নভেম্বর ০৯, ২০১৭ ১১:৫৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৯ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বন্ধন এক্সপ্রেস উদ্বোধন: যৌথ কনফারেন্সের ভিডিও- দৈনিক মানবজমিন অনলাইন
  • খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন খারিজ- দৈনিক নয়াদিগন্ত অনলাইন
  • দেশে বিচারের নামে নানা অবিচার হয়: খালেদা জিয়া- দৈনিক যুগান্তর অনলাইন
  • ‘পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত সিনহা প্রধান বিচারপতি’- দৈনিক ইত্তেফাক
  • হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না: আ’লীগকে ইনু- দৈনিক যুগান্তর
  • ভেলায় চড়ে আরও শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ- দৈনিক সমকাল
  • সউদী শ্রমবাজারে অশনি সঙ্কেত: দূতাবাসের বিশেষ সার্কুলার- দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম

ভারতের শিরোনাম:

  • অমানবিক বিজেপি নেতা, ফুটন্ত তেলে হাত কর্মীদের- দৈনিক আজকাল
  • বাতিলেই ভর্তি ঘর, নয়া নোট ছাপানো বন্ধ করল RBI- দৈনিক সংবাদ প্রতিদিন
  • গুরুঙ্গের সঙ্গীকে পেতে সিকিম হাইকোর্টে সিআইডি- দৈনিক আনন্দবাজার

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বন্ধন এক্সপ্রেস উদ্বোধন: যৌথ কনফারেন্সের ভিডিও- দৈনিক মানবজমিন অনলাইন

যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন সৃষ্টি করে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এতে দুই দেশের জনগণই লাভবান হবে।’

প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে বলেন, ‘দিদি, ইলিশ মাছ আছে। আসেন, খাওয়াব।’ ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলায় বলেন, ‘আমাদের মৈত্রী ও বন্ধন আরও সুদৃঢ় হলো।’ মোদি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা দরকার।

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন খারিজ- দৈনিক নয়াদিগন্ত অনলাইন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে তৃতীয় দিনের মতো আদালতে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে তিনি বক্তব্য দেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়া আবারও স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। পরে বিচারক ১৬ নভেম্বর এ মামলার পরবর্তী সময়ে শুনানির জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন।এর আগে গত ২ নভেম্বর খালেদা জিয়া দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দিয়ে মামলার শুনানির দিন আজ বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আজ বেলা ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া আদালতে পৌঁছান। এরপরই খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ স্থায়ী জামিনের আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন।

দেশে বিচারের নামে নানা অবিচার হয়: খালেদা জিয়া- দৈনিক যুগান্তর অনলাইন

বাংলাদেশে বিচারের নামে নানা অবিচার হয় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দাবি, অবিচার হয় বলেই এ দেশে মরহুম শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী ও সোহরাওয়ার্দীর মতো নেতাদের জেলে যেতে হয়েছিল।বৃহস্পতিবার দুপুরে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন বিএনপি নেত্রী।

এর আগে  রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আবারও স্থায়ী জামিনের জন্য আবেদন করেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১টার দিকে  রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে পৌঁছান তিনি। এ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করেন।  এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার দিন ধার্য রয়েছে।

‘পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত সিনহা প্রধান বিচারপতি’- দৈনিক ইত্তেফাক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন প্রধান বিচারপতি এজলাসে বসলে অবমাননা হবে। তার এ ধরনের বক্তব্য সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বুধবার সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বলতে চাই, যেখানেই থাকুক না কেন পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত বিচারপতি এসকে সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি। তাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তা অবমাননাকর বলেও মন্তব্য করেন বার সভাপতি।

এ সময় বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা নাসরিন দিপ্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না: আ’লীগকে ইনু- দৈনিক যুগান্তর

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটকে এক টাকার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, আপনারা এক টাকার মালিক নন, ৮০ পয়সার মালিক। এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে।

তিনি বলেন, আমরা যদি না থাকি তবে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। বুধবার বিকালে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি কারও দয়ায় মন্ত্রী হইনি, শেখ হাসিনা আমায় বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছি। তিনি বলেন, দেশ, গণতন্ত্র, মানুষ ও মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছি। আর সেই ঐক্যের ফসল হিসেবে শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত যে শেখ হাসিনা তার ওয়াদা রেখেছেন।

ইনু বলেন, শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন, জঙ্গিদের দমন করেছেন। তাই তিনি বাংলাদেশের নেত্রী আর খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নেত্রী, খালেদা জিয়া রাজাকারের নেত্রী। আওয়ামী লীগ নেতাদের নাম না উল্লেখ করে তিনি বলেন, আমরা চুপ করে সব সহ্য করি বলে আমাদের দুর্বল ভাববেন না। আমাদেরও শক্তি আছে, জাসদের লাঠি যেই রাস্তায় যাবে সেই রাস্তায় কোনো লোক থাকবে না।

ভেলায় চড়ে আরও শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ- দৈনিক সমকাল

রাখাইন রাজ্যে থেকে দুটি বাঁশের ভেলা ও একটি নৌকা দিয়ে আরও শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকালে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌছায় তারা।

এদের বেশির ভাগ শিশু ও  নারী বলে জানা গেছে। এর আগে বুধবার একই কৌশলে ৫২ রোহিঙ্গা প্রবেশ করেছিল শাহপরীর দ্বীপে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকা করে প্রায় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের উদ্ধার করে মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।

ভেলায় করে আসা রোহিঙ্গা নারী দিলবাহার বেগম (৩৫) বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে দেশ ছেড়ে পরিবারকে নিয়ে চলে আসি।  তিনি আরও বলেন, এ নৌরুটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। আমরা একটি বাঁশের ভেলায় প্লাস্টিকের জারিকেন নিয়ে ঝুঁকিপূর্ণ নাফনদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছি।

সউদী শ্রমবাজারে অশনি সঙ্কেত: দূতাবাসের বিশেষ সার্কুলার- দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম

সউদী আরবের বৃহৎ শ্রমবাজার নিয়ে অশনি সঙ্কেত দেখা দিয়েছে। বারো শ’ রিক্রুটিং এজেন্সি ডিগ্রী পাসের সার্টিফিকেট জমা দেয়ার খড়গে পড়েছে। ঢাকাস্থ সউদী দূতাবাস থেকে হঠাৎ এক বিশেষ সার্কুলারে কতিপয় কাগজপত্রের সাথে প্রত্যেক রিক্রুটিং এজেন্সি’র স্বত্বাধিকারীর ডিগ্রী পাসের সার্টিফিকেট জমা দেয়ার আজ বৃহস্পতিবার ডেট-লাইন বেধে দেয়া হয়েছে। এতে বারো শ’ বৈধ রিক্রুটিং এজেন্সি বিপাকে পড়েছে। সউদী আরবে মহিলা কর্মী প্রেরণকারী প্রায় তিনশ’ রিক্রুটিং এজেন্সিও চরম হতাশায় ভুগছেন। এ ধরনের শর্ত বাস্তবায়ন করা হলে জনশক্তি রফতানিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এতে মহিলা রিক্রুটিং এজেন্সিগুলোর ভাগ্যেও অনিশ্চয়তা দেখা দিবে।

জনশক্তি রফতানিকারকরা এ ধরনের অযৌক্তিক শর্ত অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। গতকাল পর্যন্ত হাতে গোনা কিছু রিক্রুটিং এজেন্সি ডিগ্রী পাসের সার্টিফিকেট সউদী দূতাবাসে জমা দিতে পেড়েছে। প্রায় ৯০ শতাংশ রিক্রুটিং এজেন্সি’র স্বত্বাধিকারী’র ডিগ্রী পাসের সার্টিফিকেট নেই।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’ও ডিগ্রী পাসের সার্টিফিকেট জমা দেয়ার সার্কুলার জারি হওয়ায় হতবাক হয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী গত ৬ নভেম্বর তার দপ্তরে বায়রার নেতৃবৃন্দের সাথে আলাপকালে সউদী দূতাবাসের ঐ সার্কুলার প্রসঙ্গে বলেন, আমাদের জাতীয় সংসদ সদস্যগণের মধ্যেও অনেক সদস্যগণের ডিগ্রী পাসের সার্টিফিকেট নেই। আমাদের সম্মানীত সংসদ সদস্যগণ তাদের অভিজ্ঞতার আলোকে দেশের জনগনের সেবা করে যাচ্ছেন। প্রবাসী মন্ত্রী ডিগ্রী পাসের সার্টিফিকেট দূতাবাসে জমার দিকনিদের্শনায় সৃষ্ট সংকট দ্রুত সমাধানের জন্য সউদী দূতাবাসের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

অমানবিক বিজেপি নেতা, ফুটন্ত তেলে হাত কর্মীদের- দৈনিক আজকাল

চোর সন্দেহে কর্মীদের ফুটন্ত তেলে হাত দিতে বাধ্য করলেন এক বিজেপি নেতা!‌ গুজরাটের সানন্দের ঘটনা। এই ঘটনার ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, করমশি প্যাটেল নামে ওই নেতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্প থেকে ছ’‌লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছিল। চুরির সন্দেহ গিয়ে পড়ে তিন কর্মচারীর ওপরে। ঘটনাচক্রে ওই তিন কর্মচারীই চুরির রাতে কর্মরত ছিলেন। সন্দেহভাজনদের জেরা করেও কোনও সদুত্তর পাওয়া যায়নি। তখন তাঁদের মারধর করা হয়। তাতেও টাকার হদিস না মেলায় কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলে হাত ডোবাতে বাধ্য করা হয় তাঁদের। গুরুতর আহত হয়েছেন ওই তিন কর্মী।

এতে অবশ্য দোষের কিছু দেখছেন না ওই বিজেপি নেতা। তাঁর কথায়, ‘‌পাম্পের সিন্দুকে ১২ লক্ষ টাকা ছিল। তার থেকে ৬ লক্ষ টাকা চুরি হয়েছে। চুরির সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ক্যামেরা চালু হলে দেখা যায় ওরা ঘুমোচ্ছে। সেই কারণেই ওদের ওপরে সন্দেহ গিয়েছে। আমি কাউকে ফুটন্ত তেলে হাত ডোবাতে জোর করিনি। নিজেদের সততা প্রমাণের জন্য ওরা স্বেচ্ছায় এই কাজ করেছে।’‌

বাতিলেই ভর্তি ঘর, নয়া নোট ছাপানো বন্ধ করল RBI- দৈনিক সংবাদ প্রতিদিন

নোট বাতিলের বর্ষপূর্তি। গতবছর এই সময়ই সাধারণ মানুষ কাতারে কাতারে ব্যাঙ্কে লাইন দিয়েছে। জমা পড়েছে বাতিল নোট। বছর ঘুরে দেখা যাচ্ছে সেই নোটেই ভর্তি কেন্দ্রীয় ব্যাঙ্কের ঘর। সিন্দুক ঠাসা। অতএব নতুন নোট ছাপানোয় খানিকটা লাগাম টানতে হয়েছে।

তথ্য মোতাবেক, প্রায় ৯৯ শতাংশ বাতিল নোটই সরকারের কাছে ফিরে গিয়েছে। কোন উপায়ে তা ফিরেছে তা আলাদা প্রসঙ্গ। কালো টাকার সমান্তরাল অর্থনীতি চলছিল কিনা, তাও পৃথক বিবেচনার বিষয়। কিন্তু ফিরে আসা টাকার দেখভাল করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ককেই। এ ব্যাপারে যাঁরা কাজ করছেন, সেই মহলেরই ঘনিষ্ঠ এক ব্যক্তি জানাচ্ছেন, এই মুহূর্তে আরবিআই-এর সিন্দুগুলি বাতিল নোটে ঠাসা। ফলে সাময়কি ভাবে নতুন নোট ছাপানোর কাজে বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোট গণনা ও ভেরিফিকেশনের কাজে বেশ খানিকটা সতর্ক আরবিআই। ফলে সময় লেগেছে। এই কিছুদিন আগে পর্যন্ত নতুন নোট গণনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেই হিমশিম খেতে হয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ককে।

সুতরাং পুরনো নোট বাতিল হলেও সেগুলোই যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই বাজারে একের পর এক চালু হয়েছে নোট। যতই ডিজিটাল ইকোনমির স্বপ্ন দেখানো হোক না কেন, আদতে এটিএম ট্রানজাকশনের পরিমাণ বেড়েছে প্রায় সাতাশ শতাংশ। ফলে নতুন নোটও ছাপাতে হয়েছে। এই দুয়ের টানাপোড়েনে কার্যত নাভিশ্বাস উঠছে কেন্দ্রীয় ব্যাঙ্কের। আর তাই আপাতত নতুন নোট ছাপানোয় বিরতি বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত। তবে আরবিআই এখনই এ নিয়ে কোনও বিবৃতি দিতে নারাজ।

গুরুঙ্গের সঙ্গীকে পেতে সিকিম হাইকোর্টে সিআইডি- দৈনিক আনন্দবাজার

নামচিতে বিমল গুরুঙ্গের খোঁজে অভিযানে গিয়ে সাবিত্রী রাইকে গ্রেফতার করেছিল সিআইডি। কিন্তু সিকিমের আদালত তাঁকে জামিন দিয়ে দেয়। বুধবার সেই জামিন খারিজ করে সাবিত্রীকে নিজেদের হেফাজতে নিতে সিকিম হাইকোর্টের দ্বারস্থ হল সিআইডি। আদালত সূত্রের খবর, আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির ঠিক হয়েছে। কেন অন্তর্বর্তী জামিন খারিজ করে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হবে না, তা সাবিত্রীর কাছে জানতে চেয়েছেন বিচারপতি মীনাক্ষী রাই।

সিআইডি-র কর্তারা জানান, গত ১ সেপ্টেম্বর সিকিমের নামচিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। কালিম্পং পুলিশের একটি দল গুরুঙ্গের খোঁজে সীমানা পেরিয়ে সেই বৈঠকে হানা দেয়। সংঘর্ষে এক জনের মৃত্যু হয়। গুরুঙ্গ পালিয়ে গেলেও তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ দার্জিলিঙের সাবিত্র রাই-সহ সাত জন গ্রেফতার হন। কিন্তু সিআইডি তাঁকে ট্রান্সিট রিমান্ডে নিতে পারেনি। ঘটনার পরের দিন নামচি আদালত সাবিত্রীর জামিন মঞ্জুর করেন। সেই সাবিত্রীকে হেফাজতে নিতে কলকাতা হাইকোর্ট ও শিলিগুড়ি কোর্টের তিন আইনজীবীর প্যানেল তৈরি করে সিকিম হাইকোর্টে আবেদন করে রাজ্য।#

প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। আবারো কথা হবে আগামী আসরে।

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯