বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
প্রিয় পাঠক/শ্রোতা! ৪ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির- দৈনিক ইত্তেফাক
- পদ্মায় হাত দেয়ায় সমীহ করে কথা বলে সবাই : প্রধানমন্ত্রী- দৈনিক যায়যায়দিন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: মেয়র পদ শূন্য ঘোষণা- দৈনিক মানবজমিন
- প্রাথমিক স্তরে শিক্ষার হাল: স্কুলে লেখাপড়া হয় মাত্র ৪০ শতাংশ- দৈনিক যুগান্তর
- মিয়ানমারে ‘রোহিঙ্গা’ না বলার ব্যাখ্যা দিলেন পোপ ফ্রান্সিস- দৈনিক ইনকিলাব
- জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই: র্যাব মহাপরিচালক- দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- , খ্রিস্টানদের কাছে টানতে সরব মোদী- দৈনিক আনন্দবাজার
- সিম বদলের মতো বিদ্যুৎ কোম্পানি বদল করা যাবে, আসছে বিল- দৈনিক আজকাল
- বিজেপি বনাম সাধারণ মানুষের লড়াই হচ্ছে গুজরাতে: হার্দিক- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির- দৈনিক ইত্তেফাক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারকদের কোন ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ন্যায় বিচার পাওয়া জনগণের মৌলিক অধিকার। তাই বিচারক হিসেবে বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি রবিবার রাতে বঙ্গভবনে তাঁর দেয়া এক নৈশভোজের আগে বিচারকদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন। বিচার বিভাগকে মানুষের আস্থার প্রতীক আখ্যা দিয়ে রাষ্ট্রপতি সুস্পষ্টভাবে বলেন, বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা তার প্রতি দয়া বা করুণার কোন বিষয় নয়। ‘ন্যায় বিচার সকল সৎ গুণাবলীর গৌরব মুকুট’- এই প্রবাদ স্মরণ করে আবদুল হামিদ বিচারকদের প্রতি দেশ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরো বলেন, উন্নয়নের জন্য সুশাসনের বিকল্প নেই। দুর্নীতি সুশাসনের অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করা না গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। তিনি সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শ্রেণী-পেশা ও দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও দাপ্তরিক কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার উল্লেখ করে রাষ্ট্রপতি বিচার বিভাগের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী যাতে তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন করতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।
পদ্মায় হাত দেয়ায় সমীহ করে কথা বলে সবাই : প্রধানমন্ত্রী- দৈনিক যায়যায়দিন

বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে হাত দেয়ায় আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের জনগণের প্রতি মানসিকতার বদল ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার রাজধানী নম পেনে রোববার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক নৈশভোজে একথা বলেন তিনি।
দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর বিষয়টি নিয়ে দীর্ঘ টানাপড়েন শেষে তাদের না করে দেয় সরকার। ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ হাজার কোটি টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার।
এই প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিরাট চ্যালেঞ্জ ছিল। মিথ্যে অপবাদ নিতে আমরা রাজি না। কষ্ট হয়েছে আমাদের কিন্তু তারপরও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’‘এই যে আমরা নিজেরাই করতে পারছি, এটাই কিন্তু সব থেকে বড় কথা এবং আপনারা একটু লক্ষ্য করবেন যে, ওই একটা ঘটনার পর সবারই কিন্তু বাংলাদেশের জনগণের প্রতি মনমানসিকতাটাই বদলে গেছে। যারা বিদেশে ব্যবসা-বাণিজ্য করতে যান সবাই দেখবেন যে, দৃষ্টিভঙ্গিটা, আচরণ বদলে গেছে। এখন কিন্তু সমীহ করেই সবাই কথা বলেন।’
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশের মানুষ সম্মান নিয়ে সারাবিশ্বে চলবে এই বিষয়টিই চাইছিলেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। হোটেল সোফিটেলে বাংলাদেশ দূতাবাস এই নৈশভোজের আয়োজন করে। কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিম অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: মেয়র পদ শূন্য ঘোষণা- দৈনিক মানবজমিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার এ আদেশ জারি করা হয়। তথ্যটির সত্যতা স্বীকার করে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম বলেন, আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে আমরা বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।’ এর আগে গতকাল নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাথমিক স্তরে শিক্ষার হাল: স্কুলে লেখাপড়া হয় মাত্র ৪০ শতাংশ- দৈনিক যুগান্তর

প্রাথমিক স্কুলগুলোয় শিক্ষার্থীর লেখাপড়ার মাত্র ৪০ শতাংশ পূরণ করা হয়। বাকি ৬০ শতাংশই নির্ভর করে শিক্ষার্থীর ওপর। অথচ উন্নত বিশ্বে শিক্ষার্থীর শিখন অর্জনে স্কুলের ভূমিকাই ৭০ শতাংশ। শিক্ষার্থীর কার্যক্রম বা উপাদানের ভূমিকা সেখানে মাত্র ৩০ শতাংশ। খোদ সরকারি এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন’ (এনএসএ) শীর্ষক ওই প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের এমন ভূমিকার কারণে ছাত্রছাত্রীরা ঠিক মতো শিখছে না। শিক্ষার মানও কাক্সিক্ষত পর্যায়ে নেই। এমন বাস্তবতায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে শিক্ষক ও কর্মকর্তারা ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাবেন। তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীর বাড়িতে উঠান বৈঠক করবেন। বৈঠকে শিক্ষার্থীর সমস্যা অভিভাবককে অবহিত করার পাশাপাশি নিজেরাও জেনে আসবেন। সে অনুযায়ী সাজানো হবে স্কুলের পাঠদান পরিকল্পনা। মূলত শিক্ষার্থীর শিখন মান উন্নয়নে অভিভাবকরাও বড় ভূমিকা রাখতে পারেন- এমন প্রত্যাশা থেকেই সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, ‘এনএসএ প্রতিবেদনের আলোকে মনে হচ্ছে, স্কুলগুলোর দিকে আমাদের আরও নজর দেয়া দরকার। ওই প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে। সেসব সামনে রেখেই শিক্ষক, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ের জন্য কিছু করণীয় নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে আমরা তার বাস্তবায়ন কাজ শুরু করে দিয়েছি। একেকটি স্কুলকে চাইল্ড কেয়ার হোম রূপে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’
মিয়ানমারে ‘রোহিঙ্গা’ না বলার ব্যাখ্যা দিলেন পোপ ফ্রান্সিস- দৈনিক ইনকিলাব

মিয়ানমার সফরকালে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করার কারণ জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টান স¤প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার বাংলাদেশ সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সংবাদকর্মীদের নিজের অবস্থানের ব্যাখ্যা দেন তিনি। জানান, আত্মতুষ্টি নয়, সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসন চান বলেই রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি। ভ্যাটিকান মুখপত্র ক্রাস্ক নাউ-এর এক প্রতিবেদনে সংবাদমাধ্যমের কর্মীদের দেওয়া পোপের সাক্ষাৎকারকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়েছে।
মিয়ানমার সফর শেষে ২ ডিসেম্বর পোপ ঢাকায় আসেন। এখানে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেন। শনিবার তিন দিনের সফর শেষে ঢাকা থেকে দেশে ফেরার পথে পোপ ফ্রান্সিস বিমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা শব্দটির ব্যবহার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেন্ট পিটার্সবার্গ থেকে বারবার আমি রোহিঙ্গাদের জাতিগত পরিচয়েই তাদের কথা বলেছি। এমন নয় যে, বাংলাদেশে গিয়ে আমি প্রথম রোহিঙ্গা শব্দটি ব্যবহার করলাম।
একজন সাংবাদিক পোপের কাছে জানতে চান, মিয়ানমারে রোহিঙ্গা শব্দটি ব্যবহারে তাকে বাধা দেওয়া হয়েছে কিনা। জবাবে পোপ বলেন, তিনি মিয়ানমার সফরে বেশ কিছু একান্ত বৈঠক করেছেন। এ বৈঠকগুলোর মূল্য রয়েছে। পোপ যদি আগেই রোহিঙ্গা শব্দ উচ্চারণ করতেন তাহলে মিয়ানমার কর্তৃপক্ষ এসব বৈঠকের পথ বন্ধ করে দিত। পোপের ভাষায়, ‘আমার উদ্দেশ্য ছিল যথার্থ বার্তাটি পৌঁছে দেওয়া। হুম, মুখের ওপর আলোচনার দরজা বন্ধ করে দেওয়ার আত্মতুষ্টি আমার নেই। তবে আমি সন্তুষ্ট যে সংলাপের পথে যেতে পেরেছি। যোগাযোগে বার্তা পৌঁছানোই গুরুত্বপূর্ণ।’
জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই: র্যাব মহাপরিচালক- দৈনিক সমকাল

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, 'বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। যে মাথা উঁচু করবে, তার মাথা ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তিতে বিশ্বাস করে।' শনিবার বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা আছে কি-না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইলেকশন কমিশনের দায়িত্ব পালনে আমরা সহায়তা করব। তবে এ বিষয় নিয়ে এখনও কথা বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।'
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
মুসলিম, খ্রিস্টানদের কাছে টানতে সরব মোদী- দৈনিক আনন্দবাজার

সংখ্যালঘুদের বড় অংশের ভোট যে বিজেপি পায় না তা নরেন্দ্র মোদী-অমিত শাহের অজানা নয়। কিন্তু গুজরাতের অগ্নিপরীক্ষায় চিরাচরিত পাতিদার ভোটব্যাঙ্কে ভাঙন ধরেছে। তাই আজ গুজরাতে মুসলমান ও খ্রিস্টানদের সামনেও নিজেকে ফের ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। উদাহরণ দিয়ে দাবি করলেন, উন্নয়ন বা মানবিক সহায়তায় তাঁর সরকার ধর্মের ভিত্তিতে বাছবিচার করে না।
গুজরাতের মুসলিম অধ্যুষিত এলাকায় উন্নয়ন পৌঁছয় না, কংগ্রেস বা বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছে। আজ নরেন্দ্র মোদী ভারুচের জনসভায় কার্যত তা খারিজ করে বলেন, ‘‘ভারুচ ও কচ্ছ জেলায় যথেষ্ট মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। গুজরাতে বিজেপি সরকারের আমলে যে জেলাগুলিতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, তার মধ্যে এই দু’টি জেলা প্রথম সারিতে থাকবে।’’ ক’দিন আগেই নভসারিতে আজানের সময় বক্তৃতা বন্ধ করে দীর্ঘক্ষণ মৌন ছিলেন মোদী। আজ ভারুচের জনসভায় মুসলিমদের নিয়ে এই মন্তব্যের পর সন্ধ্যায় মোদী অমদাবাদে খ্রিস্টানদেরও একই ভাবে ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার চেষ্টা করেন।
সিম বদলের মতো বিদ্যুৎ কোম্পানি বদল করা যাবে, আসছে বিল- দৈনিক আজকাল

যুগান্তকারী বললে কম বলা হবে। এবার মোবাইলের সিম কার্ড বদলের মতোই বদল করা যাবে বিদ্যুৎ কোম্পানি। গ্রাহক কোনও বিদ্যুৎ সংস্থার পরিষেবায় অসন্তুষ্ট হলে তাকে বাদ দিতে পারবে। বিদ্যুৎ আইনে সংশোধন আনছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই গ্রাহকের সুবিধার্থে এমন বিকল্পের সংস্থান থাকছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী আরকে সিং বলেছেন, বিদ্যুৎ নেটওয়ার্ক সংস্থা এবং বিদ্যুৎ সরবরাহ সংস্থা আলাদা করে বাজেট অধিবেশনে বিদ্যুৎ আইনের সংশোধন চেয়ে সংসদে প্রস্তাব পেশ করা হবে। সংশোধনের খসড়া তৈরি হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যেই তা তৈরি হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন। এই বিল পাস হলে গ্রাহকের সামনে বহু দরজা খুলে যাবে। একই এলাকায় একাধিক সংস্থার থেকে বিদ্যুৎ কিনতে পারবেন গ্রাহক। সংশোধনী সংসদে পাস হয়ে গেলে রাজ্যগুলোর সঙ্গে এই নিয়ে আলোচনা করা হবে। একই এলাকায় একাধিক সংস্থা বিদ্যুৎ সরবরাহ করতে পারলে একচেটিয়া ব্যবসার প্রবণতা কমবে। লাভবান হবেন গ্রাহক।
২০ শতাংশ ভর্তুকি দিতে হবে কোনও সংস্থাকে। মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের ব্যবধান ২০ শতাংশের বেশি হবে না। তাতে শিল্প সংস্থাগুলোও কমদামে বিদ্যুৎ পাবে। ২০১৯ সালের মার্চের মধ্যে পুরো ব্যবস্থা সেরে ফেলতে চান বলে মন্ত্রী জানিয়েছেন।
বিজেপি বনাম সাধারণ মানুষের লড়াই হচ্ছে গুজরাতে: হার্দিক- দৈনিক বর্তমান

গুজরাতের ভোটে লড়াই বিজেপি ও সাধারণ মানুষের মধ্যে। সুরাতে এক রোড শোয়ে এসে এই মন্তব্য করলেন পাটীদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তিনি বলেন, ভোটে জয়লাভ করবে সাধারণ মানুষ। বিজেপি এই নির্বাচনে হারবে। এই হার কোনও ব্যক্তির নয়।
সুরাত থেকেই বছর দুই আগে সংরক্ষণ আন্দোলন শুরু করেছিলেন এই তরুণ। সুরাতে প্যাটেল সম্প্রদায়ের ভালো ভোট রয়েছে। গত দু’দশক ধরে এই ভোট পাচ্ছে বিজেপি। কিন্তু পাটীদার আন্দোলন সেই ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছে। বয়স না হওয়ায় এবার ভোটে লড়তে পারছেন না হার্দিক। কিন্তু তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন কংগ্রেসকে। প্যাটেল সম্প্রদায়কে কংগ্রেসের পক্ষে ভোট দিতে আবেদনও করেছেন। এমনকী, বিজেপি প্রার্থীদের হারাতে আদাজল খেয়ে লেগেছেন তিনি। এদিন সুরাতে তাঁর রোড শোয়ে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সেই জনসমাগম দেখে উৎফুল্ল হার্দিক বলেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এই এলাকায় ১৬টি আসন রয়েছে। গতবার সবগুলিতেই জেতেন বিজেপি প্রার্থীরা। এবার পাটীদারদের সমর্থনে ফল পাল্টে দেওয়ার আশায় কংগ্রেস।
এদিকে, হার্দিকে বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। বিষয়টি খতিয়ে দেখতে সুরাতে আসছে জাতীয় মহিলা কমিশন। চেয়ারপার্সন রেখা শর্মা দেখা করতে পারেন অভিযোগকারিনীর সঙ্গে। যদিও এই সব অভিযোগকে পাত্তা দিচ্ছেন না হার্দিক। তাঁর সাফ কথা, এমন অভিযোগ অনেক উঠবে। তাঁর মানহানির জন্য বিজেপি কোটি কোটি টাকা খরচ করছে। হার্দিক বলেন, গুজরাতের মানুষ উন্নয়নের সিডি দেখতে চায়। ২২ বছরের ছেলের নয়। পাশাপাশি হার্দিক এদিন কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় এসে কংগ্রেস যদি প্রতিশ্রুতি রক্ষা না করে তবে তিনি কংগ্রেসের বিরুদ্ধেও ফের আন্দোলন শুরু করবেন।
প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসরে আবারো কথা হবে আগামীকাল।
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪