মার্চ ০৩, ২০১৮ ১২:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিদেশি উপদেশের দিকে আ.লীগ তাকিয়ে নেই: কাদের-দৈনিক প্রথম আলো
  • দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার-প্রধানমন্ত্রী -দৈনিক যুগান্তর
  • ‘নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক-মওদুদ আহমদ-দৈনিক মানবজমিন
  • ‘রাজনৈতিক সিদ্ধান্তেই খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে’-দৈনিক ইত্তেফাক
  • কারাগারে বন্দী ৯ হাজার, জামিনে মুক্তিতে অনিয়ম- দৈনিক নয়া দিগন্ত
  • পোশাকখাতের পরিচালনা বোর্ড চলছে পরিবারতন্ত্রে –সিপিডি-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • গেরুয়া ঝড়, মানিক বদলে ‘হিরা’কেই বাছল ত্রিপুরা-দৈনিক আনন্দবাজার
  • গেরুয়া ঝড়ে ধুলিসাৎ ত্রিপুরার লাল দুর্গ। -দৈনিক আজকাল
  • দুর্ঘটনা আরও কমাতে মুখ্যমন্ত্রীর নয়া দাওয়াই, ‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আইইবি সম্মেলনে প্রধানমন্ত্রী-দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

বাংলােদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে খুলনার খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের নির্দেশিত পথ মেনেই আমরা চলছি। আমাদের সরকার দুর্নীতি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মানুষ যেন আইনের শাসনের সুযোগ-সুবিধা পায়, সেজন্য যথাযথ পদক্ষেপ নিয়েছি।

‘রাজনৈতিক সিদ্ধান্তেই খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে-নজরুল ইসলাম খান-দৈনিক ইত্তেফাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক সিদ্ধান্তে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারণ তিনি আগামী দিনের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনগণের ভোটে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি ও জনগণকে দুর্বল করা যাবে না। সামনের দিনে ভোটের ফলাফল পাল্টানো যাবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে বসে আছে আগামী দিনে খালেদা জিয়াকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। এখন সুযোগ শুধু ভোট দেয়ার। আর সেজন্য আমরা বিএনপি চেয়ারপারসনকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারে অধীনে ভোটের দাবি আদায় করব।

 আজ সকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া তাঁর স্বামীর নামে গঠিত ট্রাস্টের টাকা আত্মসাতে সহযোগিতা করেছেন এটাও দেশের কোনো মানুষ বিশ্বাস করে না।

নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক-মওদুদ আহমদ-দৈনিক মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

নির্বাচন কমিশনকে বর্তমান সরকারের তল্পিবাহক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি: জাতীয় নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে। নেতাদের কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছেনা। অন্যদিকে প্রধানমন্ত্রী সরকারি খরচে জনসভা করে মানুষের কাছে ভোট চাইছেন। এটা সম্পূর্ণ বেআইনী।

বিদেশি উপদেশের দিকে আ.লীগ তাকিয়ে নেই: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনো উপদেশ খয়রাতের দিকে আওয়ামী লীগ তাকিয়ে নেই। ৭ মার্চ আওয়ামী লীগের জনসভা সফল করতে আজ শনিবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠেয় আগামী জাতীয় নির্বাচনে সব দলকে আনতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের চাপকে গুরুত্ব দিই। আমাদের দেশের গণতন্ত্র আমরাই পরিচালনা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, কেউ ধোয়া তুলসীপাতা নয়। যারা আমাদের উপদেশ দিচ্ছে, তাদের দেশের গণতন্ত্রের চেহারা, তাদের দেশের নির্বাচনের চেহারা, সেটা সারা দুনিয়া জানে, আমরাও জানি। কাজেই আমাদের উপদেশ দিতে হবে না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কারও উপদেশ-খয়রাতের দিকে তাকিয়ে নেই। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গণতন্ত্র চলবে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের নির্বাচন চলবে।

এরশাদের ‘শিগগিরই পদত্যাগ’ আর কত দূর?-দৈনিক প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

জাতীয় পার্টি সরকারি না বিরোধী দল—প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দলটির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের এমন প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আলোচনা হচ্ছে, আসলেই কি জাপা মন্ত্রিত্ব ছাড়তে চায়? সমালোচনা হচ্ছে, জাপার মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে সরাতে কেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এটা তো জাপার দলীয় সিদ্ধান্তের বিষয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে সংসদে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তখন থেকে আলোচনা শুরু হয় জাতীয় পার্টি সরকারি না বিবোধী দল। কেননা, একদিকে দলটি সংসদের বিরোধী দল। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। অন্যদিকে, এই দলের তিন নেতা সরকারের মন্ত্রিসভার সদস্য। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এটিও মন্ত্রী পদমর্যাদার।

যেমন করে ছড়িয়ে দেয়া হচ্ছে পর্নোগ্রাফি- দৈনিক মানবজমিন

প্রযুক্তির ক্ষতিকর দিক

প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় দুনিয়া। যা চাইবেন, তাই এসে হাজির। কঠিন সমস্যার সমাধান থেকে শুরু করে কাঁচা বাজার- সব কিছু চলে এসেছে দ্বোরগোড়ায়। অনলাইনেই অর্ডার দিলে বাড়িতে এসে হাজির কোরবানির পশু। প্রযুক্তি এই যে মানুষের জীবনকে এত সহজ করে দিচ্ছে, এর উল্টো পিঠও আছে। মানুষের জীবনকে ধ্বংস করে দেয়ার উপকরণও সেখানে বিদ্যমান।

আছে জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার উপাদান। আছে রগরগে যৌন জীবন সম্পর্কিত বিষয়াবলি। এক্ষেত্রে সন্তানদের নিয়ে সবচেয়ে দুশ্চিন্তায় পিতামাতারা। তাদের সেই টেনশন আরো একধাপ বাড়িয়ে দিয়েছে একটি পর্নো কোম্পানি। তারা পর্নো তারকাদের হুবহু নকল করে তৈরি করছে ভার্চুয়াল ছবি। খ্যাতনামা পর্নো তারকাদের অবিকল আকৃতি দেয়া হচ্ছে কম্পিউটারে। আর এর মাধ্যমে তৈরি করা হচ্ছে ভার্চুয়াল অ্যাপ। একজন পর্নো তারকার শরীর যেমন অবিকল তেমনভাবে তৈরি করা হচ্ছে তাদেরকে এ অ্যাপের ভিত্তিতে। তাতে কোথাও কোন খুঁত ধরার মতো ত্রুটি নেই। এ অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে সামনে থাকা একজন পর্নো তারকার মতো কথা বলবে ওই এনিমেটেড পর্নো তারকা। পর্নো বিষয়ক এ বছরের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এটি করতে ওই কোম্পানি একটি বিশাল ক্যামেরা ব্যবহার করেছে একজন পর্নো তারকার শারীরিক গঠনের থ্রি ডি মডেল তৈরি করার জন্য। থ্রি ডি স্ক্যান করা এসব ছবি ব্যবহার করে তাদেরকে গেমে রূপান্তর করা হয়েছে। সেখানে অনেক ক্ষেত্রেই একজন পর্নো তারকার মতো সম্ভাব্য আচরণ করে ওই গেমের মডেল। এসব সামাজিক অবক্ষয়মুলক গেম বা অ্যাপ ছড়িয়ে দেয়া হচ্ছে ইন্টারনেটে। তা থেকে আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার

কারাগারে বন্দী ৯ হাজার, জামিনে মুক্তিতে অনিয়ম-দৈনিক নয়া দিগন্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগার

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দী বর্তমানে অবস্থান করছেন। বন্দীদের ভালোভাবে থাকার ব্যবস্থা এবং খাবার সরবরাহের নামে কিছু কর্মকর্তা-কর্মচারী ও কয়েদি হাজতির সমন্বয়ে গড়ে উঠেছে দুষ্টচক্র। তারাই বন্দী এবং তাদের স্বজনদের কাছ থেকে নানা কৌশলে নগদ টাকা হাতিয়ে নিচ্ছেন।

বন্দী ও তাদের স্বজনদের অভিযোগ, ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঠিক মনিটরিং না থাকা এবং উদাসীনতার কারণে কারাগারে অনিয়ম ও দুর্নীতির মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি এক বন্দীর সাথে তার এক স্বজন সাক্ষাৎ করতে গেলে তার কাছে ৫০০ টাকা দাবি করা হয়। পরে তিনি দুদকের হটলাইন নম্বরে টেলিফোন করে অভিযোগ দেন। তার ওই অভিযোগ পেয়েই ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল কারাগার এলাকায় যায়। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তারা তাকে শনাক্ত করতে পারেননি।

পোশাক খাতের পরিচালনা বোর্ড চলছে পরিবারতন্ত্রে –সিপিডি-দৈনিক ইনকিলাব

তৈরি পোশাক খাতের পরিচালনা বোর্ডের অধিকাংশ সদস্য একই পরিবার থেকে আসা বলে গবেষণা প্রতিবেদনে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

পরিবারতন্ত্রে পরিচালিত বোর্ডের হার শতকরা ৮৯ শতাংশ। গুলশানে এক হোটেলে আজ শনিবার প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন পাঠ করেন সিপিডির গবেষণা শাখার পরিচালক ড. গোলাম মোয়াজ্জিম। এ সময় সিপিবির চেয়ারম্যান রেহমান সোবহান উপস্থিত ছিলেন। ১৯৩ টি প্রতিষ্ঠানের ২ হাজার শ্রমিকদের মধ্যে জরিপ চালিয়ে সিপিডি এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

গেরুয়া ঝড়, মানিক বদলে ‘হিরা’কেই বাছল ত্রিপুরা-দৈনিক আনন্দবাজার

ত্রিপুরায় গেরুয়াদের জয়

পশ্চিমবঙ্গের সাত বছর পর, ত্রিপুরাতেও পতন হল দীর্ঘ বাম জমানার! দু’হাত দিয়ে আগলে যে প্রদীপের শিখা বাঁচাতে চেয়েছিলেন বামপন্থীরা, গেরুয়া ঝড় তাকে স্তব্ধ করে দিল। পঁচিশ বছর ধরে যে রাজ্যপাট সামলেছিল বামফ্রন্ট, সেই রাজ্যপাট দখল করে নিল বিজেপি, সহযোগী আইপিএফটি-কে নিয়ে। সুদূর শাহি দিল্লি থেকে বারে বারে উড়ে এসে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছিলেন, মানিক ফেলে এ বার ‘হীরা’ আনুন।তাঁর সেই আহ্বানে কাজ হয়েছে।

এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে এরকম যে, ত্রিপুরায় গেরুয়া ঝড়ে উল্লসিত দিলীপ, বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগ পার্থর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে ধরাশায়ী বামেরা।  মিথ ভেঙে মানিক দুর্গে ফুটল পদ্ম। এই খবরে বেজায় খুশি এ রাজ্যের বিজেপি নেতৃত্বও। আর আজকালের শিরোনাম এরকম যে-গেরুয়া ঝড়ে ধুলিসাৎ ত্রিপুরার লাল দুর্গ।

দুর্ঘটনা আরও কমাতে মুখ্যমন্ত্রীর নয়া দাওয়াই, ‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’। বদলে যাচ্ছে প্রচারের জোর। আসলে, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্লোগানে এবার বাড়তি সংযোজন নয়া স্লোগান। এই স্লোগানও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো স্লোগানে পথ দুর্ঘটনারোধে এসেছে সাফল্য। অন্তত দশ শতাংশ কমেছে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। তবু বাড়তি নজরের জন্যই দুর্ঘটনাপ্রবণ এলাকায় ঢেকে দেওয়া হবে নয়া স্লোগান। প্রচারে গাড়ি চালক ও সাধারণ মানুষকে পুলিশ বোঝাবে, গাড়ি আস্তে চালান। তাছাড়া বড় রাস্তা মূলত জাতীয় ও রাজ্যসড়কগুলিতে যে ছোট রাস্তা মেশে, সেখানে দশ মিটারের মধ্যে জোড়া স্পিড ব্রেকার বা হাম্প গড়ে দিচ্ছে পুলিশ ও পূর্ত দপ্তর।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোন কোন এলাকায় বেশি দুর্ঘটনা হচ্ছে, তা চিহ্নিত করে সবরকমভাবে ব্যবস্থা নিতে হবে। সেই কারণেই বড় রাস্তার মুখে মার্চের মধ্যেই স্পিড ব্রেকার বসানো হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩