ডিসেম্বর ০৪, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka

ইমাম রেজা (আ.) বলেছেন,একজন মুসলমানের আক্‌ল বা বুদ্ধিবৃত্তি তখনই পূর্ণতা পায় যখন তার মধ্যে ১০টি গুণ থাকে।

গুণগুলো হলো- ১- সবাই যেন তার কাছ থেকে উপকৃত হয়। ২- কেউ যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ৩-অন্যের অনেক ছোট ভালো কাজ বা উপকারকে অনেক বড় করে দেখে। ৪-নিজের অনেক বড় ভালো কাজকে অনেক ছোট করে দেখে। ৫-তার কাছে সাহায্যপ্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেয় না।

ইমাম রেজা (আ.)-এর বর্ণিত মুসলমানের বাকি গুণগুলো হচ্ছে,৬- জীবনে জ্ঞান অন্বেষণে ক্লান্ত হয় না। ৭-আল্লাহর পথে চলতে গিয়ে দরিদ্র হওয়াকে ধনী হওয়ার চেয়ে প্রাধান্য দেয়। ৮- আল্লাহর পথে দুর্বিষহ জীবনকে শত্রুর সঙ্গে থেকে সম্মান অর্জনের চেয়ে বেশি প্রাধান্য দেয়। ৯- মানুষের মাঝে বিখ্যাত হওয়ার চেয়ে অজ্ঞাত থাকাকে বেশি পছন্দ করে এবং ১০-পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নিজের চেয়ে ভালো এবং নেককার মনে করে।

আমরা প্রত্যেকে আমাদের জীবনে এই গুণগুলো অর্জনের চেষ্টা করব- এই প্রত্যাশা রেখে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আজকের আসরের প্রথম ইমেইলটি এসেছে বাংলাদেশ থেকে। বগুড়া জেলার চাঁপাপুরের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের সূর্য তরুণ ক্লাব থেকে এটি পাঠিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন টুটুল। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, আশাকরি আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালোই আছেন।আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। এরপর তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত ইসলামিক গজলগুলো আমার মন ছুঁয়ে যায়।

বহলুল: আপনাদের ভালো লাগছে বলেই এখনো নিয়মিত ইসলামী সঙ্গীত বা গজল পরিবেশন করছি আমরা। ধন্যবাদ আপনাকে।

এরপর এ ভাই আরো লিখেছেন, আমি আপনাদের বেতারের একজন নিয়মিত শ্রোতা হলেও পত্র লেখক হিসেবে নতুন।আশাকরি পত্রের জবাব পাবো। জবাব পেলে নিয়মিত লিখবো বলে কথা দিলাম।

ভাই ফরহাদ হোসেন টুটুল, প্রথমেই বলে নেই নতুন এবং পুরাতন বলে আমরা কিন্তু শ্রোতাদের মধ্যে কোনো তারতম্য করি না। আর এইতো দেখলেন চিঠির জবাব দিলাম। তাহলে এবার থেকে নিয়মিত চিঠি লিখবেন আশা করছি।  এর পরে হাতে নিয়েছি বাংলাদেশের একটি ইমেইল।  কাকতালীয়ভাবে এটিও এসেছে বগুড়া জেলা থেকে। এ জেলার আলতাফনগর বড়চাপড়ার পিস রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ডা. শাহিনুর আলম লিখেছেন,   

সালাম জানবেন। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার ইমেইলের টাটকা জবাব দেবার জন্য। টাটকা জবাব পেলে বার বার মন লিখতে চায়। যাই হোক ০৪/০৮/১৭ইং তারিখের পুরো অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করলাম। শুরুতে গরম গরম বিশ্ব সংবাদ শুনে সারা দিনের কাজের ক্লান্তি দূর হয়ে গেল। এর পর দৃষ্টিপাতে রোহিঙ্গা মুসলিমদের উপর পুনরায় হত্যাযজ্ঞ চালানো নিয়ে প্রতিবেদন থেকে অনেক তথ্য পেলাম। ওআইসি মহাসচিব এর দাবি যথার্থ। মিয়ানমারে মুসলিম নিধনে পাশ্চাত্যের যে হাত আছে তা আমরা বুঝে গেছি।

এরপর নিয়মিত এ ভাই আরো লিখেছেন, এসবের তীব্র নিন্দা জানাই। রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিয়ে শামস মণ্ডলের প্রতিবেদন ভালো লেগেছে। চিঠি পত্রের জবাব এর আসরের শুরুতে হাদিসটি অত্যন্ত মূল্যবান এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কথাবার্তা অনুষ্ঠান শেষে সাক্ষাৎকারভিত্তিক আলাপন অনুষ্ঠানে রামপাল নিয়ে আলোচনা বেশ ভালো লেগেছে। রামপাল নিয়ে অনেক তথ্য যেগুলো আড়ালে ছিল তা ঐ আলোচনায় ফুটে উঠেছে। যাই হোক সব মিলিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত ছিল। এই ভাবে প্রতিটি অনুষ্ঠান শুনে লিখতে চাই কিন্তু সময় যে আমাকে সময় দিতে চায় না।

চিঠির শেষে ভাই শাহিনুর আলম যে কথা বলেছেন তা অত্যন্ত ভালো লেগেছে। তিনি লিখেছেন, প্রতিদিনের সময় থেকে ১ঘণ্টা রেডিও তেহরানের জন্য বরাদ্দ রেখেছি। রেডিও তেহরান যত দিন আমাদের পাশে আছে তত দিন এটা চলবে। আজ এ পর্যন্ত। খোদা হাফেজ।

বহলুল: ভাই ডা. শাহিনুর আলম, আপনার চিঠি পাওয়ার পর বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম।

আরেকটি কথা। ভাই শাহিনুর আলম, শ্রোতাদের কাছে আমাদের অনুষ্ঠানের কোনটি কেমন লাগে তা জানার জন্য আমরা সব সময় উদগ্রীব থাকি। অনেকদিন হয় অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ লিখে এমন চিঠি আমরা পাইনি। আর হ্যাঁ, আপনি যে বিবরণ দিয়েছেন তাতে আমরা বুঝতে পেরেছি শর্টওয়েভে এখনো রেডিও তেহরানের অনুষ্ঠান অনেক ভালো শোনা যায়। যাই হোক, অনুষ্ঠান সম্পর্কে চমৎকার অলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এবার বোধ হয় আর দেরি না করেই চটপট নজর দিতে হবে রেডিও তেহরানের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের খবরে যেসব মন্তব্য হয়েছে সে দিকে।

বহলুল: অবশ্যই এখন আর দেরি করার মতো সময় নেই। তাহলে খবরের দিকে নজর দেই।

বাংলাদেশে খাদ্য অধিদপ্তরের গম চুরি,বিশ্লেষকদের প্রতিক্রিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ আগস্ট। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের জন্য ক্রয় করা ৯০ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরের গুদাম থেকে চুরি হয়েছে।  রেডিও তেহরানের ওয়েবসাইটে এ খবরে পরপর দু’টি মন্তব্য করেছেন পুরনো পাঠক ভাই রিপন। তিনি লিখেছেন, অত ফড়ফড় করো না। খাদকদের দরকার পড়লে গোটা খাদ্য অধিদপ্তরই চুরি হয়ে যাবে! এরপর দ্বিতীয়বার মন্তব্য করেছেন এরকম- চোরদের বেশ সুদিন যাচ্ছে মনে হয়।

এদিকে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা চলতি মাসের মাঝামাঝি চূড়ান্ত হবে বলে উত্তর কোরিয়া যে হুমকি দিয়েছে সে সম্পর্কিত খবরটি প্রকাশিত হয়েছে ১০ আগস্ট। এ খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া ঘোষণা করেছে,মার্কিন দ্বীপ গুয়ামে হামলার পরিকল্পনা আগস্টের মাঝামাঝি চূড়ান্ত হয়ে যাবে। আন্তঃমহাদেশীয় চার ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। গুয়ামে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানের ঘাঁটিসহ হাজার হাজার মার্কিন সেনা রয়েছে।

ফেসবুক গ্রুপে এ খবরে একাধিক মন্তব্য হয়েছে। এর মধ্যে মোহাম্মাদ হোসেন কক্স লিখেছে, ধন্যবাদ উত্তর কোরিয়া। আর মোঃ. মিজানুর রহমান লিখেছেন, তাড়াতাড়ি মার।

বহলুল: তার মানে মানুষের আর তর সইছে না। আহারে বিশ্বমোড়লরা যদি বুঝতো মানুষের এ মনোভাব!

এনিয়ে আরো কিছু বলার ছিল। কিন্তু এদিকে প্রযোজক ভাইয়ের কাছ থেকে সময় শেষ হওয়ার ইংগিত পাচ্ছি। #