাব
  • অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ইতিবাচক প্রস্তাব দিয়েছি: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল
  • ইসিতে আ’লীগের ১১ প্রস্তাব : খালেদাকে গ্রেফতারের চিন্তা নেই : কাদের -দৈনিক নয়া দিগন্ত
  • বাকৃবি গবেষকদের ইলিশের স্যুপ ও নুডলস উদ্ভাবন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মোদী-শাহদের আরও ধাক্কা দিতে প্রস্তুত রাহুল-দৈনিক আনন্দবাজার
  • নতুন বিতর্ক, এবার তাজমহলের নাম বদলের দাবি -দৈনিক আজকাল
  • পাহাড়ে সরছে না বাহিনী, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সিইসির মুখে এবার আওয়ামী লীগের উচ্ছ্বসিত প্রশংসা-দৈনিক সমকাল পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম

ইসি- আওয়ামী লীগ সংলাপ

বিএনপির প্রশংসার পর এবার আওয়ামী লীগেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সব সফল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে।  নির্বাচন কমিশনও আওয়ামী লীগের আমলে ব্যাপক স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন পৃথিবীর অনেক দেশের কমিশনের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ইতিবাচক প্রস্তাব দিয়েছি: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ ইতিবাচক প্রস্তাব তুলে ধরেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব তুলে ধরে।

রোহিঙ্গা সংকট-ধানখেতে ১৫ হাজার রোহিঙ্গা -দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গা ঢল থামছে না

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নেমেছে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী আঞ্জুমানপাড়ায় সরেজমিন দেখা গেছে, সেখানে খোলা আকাশের নিচে ধানখেতে দুই দিন ধরে অপেক্ষা করছে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।

গত সোমবার তারা সীমান্ত অতিক্রম করলেও বিজিবি তাদের দেশের ভেতরে প্রবেশে বাধা দিয়েছে। মানবেতর অবস্থায় অপেক্ষমাণদের মধ্যে শিশু ছাড়াও ৮০ বছরের বৃদ্ধ ও গর্ভবতী মায়েরা আছেন।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর ২৮৮টি রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া সর্বশেষ ছবি বিশ্লেষণ করে গতকাল মঙ্গলবার সংস্থাটি এ কথা জানিয়েছে।

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষেই রয়েছে রাশিয়া-চীন’-দৈনিক ইনকিলাব/যুগান্তর

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীন, বাংলাদেশের পক্ষেই রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনে রোহিঙ্গা ইস্যুতে আরও বিশদভাবে আলোচনা করতে রাশিয়া ও চীনে আমাদের বিশেষ দূত যাবে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে আমার কথা হয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে দৈনিক যুগান্তর জানিয়েছে- রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সেনারা রাখাইনে কয়েক হাজার রোহিঙ্গা পুরুষ-নারী ও শিশু হত্যাকে করেছে।

‘সরকার যাকে মনে চায় তাকেই অসুস্থ বানিয়ে ফেলে’-দৈনিক যুগান্তর

সরকার যখন যাকে প্রয়োজন অসুস্থ করে ফেলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে ছুটিতে গেছেন বলে সরকার জানালেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন কথা বলা হয়েছে। সরকার ও সুপ্রিম কোর্টের কার বক্তব্য সত্য, প্রশ্ন রেখে সরকার প্রয়োজনমতো যে কাউকে অসুস্থ করে ফেলে বলে মন্তব্য করেন এ আইনজীবী নেতা।

দেশের দারিদ্র্য হার ২৪.৩ ভাগে নেমে এসেছে-দৈনিক ইত্তেফাক

দারিদ্র্যের হার  নেমেছে

দেশের দারিদ্র্য হার ২৪ দশমিক ৩ ভাগে নেমে এসেছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশে অতি দরিদ্র্য মানুষের হার ১২ দশমিক ৯ ভাগে নেমে এসেছে। পরিবার প্রতি আয় বাড়লেও আয় বৈষম্য কিছুটা বেড়েছে। জীবন যাত্রার মান আগের চেয়ে কিছুটা উন্নত হলেও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ব্যয় জরিপ-২০১৬ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল আনুষ্ঠানিকভাবে বিবিএস ভবনে এই জরিপের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের মানুষের আয় ও ভোগ বৈষম্য কিছুটা বেড়েছে। দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে বেশি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পকিল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রতিবেদন উপস্থাপনকালে এই প্রকল্পের পরিচালক দিপঙ্কর রায় উল্লেখ করেন, দেশে দারিদ্র্য হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ ভাগে। গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪ ভাগ এবং শহরাঞ্চলে এই হার ১৮ দশমিক ৯ ভাগ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে দেশে ৪০ ভাগ মানুষ দারিদ্য সীমার নীচে বাস করতো।  এই হার ২০১০ সালে কমে হয়েছে ৩১ দশমিক ৫ ভাগ। অন্যদিকে ২০১৬ সালে এই হার কমে হয়েছে ২৪ দশমিক ৩ ভাগ। সে হিসাবে দারিদ্র্য হার কমার গতি ধীর হয়েছে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পালাকার বলেন, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। গেলো ১৬ বছরে বাংলাদেশের দারিদ্র্য মানুষের ৫০ ভাগ কমেছে। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের মানুষের ভাত, আটা খাওয়ার পরিমাণ কমেছে এটি ভালো খবর। তাছাড়া সবজি খাওয়া বেড়েছে এবং ডিম গ্রহণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।

মা ইলিশ ধরার মচ্ছব- দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদনের শিরোনাম

ইলিশ

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় এলাকায় মা ইলিশ ধরার মচ্ছব চলছে বলে অভিযোগ রয়েছে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রাণালয় গত ১৩ অক্টোবর বিকেলে জরুরী সিদ্ধান্ত শেষে জেলেদের জন্য খাদ্য সয়হাতার চাল বরাদ্দ দিয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেছে। অভিযানের শেষ সময়ে জেলেদের জন্য খাদ্য সহায়তার চাল বরাদ্দ হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় ১২ জেলায় এখনও জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল পৌঁছেনি। এ কারণে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা পেটের দায়ে দাদন ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ীদের যোগসাজসে মা ইলিশ শিকার করছে।

বাকৃবি গবেষকদের ইলিশের স্যুপ ও নুডলস উদ্ভাবন—দৈনিক নয়া দিগন্ত

ইলিশের স্যুপ

ভৌগোলিক নির্দেশক বা জি আই পণ্য হওয়ায় ইলিশ বলতেই বিশ্বের দরবারে ভেসে ওঠে বাংলাদেশের নাম। ভোজনে ও বিলাশে পটু এই জাতির খাদ্য তালিকায় প্রথম পছন্দ যে মাছ তা হচ্ছে ইলিশ।

বাংলাদেশের ইলিশ উৎপাদন বৃদ্ধির জোর চেষ্টা করে আসছে দেশের মৎস্য অধিদফতর। গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে কয়েকগুণ। ২০১৫-১৬ সালের তথ্য অনুযায়ী, দেশে ইলিশের উৎপাদন প্রায় ৪ লক্ষ মেট্রিক টন। জিডিপিতে অবদান ১ শতাংশ।

ইলিশের মৌসুম ছাড়া অন্যান্য সময়ে আহরণ কম হয় এবং বাজারে দাম অনেক চড়া থাকে। ফলে সারা বছর ইলিশের স্বাদ কিভাবে পাওয়া যায় এ নিয়ে কাজ শুরু করেন গবেষকরা।

মুরগির গোশত দিয়ে বিভিন্ন রকম পণ্য তৈরী করে দেশের অসংখ্য রেস্টুরেন্ট ব্যবসা করে যাচ্ছে। তেমনি ইলিশ দিয়ে কিভাবে অন্যান্য খাদ্য পণ্য তৈরী করা ও ইলিশের পুষ্টি পাওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রন বিভাগের প্রফেসর ড. এ কে এম নওশাদ আলম ও তাঁর গবেষক দল।

তাঁরা দেড় বছর গবেষণা করে ইলিশের স্যুপ ও নুডলস উদ্ভাবন করেছেন। ফলে ইলিশের স্বাদ ও পুষ্টি এখন সারা বছরই পাওয়া যাবে।

ড. নওশাদ আলম জানান, লোনা ইলিশ ব্যতিত ইলিশকে সারাবছর সংরক্ষনের আর কোন পদ্ধতি চালু নেই। ফলে সারা বছর ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।

এছাড়া ইলিশ মাছ পুষ্টিমানেও অনন্য। ইলিশ একটি চর্বিযুক্ত মাছ আর ইলিশে প্রচুর পরিমানে প্রয়োজনীয় ফ্যাটি এসিড (ওমেগা ৩ ফ্যাটি এসিড) রয়েছে। সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে, এই এসিড কোলেস্টোরেল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে।

কিন্তু ইলিশের মাংসল অংশে অসংখ্য ছোট ছোট কাটা রয়েছে। ফলে বিদেশীরা এ মাছ ইচ্ছে থাকা সত্বেও খেতে পারেন না। ইলিশের মজাদার এই স্যুপ ও নুডলস দেশের এবং দেশের বাইরের সমান জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে দাবি করেন তিনি।

পুলিশের চাল পোকায় খাওয়া-দৈনিক প্রথম আলোর প্রতিবেদন

পুলিশের চালে পোকা

সরকারি খাদ্যগুদাম থেকে ৪৪০ কোটি টাকার চাল ও গম কিনে বিপাকে পড়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীর সদস্যদের রেশন দেওয়ার জন্য খাদ্য অধিদপ্তর থেকে চাল-গম কিনে থাকে তারা। কিন্তু এ বছর পুলিশের ১২২টি ইউনিটের মধ্যে ১২০টি থেকেই ওই চাল-গমকে নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী হিসেবে চিহ্নিত করে সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

ওই চাল থেকে রান্না করা ভাত এবং গম ভাঙিয়ে তৈরি রুটি পুলিশ সদস্যরা খেতে পারছেন না। সেগুলো দুর্গন্ধযুক্ত, নিম্নমানের এবং খাওয়ার অনুপযোগী। এসব অভিযোগ তুলে পুলিশ ও র‍্যাবের বিভিন্ন ইউনিট থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ওই ভাত ও রুটি নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

পাহাড়ে সরছে না বাহিনী, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

সিআরপিএফ

পাহাড়ে বাহিনী প্রত্যাহার নিয়ে কলকাতা হাই কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের। দার্জিলিং থেকে বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। এদিন শুনানিতে বিচারপতি বুঝিয়ে দেন পাহাড়ের পরিস্থিতি এমন কিছু বদলায়নি যেখানে বাহিনী সরানোর মতো অবস্থা হবে। ২৭ অক্টোবর ফের এই মামলার শুনানি। হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়।

পাহাড় থেকে বাহিনী প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রাজ্য। সেই মামলার ২৭ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করাই শুধু নয়, কেন্দ্রকে রীতিমতো তিরষ্কার করেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

নতুন বিতর্ক, এবার তাজমহলের নাম বদলের দাবি-দৈনিক আজকাল

তাজমহল

তাজমহলের নতুন নামকরণ করা উচিত। এবার নতুন বিতর্ক উস্কে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় কাটিয়ার। তাঁর দাবি, তাজমহল হিন্দুদের মন্দির। তাই নামকরণ করা উচিত তেজো মহল। বিনয় বলেছেন, ‘‌তাজমহল হিন্দু মন্দির। ভারতীয় দেব–দেবী ও স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে তাজমহলে। সেকারণেই নাম হওয়া উচিত তেজোমহল।’‌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি অনুরোধ করেছেন তাজমহলে গিয়ে হিন্দু স্থাপত্য দেখে আসার জন্য। বিনয়ের যুক্তি, ‘‌এটা যদি শুধু কবরখানাই হয়, তাহলে তাজমহলের ভিতরে এক ঘর থাকবে কেন?‌ আমি অবশ্য কোনও স্থাপত্য নষ্ট করার কথা বলছি না। শুধু নাম পরিবর্তনের কথাই বলছি। ব্রিটিশরা তাজমহলের কোনও স্থাপত্য নষ্ট করেনি। কিন্তু মুঘলরা অনেক স্থাপত্য নষ্ট করেছে।’‌ এই মন্তব্যের পর মুঘল স্থাপত্য তাজমহল নিয়ে বিতর্ক আরও বাড়বে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের ট্যুরিজম গাইড থেকে তাজমহলকে বাদ দেওয়া হয়েছে।

মোদী-শাহদের আরও ধাক্কা দিতে প্রস্তুত রাহুল-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী (ফাইল ফটো)

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিজেপির। একের পর একের হারের খবর আসছে। গত কয়েক মাসে দেশে লোকসভা বা বিধানসভার যে ক’টি উপনির্বাচন হয়েছে, তার প্রায় সব ক’টিতেই হারতে হয়েছে নরেন্দ্র মোদীর দলকে। উল্টোদিকে চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস শিবির। চলতি মাসেই সভাপতির পদে রাহুল গাঁধীর উত্থান ঘটবে। দীপাবলির পরেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে তার দিন ক্ষণ চূড়ান্ত হয়ে যাবে।

কংগ্রেসের নেতারা মনে করছেন, এই বিজেপি বিরোধী হাওয়া ধরে রাখতে পারলেই সামনের বিধানসভা ভোটে নরেন্দ্র মোদী-অমিত শাহদের ধাক্কা দেওয়া যাবে। হিমাচল, গুজরাত, রাজস্থান— আসন্ন সব ক’টি বিধানসভা ভোটেই বিজেপির সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই। এই রাজ্যগুলিতে ভাল ফল করলে ২০১৯-এর লোকসভা ভোটেও বিজেপিকে কোণঠাসা করা যাবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮