ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে নারীর আয় বেশি
প্রিয় পাঠক/শ্রোতা! ৮ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- আধুনিক চামড়া শিল্প নগরী গড়ার সময় বাড়ল দুই বছর- দৈনিক ইনকিলাব
- ৫২ জনের তথ্য সিআইডির হাতে: রিজার্ভ চুরির সঙ্গে জড়িতরা চিহ্নিত- দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা ইস্যু: চার দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ- দৈনিক মানবজমিন
- রাখাইনে বলপ্রয়োগ বন্ধ করুন: নিরাপত্তা পরিষদ- দৈনিক যায়যায়দিন
- 'বাংলাদেশের সঙ্গে আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে জাতিসংঘের বিবৃতি'- দৈনিক সমকাল
- ‘নির্বাচনে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে’- দৈনিক ইত্তেফাক
- ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে নারীর আয় বেশি- দৈনিক প্রথম আলো
ভারতের শিরোনাম:
- যথাযথ তদন্ত হলে দুর্নীতি প্রকাশ হবে, তোপ মমতার- দৈনিক বর্তমান
- মোদির আমলে ফিরেছে ‘লাইসেন্স রাজ’, তীব্র কটাক্ষ রাহুলের- দৈনিক আজকাল
- নোট বাতিলের এক বছর, সমস্যার সমাধান কতটা হল?- দৈনিক আনন্দবাজার
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আধুনিক চামড়া শিল্প নগরী গড়ার সময় বাড়ল দুই বছর- দৈনিক ইনকিলাব

সাভারে আধুনিক চামড়া শিল্প নগরী স্থানান্তরের মেয়াদ আবারও দুই বছর বাড়িয়েছে সরকার। এজন্য তৃতীয় বারের মতো প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী প্রস্তাবসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা।
এর সরকারী তহবিল থেকে ৪ হাজার ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ৫১ কোটি ১৬ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৫৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারন অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব কে এম মোজাম্মেল হক এবং আইএমইডি সচিব মো. মফিজুল ইসলাম প্রমুখ।
৫২ জনের তথ্য সিআইডির হাতে: রিজার্ভ চুরির সঙ্গে জড়িতরা চিহ্নিত- দৈনিক যুগান্তর

হ্যাকিংয়ের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরির সঙ্গে দেশি ও বিদেশিসহ মোট ৫২ জনের একটি চক্র জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের ১৬ জন এবং একটি বেসরকারি ব্যাংকের তিন শীর্ষ কর্মকর্তার নাম আছে। একইভাবে ৩৩ জন বিদেশি জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন ধরনের আলামত ও তথ্য-প্রমাণ এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ১২০ জনকে জিজ্ঞাসাবাদে এদের নাম বেরিয়ে এসেছে। এরা ৩৫টি পেমেন্টের মাধ্যমে মোট দুই বিলিয়ন মার্কিন ডলার সরানোর পরিকল্পনা করেছিল। সিআইডির তদন্ত রিপোর্টে দেশি-বিদেশি সবার নামসহ টাকা পাচারের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। সিআইডি বলছে, তাদের হাতে পুরো চক্রের অপরাধের তথ্য চলে এসেছে। এখন চার্জশিট তৈরির কাজ চলছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ চুরির সময় কেন্দ্রীয় ব্যাংকের এই ১৬ কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রথম থেকেই তারা সন্দেহের তালিকায় আছেন। কিন্তু ঘটনার পর থেকে এ পর্যন্ত তাদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা বহাল তবিয়তেই চাকরি করছেন। তবে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য পাসপোর্ট জব্দ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ১৬ কর্মকর্তার মধ্যে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের চারজন, পেমেন্ট সিস্টেম বিভাগের চারজন, আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চারজন, ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের দু’জন এবং ব্যাংক অফিস অব দ্য ডিলিংস রুমের এক কর্মকর্তার নাম আছে বলে জানা গেছে। এর বাইরে এক নির্বাহী পরিচালকের নামও আছে সিআইডির তালিকায়। তদন্তের স্বার্থে সংস্থাটি এ মুহূর্তে তাদের নাম প্রকাশ করছে না।
রোহিঙ্গা ইস্যু: চার দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ- দৈনিক মানবজমিন

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে এমন চারটি দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক সূত্র বলছে, রোহিঙ্গাদের ফেরানোর প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উদ্যোগের বিস্তারিত অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা বোঝা লাঘবে বিশেষ করে ১০ লাখের বেশি মিয়ানমার নাগরিকের অস্থায়ী আশ্রয় গ্রহণে বাংলাদেশ যে গভীর সঙ্কটে পড়েছে তার বিস্তারিত তুলে ধরেন তিনি। বৈঠকে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ওই চার দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের অবস্থানের বিষয়টি তাদের হেড কোয়ার্টারকে জানাবেন বলে অঙ্গীকার করেন। তবে তাদের তরফে এই ইস্যুতে কি সহায়তা দেয়া হবে তা স্পষ্ট করে বলেন নি।
রাখাইনে বলপ্রয়োগ বন্ধ করুন: নিরাপত্তা পরিষদ- দৈনিক যায়যায়দিন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বলপ্রয়োগ বন্ধ করার আহবান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের ওই রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরম্নর পর গত ২৫ আগস্ট থেকে সোয়া ছয় লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গত দশ সপ্তাহে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে ওই সহিংসতাকে 'জাতিগত নির্মূল অভিযান' হিসেবে চিহ্নিত করে এর সমালোচনা করে আসছে জাতিসংঘ।
তবে মিয়ানমার সরকার কোনো ধরনের জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। রোহিঙ্গা সংকটের অবসানে যুক্তরাজ্য ও ফ্রান্স সোমবার নিরাপত্তা পরিষদে একটি প্রস্ত্মাব পাসের উদ্যোগ নিলেও মিয়ানমারের দুই মিত্র দেশ ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীনের কারণে তা শেষ পর্যন্ত বাদ দেয়া হয়। এর বদলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে একটি বিবৃতি দেয়, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে যাতে সেনাবাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করা হয়, মিয়ানমার সরকারের প্রতি সেই আহবান জানাচ্ছে নিরাপত্তা পরিষদ।সেই সঙ্গে রাখাইনে বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠা করে আইনের শাসন নিশ্চিত করতে এবং মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও দায় পূরণে মিয়ানমার সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানানো হয়েছে।
'বাংলাদেশের সঙ্গে আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে জাতিসংঘের বিবৃতি'- দৈনিক সমকাল

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি পালিয়ে আসা ছয় লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে বলে দাবি করেছে মিয়ানমার।
স্থানীয় সময় বুধবার মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে সু চি বলেছেন, কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় চেষ্টাতেই এ সমস্যার সমাধান আসতে পারে বলে তার দেশ বিশ্বাস করে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা চর্চা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিয়েছে, তাতে প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে মিয়ানমার।
‘নির্বাচনে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে’- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যা কিছু অর্জন তার সবকিছুর মূলে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব। অন্য কোনো দলের অবদান ছিল না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান তিনি।
আমির হোসেন আমু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল তাঁর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দিন পাকিস্তান ভিত্তিক রাজনীতি করেননি। তিনি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করেছেন। তার প্রত্যেকটি পদক্ষেপ পাকিস্তান বিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ই মার্চের ভাষণটি ছিল তাঁর সারা জীবনের লালিত স্বপ্ন। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন তা ৭ই মার্চের ভাষণে বলেছেন।
ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে নারীর আয় বেশি- দৈনিক প্রথম আলো

ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা বেশি রোজগার করেন। ভারতের নারীদের চেয়ে ৮ শতাংশের বেশি আয় করেন তাঁরা। আর পাকিস্তানের নারীদের চেয়ে ৫০ শতাংশ বেশি আয় তাঁদের।
ক্রয় সক্ষমতা অনুসারে (পিপিপি) বাংলাদেশের নারীদের গড় আয় বছরে এখন ২ হাজার ৩৭৯ ডলার বা ১ লাখ ৯২ হাজার ৬৯৯ টাকা। সেখানে ভারতের নারীদের আয় বছরে ২ হাজার ১৮৪ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭৬ হাজার ৯০৪ টাকা। আর পাকিস্তানের নারীরা বছরে ১ হাজার ৪৯৮ ডলার বা ১ লাখ ২১ হাজার ৩৩৮ টাকা আয় করেন। তৈরি পোশাক খাতে বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থান বাংলাদেশের নারীদের আয়ের দিক থেকে এগিয়ে রেখেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০১৬ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে এই তিন দেশের নারীদের আয়ের এ চিত্র পাওয়া গেছে। তা ছাড়া গড় আয়ু, শিশুর অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার, চাকরির নিশ্চয়তা—এসব সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সর্বশেষ মানব উন্নয়ন প্রতিবেদনে এই অগ্রগতির প্রতিফলন হয়েছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
যথাযথ তদন্ত হলে দুর্নীতি প্রকাশ হবে, তোপ মমতার- দৈনিক বর্তমান

নোট বাতিলের বর্ষপূর্তিতে ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের সিদ্ধান্তের চরম বিরোধী বলে চিহ্নিত মমতা মঙ্গলবার এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, এই সিদ্ধান্ত আসলে বড়সড় একটা দুর্নীতি। ফের বলছি এটা একটা দুর্নীতি! যথাযথ তদন্ত হলে তা প্রমাণিত হবে!
২০১৬ সালের ৮ নভেম্বর রাত ৮টায় দেশবাসীকে নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এই পদক্ষেপ কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ট্যুইটবার্তায় সে প্রসঙ্গে মমতা লিখেছেন, কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নয় এই সিদ্ধান্ত! ক্ষমতায় থাকা দলের কায়েমি স্বার্থে কালো টাকাকে সাদা করার সিদ্ধান্ত এটা! তাঁর কটাক্ষ, কালো টাকা তাদের জন্য ‘সাদা তহবিল’ হয়েছে। আর গোটা দেশবাসী চলে গিয়েছে নিকষ কালো অন্ধকারে। এখনও কালো টাকা বিদেশ থেকে ফেরত আনা গেল না। বাস্তব হল, গোটা বিষয়টাই একটা ‘বিগ জিরো’! নোট বাতিলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ, বুধবার ‘কালা দিবস’ পালন করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন মমতা।
ট্যুইটবার্তায় তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, সন্ত্রাসবাদ আর কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে নোট বাতিল। দেশের উন্নয়নের স্বার্থেও তা কাজে আসেনি। বরং এর জন্য তিন লক্ষ কোটি টাকার জিডিপি ক্ষতি হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কোটি কোটি শ্রমিক-কর্মচারী কাজ হারিয়েছেন। কৃষকরা না খেয়ে থাকতে বাধ্য হয়েছেন, ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মমতার কথায়, যে অবর্ণনীয় দুর্ভোগ আর যন্ত্রণা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তা আমাদের মনকে আজও আতঙ্কিত করে চলেছে। তৃণমূলনেত্রীর অঙ্গীকার, ভুক্তভোগী সাধারণ মানুষের এই লড়াই, তাঁদেরও লড়াই! এই লড়াইয়ে মানুষের পাশে থাকতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।
মোদির আমলে ফিরেছে ‘লাইসেন্স রাজ’, তীব্র কটাক্ষ রাহুলের- দৈনিক আজকাল

নোট বাতিলের বর্ষপূর্তি বুধবার। এদিনই নোট বাতিলের ব্যর্থতা তুলে ধরতে কলম ধরলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এক সংবাদপত্রে নিবন্ধে রাহুল লিখেছেন, লক্ষ লক্ষ পরিশ্রমী মানুষের জীবনে ধ্বংস ডেকে এনেছে নোট বাতিল। তাঁর মতে, নোট বাতিলের ফলে কর্মহীনতা বেড়েছে। অর্থনৈতিক সুযোগ নষ্ট হয়েছে। সেই রাগেই বেড়েছে সাম্প্রদায়িক ঘৃণা। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে ভারত প্রগতিশীল অর্থনীতি হওয়ার আত্মবিশ্বাস হারিয়েছে বলে রাহুল মন্তব্য করেছেন। পরিসংখ্যান তুলে রাহুল বলেছেন, নোট বাতিলের পরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন ২ শতাংশ কমেছে। অসংগঠিত শ্রমক্ষেত্র ধ্বংসের মুখে। মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে।
সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমির তথ্য তুলে রাহুল বলেছেন, নোট বাতিলের পরে ১৫ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন। আশির দশকে ব্যবসা করতে হাজারো অনুমতি লাগত। ব্যঙ্গ করে তাকে বলা হত ‘লাইসেন্স রাজ’। রাহুল অভিযোগ করেছেন মোদি সরকারের আমলে ঘুরেফিরে আসছে লাইসেন্স রাজ। চীন উৎপাদন শিল্পের হাব হয়ে উঠছে। ভারতকেও চ্যালেঞ্জ নিতে হবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে চাঙ্গা করে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন রাহুল।
নোট বাতিলের এক বছর, সমস্যার সমাধান কতটা হল?- দৈনিক আনন্দবাজার

গত বছর ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণার পর কয়েক মাস হাতে গোনা কোনও কোনও দোকান ৫০০ বা হাজার টাকার নোট নিয়েছিল। কিন্তু, বাস্তব হল, কেন্দ্রীয় সরকারের ঘোষণায় নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। ‘নিষিদ্ধ’ নোটের ভাঙানি দেওয়ার চাপ এড়াতে অনেকে দোকানপাটই খোলেননি কয়েক দিন। প্রধানমন্ত্রীর ঘোষণার দিন দুয়েক পর বাজারে আসে দু’হাজার টাকার নোট। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, ব্যাঙ্কে গিয়ে নোট বদল করার সময় আঙুলে কালির দাগ দেওয়ার রীতি চালু হয়েছিল।
সব মিলিয়ে গত এক বছরে নোট বাতিলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মূল্যায়ণ হয়েছে। কিন্তু আসল কথা হল, আমজনতার দৈনন্দিন জীবনের হেনস্থার বিবরণ নাতিদীর্ঘ নয়।
প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। আবারো কথা হবে আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮