বিএনপি ক্ষমতায় গেলে সরকারের ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে: মওদুদ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- মাতাল হয়ে থানায় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা-দৈনিক প্রথম আলো
- প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-নারী প্রধান শিক্ষককে আ. লীগ নেতার মারধরের অভিযোগ
- বিএনপি ক্ষমতায় গেলে সরকারের ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে-মওদুদ -দৈনিক যুগান্তর
- ঢাকা স্টক এক্সচেঞ্জে চীন-ভারত অর্থনৈতিক ছায়াযুদ্ধ!-দৈনিক মানবজমিন
- জনসভা পেছালো বিএনপি-দৈনিক ইত্তেফাক
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট- দৈনিক ইনকিলাব
- কিছুদিনের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবো : এরশাদ- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযান, শীর্ষ নেতাসহ নিহত ১০ মাওবাদী-দৈনিক আনন্দবাজার
- মোদির রাজ্যে জ্যান্ত পোড়ানো হল দলিত যুবককে-দৈনিক আজকাল
- আয় বাড়াতে ঘুম চোখেই স্টিয়ারিংয়ে হাত চালকদের, বাড়ছে বিপদ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি: মওদুদ-দৈনিক যুগান্তর/মানবজমিন
ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। আগামীতে ক্ষমতায় গেলে কোন মন্ত্রী, কোন এমপি কত টাকা দুর্নীতি করেছে তার তালিকা প্রকাশ করা হবে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সকল পর্যায়ের নেতারা কত টাকার দুর্নীতি করেছে তার বিবরণী প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেলেও কাউকেই ধরা গেল না। আমাদের নেতাকর্মীদের ধরে ধরে মামলা দেয়া হচ্ছে। আবার হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও এতে কারো বিচার হয়নি। মওদুদ আরো বলেন, এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে।
আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা জাতিসংঘের-দৈনিক মানবজমিন
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও অসহিংস হবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপো এমনটি জানিয়েছেন। বৃহ¯পতিবার বার্তা সংস্থা ইউএনবি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘ নিশ্চিতভাবেই আশা করে যে, আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তিনি আরো বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা ঘটেছে আর তা একটি উদ্বেগের বিষয়। তবে আগামী নির্বাচনে কোন সহিংসতাও থাকবেনা।
জনসভা পেছালো বিএনপি-দৈনিক ইত্তেফাক
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা একদিন পেছালো বিএনপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল আমরা ঘোষণা দিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ রবিবার জনসভা হবে। এটা একদিন পিছিয়ে ১২ মার্চ সোমবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রিজভী জানান, জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তারা ইতোমধ্যেই চিঠিও দিয়েছেন। আমরা আশা করি তারা এবার জনসভা করার অনুমতি দেবে।
১০ টাকা কেজি চাল বিক্রি শুরু-দৈনিক প্রথম আলো
দেশের বেশির ভাগ জায়গায় বোরো ধান কাটা শেষ। ফলে বাজারে চালের জোগানে ঘাটতি নেই। আন্তর্জাতিক বাজারে চালের দামও পড়তির দিকে। কিন্তু তারপরও দেশে চালের দাম দফায় দফায় বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে এক থেকে দুই টাকা। মোটা চাল কেজিতে ৪৫ থেকে ৪৭ টাকায় উঠেছে।
সরকারি ও বেসরকারি খাতে চালের বিপুল আমদানিও হচ্ছে। কিন্তু দাম কেন বাড়ছে তার কোনো সদুত্তর নেই। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
ডিলাররা বিক্রির জন্য চাল উত্তোলন শুরু করলেও সারা দেশে তা বিতরণ করতে আরও দু-এক দিন সময় লাগতে পারে। অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ওই চাল দেওয়া হবে। আগামী রোববার থেকে সারা দেশে জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রমও শুরু হতে যাচ্ছে। যেকোনো ব্যক্তি পাঁচ কেজি করে ওই চাল কিনতে পারবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে চীন-ভারত অর্থনৈতিক ছায়াযুদ্ধ!-দৈনিক মানবজমিন
গত সপ্তাহে মনে হয়েছিল, চীন নিশ্চিতভাবেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চীনা দরপত্র নিয়ে মারাত্মক কিছু আপত্তি উত্থাপন করায় ওই নিশ্চিত অবস্থানটি বহাল থাকেনি। এসইসি দাবি করেছে, চীনা কনসোর্টিয়মের প্রস্তাবটি বাংলাদেশের বিধিবিধানের পরিপন্থী। তবে জনসাধারণ কূটনীতি ও অর্থ উভয়টিই হিসাবে রেখে ছায়াযুদ্ধ ধরে নিয়েছে। ফলে বিষয়টি কেবল সর্বোচ্চ দরদাতার সাথে সম্পর্কিত নয়, বরং কূটনৈতিক চাপও জড়িত রয়েছে। এটি আসলে ছোট অবয়বে ভারত-চীন মুষ্টিযুদ্ধ ম্যাচ, মাঝখানে পড়ে আছে কিছুটা হতভাগা বাংলাদেশ।
তুমব্রু সীমান্তে উত্তেজনা বাড়ছে-জনবল বাড়িয়েছে বিজিবি-দৈনিক যুগান্তর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে উত্তেজনা বাড়ছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ৫০ গজের মধ্যেই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে মিয়ানমারের সেনারা। অস্ত্রশস্ত্র নিয়ে টহল বাড়িয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপিও। আতঙ্কে নোম্যান্স ল্যান্ডের প্রায় ছয় হাজার রোহিঙ্গা। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের এপারে জনবল বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও।তবে আজ সকালে মিয়ানমারের সেনারা নোম্যান্স ল্যান্ড থেকে কিছুটা দূরে সরে গেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরওয়ার কামাল।
তিনি জানান, সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়া ঘেষে কয়েকদিন ধরে মিয়ানমারের সেনা ও বিজিপি অবস্থান করেছিল। আজ সকালে তারা কিছুটা পিছু হটেছে।
মাতাল হয়ে থানায় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা-দৈনিক প্রথম আলো
নিজেরা মদ খেয়ে গাঁজাসহ গ্রেপ্তার দুই সন্দেহভাজনকে নিয়ে থানায় গিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। তাঁর সঙ্গে ছিলেন একজন সেপাই ও একজন সোর্স (তথ্যদাতা)। থানায় তাঁদের মাতলামিতে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেয়। কর্মকর্তারা তাঁদের সহকর্মীদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেও ওই সোর্সের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে খুলনার বটিয়াঘাটা থানায়। কর্তব্য পালনের সময় মদ খাওয়ার অভিযোগে অভিযুক্ত দুজন হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনার উপপরিদর্শক (এসআই) মনোজিৎ কুমার বিশ্বাস ও গোয়েন্দা শাখার সেপাই মো. সেলিম।
গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ ৬৪ জেলায় সংস্থাটির মাদকবিরোধী তথ্য অভিযান শুরুর তিন দিন আগে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেল। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমনিতেই চাপের মুখে রয়েছে সংস্থাটি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট- দৈনিক ইনকিলাব
ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কে আতঙ্কের নাম যানজট। মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় গত কয়েকদিন ধরেই ভয়াবহ যানজট লেগেই আছে। ভুক্তভোগিদের অভিযোগ, গাড়ি থামিয়ে পুলিশের চাঁদাবাজি, সড়কে যান চলাচলে অব্যবস্থাপনা এবং সর্বোপরী টোলপ্লাজার কাজের ধরিগতি এ যানজটের প্রধান কারণ।
নারী প্রধান শিক্ষককে আ. লীগ নেতার মারধরের অভিযোগ-দৈনিক প্রথম আলো
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত বুধবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারকে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ স্কুলের অফিসকক্ষে প্রকাশ্যে চড়, কিল ঘুষি দিয়েছেন, স্কুলের ঘন্টা ছুড়ে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মাহবুবা গৌরীপুরের চরশ্রীরামপুর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষও। এ বিষয়ে মাহবুবা পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ প্রাথমকিভাবে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযান, শীর্ষ নেতাসহ নিহত ১০ মাওবাদী-দৈনিক আনন্দবাজার
তেলঙ্গানা ও ছত্তীসগড় পুলিশের অভিযানে মাওবাদীদের এক শীর্ষ নেতা-সহ ১০ জন নিহত হয়েছে। দু'পক্ষের গুলির লড়াইয়ে ১ পুলিশকর্মীও নিহত হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলা এবং তেলঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যে বিস্তীর্ণ গভীর জঙ্গলে আজ সকালে তেলঙ্গানা ও ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায়। এসময় দু’পক্ষের মধ্যে দীর্ঘ ক্ষণ সংঘর্ষে মাওবাদীদের শীর্ষনেতা হরিভূষণসহ ১০ মাওবাদী নিহত হয়। তবে দৈনিক আজকাল লিখেছে-১২ মাওবাদী নিহত হয়েছে।
মোদির রাজ্যে জ্যান্ত পোড়ানো হল দলিত যুবককে-দৈনিক আজকাল
রাজকোটে গাড়ি থেকে টেনে বের করে জ্যান্ত পোড়ানো হল দলিত যুবক ভরত গোয়েলকে। ওই যুবকের ওপর হামলা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। কয়েকদিন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলার পর সে মারা গেল। গত ২৩ ফেব্রুয়ারি রাজকোটের বেরাভাল তালুকা এলাকা থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন ভরত গোয়েল নামে ওই যুবক। মাঝরাস্তায় তার গাড়ি দাঁড় করিয়ে তাঁকে টেনে বের করে এনে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পেট্রোল বোমা ছুড়ে মারা হয়।
আয় বাড়াতে ঘুম চোখেই ড্রাইভ, বাড়ছে বিপদ-দৈনিক সংবাদ প্রতিদিন
ট্যাক্সি চালক সৌমেন সেন বললেন, ঘুমে চোখ লেগে যায়। কিন্তু কী করব! টার্গেট ফুলফিল না হলে তো কমিশন পাব না! সংসার চলবে কী করে? ঘুম পেলেও তাই কষ্ট করেই চালাতে হয়।” যত বেশি ডিউটি, তত বেশি আয়। আর এই আয়ের লোভেই ক্যাবে চালকের হাতে বিপন্ন সাধারণ মানুষের জীবন। বারে বারে ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত হচ্ছে প্রাণহানি। গতকালও প্রাণ গেল এক ছাত্রের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২