জানুয়ারি ২৪, ২০১৮ ১৪:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • ফেসবুক বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়’মোস্তাফা জব্বার-দৈনিক ইত্তেফাক
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ছাত্রলীগ অন্যায় করে থাকলে শাস্তি হবে-ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
  • শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ডে মন্ত্রিসভার সদস্যরাও নাখোশ-দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে নিজেকে পরিণত করেছেন : খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত
  • আতঙ্কে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • মোদী বিরোধী সব মঞ্চে হাজির তৃণমূল-আনন্দবাজার
  • আদালতে স্বস্তি আপের -দৈনিক আজকাল
  • সন্ত্রাসের আবার ভাল-মন্দ কী? দাভোসে সওয়াল মোদির -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখা, আন্দোলনরতদের আল্টিমেটাম, তাদের ওপর ছাত্রলীগের হামলা এবং পরবর্তীতে নতুন করে আন্দোলনের ঘোষণা এ সম্পর্কিত খবর আজকের জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর খবর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার সকালে শিক্ষার্থীরা সমাবেশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এর আয়োজন বলে সমাবেশে জানানো হয়।

Image Caption

ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে অবরুদ্ধ করায় ছাত্রলীগের মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। হামলা ও মারামারির ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে বাম ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সংখ্যা ৪০। আর ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মী আহত হন। গতকাল বিকেলে উপাচার্যকে তাঁর কার্যালয়ের সামনে ঘেরাও করাকে কেন্দ্র করে হামলা ও মারামারির ঘটনা ঘটে। ২৯ জানুয়ারি সারা দেশে ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট।

ছাত্রলীগ অন্যায় করে থাকলে শাস্তি হবে-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ কথাও বলেন, গতকালের ঘটনায় যাঁরা ফটক ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকেছেন, তাঁদেরও শাস্তি হওয়া উচিত

যুগান্তরের খবর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আ’লীগের চরিত্রের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রিজভী বলেছেন, ভিসির মদদেই ছাত্রীদের ওপর হামলা  হয়েছে।

প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে নিজেকে পরিণত করেছেন : খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে নিজেকে পরিণত করেছেন। হুকুমবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে আইনের শাসনের শেষ চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষের ভোটাধিকার। তিনি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে আজ বুধবার এসব বলেন।

শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ডে মন্ত্রিসভার সদস্যরাও নাখোশ-দৈনিক মানবজমিন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কর্মকাণ্ডে  মন্ত্রিসভার সদস্যরা নাখোশ। মন্ত্রিসভার সদস্য বা সংসদ সদস্যরা নিজেদের নির্বাচনী এলাকার তদবির নিয়ে গেলে কেমন ব্যবহার করতেন গতকাল মন্ত্রিসভার তিন জন সদস্য আদ্যোপান্ত বর্ণনা দিলেন। তারা বলেছেন, শিক্ষামন্ত্রীকে দেখলে অস্থির মনে হতো। এজন্য স্বাভাবিক ব্যবহার করতে পারতেন না তিনি। কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়টি বুঝতেন কিনা জানি না।৪ নম্বর ভবনে অফিস করা সরকারের এক সিনিয়র মন্ত্রী মানবজমিনকে বলেন, কয়েক মাস আগে শিক্ষামন্ত্রীর কাছে নিজের নির্বাচনী এলাকার এক তদবির নিয়ে যাই।

তদবির নিয়ে যাওয়ার পর দেখলাম তিনি অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি হেসে তাকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে তিনি জানালেন ভাই কাজ থাকলে আমার পিএসের কাছে রেখে যান। আমি ব্যবস্থা নেবো

ফেসবুক বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়’-মোস্তাফা জব্বার-দৈনিক ইত্তেফাক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমি ফেসবুক বন্ধের পক্ষে নই। আমাকে এখনও কেউ অনুরোধ করেননি। করলে আমার অবস্থান জানাবো। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেন। ফলে আবারও তা বন্ধের কোনও কারণ দেখি না।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমের কাছে এসব কথা বলেন।

আতঙ্কে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা-দৈনিক ইনকিলাব

দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হওয়া শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যেই ওই দুজনের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের বিষয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবার গত দুই দিন ধরে দপ্তরে আসছেন না মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার অফিস সহকারী আবু আলম খান। তাকে আইন শৃঙ্খলা বাহিনী খুজঁছে।এদিকে দুই জনের গ্রেপ্তারের ঘটনায় মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। সবার মধ্যে অস্থিরতা ভাগ তৈরি হয়েছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

মোদী বিরোধী সব মঞ্চে হাজির তৃণমূল-দৈনিক আনন্দবাজার

ভারতের পম্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

দেশে বিজেপি-বিরোধী জোট গঠনের লক্ষ্যে কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল। তাই দেশের যে কোনও প্রান্তে কেন্দ্র-বিরোধী কোনও শক্তি মাথা তুলে দাঁড়ালেই, তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানাতে বিলম্ব করছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯-এর লোকসভা ভোটে নজর রেখেই তৃণমূল নেত্রী চাইছেন, বিজেপি-বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হতে। সে জন্য পশ্চিমবঙ্গে যে দলগুলির কার্যত কোনও অস্তিত্ব নেই কিন্তু জাতীয় রাজনীতির আঙিনায় ভূমিকা রয়েছে, মূলত সেই সব দলের সঙ্গে ‘বোঝাপড়া’ বাড়াচ্ছেন মমতা।

আদালতে স্বস্তি আপের -দৈনিক আজকাল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আদালতের সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে আম আদমি পার্টি। অযোগ্য ২০ আপ বিধায়ককে নিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন। বুধবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। যার অর্থ, উপ নির্বাচন ঘোষণার দিনক্ষণও আটকে গেল। লাভজনক পদে থাকার জন্য ২০ আপ বিধায়কের সদস্যপদ খারিজের সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই সুপারিশে ছাড়পত্র দেন। ২০ বিধায়কে অযোগ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন অযোগ্য বিধায়করা। বুধবার কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করে আদালত। তবে শুনানি পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে আদালত জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি সোমবার।

সন্ত্রাসের আবার ভাল-মন্দ কী? দাভোসে সওয়াল মোদির -দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা বন্ধ হোক। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের সামনে ফের সন্ত্রাসবাদের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

নাম না করেও বিশ্ব আঙিনায় পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “সন্ত্রাসবাদ ভয়াবহ। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে উগ্রপন্থা নিয়ে দ্বিচারিতা। সন্ত্রাসের আবার ভাল-মন্দ কী। এর কোনও সংজ্ঞা হয় না।” বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পরোক্ষে পাকিস্তানকেই বিধঁলেন মোদি। জঙ্গিদের প্রশ্রয় দিলে ভারত যে তা মেনে নেবে না। তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও যে খতিয়ে দেখছে দিল্লি কৌশলে তা জানিয়ে দিলেন মোদি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪