নভেম্বর ০২, ২০১৭ ১২:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ২ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্ররাজনীতির অবস্থা হতাশা ও উদ্বেগজনক-দৈনিক প্রথম আলো
  • ফোর্বস তালিকায় বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
  • প্রাইভেট পড়ানোর নামে চলছে শিক্ষকদের কোচিং বাণিজ্য-দৈনিক ইত্তেফাক
  • আমার বিরুদ্ধে মামলা এগোচ্ছে রকেটগতিতে : খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন খারিজ, ৯ নভেম্বর পরবর্তী শুনানি-দৈনিক নয়া দিগন্ত
  • মুন্সিগঞ্জে পরকীয়ার জেরে একই পরিবারে ৩ জনের আত্মহত্যা-দৈনিক মানবজমিন
  • লাগামহীন পেঁয়াজের দাম-পাইকারী কেজিতে ৭৫ টাকা খুচরা বাজারে ৯০ টাকায় -দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • ৪৪ বছর ধরে মাত্র ২ টাকায় রোগী দেখছেন এই চিকিত্সক-দৈনিক আনন্দবাজার
  • হিন্দুদের মধ্যেও জঙ্গি আছে: কমল হাসান- দৈনিক আজকাল
  • কংগ্রেস এখন লাফিং ক্লাব:‌ মোদি-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ফোর্বস তালিকায় বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে রয়েছেন। গত বছর তাঁর অবস্থান ছিল ৩৬তম। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস বুধবার এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে। ফোর্বস তাঁকে ‘লেডি অব ঢাকা’ হিসেবে অভিহিত করে বলেছে, তিনি রোহিঙ্গা জনগণের সাহায্যের অঙ্গীকার করেন এবং রোহিঙ্গাদের আশ্রয়দানের জন্য ২ হাজার একর ভূমি বরাদ্দ করেন, যা মিয়ানমারের অং সান সু চির সম্পূর্ণ বিপরীত। বিশ্বের ২৯টি দেশ থেকে রাজনীতি, ব্যবসা, টেকনোলজি, মানবহিতৈষীর মতো খাতগুলো থেকে ১০০ জন প্রভাবশালী নারী নির্বাচিত করা হয়।

খালেদা জিয়ার স্থায়ী জামিন নাকচ-দৈনিক নয়াদিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার করা স্থায়ী জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৯ নভেম্বর। আজ বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। পরে বিচারক জামিন আবেদন নাকচ করেন।

দৈনিক যুগান্তরের এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম-আমার বিরুদ্ধে মামলা এগোচ্ছে রকেটগতিতে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে রকেটগতিতে মামলা এগোচ্ছে অভিযোগ করে ন্যায়বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কত মামলা ঝুলে আছে। কিন্তু আমার বিরুদ্ধে মামলা এগোচ্ছে রকেটগতিতে। এতে কি ন্যায়বিচার হবে? বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে অসমাপ্ত বক্তব্যকালে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচনে আমাকে অযোগ্য ঘোষণা করতেই ক্ষমতাসীনরা একটি নীলনকশা প্রণয় করেছে।

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়-ছাত্ররাজনীতির অবস্থা হতাশা ও উদ্বেগজনক-দৈনিক প্রথম আলো

বিশ্বজিৎ

ছাত্ররাজনীতির নামে সংঘবদ্ধ অপরাধে যুক্ত হচ্ছেন কিছু তরুণ, তাঁদের কারণে পুরো ছাত্ররাজনীতি কলঙ্কিত হচ্ছে বলে মন্তব্য এসেছে উচ্চ আদালত থেকে। পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে ছাত্রনেতাদের ছাত্রাবাসের প্রশাসন চালানো, জোর করে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিতে নিয়ে যাওয়ার মতো প্রবণতারও সমালোচনা করা হয়েছে। তথাকথিত কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থে তাঁদের পৃষ্ঠপোষকতা করছেন বলেও রায়ে বলা হয়েছে।

রায়ে আদালত আরও বলেছেন, টাকাওয়ালা এবং ক্ষমতাশালী লোকেরা একধরনের দায়মুক্তি ভোগ করেন। এ ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রতিবেদন তৈরি করে অপরাধীদের সহায়তা করেন।

বিশ্বজিৎ দাস কাজ করতেন দরজির দোকানে, কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন না। খেয়ে-পরে বেঁচে থাকার সংগ্রামটুকুই করছিলেন তিনি। ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে কাজে যাওয়ার সময় বাহাদুর শাহ পার্কসংলগ্ন এলাকায় হতভাগ্য এই তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল কর্মী। 

প্রাইভেট পড়ানোর নামে চলছে শিক্ষকদের কোচিং বাণিজ্য-দৈনিক ইত্তেফাক

শিক্ষকদের কোচিং বাণিজ্য

বছরের পর বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকার ফলে শিক্ষকরা প্রাইভেট পড়ানোর নামে কোচিং সেন্টার গড়ে তুলেছেন এবং এমন পরিস্থিতি তৈরি করেছেন যাতে ছাত্র-ছাত্রীরা প্রাইভেট পড়তে বাধ্য হয়। রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ের অর্ধ সহস্র শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ পেয়েছে দুদক। ওই অভিযোগের ভিত্তিতে তাদেরকে বদলির সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  অপরদিকে শিক্ষকদের বদলি না করার পেছনে রাজনৈতিক চাপ, তদবির ও অনৈতিক আর্থিক লেনদেনের নানা ধরনের প্রমাণ পেয়েছে দুদক। গত ফেব্রুয়ারি থেকে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করে। গতকাল বুধবার তদন্ত টিম কমিশনে তাদের প্রতিবেদন দাখিল করেন।

লাগামহীন পেঁয়াজের দাম-পাইকারী কেজিতে ৭৫ টাকা খুচরা বাজারে ৯০ টাকায় -দৈনিক ইনকিলাব

পেঁয়াজের দাম লাগামহীন

লাগামহীনভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। গেলো তিন থেকে চার মাসের ব্যবধানে নিত্যপণ্যটির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। পাইকারী পর্যায়ে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭৫ টাকা পর্যন্ত, যেটি মুদির দোকানে গিয়ে ঠেকছে প্রায় ৯০ টাকায়। পাইকারী ব্যবসায়িরা বলছেন, এ বছর পেঁয়াজের উৎপাদনে ঘাটতি এবং ভারতীয় রপ্তানিকারকরা দাম বাড়িয়ে দেয়ায় বাজারে এমন অস্থিরতা। এ অবস্থায় হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

পেঁজারের ঝাঁজ খাবারের স্বাদ বাড়ালেও, আতঙ্ক বাড়িয়ে চলেছে বাজারে। লাগামহীন দামে জনজীবনে অস্থিরতার নতুন মাত্রা যোগ করে চলছে এই ঝাঁজ। আর বাজারে দাম বাড়ার প্রতিযোগীতায়ও এখন শীর্ষে রয়েছে পণ্যটি। গেল তিন থেকে চার মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে দ্বিগুণেরও বেশি। আর গেলো এক সপ্তাহে তৈরি হয়েছে যেন ভৌতিক অবস্থা।

রাজধানীর সবচেয়ে বড় আড়ৎ, শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৭৫ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এই পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দায় চাপালেন প্রাকৃতিক দুর্যোগ আর ভারতীয় রপ্তানিকারদের উপর।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

কাশ্মীরে ফের সেনার গাড়িতে হামলা জঙ্গিদের, আহত পাঁচ জওয়ান-সংবাদ প্রতিদিন

কাশ্মিরে সেনা জঙ্গি সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরে ফের বড়সড় হামলা চালাল জঙ্গিরা। আবারও লক্ষ্য  ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার লাজিবালে টহলরত সিআরপিএফের গাড়ির উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মোট পাঁচজন জওয়ান আহত হয়েছেন। যদিও ধরা পড়েনি কোনও জঙ্গিই। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ইতিমধ্যে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

৪৪ বছর ধরে মাত্র ২ টাকায় রোগী দেখছেন এই চিকিত্সক-দৈনিক আনন্দবাজার

গরীব মানুষের ডাক্তার- ভিজিট ২ টাকা

গরিব মানুষের কাছে তিনি যেন ‘সাক্ষাত্ ঈশ্বরের দূত’। কারণ, কোনও রোগীকেই ফেরান না তিনি। পারিশ্রমিক মাত্র ২ টাকা! সেটাও আবার মাঝে মধ্যেই নেন না।

গত ৪৪ বছর ধরে এ ভাবেই মানুষের সেবা করে চলেছেন এক চিকিত্সক। তিনি চেন্নাইয়ের ব্যাসারপদির বাসিন্দা থিরুভেঙ্গাদাম বীররাঘবন। ১৯৭৩ সালে ডাক্তারি পাশ করেন তিনি। তখন থেকে ২ টাকা নিয়েই রোগী দেখা শুরু করেন তিনি। পরে তা বাড়িয়ে কিছু দিনের জন্য ৫ টাকা করেছিলেন। কিন্তু, এতে অনেক চিকিত্সক আপত্তি তোলেন। তাঁরা বীররাঘবনকে অন্তত ১০০ টাকা ভিজিট নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সে সব পরামর্শ উপেক্ষা করে তিনি ভিজিট নেওয়াই বন্ধ করে দেন। এর পর থেকে যে যাঁর সাধ্য মতো রোগীরা বীররাঘবনকে তাঁর ভিজিট হিসেবে খাবার-দাবার, ফল-মূল দিয়ে যেতেন। তবে, বেশির ভাগ রোগীই তাঁর কাছে আসেন খালি হাতে।

কংগ্রেস এখন লাফিং ক্লাব:‌ মোদি-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কংগ্রেস এখন লাফিং ক্লাবে পরিণত হয়েছে। সব জায়গাতেই দেশবাসী তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কাঙ্গরায় নির্বাচনী জনসভায় এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং–কে নিয়ে তাঁর কটাক্ষ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতিতে অভিযুক্ত তারা কীভাবে ইশতেহারে ফের ক্ষমতায় এলে কড়া হাতে দুর্নীতি দমনের প্রচার করে। মোদির অভিযোগ, বীরভদ্র সিং নিজেই দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জামিনে মুক্ত আছেন। অথচ তিনি দুর্নীতি দমনের কথা বললে কে বিশ্বাস করবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২