প্রিয়জন : " শিয়া সুন্নি ভাই ভাই ইহুদিবাদীদের রক্ষা নাই"
আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.) একবার মহানবী (সা.)’র কাছে জানতে চাইলেন- যারা নামাজকে অবহেলা করে তাদের পরিণতি কী হবে। জবাবে রাসুলে খোদা বলেছেন- নামাজ অবহেলাকারীরা তাদের জীবদ্দশায়, মৃত্যুর সময় এবং কিয়ামতের দিন বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হবে। এসব কষ্ট আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন।
আজকের আসরের প্রথমেই যে চিঠিটি হাতে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই আশিকুর রহমান। তিনি জানতে চেয়েছেন বৃষ্টি এবং বন্যার মুখে আছি তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে ইরানে বন্যা হয় কিনা?
বহলুল: ইরানে বাংলাদেশের মতো এত বেশী নদী-নালা নেই। তারপরও আকস্মিক বন্যা হয় কোনো কোনো এলাকায়।তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হলো পাহাড়ি ঢল।
এই দেখুন ১২ তারিখের একটি খবরের শিরোনাম হলো, ভারি বৃষ্টিপাতে ইরানের ৪ শহরে বন্যা: মারা গেছে ৮ জন,ব্যাপক ক্ষয়ক্ষতি। এই খবরে বলা হয়েছে ইরানের খোরাসান রাজাভি প্রদেশের চার শহরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ৮ জন মারা গেছে। এ ছাড়া সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই খবরে বলা হয়েছে, গত এপ্রিলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধ্বসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চার প্রদেশে ৪৮ ব্যক্তি নিহত হয়েছিল। তবে এগুলো হলো বিক্ষিপ্ত ঘটনা।
ভাই আশিকুর রহমান আরো লিখেছেন, সত্যি বলতে কি রেডিও তেহরান শুনছি কেবলমাত্র খবরের জন্য। রেডিও তেহরানের খবরে অনেক কথা থাকে যা আর কোথাও শুনতে পাওয়া যায় না। এ সবই হলো সত্যি কথা। আমার একটা মুদ্রা দোষ আছে সেটা হলো এই সত্যি বলতে কি। এ জন্য আমাকে নিয়ে হাসাহাসি হয়। সত্যি বলতে কি আগে খারাপ লাগতো এখন আর লাগে না।
বহলুল: ভাই আশিকুর রহমান, সত্যি বলতে কি, কয়েক দিন চেষ্টা করলেই এই মুদ্রা দোষ আপনি চিরতরে দূর করতে পারবেন।
এই দেখুন, বহলুল ভাই’র মধ্যেও আপনার মুদ্রাদোষটি প্রভাব ফেলেছে। যাই হোক, আপনি কি করেন সে কথা আমাদের জানাননি। তবে মুদ্রা দোষ পেশাগত জীবনেও অসুবিধা ডেকে আনতে পারে। এটা এক ধরণের অসুখ এবং মনোরোগ বিশেষজ্ঞদের চিকিৎসায় পুরোপুরি সেরে যায়। মনে রাখবেন, মনোরোগ মানে খারাপ কিছু নয়। দেহে যেমন অসুখ হয়। সর্দি কাশি বা জ্বর। মনেও অসুখ হতে পারে। ফোবিয়া, মুদ্রা দোষ, মানসিক পীড়ন, হতাশা তেমনই মনের অসুখ। আশা করি আপনি চিকিৎসকের সঙ্গে আলাপ করবেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আমাদের প্রিয় শ্রোতা ভাইকে নিয়ে কেউ হাসাহাসি করুণ তা সত্যিই আমরা চাই না। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবারের চিঠি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হিজলি দলদলি থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের অনেক পুরনো শ্রোতা ভাই আবুবকর সিদ্দিক আনসারি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বিরুদ্ধে বড় অভিযোগ হলো কোনো ভণিতা করে না। যা পারবে, বলে দেয় পারবো। আর যা পারবে না, বলে দেয় পারবো না। এ জন্য অনেক শ্রোতা ভাই বিরক্ত হলেও আমরা হই না। আজ আর চিঠি বড় করবো না। ভবিষ্যতে বড় চিঠি লিখবো।
বহলুল: ধন্যবাদ ভাই, ভবিষ্যতে আরো বড় চিঠি দেয়ার প্রতিশ্রুতি শুনে বড়ই ভাল লাগল।
আসরের এ পর্যায়ে ওয়েবসাইটের খবরে এবং ফেসবুকের রেডিও তেহরানের গ্রুপে শ্রোতা ভাইবোনেরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো। ইয়েমেনে আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্ত: পাইলট-কো পাইলটসহ নিহত ৪ শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১২ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও কোপাইলটসহ চার নিহত এবং চার ক্রু আহত হয়েছে। ইয়েমেনের শাবওয়াহ্ প্রদেশের আর রাওদা জেলার আমকিল অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
রেডিও তেহরানের ওয়েব সাইটে এ খবরে মন্তব্য করেছেন পুরনো পাঠক ভাই জাফর পাঠান। তিনি লিখেছেন, ঠিক এভাবে মহান আল্লাহর গজব আরো বেশী করে নাজিল হোক আক্রমণকারী দেশগুলির উপর।
বহলুল: হক কথাই বলেছেন ভাই জাফর পাঠান।
এদিকে সর্বশেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত ইরানের সেনাবাহিনী থামবে না: কাসেম সুলাইমানি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১১ আগস্ট। এ খবরে বলা হয়েছে, মুসলিম বিশ্ব থেকে সর্বশেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত তার দেশের নিরাপত্তা বাহিনী কোনো বিশ্রাম নেবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি।
ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে। অর্থাৎ বেশ প্রাণবন্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন রেডিও তেহরানের পাঠক বন্ধুরা। ভাই টিটু আহমেদ লিখেছেন, ইনশাল্লাহ। আর সানারুল ইসলাম লিখেছেন, শিয়া সুন্নি ভাই ভাই ইহুদিবাদীদের রক্ষা নাই। মো মনিরুল ইসলাম লিখেছেন, দারুণ। এই আই, এস,নামের ইসরাইলি গোপন ফোর্সের কারণেই " ইসলাম " আজ সন্ত্রাসের ধর্ম বলে পরিগণিত হয়েছে। তার সাথে রয়েছে সৌদি আরব। ইসরাইলি ও সৌদি সন্ত্রাসীদের প্রতিরোধ করতে না পারলে ইসলামের নামে সন্ত্রাসের অপবাদ দূর হবে না।
বহলুল:চমৎকার সব মন্তব্য করেছেন শ্রোতাভাইয়েরা। ধন্যবাদ সবাইকে। তবে আজ আর কথা বলার অবকাশ নেই।
হ্যাঁ বন্ধুরা এবারে আসর গুটানোর পালা। সবাই ভাল থাকবেন এবং রেডিও তেহরানের ওয়েবপেইজের খবরে নিয়মিত মন্তব্য করবেন এ আশা ব্যক্ত করে আজ এখানেই বিদায় চাইছি।#