মার্চ ০১, ২০১৮ ১৩:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মাদকের সঙ্গে জড়ালে চাকরি থাকবে না: ডিজি-দৈনিক প্রথম আলো
  • সংসদে প্রধানমন্ত্রীকে জিয়াউদ্দিন বাবলু-অর্থমন্ত্রীসহ ব্যর্থদের সরিয়ে দিন-দৈনিক যুগান্তর
  • হজের নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট ১৪ জুলাই-দৈনিক মানবজমিন
  • ফের সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় ৩ শ্রমিকের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
  • ৯৮ সালেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি -প্রধানমন্ত্রী- দৈনিক ইনকিলাব
  • খালেদা জিয়ার মুক্তির দাবিঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপি- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভাল কাজ করতে গেলে বাধা আসবেই, অযোধ্যা প্রসঙ্গে মন্তব্য রবিশংকরের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বুদ্ধদেবের ফ্ল্যাট সারাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা-দৈনিক আনন্দবাজার
  • গাড়ির ছাদে যাত্রীর ভিড়, ঝুঁকির যাত্রায় বাদ নেই স্কুলপড়ুয়ারাও-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

৯৮ সালেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি –প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ‘৯৮ সালের বন্যায় দেশের পরিস্থিতি ছিল ভয়াবহ। বিশ্ব ব্যাংক বলেছিল মানুষ খাবার না পেয়ে মারা যাবে। কিন্তু একটা মানুষও না খেয়ে মারা যায়নি। ‘৯৮ সালেই ঘাটতি পূরণ করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। এখন আমরা ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে।’আজ  ১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দুই কোটির বেশি কৃষক কার্ড পেয়েছে। ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করার সুযোগ তৈরি করে দিয়েছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছি। গবেষণার ফলে সারা বছরই সব সবজি পাওয়া যায়। ১২ মাস সবকিছুই হচ্ছে। কৃষিভিত্তিক শিল্পও আমাদের লক্ষ্য। যে এলাকায় যেটা ভালো হয় সেটার উৎপাদন বাড়িয়ে বিদেশে রফতানির ব্যবস্থাও করবো।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতির খবরে দৈনিক প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক ও নয়া দিগন্তসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে, খালেদা জিয়ার মুক্তির দাবি ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপি।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগনকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তারা অন্যায়ভাবে, অনৈতিক ভাবে ক্ষমতায় টিকে আছে। এই দানবীয় সরকারকে উৎখাত করতে হবে।

সংসদে প্রধানমন্ত্রীকে জিয়াউদ্দিন বাবলু-অর্থমন্ত্রীসহ ব্যর্থদের সরিয়ে দিন-দৈনিক যুগান্তর

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের সব ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানালেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু। ব্যাংকের দুর্নীতি খতিয়ে দেখতে এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে ব্যাংকিং কমিশন গঠনেরও দাবিও জানান তিনি।

এদিকে দৈনিক প্রথম আলোর একটি শিরোনাম এরকম যে, পরিচয় দিতে লজ্জা পায় জাতীয় পার্টি!-দৈনিক প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, মাটি দোআঁশলা হলে ভালো ফসল হয়। কিন্তু রাজনীতি বা রাজনৈতিক দল দোআঁশলা হলে তার ফল ভালো হওয়ার কোনো কারণ নেই। সাবেক স্বৈরাচারী শাসক এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির দ্বৈত পরিচয় নিয়ে রাজনৈতিক মহলে চার বছর ধরেই আলোচনা হয়ে আসছিল। জাতীয় পার্টির শীর্ষ নেতারা এসব আলোচনা-সমালোচনা আমলে নেননি। এমনকি এরশাদ প্রকাশ্যে জাতীয় পার্টির মন্ত্রীদের সরকার থেকে পদত্যাগের চরমপত্র দিয়েও সফল হননি। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় নেতা রওশান এরশাদা সংসদে প্রশ্ন রাখেন, ‘আমরা সরকারি দল, না বিরোধী দল, কোনটা আমরা?’কোথাও পরিচয় দিতে পারি না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে।

নিজাম হাজারীর এমপি পদ বৈধ-দৈনিক কালের কণ্ঠ, সমকাল ও যুগান্তর

ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী

ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। ফলে নিজাম হাজারীর এমপি পদ বৈধ বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

মাদকের সঙ্গে জড়ালে চাকরি থাকবে না: ডিজি-দৈনিক প্রথম আলো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: জামাল উদ্দীন আহেমদ

মাদকসেবন, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতার মতো কোনো কাজে জড়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ার করেছেন মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ। আজ দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ কথা বলেন। মহাপরিচালকের কাছে সাংবাদিকেরা জানতে চান, অধিদপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী মাদকসেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে কী করছেন? জবাবে জামাল উদ্দীন বলেন, এ ধরনের কোনো অভিযোগ এলে এবং তদন্তে তা প্রমাণিত হলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থাকবে না। এ ব্যাপারে সব সময়ই কঠোর ভূমিকা থাকবে। প্রশ্নের জবাবে জামাল উদ্দীন বলেন, দেশে মোট কত মাদকসেবী আছে, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে ধারণা করা হয়, এই সংখ্যা ৫০ লাখ থেকে ৭০ লাখ হবে। 

ফের সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় ৩ শ্রমিকের মৃত্যু-দৈনিক ইত্তেফাক

সিলেটের কোম্পানিগঞ্জে মাটি চাপায় ১ শ্রমিকের মৃত্যু

আবারো সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার বশির আহমদের কোয়ারিতে এ দুর্ঘটনাটি ঘটে। এ নিয়ে গত চারদিনে কেবল কোম্পানীগঞ্জেই মারা গেলেন ৮ শ্রমিক। আর গত ১৩ মাসে সিলেটের বিভিন্ন কোয়ারিতে গর্ত ধসে মারা গেছেন ৫৪ শ্রমিক।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

ভাল কাজ করতে গেলে বাধা আসবেই, অযোধ্যা প্রসঙ্গে মন্তব্য রবিশংকরের-দৈনিক সংবাদ প্রতিদিন

রবিশংকর ও মাওলানা এস নদভি

যে কোনও ভাল কাজ করতে গেলেই বাধা আসবে। অযোধ্যা প্রসঙ্গে আজ এ মন্তব্য করলেন আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী রবিশংকর। লখনউতে মৌলানা এস নদভির সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। অযোধ্যায় রাম মন্দির হবে না মসজিদ- এই নিয়ে মধ্যস্থতা করতে এর আগেও একাধিকবার উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন। তাঁর উদ্যোগ এখনও পর্যন্ত ফলপ্রসূ না হলেও রবিশংকর আশাবাদী, এই সমস্যা ঠিকই মিটে যাবে। 

বুদ্ধের ফ্ল্যাট সারাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বছর দুয়েক আগের কথা। আবাসনের দেওয়াল থেকে বটগাছের শিকড় ছড়িয়ে তা ঢুকে পড়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনের ফ্ল্যাটের বাথরুমে। পুরসভার কাছে বিষয়টি জানিয়ে চিঠি দেয়া হলেও  কাজ হয়নি। শেষ পর্যন্ত বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে অনুরোধ করেন। সেই দিনই পুরসভার লোক এসে কিছুটা সংস্কার করে দেয়। কিন্তু ঠিকমতো সংস্কার এখনও বাকি। আর একথা জানার পর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে পুর-কমিশনার কে নির্দেশ দেন।

গাড়ির ছাদে যাত্রীর ভিড়, ঝুঁকির যাত্রায় বাদ নেই স্কুলপড়ুয়ারাও-দৈনিক আজকাল

ঝুঁকিপূর্ণভাবে গাড়ির ছাদে যাত্রীবহন

সাগরের কচুবেড়িয়া বাসস্ট্যান্ড। যাত্রীবাহী বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। যাবে গঙ্গাসাগর। কিন্তু স্ট্যান্ড থেকেই বাসে ভিড়ে ভিড়াক্কার। অগত্যা বাসের ছাদেও উঠে পড়েছেন কয়েকজন। কয়েকজন স্কুলপড়ুয়াকেও ছাদে দেখা গেল। চিত্র–২:‌ কাকদ্বীপের নতুন বাসস্ট্যান্ড। বাসের ভিড়ে মিশে আছে অসংখ্য ট্রেকার। ট্রেকারগুলি স্ট্যান্ড থেকে ছাদে যাত্রী না তুললেও কিছুদূর এগিয়ে যাওয়ার পর ছাদটা ভরে উঠল। একসময় ট্রেকারের ভেতরের ভিড় থেকে ছাদের ভিড় বেড়ে গেল। এভাবেই সুন্দরবন পুলিস জেলাতে নিত্যদিন চলছে ঝুঁকির যাত্রা। দুর্ঘটনাও ঘটছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১