জামায়াতকে নিষিদ্ধ করা মুশকিল: মুহিত
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়ার মুক্তির জন্য আইনজীবী বদলান : নাসিম-দৈনিক ইত্তেফাক
- সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে : ফখরুল-দৈনিক কালের কণ্ঠ
- মূল্যায়ন সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবনমন-দৈনিক প্রথম আলো
- অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে-দৈনিক নয়া দিগন্ত
- পাট শিল্পকে ধ্বংস করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- জামায়াতকে নিষিদ্ধ করা মুশকিল: মুহিত-দৈনিক মানবজমিন
- নাফ নদীর তীরবর্তী এলাকা জুড়ে সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- সংকট কাটাতে মরিয়া হয়ে উঠছে বিরোধী শিবির-দৈনিক আনন্দবাজার
- ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের-দৈনিক আজকাল
- ‘লেনিন তো বিদেশি এবং আতঙ্কবাদী, ওঁর মূর্তি দেশে কেন?’-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পাট শিল্পকে ধ্বংস করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের বিরোধিতা সত্ত্বেও পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংকের কাছে থেকে অর্থ নিয়েছিল জোট সরকার। ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এসে বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করি। অন্যান্য শিল্পের মতো পাট শিল্পও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রাজনীতির খবরে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এরকম
সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তাই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির জন্য নয়, আওয়ামী লীগের মত একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে এ আন্দোলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির মানববন্ধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আমাদের নেত্রী দেশের মানুষের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছেন। অবিলম্বে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির জন্য আইনজীবী বদলান : নাসিম-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আইনজীবী পরিবর্তনের জন্য দলটির প্রতি আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় আইনী প্রক্রিয়ায় জেলে গেছেন এবং আইনী প্রক্রিয়াতেই তাকে মুক্ত হতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি। তিনি জেলে থাকুক তা আমরা চাই না। কারণ, জেলে থাকার কি কষ্ট তা আমরা জানি।
জামায়াতকে নিষিদ্ধ করা মুশকিল: মুহিত-দৈনিক মানবজমিন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াত দেশের শত্রু। এদেশে তাদের থাকার কোনো অধিকার নেই। তবে তাদের নিষিদ্ধ করা আমার মনে হয় মুশকিল আছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনমি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাতের সময় শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তবে জামায়াত নিষিদ্ধে মুশকিলটা কী- সেটি ব্যাখ্যা করেননি তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করছে সরকার।
মূল্যায়ন সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবনমন-দৈনিক প্রথম আলো
বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে। আগে ছিল ৯০তম স্থানে, এখন ৯৭তম নেমে এসেছে। অর্থাৎ বলা যায়, বাংলাদেশি পাসপোর্টের মূল্যায়ন ওজন কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ২০০টি দেশের ওপর পরিচালিত সূচকে দেশগুলো ১০৫তম পর্যন্ত মান বা অবস্থান নির্ধারণ করেছে। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। দুর্বলতম পাসপোর্টের দেশ বোমা হামলায় জর্জরিত আফগানিস্তান।
নাফ নদীর তীরবর্তী এলাকা জুড়ে সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন-দৈনিক ইনকিলাব
সীমান্তে মিয়ানমারের বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। তুমব্রু শূন্য রেখার পর এবার টেকনাফ সীমান্তের ওপারে নাফ নদীর তীরবর্তী এলাকা জুড়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ইউনিফর্মের আড়ালে অতিরিক্ত সেনা মোতায়েনের খবর পাওয়া গেছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাখাইন রাজ্যের মংডু এলাকার এক নম্বর সেক্টর থেকে সীমান্ত জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত বৃহস্পতিবার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষ সেনা সমাবেশ ঘটায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণাগণপরিবহনে ৯৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
দেশে গণপরিবহনে যাতায়াতকালে ৯৪ শতাংশ নারী কোনো না কোনো সময় মৌখিক, শারীরিক এবং অন্যান্যভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকা, বাসে অতিরিক্ত ভিড়, যানবাহনে পর্যাপ্ত আলো না থাকা, তদারকির অভাবসহ বেশ কয়েকটি কারণে গণপরিবহনে এধরনের যৌন হয়রানির মূল কারণ। আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য উঠে আসে। গবেষণায় বলা হয়, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি লক্ষ্য করা গেলেও কর্মক্ষেত্রে এখনও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অথচ চাকরি, জীবিকাসহ বিভিন্ন কাজে তারা প্রতিনিয়ত ঘরের বাইরে বের হচ্ছেন। গণপরিবহনে চলাফেরা করতে গিয়ে অনেক নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
সংকট কাটাতে মরিয়া হয়ে উঠছে বিরোধী শিবির-দৈনিক আনন্দবাজার
আপাতদৃষ্টিতে যা বেশ খানিকটা অসম্ভব বলে মনে হত এ দেশের রাজনীতিতে, তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে পর পর। উত্তরপ্রদেশে ভোট ময়দানে হাত মিলিয়ে লড়ার কথা ঘোষণা করছেন মায়াবতী ও মুলায়ম-অখিলেশ। একক শক্তিতে কেউই জিততে পারবেন না, তাই এই সিদ্ধান্ত— খোলাখুলি জানাচ্ছেন। রাজ্যরাজনীতি ছেড়ে জাতীয় ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে চাইছেন তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলছেন রাওয়ের সঙ্গে, আশ্বাস দিচ্ছেন পাশে থাকার। বিজেপির অনর্গল উত্থান ঠেকাতেই যে এই মরিয়া জোট-প্রয়াস, তা মোটামুটি স্পষ্ট করেই জানাচ্ছেন বিরোধী শিবিরের রথী-মহারথীরা। ২০১৪ সালে নরেন্দ্র মোদী দিল্লির মসনদে বসার পর থেকে যতগুলি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার অধিকাংশতেই জয় পেয়েছে বিজেপি।
ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের-দৈনিক আজকাল
বণিকসভার অনুষ্ঠানে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির। তিনি অভিযোগ করেন রাজ্যে আচার্যের পদ নখদন্তহীন বাঘের মত। অন্য কোনও রাজ্যে আচার্যের অবস্থা এমন নয়। বিহার, উত্তরপ্রদেশে আচার্যের অনেক ক্ষমতা আছে, বাংলায় তা নেই। এখানে মন্ত্রীর পরামর্শে সার্চ কমিটিতে অনুমোদন মেলে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর আরও অভিযোগ বিধানসভায় সরকারের কথা বলতেই হয়। নইলে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে কোনও কথা বলতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাজ্যপাল তাঁর কথা বলেছেন, এই নিয়ে কোনও মন্তব্য করব না। যদিও এর আগে রাজ্যপালের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে সংসদে সরব হয়েছিলেন তৃণমূলের সাংসদরা।
‘লেনিন তো বিদেশি এবং আতঙ্কবাদী, ওঁর মূর্তি দেশে কেন?’-দৈনিক সংবাদ প্রতিদিন
ত্রিপুরায় ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। ঠিক তারপর থেকেই স্বরূপে আত্মপ্রকাশ করেছে পদ্মবাহিনী। ‘চলো পাল্টাই’ স্লোগান দিয়ে ক্ষমতার পট পরিবর্তন। কিন্তু পালটানোর নেশায় একেবারে ইতিহাস পালটে দেওয়ার খেলায় মেতে উঠলেন গেরুয়া শিবিরের কর্মীরা। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল লেনিন মূর্তি। যদিও তা নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন বিজেপি সংসদ সদস্য সুব্রমনিয়াম স্বামী। তাঁর পালটা প্রশ্ন, লেনিনের মতো এক বিদেশির মূর্তি দেশের মাটিতে কেন? ক্ষমতার পালাবদলে আক্রান্তের মধ্যে শুধু একা লেনিনই নেই। স্বয়ং বুদ্ধও এই অহমিকার শিকার হয়েছিলেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬