মার্চ ১৩, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ইউএস বাংলার বিমানের ল্যান্ড করা নিয়ে বিভ্রান্তি-দৈনিক নয়া দিগন্ত
  • ফখরুল বললেন-রিমান্ডে কী করল যে জাকির লাশ হয়ে ফিরল!-দৈনিক প্রথম আলো
  • খালেদার জামিন স্থগিত করেননি চেম্বার বিচারপতি-দৈনিক মানবজমিন
  • আমরা খালি মাঠে গোল দিতে চাই না : নাসিম-দৈনিক যুগান্তর 
  • কুমিল্লার নাশকতা মামলায়ও খালেদাকে জামিন নিতে হবে-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • পাল্টা হামলা মাওবাদীদের, নিহত ৮ সিআরপিএফ জওয়ান-দৈনিক আনন্দবাজার
  • বিজেপি কে রুখতে সোনিয়ার নৈশভোজে যোগ দিচ্ছে বামেরাও-দৈনিক আজকাল
  • মহারাষ্ট্রে দাঙ্গা বাধানোর ছক ছিল কৃষকদের, অভিযোগ বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলাার বিমান

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিকভাবে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফলোআপ নানা খবর আজকের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।

দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম- ৩৪ বছর পর আবার

খবরটিতে লেখা হয়েছে, কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ৩৪ বছর আগে ১৯৮৪ সালের ৪ আগস্ট ঢাকায় এমন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেটা ছিল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। তাতে নিহত হন ৪৫ জন যাত্রী ও ক্রু। তবে গতকালের ঘটনা আগের দুর্ঘটনাকে ছাপিয়ে গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, এই ৩৪ বছরে দেশে-বিদেশে বাংলাদেশি যাত্রীবাহী উড়োজাহাজের দুর্ঘটনার ঘটনা আছে অন্তত ৩৫ টি। এই দুটি ছাড়া আর কোনোটিতে প্রাণহানির ঘটনা ঘটেনি।

দ্রুত দেশে আসবে বিমানযাত্রীদের লাশ-দৈনিক যুগান্তর

ইউএস-বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমানের নিহত যাত্রীদের লাশ দ্রুতই দেশে আনা হবে।এজন্য যে খরচ হবে তা বহন করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা খরচও যোগাবে বিমান সংস্থাটি। এ পর্যন্ত পাইলট আবিদ ও কো-পাইলটসহ ৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। কেবিনক্র সবাই মারা গেছে। 

এ সম্পর্কে দৈনিক ইনকিলাবের খবরে লেখা হয়েছে, নেপালে ইউএস-বাংলার ফ্লাইট বিধ্বস্ত-নিহত ৫০, জীবিত ২০, ব্লাক বক্স উদ্ধার, পাইলটকে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ  আনা হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক জানিয়েছেন।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নেপাল ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-বারবার যান্ত্রিক ত্রুটি: এই বিমান ফিটনেস পেল কিভাবে! নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম এরকম-ইউএস বাংলার বিমানের ল্যান্ড করা নিয়ে বিভ্রান্তি।

আইন আদালতের খবরে দৈনিক মানবজমিন ও নয়াদিগন্তসহ প্রায় সবদৈনিকের অনলাইন সংস্করণের খবর-খালেদা জিয়ার জামিনে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি

খবরটিতে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ব্যাপারে কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি সৈয়দ হাসান ফয়েজ সিদ্দিকী। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়টি শুনানির জন্য আগামীকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় এক নম্বরে থাকবে।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনায় ৮ যাত্রী হত্যা মামলায় আগামী ২৮ মার্চ কুমিল্লার আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (পি.ডব্লিউ) ইস্যু করেছে আদালত।

আমরা খালি মাঠে গোল দিতে চাই না : নাসিম-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘ বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামী নির্বাচন করতে চাই। আমরা খালি মাঠে গোল দিতে চাই না।’

ফখরুল বললেন-রিমান্ডে কী করল যে জাকির লাশ হয়ে ফিরল! দৈনিক প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে হত্যা করে জেলে পাঠানো হয়েছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে আলোচনা সভায় ফখরুল বলেন, ‘এদের দয়া নেই, মায়া নেই। এরা নৃশংসতম বর্বরতম শাসকগোষ্ঠীতে পরিণত হয়েছে। এদের কাছে মনুষ্যত্ব জীবন প্রাণের কোনো মূল্য নেই। এদিকে দৈনিক নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে, পুলিশি হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা মিলনের জানাযা অনুষ্ঠিত হয় নয়া পল্টনে। 

একরামুল হককে হত্যার দায়ে ৩৯ জনের ফাঁসি-দৈনিক প্রথম আলো

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ১৬ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ফেনী জেলা দায়রা জজ আমিনুল হক এ রায় দেন। রায়ের তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি হাফেজ আহমেদ।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

পাল্টা হামলা মাওবাদীদের, নিহত ৮ সিআরপিএফ জওয়ান-দৈনিক আনন্দবাজার

মাত্র ১০ দিনের মধ্যেই বড়সড় প্রত্যাঘাত হানল মাওবাদীরা। মঙ্গলবার তারা ছত্তীসগঢ়ের  সুকমায় মাইনরোধক গাড়ি উড়িয়ে দেয়। ওই ঘটনায় অন্তত ৮ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফ সূত্র জানিয়েছে, আজ সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। সুকমাতেই দু’দিন আগে মুখ্যমন্ত্রী রমন সিংহ সফর করেছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। এর আগে গত ২ মার্চ ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। এ দিনের ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে দাঙ্গা বাধানোর ছক ছিল কৃষকদের, অভিযোগ বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন

নীরব বিপ্লব কিংবা অভূতপূর্ব গণ অভ্যুত্থান। নানামহলে এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে মহারাষ্ট্রের কৃষক আন্দোলনকে। সংগঠিত আন্দোলনের মুখে নতিস্বীকার করেছে প্রশাসনও। যদিও এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিতে নারাজ কেরল বিজেপির সাধারণ সম্পাদক কে সুরেন্দ্রণ। তাঁর পালটা অভিযোগ, মহারাষ্ট্রে দাঙ্গা বাধানোরই পরিকল্পনা ছিল কৃষকদের।

নিজের মতামত জানাতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেছেন ওই বিজেপি নেতা। তাঁর অভিযোগ, দাঙ্গা লাগানোই ছিল কৃষকদের আসল ছক। এর আগেও এরকম ষড়যন্ত্র করা হয়েছে। জাতিদাঙ্গা বাধানোর পরিকল্পনাও করা হয়েছিল। মিছিলে কোনওরকম প্রতিরোধ করা হলে রাজনৈতিক ফায়দা লুটত কিছু দল। অর্থাৎ স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা এই নেতার। প্রায় পঞ্চাশ হাজার কৃষক শামিল হয়েছিলেন এই প্রতিবাদে।

বিজেপি কে রুখতে সোনিয়ার নৈশভোজে যোগ দিচ্ছে বামেরাও-দৈনিক আজকাল

বিজেপির বিরুদ্ধে লড়তে কোমর বাঁধতে শুরু করেছে বিরোধী দলগুলো। এরইমধ্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর বিজেপি বিরোধী জোট গড়ার ডাক দিয়েছেন। তাঁকে সমর্থন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। সেই লক্ষ্যেই আরও একজোট হতে আজ ১৭টি রাজনৈতিক দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এই ১৭টি রাজনৈতিক দলের মধ্যে থাকছে না চন্দ্রবাবু নাইডুর টিডিএস, বিজেডি এবং টিআরএস।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩