জামিন পেলেন খালেদা জিয়া
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- জামিন পেলেন খালেদা জিয়া-দৈনিক প্রথম আলো
- রিমান্ড শেষে কারাগারে ঢাকা মহানগর ছাত্রদল নেতার মৃত্যু-দৈনিক যুগান্তর
- কাঠমাণ্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, ৫০ জনের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশকে কী দেবে?-দৈনিক মানবজমিন
- বাংলাদেশী শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশের আহবান প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- নেই টাকা ও বিদ্যুৎ, মোদীর ই-শিক্ষা শিকেয়-দৈনিক আনন্দবাজার
- সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল রাজীব গান্ধীকে, দাবি সুব্রমনিয়াম স্বামীর-দৈনিক আজকাল
- কৃষকদের পাশেই মধ্যবিত্ত, মিছিলে খাবার-জল এগিয়ে দিচ্ছেন মুম্বইকররা-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও নেপালে বাংলাদেশি বিমানের বিধ্বস্ত হওয়ার খবরটি আজকের দৈনিক প্রথম আলো, যুগান্তর ও ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। খালেদা জিয়ার খবরে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ দুপুর আড়াইটার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের এই আদেশ দিয়েছে।
হাইকোর্ট বলেছেন, খালেদা জিয়া বয়স্ক নারী। তাঁর শারীরিক নানা জটিলতা আছে। এসব বিবেচনা করে তাঁকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো।
এদিকে জামিনের প্রতিক্রিয়ায় দুদক বলেছে তারা খালেদা জিয়ার জামিন স্থগিত চাইবে। খবরটি দৈনিক যুগান্তরে ছাপা হয়েছে। দৈনিকটির অন্য খবরে লেখা হয়েছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামিনের অর্ডার কারাগারে যাওয়ার পরই খালেদা জিয়া মুক্তি পাবেন। আর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন,অন্য মামলায় গ্রেফতার না দেখালে মুক্তি পাবেন তিনি।
রিমান্ড শেষে কারাগারে ঢাকা মহানগর ছাত্রদল নেতার মৃত্যু-দৈনিক যুগান্তর
মানববন্ধন থেকে আটকের পর তিন দিনের রিমান্ড শেষে কারাগারে মারা গেছেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন। সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে মাসুদ নামে এক কারারক্ষী ছাত্রদল নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পুলিশি নির্যাতনে গুরুতর আহতাবস্থায় চিকিৎসার অভাবে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন অকালে মারা যান।
কাঠমাণ্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, ৫০ জনের মৃত্যু-ইত্তেফাক
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের বিমানটির অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির প্রথমসারির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা।
বাংলাদেশী শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশের আহবান প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ প্রদানে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যাতে তাদের কাছে এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম পছন্দনীয় কর্মস্থল হিসেবে অব্যাহত থাকে ।
আজ দুপুরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কার্যালয় ইস্তানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সেদেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের দেয়া এক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে তিনি এই আহ্বান জানান। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে শেখ হাসিনা রোববার চারদিনের সরকারি সফরে এখানে আসেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শ্রমিকদের জন্য সিঙ্গাপুর ক্রমশই একটি অন্যতম পছন্দীয় গন্তব্যস্থল হয়ে উঠছে। আমি আশাকরি সিঙ্গাপুর এই শ্রমিকদের জন্য বরাবরের মতই সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা অব্যাহত রাখবে।’
উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশকে কী দেবে?-দৈনিক মানবজমিন
বিশ্বের কোন দেশ অর্থনৈতিক এবং সামাজিকভাবে কতটা অগ্রগতি করেছে সেটি মূল্যায়নের জন্য জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি বা সিডিপি আজ নিউইয়র্কে বৈঠকে বসতে যাচ্ছে। এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে আসার স্বীকৃতি মিলবে বলে সরকারী কর্মকর্তারা বলছেন। কিন্তু এই স্বীকৃতির ফলে কি লাভ হবে বাংলাদেশের? বিবিসি'র আকবর হোসেনের প্রশ্নের উত্তরে অর্থনীতিবিদ ড: আহসান মনসুর বলছেন, বিষয়টি কোন দেশের জন্য গৌরবের। জাতি হিসেবে সবাই চায় নিজেদের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠিত করতে।তবে, এর ফলে বস্তুগত কোন উন্নয়ন বা সুবিধা আলাদা করে বাংলাদেশ পাবে বলে তিনি মনে করেন না। কিন্তু এই স্বীকৃতি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করবে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল রাজীব গান্ধীকে, দাবি সুব্রমনিয়াম স্বামীর-দৈনিক আজকাল
রাজীব গান্ধী হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী।
তাঁর দাবি এলটিটিই নয় সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল রাজীব গান্ধীকে। তাঁর আরও দাবি রাজীব গান্ধীকে খুনের কারণ ছিল আর্থিক লাভ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে রাজীব পুত্র রাহুল গান্ধী বলেছে, আমি এবং আমার বোন প্রিয়াঙ্কা বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছি। কারণ তাঁদের মনে হয়েছিল কাউকে ঘৃণা করে বেশিদিন বাঁচা যায় না। তবে এটা সত্যি যে বেশ কয়েকবছর রাজীবের এই মৃত্যু তাঁদের শোকাচ্ছন্ন করে রেখেছিল।
রাহুলের এই মন্তব্যের পরেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছেন, কংগ্রেস সভাপতির এই মন্তব্যে দেশেপ্রেমের অভাব বোধ হচ্ছে।
কৃষকদের পাশেই মধ্যবিত্ত -দৈনিক সংবাদ প্রতিদিন। আর দৈনিক আনন্দবাজার লিখেছে, এই সিদুঁরে মেঘ প্রত্যাশিতই ছিল।
গোটা ভারতের চোখ আজ মুম্বইয়ের দিকে। এক সুদীর্ঘ রক্তাভ মিছিল। ক্রোশ ক্রোশ পথ পেরিয়ে মহারাষ্ট্রের খরাক্লিষ্ট, ফলনবঞ্চিত প্রান্ত থেকে শত-সহস্র কৃষক হেঁটে এসেছেন মুম্বইয়ে, ভরে উঠেছে মুম্বই, রাস্তাঘাট-মাঠময়দানে স্রোতের মতো দেখা যাচ্ছে কৃষিজীবী-আদিবাসী-ভূমিহারা মানুষের ঢল।
বামপন্থী কৃষক সংগঠনের উদ্যোগেই মূলত এই বিপুল জমায়েত মুম্বইয়ে। দেশে বাম মতাদর্শের প্রবাহে যখন ভাটার টান, আড়াই দশকের পুরনো দুর্গও যখন ধসে পড়ছে শোচনীয়ভাবে, তখন মহারাষ্ট্রের বুকে এত বড় লাল মিছিল! আশ্চর্য হতেই হয়। কিন্তু বিষয়টা আশ্চর্যজনক নয় একেবারেই। এমনটাই প্রত্যাশিত ছিল।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২