প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিশ্বের স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ-দৈনিক যুগান্তর
- একনায়কতন্ত্রের তালিকায় বাংলাদেশ-লজ্জাবোধ করছে বিএনপি-ফখরুল -দৈনিক প্রথম আলো
- আমরা সুষ্ঠু নির্বাচন চাই : এরশাদ-দৈনিক নয়া দিগন্ত
- সিলেটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২-দৈনিক ইত্তেফাক
- বাবার পর চলে গেলেন মা-ও, কী নিয়ে বাঁচবে তানজীদ-দৈনিক মানবজমিন
- বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- পিছিয়ে পড়া এলাকায় যান, দলের সাংসদদের নির্দেশ মোদীর-দৈনিক আনন্দবাজার
- পশুখাদ্য কেলেঙ্কারি: চতুর্থ মামলায় ১৪ বছরের জেল লালুপ্রসাদের-দৈনিক আজকাল
- রাজ্যসভা নির্বাচনের ফল ঘোষণা, চারটিতেই জয়ী তৃণমূল-সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বিশ্বের স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ-দৈনিক যুগান্তর
বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের নূন্যতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে মন্তব্য করেছে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান। খবর বিবিসির। বিশ্বের ১২৯টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি ও সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং তাদের রিপোর্টে এ মন্তব্য করে। রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশ এখন স্বৈরশাসনের অধীন এবং ৭১টি দেশকে গণতান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালে তাদের আগের রিপোর্টে বলা হয়েছিল, বিশ্বের ৭৪টি দেশে গণতান্ত্রিক এবং ৫৫টি দেশে স্বৈরতান্ত্রিক শাসন চলছে।
একনায়কতন্ত্রের তালিকায় বাংলাদেশ-লজ্জাবোধ করছে বিএনপি -দৈনিক প্রথম আলো
জার্মানভিত্তিক একটি গবেষণায় ‘একনায়কতন্ত্রের’ তালিকায় বাংলাদেশ নাম যুক্ত হওয়ায় লজ্জাবোধ করছে প্রায় ১১ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এত দিন ধরে যে কথাগুলো বলছিলাম, আজকে তা বিশ্বে স্বীকৃত হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে আমাদের বক্তব্যের প্রতিফলন হয়েছে।’
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথসভা হয়।
মহাসমাবেশে এরশাদ-ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত জাতীয় পার্টি-দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়ার ঘোষণাও দেন এরশাদ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, শুধু বড় বড় কথা। আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, উন্নত হয়েছি। ঢাকায় চাকচিক্য আছে। ঢাকার বাইরে যেয়ে দেখেন দেশের মানুষের কী অবস্থা, মানুষ কীভাবে বাস করছে। খাবার আছে কিনা। দুবেলা খেতে পারে কিনা। তখন বুঝতে পারবেন আপনারা কতটুকু উন্নয়ন করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোথাও সুখ নেই, কোথাও শান্তি নাই, নিরাপত্তা নেই, কোথাও চাকরি নেই। যুবকেরা চাকরি না পেয়ে মাদকে ঝুঁকছে। ব্যাংকে টাকা নেই। ব্যাংক লুটপাট। শেয়ার বাজার লুট করেছে। সব কিছুতে লুটপাট। সুখবর নেই কোথাও।
প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না।
আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামতকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়—এমন কোনো নজির নেই’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না।’
বাবার পর চলে গেলেন মা-ও, কী নিয়ে বাঁচবে তানজীদ-দৈনিক মানবজমিন
দাদা পাইলট ছিলেন। বাবাও। বাবার সঙ্গে বিমান চালানোর স্বপ্ন ছিল ষোল বছর বয়সের তানজীদ বিন সুলতানের। কিন্তু এই কিশোরের সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে গত ১২ই মার্চ। নেপালের ত্রিভুবনে বিমান দুর্ঘটনায়। পরদিন মারা যান তার আহত পিতা পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান।
পিতার শূন্যতা ভুলে স্বাভাবিক হতে চেয়েছিল সে। মাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু স্বামী আবিদের শোকে দু’বার ব্রেইন স্ট্রোক করেন তার মা। মায়ের সুস্থ হয়ে ফেরার প্রার্থনায় ছিল প্রত্যাশাও। তাই পিতৃবিয়োগের কষ্ট ভুলতে গতকাল মোটর শোতে যাওয়ার ইচ্ছা ছিল তানজীদের। কিন্তু তা আর হয়ে উঠলো না। তার আগেই গতকাল সকাল সাড়ে ন’টার দিকে তাকে একা রেখে না ফেরার দেশে চলে গেছে তার মা আফসানা খানম টপি। পিতার পর মায়ের এমন বিয়োগে এতিম তানজীদ একেবারে পাথর হয়ে গেছে। হয়ে গেছে বাকরুদ্ধ।
আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু-ক্যান্সার আক্রান্তের সংখ্যা-দৈনিক নয়া দিগন্ত
সাভার থেকে আইরিন সুলতানা তার চার বছরের শিশু নিষাদকে নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ক্যান্সার বিভাগের বহির্বিভাগে এসেছেন।এখানে আসার পর জানতে পারেন নিষাদের ব্লাড ক্যান্সার হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যান্সার বহির্বিভাগে সরেজমিন ঘুরে দেখা গেছে, এই বিভাগের সামনে প্রচুর ভিড়। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসা সেবা নিতে আসে এখানে। এ ইউনিটের আউটডোরে ক্যান্সার আক্রান্ত শিশুর ভিড় লেগেই থাকে। আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। ক্যান্সার আক্রান্ত শিশুদের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে পৃথক কোনো হাসপাতাল নেই। সংশ্লিষ্ট সূত্রে জানান যায়, প্রতিবছর দেশে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার শিশু-ক্যান্সারে আক্রান্ত হয়। ক্যান্সার আক্রান্ত শিশুদের শতকরা ৮০ ভাগ সুচিকিৎসা না পেয়ে মারা যায়। আর এসব কারণে দেশে শিশু ক্যান্সার রোগে মৃত্যু হারও আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তবে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঠিক কোনো পরিসংখ্যান নেই।
রোহিঙ্গা সঙ্কটে জোরালো ভূমিকার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন-দৈনিক ইত্তেফাক
রোহিঙ্গা সঙ্কট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সঙ্গে বৈঠককালে এ ধন্যবাদ জানান তিনি। বৈঠকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সঙ্কট সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মহাসচিবের ব্যক্তিগত ও জাতিসংঘের আরও জোরালো প্রচেষ্টা গ্রহণের অনুরোধ জানিয়ে মহাসচিবকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
এবার ভারতের খবর তুলে ধরছি।
পশুখাদ্য কেলেঙ্কারি: চতুর্থ মামলায় ১৪ বছরের জেল লালুপ্রসাদের-দৈনিক আজকাল
আরও বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও ছাড় পেলেন না তিনি। দুমকা কোষাগার কেলেঙ্কারিতে তাঁকে মোট দু’টি ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দিল রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত। গত ১৯ মার্চ এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুধু তাই নয়, ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে লালুকে। এদিকে এই একই মামলায় বেকসুর খালাস বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। যদিও লালুর আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, তাঁরা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন।
রাজ্যসভা নির্বাচনের ফল ঘোষণা, চারটিতেই জয়ী তৃণমূল-সংবাদ প্রতিদিন
প্রত্যাশামতোই রাজ্যসভা নির্বাচনে জয় হাসিল করল তৃণমূল। পাঁচটি আসনের নির্বাচনে চারটিতে প্রার্থী দিয়েছিল রাজ্যের শাসকদল। অপর একটিতে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই সমর্থন জানিয়েছিল। প্রত্যাশামতো সবকটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল ও কংগ্রেস।
জয় নিয়ে একরকম নিশ্চিন্তই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা চলাকালীনই ভিকট্রি সাইন দেখান তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন, পাঁচটি আসনেই জয় আসবে। বাস্তবে তাই-ই হল।
পিছিয়ে পড়া এলাকায় যান, দলের সাংসদদের নির্দেশ মোদীর-দৈনিক আনন্দবাজার
রাজ্যসভা ভোটে দুর্দান্ত সাফল্য। ৫৮ টি আসনের মধ্যে ২৯ টি-ই বিজেপির দখলে। এরপরেই যেন লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে দিল্লিতে বিজেপি-র সদর দফতরে এক নৈশভোজের আসরে তিনি দলীয় সাংসদদের বলেছেন,‘‘সরকারি প্রকল্পগুলোর কথা তুলে ধরার জন্য আপনারা নিয়মিত গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকাগুলো পরিদর্শন করুন। মানুষের হৃদয় জিততেই হবে।’’
সম্প্রতি বিহার ও উত্তরপ্রদেশের উপনির্বাচনের ভরাডুবি বিজেপি-র উদ্বেগ বাড়িয়েছে। তার উপর বিশেষজ্ঞদের একাংশের মতে, গ্রামীণ ভারতের সঙ্কটের ছবিটা তুলে ধরেছে মহারাষ্ট্রের কৃষক আন্দোলন। এই অবস্থায় গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে না পারলে যে ২০১৯ সালে ক্ষমতায় ফেরা সম্ভব হবে না, তা বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অজানা নয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪