মার্চ ১৮, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে শুনানি শেষ, আদেশ কাল-দৈনিক প্রথম আলো
  • উন্নয়নশীল দেশের তকমায় লাভ কী হবে বাংলাদেশের?-দৈনিক মানবজমিন
  • কোটা সংস্কার আন্দোলন-মামলা প্রত্যাহারের দাবিতে দুদিনের আলটিমেটাম-দৈনিক যুগান্তর 
  • ৪ শর্তে নির্বাচনে যাবে বিএনপি-রুহুল কবির রিজভী-দৈনিক ইত্তেফাক
  • বেসরকারি মেডিকেলের শিক্ষার মানে নজর দিতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত/যুগান্তর
  • নতুন পরিচয়ে বাংলাদেশ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • বিরোধীরা সবাই চাইলে পেপার ব্যালটে রাজি, জানাল বিজেপি-দৈনিক আনন্দবাজার
  • নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেকও পূরণ হয়নি, কটাক্ষ মনমোহনের-দৈনিক আজকাল
  • তৃতীয় ফ্রন্ট গঠনের তৎপরতা তুঙ্গে, মমতার দরবারে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে শুনানি সম্পর্কিত খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। 

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম-খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে শুনানি শেষ, আদেশ কাল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেওয়া হবে।

রাজনীতির একটি খবরে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে এভাবে, ৪ শর্তে নির্বাচনে যাবে বিএনপি- রিজভী

খবরটিতে লেখা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে সরকারকে চারটি শর্ত দিয়েছে বিএনপি। শর্তগুলো হলো— নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে হতে হবে নির্বাচন। আজ নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো শঙ্কা নেই, উন্নয়ন দিয়েই দেশবাসীর মন জয় করেছে দল। তাই আগামী নির্বাচনে বিজয় কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের শঙ্কা থাকবেই বা কেন? নির্বাচনের ফলাফল যদি আগেই বাক্সে বন্দী করে রাখা হয়, তাহলে তো আওয়ামী লীগের শঙ্কা থাকার কথা নয়। 

নতুন পরিচয়ে বাংলাদেশ-দৈনিক ইনকিলাব

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল বাংলাদেশ - নতুন এ পরিচয়ে উল্লোসিত দেশের মানুষ। এই কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (সিডিপি) গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেয়।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম এরকম যে, উন্নয়নশীল দেশের তকমায় লাভ কী হবে বাংলাদেশের?

খবরে লেখা হয়েছে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশের সামনে যেমন নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরী হবে তেমনি নতুন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। উন্নয়নশীল দেশে উন্নীত হলে রপ্তানী আয়, বৈদেশিক ঋণ ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বেসরকারি মেডিকেলের শিক্ষার মানে নজর দিতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত/যুগান্তর

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মানের দিকে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। সেখানেও তারা মেডিকেল কলেজ করছে। তবে সেখানে আমি বলব, আরেকটু নজর দেয়ার দরকার যে, তাদের শিক্ষার মানটা ঠিকমতো আছে কিনা। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে রোববার সকালে চিকিৎসক ও নার্সদের একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি-দৈনিক প্রথম আলোর শিরোনাম 

বিস্তারিত খবরে লেখা হয়েছে, মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ২৫ মার্চ তাঁরা শিক্ষা সনদ গলায় ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। আজ সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অংশ নেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭০০-৮০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।মিছিল শেষে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল, রিট খারিজ-দৈনিক ইত্তেফাক

নিজ দলের বিপক্ষে ভোটদান করলে সংসদ সদস্য পদ শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের একক বেঞ্চ আজ রবিবার এ রায় দেন। এর আগে হাইকোর্টের একটি ডিভিশন ৭০ অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ বাতিলের প্রশ্নে রুল জারি করে করেন। আর কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে পাঠান। আজ আদালত ওই রিট আবেদনের উপর কোনো রুল জারি না করেই খারিজ করে দেন।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেকও পূরণ হয়নি, কটাক্ষ মনমোহনের-দৈনিক আজকাল

৮৪তম প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনেও কংগ্রেসের নিশানায় প্রধানমন্ত্রীই। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কটাক্ষ করে বলেছেন, নির্বাচনের আগে মোদিজি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর সরকার দু’টি চাকরি দেবে। অথচ দু’লক্ষ চাকরিও হয়নি। নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর দিনের পর দিন জম্মু–কাশ্মীরের পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হয়েছে। আর প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আনন্দ শর্মা বলেন, প্রধানমন্ত্রী নিজের প্রচারেই ব্যস্ত। মোদি সরকারের আমলে বিশ্বের অন্য রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে। ভারতের বিদেশনীতি সম্পূর্ণ ধসে পড়েছে। গত চার বছরে দেশে বিভাজনের নীতি চলেছে।

তৃতীয় ফ্রন্ট গঠনের তৎপরতা তুঙ্গে, মমতার দরবারে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন

সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিহার ও উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেয়েছে বিজেপি।  উত্তরপ্রদেশে জোট বেঁধে শাসকদলকে ধরাশায়ী করেছে মায়া-অখিলেশ জোট। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরে হেরেছে বিজেপি প্রার্থী। এই পরিস্থিতিতে আগামী বছর লোকসভা ভোটে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা আরও গতি পেল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এ রাজ্যে আসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। সেখানে মূল আলোচ্য বিষয় বিজেপি বিরোধী জোট গঠন। শুক্রবারই মমতার সঙ্গে বৈঠক করেছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং। মমতার নেতৃত্বেই বিজেপি বিরোধী জোট গঠনে যে সবাই আগ্রহী, তাও স্পষ্ট।

বিরোধীরা সবাই চাইলে পেপার ব্যালটে রাজি, জানাল বিজেপি-দৈনিক্ আনন্দবাজার

ইভিএম ছেড়ে পেপার ব্যালটে ভোটগ্রহণের ব্যাপারে সবকটি বিরোধী রাজনৈতিক দল যদি রাজি থাকে, তা হলে তা নিয়ে আলোচনায় বসতে বিজেপিরও আপত্তি নেই। শনিবার এ কথা বলেছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। গতকালই দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ৮৪তম প্লেনারিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই দাবি জানানো হয়।

পরে এক প্রতিক্রিয়া রাম মাধব বলেন, ‘‘আমি কংগ্রেসকে এটা মনে করিয়ে দিতে চাই যে, সবক’টি রাজনৈতিক দল রাজি হয়েছিল বলেই পেপার ব্যালটের পদ্ধতি ছেড়ে ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম)-এর মাধ্যমে সারা দেশে ভোটগ্রহণ চালু হয়েছিল। এখন যদি প্রত্যেকটি দল মনে করে, ইভিএম ছেড়ে আবার পেপার ব্যালটের পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়া উচিত, তা হলে আলোচনায় বসা যেতে পারে। সেখানে ঐকমত্য হলে আমরা বিষয়টি বিবেচনা করব।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮