খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের হস্তক্ষেপ নেই: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কারের দাবি কতটা যৌক্তিক?-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মামলায় পরামর্শ নিতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের হস্তক্ষেপ নেই’-দৈনিক মানবজমিন
- কারাগারে জঙ্গিরা যেন তৎপরতা চালাতে না পারে : রাষ্ট্রপতি-দৈনিক যুগান্তর
- রাজধানীতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত-দৈনিক নয়া দিগন্ত
- ঝুঁকিপূর্ণ ঋণ প্রভিশন রাখতে ব্যর্থ ৮ ব্যাংক-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- কোন পথে ভারত? -দৈনিক আনন্দবাজার
- তৃণমূলকে হারাতে কং–বামের সঙ্গে জোট চাইলেন রাহুল!-দৈনিক আজকাল
- রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদা জিয়ার মামলায় পরামর্শ নিতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ-দৈনিক ইত্তেফাক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনাকারী আইনজীবীদের পরামর্শ ও সহযোগিতার জন্য একজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছে বিএনপি। ব্রিটেনের এই আইনজীবীর নাম লর্ড আলেকজান্ডার চার্লস কারলাইল। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান। ফখরুল বলেন, ব্রিটেনে যারা আমাদের রাজনীতির সমর্থক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে এ ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলার মধ্যে একটি মামলায় বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে।নজিরবিহীনভাবে জামিন রেহিত করা হয়েছে। এতে প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই। ন্যায় বিচার একেবারেই অনুপস্থিত। দেশীয় আইনজীবীরা কী যথেষ্ট নয় এমন প্রশ্নে তিনি বলেন, নট এনাফ। তিনি আমাদের লিগ্যাল ডিফেন্স টিমকে সহযোগিতা করবেন। তিনি ক্রিমিনাল মামলায় পারদর্শী।
খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের হস্তক্ষেপ নেই-ওবায়দুল কাদের: দৈনিক মানবজমিন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপি আদালত মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আজ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ম বিশেষ জজ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে খালেদার আইনজীবীরা জামিন আবেদন করলে হাইকোর্ট তার চার মাসের জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল করেন দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আগামী ৮ই মে পর্যন্ত জামিন স্থগিত রাখার আদেশ দেন।
কারাগারে জঙ্গিরা যেন তৎপরতা চালাতে না পারে : রাষ্ট্রপতি-দৈনিক যুগান্তর
কারাগারে জঙ্গিরা যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সোমবার দুদিনের সফরে গাজীপুরে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাজধানীতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত-দৈনিক নয়া দিগন্ত
রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো: জালালউদ্দিন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে আহত হওয়ার পর তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। ডিবির একটি সূত্র জানিয়েছে, জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। তার রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না।
কোটা সংস্কারের দাবি কতটা যৌক্তিক?-দৈনিক প্রথম আলো
কোটা সংস্কারের দাবিতে সরব হয়েছে তরুণদের একটি বড় অংশ। তাঁদের দাবি, বিদ্যমান কোটা পদ্ধতিতে সংস্কার আনা প্রয়োজন। এটি করা না হলে মেধাবীরা বঞ্চিত হবেন। বিভিন্ন গবেষণা, সুপারিশেও বলা হচ্ছে বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার জরুরি।
বর্তমানে সরকারি নিয়োগের ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা আছে। ফলে ১০০ জন নিয়োগের ক্ষেত্রে কোটা থেকে নিয়োগ হয় ৫৬ জন। অবশিষ্ট ৪৪ জনকে নেওয়া হয় মেধা থেকে। আর যদি কোটা থেকে যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে তা শূন্য রাখা হয়। ফলে স্বপ্নের কাছাকাছি এসেও কোটার কারণে ছিটকে পড়তে হয় মেধাবীদের। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, বর্তমানে ২৫৮ ধরনের কোটা আছে। চাকরিতে এই কোটা ব্যবস্থা অবশ্যই সংস্কার করা উচিত।
ঝুঁকিপূর্ণ ঋণ প্রভিশন রাখতে ব্যর্থ ৮ ব্যাংক-দৈনিক ইনকিলাব
ব্যাংকিং খাতে বেড়েছে খেলাপি ঋণের পরিমান। এর প্রভার পেড়েছে ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণেও। এই প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি খাতের আটটি ব্যাংক। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাবে আট ব্যাংকে নয় হাজার ৩৭৫ কোটি ৪৮ লাখ টাকার প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে। খেলাপি ঋণের ওপর কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ডিসেম্বর-১৭ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ভারতের কয়েকটি খবর:
কোন পথে ভারত? -দৈনিক আনন্দবাজার
মোদীদের এই প্রবল প্রতাপের কাল আর প্রলম্বিত হতে দিতে চায় না দেশের রাজনৈতিক শিবিরের একটা বড় অংশ। কংগ্রেস যে বিজেপি বিরোধিতায় বড় ভূমিকা নেবে, সে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কংগ্রেস ছাড়াও আরও অনেক রাজ্য দল, আঞ্চলিক দল জোটবদ্ধ হচ্ছে। যারা শুরু থেকেই বিজেপি বিরোধী ছিল, শুধু তারা নয়, বিজেপির অনেক শরিক দলও বিরোধী মঞ্চে হাজির হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। নতুন যুগের সূচনা ত্বরান্বিত করতে চায় এই দলগুলো। কলকাতায় বৈঠক হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং কে চন্দ্রশেখর রাওয়ের। বৈঠক শেষে দু’জনেই জানালেন, ভারতের ভবিষ্যতের দিকে তাকিয়ে গড়ে উঠছে নতুন ফ্রন্ট।
রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার রাম জন্মভূমি নিয়ে বিতর্কিত মন্তব্য শঙ্করাচার্যের। রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যায় কখনও মসজিদ ছিল না। ১৯৯২ সালে করসেবকরা যেটা ভাঙেন তা আসলে মন্দির ছিল। এমনটাই দাবি, দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর। রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কে প্রশ্ন করা হলে এমনটাই জানান তিনি। তাঁর সংযোজন, বিতর্কিত ভূমিতে আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়া হলেই সেখানে বিরাট এক রাম মন্দিরের নির্মাণ করা হবে। তাঁর এহেন বয়ান ইতিমধ্যে উসকে দিয়েছে বিতর্ক। সাময়িকভাবে কিছুটা থিতিয়ে এলেও শঙ্করাচার্যের বয়ানের ফলে ফের আগুনে ঘি পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূলকে হারাতে কং–বামের সঙ্গে জোট চাইলেন রাহুল!-দৈনিক আজকাল
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে কংগ্রেস, সিপিএমের সঙ্গে জোট গড়ার দাবি তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। সোমবার বহরমপুরে বিজেপি–র জেলা অফিসে সাংবাদিক বৈঠকে রাহুল এমন দাবি করেন। যদিও জোটের কথা বলার সময় কংগ্রেস বা সিপিএমের নাম মুখে আনেননি তিনি। তাঁর কথায়, ‘তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হতে হবে।’ রবিবারই জিয়াগঞ্জের এক সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ‘তৃণমূলকে হারাতে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি একজোট হচ্ছে।’
ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয় আর বেঁচে নেই, সংসদে জানালেন সুষমা-দৈনিক সংবাদ প্রতিদিন
অবশেষে সত্যি হল আশঙ্কা। বেঁচে নেই ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়। মঙ্গলবার রাজ্যসভায় জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ২০১৪ সালে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী মসুল থেকে তাঁদের অপহরণ করে। তারপর থেকেই অপহৃতদের ফিরিয়ে আনতে কোমর বেঁধেছিল সরকার।
এদিন সংসদে বিদেশমন্ত্রী জানান, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং ইরাকে গিয়ে ওই ভারতীয়দের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনবেন। যুদ্ধবিধ্বস্ত মসুলে মৃত ভারতীয়দের মধ্যে অধিকাংশই পাঞ্জাবের। তবে মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন। এছাড়াও রয়েছেন হিমাচল প্রদেশ ও বিহারের বাসিন্দা। কাজের সন্ধানে ইরাক গিয়েছিলেন এঁরা, থাকতেন যুদ্ধবিধ্বস্ত মসুলে। সেখানেই তাঁদের অপহরণ করে ইসলামিক স্টেট।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০