মার্চ ১৯, ২০১৮ ১৩:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘খালেদাকে জামিন না দেওয়া কফিনে শেষ পেরেক’-ফখরুল-দৈনিক প্রথম আলো 
  • মে মাসের আগে কারামুক্তি মিলছে না খালেদার-দৈনিক ইত্তেফাক
  • বিশ্বের চতুর্থ দূষিত নগরী ঢাকা-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশ নজিরবিহীন: জয়নুল আবেদীন-দৈনিক যুগান্তর 
  • ডাচ্- বাংলা সোনালী ও অগ্রণী গ্রাহক হয়রানির শীর্ষে-দৈনিক নয়া দিগন্ত
  • কাল বিক্ষোভ, ২৯ মার্চ বিএনপির সমাবেশ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • হট্টগোলে মুলতুবি সংসদ, অনাস্থা প্রসঙ্গ উঠলই না-দৈনিক আনন্দবাজার
  • ৪,০০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, গ্রেপ্তার ৩ ডিরেক্টর-দৈনিক আজকাল
  • আর্থিক অনটনেও লড়ব, রাওয়াতের কথায় উজ্জীবিত সেনা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মে মাসের আগে কারামুক্তি মিলছে না খালেদার-দৈনিক ইত্তেফাক

মে মাসের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির কোনো সম্ভাবনা নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার-সংক্ষেপ দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার সকালে এ আদেশ দেন। এর ফলে আপাতত খালেদা জিয়ার কারামুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

খালেদাকে জামিন না দেওয়া কফিনে শেষ পেরেক-ফখরুল-দৈনিক প্রথম আলো

খালেদা জিয়াকে জামিন না দিয়ে কফিনের শেষ পেরেক মেরে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের সরকার বিচার বিভাগের ওপর ভর করে, তাদের ব্যবহার করে মানুষের অধিকারগুলো হরণ করে নিচ্ছে। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সকালে এ আদেশ ঘোষণার পর দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার মামলা নিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছেন তারা নিশ্চয়ই সফল হবে না। কারণ এখানে কোনো রাজনীতির বিষয় না। এটা সাধারণ অপরাধের বিষয়। তিনি বলেন, আদালতের রায়ের ওপর নির্ভর করবে সে নির্বাচন করতে পারবে কিনা?

অন্যদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন বিএনপি নেত্রীর আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, আদালত জামিন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেননি। এটি নজিরবিহীন আদেশ।

বিশ্বের চতুর্থ দূষিত নগরী ঢাকা-দৈনিক মানবজমিন

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর মধ্যে ঢাকা অন্যতম। বাতাসের গুণমত মাণের ওপর ভিত্তি করে প্রণীত সূচকে এ কথা বলা হয়েছে। ওই সূচকটি প্রস্তত করেছে ইউএস এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সি। ওই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা হলো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর মধ্যে চতুর্থ। সূচক মূল্যায়ন যার ১৯৫। আর সবচেয়ে বেশি দূষিত নগরী হলো নেপালের রাজধানী কাঠমান্ডু।

এর মূল্যায়ন ২০৮। রোববার এ সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওই এজেন্সি। সূচক অনুযায়ী, বিশ্বের বিভিন্ন শহরে বায়ু দূষণ ঘন্টায় ঘন্টায় এমনকি দিন ভিত্তিতেও পরিবর্তন হয়। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে একই সূচকে ঢাকা ছিল সবচেয়ে দূষিত শহর। তখন বাংলাদেশের মূল্যায়ন ছিল ৩৩৯। আর এখানকার বাতাসকে বলা হয়েছিল ‘ভেরি আনহেলদি’ বা অত্যন্ত অস্বাস্থ্যকর। জনস্বাস্থ্যে ঝুঁকি বাড়ানো বুঝাতে ছয়টি ক্যাটেগরিতে এ সূচক প্রণয়ন করা হয়েছে। কোনো শহর যদি এই সূচকে ৩০০ অতিক্রম করে তাহলে সেখানকার বাতাসের গুণগত মানুকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এবার অর্থনীতির খবর-ডাচ্- বাংলা সোনালী ও অগ্রণী গ্রাহক হয়রানির শীর্ষে-দৈনিক নয়া দিগন্ত

গ্রাহকেরা নানাভাবে ব্যাংকে হয়রানির শিকার হচ্ছেন। আর এ হয়রানির মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শুধু এক মাসেই হয়রানির শিকার হয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করেছেন ৪০১ গ্রাহক। গ্রাহক হয়রানির শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক। এর পরেই রয়েছে সরকারি খাতের সোনালী ও অগ্রণী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ তথ্য গত ফেব্রুয়ারি মাসের। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংকের কাছে নানাভাবে গ্রাহক হয়রানির শিকার হন। বেশির ভাগই এর কোনো প্রতিকার পান না।

হট্টগোলে মুলতুবি সংসদ, অনাস্থা প্রসঙ্গ উঠলই না-দৈনিক আনন্দবাজার

হিসাবের মারপ্যাঁচে হয়তো কিছুই বদলাত না। তবুও, বিজেপি-র কাছে তাদের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব ওঠাটাই হয়তো কিছুটা অস্বস্তির। অস্বস্তির সেই কাঁটা সরানোর জন্য আরও অন্তত একটা দিন সময় পেল বিজেপি।

চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ ছেড়ে সরকারের বিরুদ্ধে সোমবার অনাস্থা প্রস্তাব আনলেও, মঙ্গলবার পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় তা নিয়ে আর আলোচনা বা ভোটাভুটি হয়নি। একা টিডিপি নয়, মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে ওয়াইএসআর কংগ্রেসও।

বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই লোকসভায় রয়েছে। সঙ্গে রয়েছে তাদের জোটশরিকগুলিও। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায়, এনডিএ ছেড়ে সকল শরিকই বেরিয়ে গেল, তাতেও বিজেপি-র সরকার চালাতে কোনও সমস্যা হবে না। কিন্তু, প্রশ্নটা অসম্মানের। অসৌজন্যের। এবং অস্বস্তির। আর সেই পরিস্থিতিটাই চাইছে না বিজেপি। অন্য দিকে, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ানের ভাবভঙ্গিও খুব একটা ভাল ঠেকছে না তাদের।

আর্থিক অনটনেও লড়ব, রাওয়াতের কথায় উজ্জীবিত সেনা-দৈনিক সংবাদ প্রতিদিন

সেনার ভাঁড়ারে আধুনিক অস্ত্রশস্ত্রের খানিকটা অভাবের কথা জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে এ কথা সত্য। কিন্তু তা বলে সেনার মনোবলে যে এতটুকু চিড় ধরেনি সে কথা সোমবার আরও একবার স্পষ্ট করে দিলেন দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, ‘হাতে যে যে অস্ত্র রয়েছে, সেই সব অস্ত্র তুলে নিয়েই লড়তে প্রস্তুত সেনাবাহিনী।’

সেই সঙ্গে তিনি একথাও জানিয়েছেন যে, সেনাবাহিনীর জন্য সর্বাধুনিক অস্ত্রশস্ত্র কেনার কথাবার্তা চলছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পেও যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি সংসদীয় কমিটির এক রিপোর্টে সেনার ভাঁড়ারে আর্থিক ঘাটতির কথা প্রকাশ্যে আসে। যার ফলে সেনা আধুনিক অস্ত্রশস্ত্র কিনতে পারছে না বলে অভিযোগ ওঠে।

৪,০০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, গ্রেপ্তার ৩ ডিরেক্টর-দৈনিক আজকাল

নীরব মোদির রেশ কাটতে না কাটতেই আরও এক ব্যাঙ্ক জালিয়াতি প্রকাশ্যে। এবার ৪০০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে মুম্বইয়ের বেসরকারি সংস্থা পারেখ অ্যালুমিনেক্স প্রাইভেট লিমিটেডের ৩ ডিরেক্টরকে গ্রেপ্তার করল সিবিআই। অ্যাক্সিস ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে এঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার মুম্বই থেকে ভওয়ারলাল ভাণ্ডারি, প্রেমল গোরাগান্ধী, কমলেশ কানুনগো নামে ধৃত তিন ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

অ্যাক্সিস ব্যাঙ্কের অভিযোগ এই সংস্থার তিন ডিরেক্টর একাধিক ভুয়ো কোম্পানির নামে ২০ দফায় ঋণ নিয়েছিল। কিন্তু সেগুলির কোনওটি শোধ করেনি। শুধু অ্যাক্সিস ব্যাঙ্কই নয়, এর আগে পারেখ অ্যালুমিনেক্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে এসবিআই, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কও। তাদের অভিযোগ, রিয়েল এস্টেট কোম্পানির নাম করে ঋণ নিয়ে সেই টাকা অন্যত্র ব্যবহার করা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯