নভেম্বর ২৭, ২০১৭ ১৫:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • পিলখানা হত্যায় হাইকোর্টের রায়,১৩৯ জনের ফাঁসি, যাবজ্জীবন ১৮৫ জনের। প্রথম আলোসহ প্রায় সব পত্রিকারই অনলাইন সংস্করণে এসেছে খবরটি।
  • গণতন্ত্র নয়, বিএনপিই এখন খাদের কিনারে : সেতুমন্ত্রী
  • 'যারা ন্যায়ের কথা বলে তারা কারাগারে যায়':বাংলাদেশ প্রতিদিন
  • কর্মবিরতিতে অচল চট্টগ্রাম আদালত: মানবজমিন
  • রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে পাঠানো হবে : রাষ্ট্রপতি / নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ফায়দার অঙ্কে মরিয়া মুকুল-বিজেপি/ আনন্দবাজার পত্রিকা
  • প্রতিপক্ষ হলেও মুখ্যমন্ত্রীর ‘নাক’ বাঁচাবে সিপিএম: আনন্দবাজার পত্রিকা
  • বিজেপি–র বিরুদ্ধে কড়া বার্তা অরূপের: আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বাংলাদেশ হাইকোর্ট

প্রথম আলোসহ প্রায় সব পত্রিকাতেই এসেছে,পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া মোট যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর ১৯৬ জনের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন ৪৯ জন।

আজ সোমবার বিচারপতি মো. শোকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার। আদালত এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রায়ে বিভিন্ন সুপারিশও করা হয়েছে। আজ হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারপ্রক্রিয়ার দুটি ধাপ শেষ হলো।

পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তার লাশ

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। বিচারের মুখোমুখি করা হয় ৮৪৬ বিডিআর জওয়ানকে। মামলার অন্য চার আসামি বিচার চলাকালে মারা যান। আসামির সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় হত্যা মামলা।

২০১৩ সালের ৬ নভেম্বর এই মামলায় ১৫২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেন বিচারিক আদালত। এঁদের একজন ছাড়া সবাই তৎকালীন বিডিআরের সদস্য। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৬ জনকে। সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও ২৫৬ জন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন আসামি। মোট সাজা হয় ৫৬৮ জনের।

হাইকোর্টে কোনো রায় পড়তে দুদিন সময় লাগার বিয়ষটি অনেক আইনজীবীই নজিরবিহীন বলেছেন। এই মামলায় আদালত এক হাজার পৃষ্ঠারও বেশি পর্যবেক্ষন দিয়েছেন। সম্পূর্ণ রায় প্রায় ১০ হাজার পৃষ্ঠার।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, তৎকালীন বিডিআর বিদ্রোহে অভ্যন্তরীণ ও বাইরের ষড়যন্ত্র থাকতে পারে। আদালত বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে গণতন্ত্র ধ্বংস করাই ছিল বিদ্রোহের অন্যতম উদ্দেশ্য।

গণতন্ত্র নয়, বিএনপিই এখন খাদের কিনারে : সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এই শিরোনামে দৈনিক ইত্তেফাক লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয় বরং বিএনপিই এখন গভীর খাদের কিনারে।

আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধির সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভেতরে গণতন্ত্রের লাশ। গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।

‘গণতন্ত্র এখন খাদের কিনারে’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা বলেছেন ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তান্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি? 

'যারা ন্যায়ের কথা বলে তারা কারাগারে যায়': রিজভী,বাংলাদেশ প্রতিদিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

যারা ন্যায়ের কথা বলে তারা কারাগারে যায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নির্বাচন ও গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে আমরা ভয়ঙ্কর অন্ধকার তমস্যার মধ্যে পড়ে আছি।

আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।  

রুহুল কবির রিজভী আরো বলেন, আজ গুণ্ডাপাণ্ডা আর ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর যিনি গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়, সত্য, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেন, তার বাস হয় কারগারের লৌহকপাটের ভেতরে। এধরনের বৈপরীত্য আওয়ামী লীগ সরকারের অধীনেই দেখবেন।

কর্মবিরতিতে অচল চট্টগ্রাম আদালত: মানব জমিন

চট্টগ্রাম আদালত ভবন

আদালতের এজলাস চলছে অথচ আইনজীবি নেই। আইনজীবিরা জড়ো হয়ে এক জায়গায় বিক্ষোভ করছেন তাদেরই সহকর্মী ওমর ফারুক বাপ্পী হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে।  আজ সোমবার সকাল থেকে দিনভর এমন দৃশ্যই দেখা যায় চট্টগ্রাম আদালত ভবনে। আর আদালতের এজলাস কক্ষে আইনজীবির অভাবে প্রায় অচল হয়ে পড়ে বিচার কার্যক্রম। দুর্ভোগের শিকার হন বিচারপ্রার্থীরা। আইনজীবী ওমর ফারুক বাপ্পী হত্যার প্রতিবাদে আজ সোমবার দিনভর কর্মবিরতি পালন করে চট্টগ্রাম আদালতের আইনজীবিরা। গত রবিবার দেড়ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের পর এই কর্মবিরতির ডাক দেন আইনজীবী সমন্বয় পরিষদ।

রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে পাঠানো হবে : রাষ্ট্রপতি, নয়াদিগন্ত

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, জীবনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় এবং সার্বিক নিরাপত্তা দেয়ার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতার কারণেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার। রাষ্ট্রপতি গতকাল বিকেল ৪টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এবারে ভারতের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত:

ফায়দার অঙ্কে মরিয়া মুকুল-বিজেপি/ আনন্দবাজার পত্রিকা

Iমুকুল রায়

মুকুল রায় ও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখন একে অন্যকে ব্যবহার করতে মরিয়া। বিজেপি এ বার চাইছে মুকুল প্রমাণ করুন তিনি অসমের হিমন্ত বিশ্বশর্মার মতো প্রয়োজনীয় এক জন নেতা। যাঁর সাহায্যে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানো সম্ভব হবে। অন্য দিকে, মুকুল চাইছেন বিজেপি শুধু রাজ্যে নয়, সর্বভারতীয় ক্ষেত্রে তাঁকে স্বীকৃতি দিক।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বকে অপ্রাসঙ্গিক করে দিয়ে মুকুলই সে ক্ষেত্রে দিল্লির স্বীকৃতি নিয়ে রাজ্যের প্রধান নেতা হয়ে উঠবেন। সে কারণে মুকুল রাজ্যসভার সদস্যপদ পেতে আগ্রহী। এবং সংগঠনে রাহুল সিংহের মতো জাতীয় সচিব পদও পেতে চান। মুকুলের যুক্তি নরেন্দ্র মোদী-অমিত শাহের এই স্বীকৃতি ছাড়া রাজ্যে এত বড় একটা দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

প্রতিপক্ষ হলেও মুখ্যমন্ত্রীর নাক বাঁচাবে সিপিএম: আনন্দবাজার পত্রিকা

মিছিল: ডিওয়াইএফআই-এর পঞ্চাশ বছর উদ্‌যাপনের সমাবেশ। ধর্মতলায়

মুখ্যমন্ত্রীর নাক কাটতে চান বিজেপি নেতা! ঢাল হতে চায় সিপিএম! রাজ্য রাজনীতিতে তারা প্রতিপক্ষ। শিল্প এবং কর্মসংস্থানের জন্য তৃণমূল সরকারের কোনও তৎপরতা নেই, এই অভিযোগ সামনে রেখেই ধর্মতলায় তাদের সমাবেশ। কিন্তু সেই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষায় প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বলল যুব সিপিএম।

বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা অরূপের: আজকাল

চুঁচুড়া থেকে মিছিলের পুরোভাগে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস

রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে চুঁচুড়া গোর্খা ময়দানে এক জনসভায় বিজেপি–র বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সভায় নোটবন্দী, জিএসটি–‌সহ একাধিক ইস্যু নিয়ে মন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস এক নম্বর, অর্থাৎ ফার্স্ট বয়। বিরুদ্ধে সিপিএম, বিজেপি, কংগ্রেস একত্রিত হয়ে লড়াই করলেও কিছুই হবে না। তৃণমূল কংগ্রেস একই জায়গায় থাকবে।

নাম না করে মুকুল রায়কেও এক হাত নিয়েছেন তিনি। বলেছেন, কে কোথায় গেল, কী করল, দেখার দরকার নেই। তাতে দলের কিছুই হবে না। এই বাংলায় বিজেপি কোনও দিনই আসতে পারবে না। একই সঙ্গে তিনি দলের কর্মী, নেতাদের উদ্দেশে বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৭