জাফর ইকবালের ওপর হামলাকারীরা ধর্মান্ধ হয়ে গেছে : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- জাফর ইকবালের ওপর হামলাকারীরা ধর্মান্ধ হয়ে গেছে : প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
- জাফর ইকবালের ওপর হামলার চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের -দৈনিক প্রথম আলো
- সময় থাকতে সঠিক পথে আসুন : আমীর খসরু - দৈনিক নয়া দিগন্ত
- তুমব্রু সীমান্ত-ফের সেনা বাড়িয়েছে মিয়ানমার, সতর্কবস্থায় বাংলাদেশ-দৈনিক যুগান্তর
- সরকারি দলের দুর্নীতিবাজদেরও বিচারের আওতায় আনতে হবে-দৈনিক মানবজমিন
- কোটা সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভ -দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- মানিকের ইস্তফা, আপাতত কাজ চালাতে বললেন তথাগত-দৈনিক আনন্দবাজার
- জিন্না নয়, দেশভাগ করেছে নেহরু, আজাদ, সর্দার পাটেল: ফারুক আবদুল্লাহ-দৈনিক আজকাল
- রাহুল আমার কথা শুনলে ত্রিপুরায় অন্য ফল হত: মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লেখক মুহম্মদ জাফর ইকবালের ওপর গতকালের হামলা এবং পরবর্তী আপডেট সম্পর্কিত খবরই আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, আজ সকালে ঢাকায় সম্মিলিত সামিরিক হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে পর্যবেক্ষণের পর এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মুন্সি মুজিবুর রহমান বলেছেন তিনি এখন সজ্ঞান, সচেতন এবং আশঙ্কামুক্ত আছেন।
এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ধরন থেকেই স্পষ্ট হামলাকারী কারা? তারা ধর্মান্ধ বলে মন্তব্য করেছেন তিনি। সরকার প্রধান বলেন, যারা এই ঘটনাগুলি ঘটায় তারা মনে করে একটা মানুষ খুন করলেই বুঝি তারা বেহেশতে চলে যাবে। তারা কোনো দিন বেহেশতে যাবে না।
জাফর ইকবালের ওপর হামলার চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের-দৈনিক প্রথম আলো
এদিকে দৈনিক প্রথম আলোর দুটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, জাফর ইকবালের ওপর হামলার চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি। কে ঘটনা ঘটিয়েছে, কারা কারা হামলাকারীকে দিয়ে ঘটনা ঘটিয়েছে—বিষয়টি ইতিমধ্যে পরিষ্কার। জাফর ইকবালের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ইঙ্গিত বলেও তিনি মন্তব্য করেন।
আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাফর ইকবালের নিরাপত্তার ত্রুটি ছিল না। তবে হামলাকারী কীভাবে জাফর ইকবালের কাছে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে-দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) উত্তাল হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে।
দৈনিক নয়া দিগন্তের রাজনৈতিক একটি খবরের শিরোনাম- সময় থাকতে সঠিক পথে আসুন : আমীর খসরু - দৈনিক নয়া দিগন্ত
ফ্যাসিবাদী মনোভাব থেকে সরে এসে সরকারকে গণতন্ত্রের সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, যখনই কোনো বিদেশী প্রতিনিধি দল এদেশে আসে তারা ভদ্র ভাষায় বলে যান যে, তারা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন দেখতে চায়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক স্পেস দেয়া এবং তাদের সাংবিধানিক অধিকারগুলো করতে দেয়ার ওপরও গুরুত্বরোপ করে যান। তাই সরকারকে বলবো- তাদের কথাগুলো মেনে চলেন। সঠিক পথে আসুন। গণতন্ত্রের পাথে আসুন। এখনো সময় আছে। সবাইকে নিয়ে গণতন্ত্রের পথে চলতে কাজ করুন।
সরকারি দলের দুর্নীতিবাজদেরও বিচারের আওতায় আনতে হবে-দৈনিক মানবজমিন
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখন সরকারি দলের যারা দুর্নীতি করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আইনের শাসনের ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলবে। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য দেশ স্বাধীন করা হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভ-দৈনিক ইনকিলাব
১৩ মার্চের মধ্যে কোটাপদ্ধতি সংস্কারের শর্ত দিয়ে আজ রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এতে কয়েক শ চাকরিপ্রত্যাশী অংশ নেন। বিক্ষোভ শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ১৩ মার্চের মধ্যে কোটা সংস্কারের পাঁচ দফা দাবি আদায় না হলে ১৪ মার্চ সারা দেশে জেলা প্রশাসক কার্যালয় ও কেন্দ্রীয়ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। পাঁচ দফা দাবি হলো কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার না করা।
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে ভারতের প্রতি আহ্বান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের কাছে বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও সমস্যা, তাই প্রতিবেশি দেশ হিসেবে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
মানিকের ইস্তফা, আপাতত কাজ চালাতে বললেন তথাগত-দৈনিক আনন্দবাজার
রাজ্যপাল তথাগত রায়ের হাতে রবিবার তাঁর পদত্যাগপত্র তুলে দিলেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার।শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। তাতে ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটেছে ত্রিপুরায়। মানিক অবশ্য তাঁর ধনপুর আসনটি ধরে রাখতে পেরেছেন।এ দিন আগরতলায় রাজভবন থেকে বেরিয়ে এসে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘‘আমার পদত্যাগপত্র জমা দিতে এসেছিলাম। যত দিন না নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, তত দিন পর্যন্ত রাজ্যপাল আমাকে সরকারি কাজকর্ম চালিয়ে যেতে বলেছেন। এটাই নিয়ম। সেটা আমি করব। এত দিন যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।'
জিন্না নয়, দেশভাগ করেছে নেহরু, আজাদ, সর্দার পাটেল: ফারুক আবদুল্লাহ-দৈনিক আজকাল
মহম্মদ আলি জিন্না কখনোই দেশভাগ চাননি। শুধুমাত্র মুসলিমদের জন্য পাকিস্তান তৈরি করতে চাননি। দেশের ভাগের জন্য দায়ী জওহর লাল নেহরু, মৌলনা আজাদ এবং সর্দার পাটেলের মত নেতারাই। তাঁরাই মুসলিম এবং শিখদের সংখ্যালঘুর স্বীকৃতি দিতে চাননি। এমনই বিতর্কিত মন্তব্য করলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।
তাঁর আরও দাবি মহম্মদ আলি জিন্না দেশ ভাগের সিদ্ধান্ত নেন নি। সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই কমিশনই বলেছিল মুসলিমদের জন্য আলাদা দেশের ব্যবস্থা করা হচ্ছে।
রাহুল আমার কথা শুনলে ত্রিপুরায় অন্য ফল হত: মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
ত্রিপুরায় বিজেপির জয় হয়নি, পরাজয় হয়েছে সিপিএমের। সিপিএম আত্মসমর্পণ করেছে বলে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উত্তর-পূর্বের রাজ্যে আড়াই দশকের বাম শাসনের পতন হয়েছে। শূন্য থেকে শিখরে উঠেছে মোদির বিজেপি। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে মানিকের দুর্গ। ভোটের ফলাফল প্রকাশ হতেই বিজেপির নেতাদের হুঙ্কার, এবার বাংলা ও ওড়িশা টার্গেট। তারপরই এদিন নবান্নে সাংবাদিকদের সামনে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘এই জয়ে উৎসাহিত হওয়ার কিছু নেই। আরশোলা কখনও কখনও ময়ুরের মতো পেখম মেলতে চায়। পিপীলিকার পাখা গজায় মরার জন্য। তাই এই আস্ফালন দেখাচ্ছে ওরা। কিন্তু সিপিএম আত্মসমর্পণ না করলে আর কংগ্রেস প্রতিরোধ করলে ওরা জিততে পারত না।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪