নভেম্বর ২৮, ২০১৭ ১৪:১০ Asia/Dhaka

নিয়মিত যারা প্রিয়জন শোনেন তাদের জানা আছে আমরা আসরের শুরুতেই একটি হাদিস শোনাই। আজ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র একটি হাদিস শোনাবো।

তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দেয়া অল্প রুজিতে সন্তুষ্ট থাকে মহান আল্লাহ কিয়ামতের দিন তার অল্প আমলে সন্তুষ্ট হবেন।  অর্থাৎ অল্পে তুষ্ট ব্যক্তি কম আমল নিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে।

মূল্যবান হাদিস শুনলাম আমরা।  এবার চিঠিপত্রের দিকে নজর দেই। আজকের আসরের প্রথমেই হাতে নেব একটি ইমেইল। বাংলাদেশের সাতক্ষীরা থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা ভাই গাজী মোমিন উদ্দিন।  শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন,  নিয়মিত চিঠি লিখছি,অনুষ্ঠান শুনছি। কিন্তু উত্তর পাচ্ছি না। বিষয়টি আমার মনোকষ্টের কারণ।

বহলুল: না বিষয়টা আমাদের জন্যও মনোকষ্টের কারণ। কারণ আমরা নিয়মিতই আপনার চিঠির জবাব দিচ্ছি।

হ্যাঁ ভাই, চিঠির জবাব দেয়ার পরেও যখন আপনি অভিযোগ করেন যে, আপনার চিঠির জবাব দেই না তখন তো আমাদেরও মনোকষ্ট হয়। আমরা শুধু আপনার চিঠির উত্তরই দেই নি সেইসঙ্গে আপনি যে পুরস্কৃত হয়েছিলেন সেজন্য রেডিও তেহরান থেকে অভিনন্দনও জানানো হয়েছিল। বেশ আনন্দের সঙ্গে সে অভিনন্দন জানিয়েছিলাম আমরা।  যাই হোক চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলে আশা করছি।

এর পরের চিঠিটি এসেছে বাংলাদেশের দিনাজপুর জেলার সদর জালালপুর থেকে।  এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই  আবদুল হাই সরকার। তিনি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তারপর লিখেছেন, রেডিও তেহরানকে খুবই ভালো পাই। ভালো পাই এ কারণে যে আপনারা সত্য কথা বলেন এবং সত্য পথে চলার ডাক দেন। আজকালকার দুনিয়াতে এমন কাজ করার মানুষ বা সংস্থা কমতে কমতে শূন্যের কাছ ঘেঁষে চলছে। রেডিও তেহরান আরো বিস্তার লাভ করুক। আর বাংলাদেশের সব মানুষসহ বাংলাভাষার সবাই এ কেন্দ্রকে যেন ভালো পায়।

বহলুল: আপনার কামনা যেন পূর্ণ হয়। আর হ্যাঁ, আপনি যেমন আমাদের ভালো পান তেমনি আমরাও আপনাকে ভালো পাই।

বহলুল ভাই ঠিক বলেছেন। আমাদের প্রতিটি শ্রোতা আমাদের আপনজন। আপনারা প্রত্যেকেই আমাদের প্রিয়। তবে যেসব শ্রোতা কষ্ট করে চিঠি লেখেন স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়।  যাই হোক, চিঠির জন্য অনেক  অনেক ধন্যবাদ। এরপরের চিঠিও এসেছে বাংলাদেশ থেকে।

বগুড়া জেলার শিবগঞ্জ থেকে এটি লিখেছেন নিয়মিত শ্রোতা বোন শায়লা হক। তিনি লিখেছেন, নিয়মিত না হলেও রেডিও তেহরান শুনি। বোঝেনইতো যে রেডিও শোনার অভ্যাস এখন আর আগের মতো শক্ত অবস্থানে নেই।  আপনারা কি জানতে চান রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আমার ভালো লাগে?

এরপর তিনি নিজেই তার প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, মনোযোগী শ্রোতা না হওয়ায় সব অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়া ঠিক হবে না। কারণ কোনো অনুষ্ঠানের এক/দুইটা পর্ব খারাপ হওয়া মানেই সে অনুষ্ঠান খারাপ নয়। একই বিচারে ভালো হলেও ভালো বলা ঠিক হবে না। অবশ্য আমার শোনা অনুষ্ঠানগুলোর মধ্যে ভালো লাগে প্রিয়জন ও স্বাস্থ্যকথা। আর রংধুন শুনে কখনো হাসি সামলাতে পারিনি।

বহলুল: খোলামেলা চমৎকার চিঠি। মনের কথা সুন্দর করে প্রকাশ করায় বোন শায়লা আপনাকে ধন্যবাদ।

আসরের এ পর্যায়ে আমরা নজর দেবো রেডিও তেহরানের ওয়েবপেইজ এবং ফেসবুকের গ্রুপে যে সব মন্তব্য হয়েছে সে দিকে।  বগুড়ায় ছাত্রী ধর্ষণ,তুফানসহ ৩ আসামি রিমান্ডে: স্থানীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ জুলাই। খবরটি ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে। আর এতে প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন মোঃ আজহার রুবেল তিনি লিখেছেন,অথচ বাঙালি ১৯৭১ সালে এই মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আর আজ স্বাধীন দেশে মা বোনেরা অনিরাপদ; এ লজ্জার শেষ কোথায়?

এদিকে মার্কিন বর্বরতা : 'আমি একাই ২ হাজার ৭৪৬ ইরাকিকে হত্যা করেছি' শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ জুলাই। এ খবরে বলা হয়েছে ইরাকে মার্কিন সেনাদের পৈশাচিক গণহত্যা ও বর্বরতায় জড়িত থাকার কথা স্বীকার করে  অবসরপ্রাপ্ত এক মার্কিন সেনা বলেছে,সে একাই ৫ বছরে আরব এই মুসলিম দেশের দুহাজার ৭৪৬ নাগরিককে হত্যা করেছে এবং এইসব পাশবিক হত্যাযজ্ঞ চালিয়ে সে গর্ব অনুভব করেছে। ফেসবুকের রেডিও তেহরানের গ্রুপে এ খবরে মন্তব্য করেছেন গোলাম দারুস সালাম। তিনি লিখেছেন,

বিশ্বের মুসলিমদের বোঝা উচিৎ ইসরাইল এবং আমেরিকার একটাই লক্ষ্য আর তা হলো মুসলিমদের হত্যা করা এবং মুসলিম রাষ্ট্রের সম্পদ লুট করা। আজ বিধর্মীরা সকলেই এক জোট হয়েছে মুসলিম নিধনের জন্যে কিন্তু আমরা অর্থাৎ মুসলিমরা নিজেকে এবং মুসলিম জাতিকে রক্ষার জন্য একত্রিত হতে পারিনি।

বহলুল: যথাযথভাবেই সত্যি কথাটি আপনি তুলে ধরেছেন ভাই। অমুসলিমদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে মুসলিম উম্মাহর ঐক্যের কোনো বিকল্প নেই।

এদিকে,  পিয়ংইংয়ের হুমকি মোকাবেলায় দ. কোরিয়ার পরমাণু বোমা থাকা দরকার শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ জুলাই। এ খবর বলা হয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধ সংক্রান্ত তৎপরতা থেকে রক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার নিজস্ব পরমাণু বোমা থাকা দরকার বলে মনে করছে সিউল। রাজনীতি সংক্রান্ত মার্কিন সংবাদপত্র এবং ওয়েবসাইট দি হিলএ খবর দিয়েছে। ফেসবুকে রেডিও তেহরান গ্রুপে এ খবরটিতে যে সব মন্তব্য হয়েছে তার মধ্যে প্রথম মন্তব্যটি এখানে তুলে আনছি। আর এ মন্তব্য করেছেন শহীদুল ইসলাম। তিনি লিখেছেন, ইউএসএ‍! তোমাদের বিদায় ঘণ্টা বাজাবে উত্তর কোরিয়া। আর সাইফুল লিখেছেন, হ্যাঁ কথাটা ঠিক।

বহলুল: সব মন্তব্যকারী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে আসরের সময় মনে হয় শেষ হয়ে এসেছে।

হ্যাঁ ঠিক বলেছেন। আজ আর নতুন কোনো খবরের মন্তব্যের দিকে মনোযোগ দিতে পারছি না। তো বন্ধুরা আপনাদের সবার সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় চাইছি প্রিয়জনের আসর থেকে। #